জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হবে মাধ্যমিক স্তর। বর্তমানে চালু উচ্চমাধ্যমিক স্তরের অবসান ঘটবে। জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার বিষয়টি এমনভাবে পরিকল্পিত, যাতে মেধাবী শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এ জন্য প্রাথমিক স্তরে প্রাপ্ত মৌলিক জ্ঞান সম্প্রসারণ ও সুসংহত করার দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অন্যদিকে প্রান্তিক শিক্ষা হিসেবে যারা মাধ্যমিক শিক্ষা (দ্বাদশ শ্রেণি) অর্জন করবে, তাদের কর্মজগতে অংশগ্রহণের জন্য, বিশেষ করে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, অভিন্ন শিক্ষাক্রম এবং পাঠ্যসূচির মাধ্যমে একটি পর্যায়ের প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন ব্যক্তিরূপে তৈরি করা হবে। সাধারণভাবে মাধ্যমিক শিক্ষাকে জীবিকার জন্য শিক্ষা হিসেবে গণ্য করা হয়।
কিন্তু জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন কবে, কীভাবে হবে তা এখনো অজানা। এখনো পুরোনো পদ্ধতি জারি আছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এখনো মাধ্যমিক স্তর; এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিম্নমাধ্যমিক স্তর রয়েছে। এই স্তর শেষে জেএসসি পরীক্ষা হয়। শিক্ষানীতিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তরের প্রস্তাব থাকলেও দশম শ্রেণি শেষে এসএসসি এবং দ্বাদশ শ্রেণি শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। যেখানে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর সেখানে দশম শ্রেণি শেষে কীভাবে মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) হবে, তা রীতিমতো দুর্বোধ্য। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে উচ্চমাধ্যমিক স্তরের অবসান হওয়ার কথা। উচ্চমাধ্যমিক স্তর বলে কিছু থাকবে না, অথচ উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) কী করে থাকবে, তাও বোধগম্য নয়।
ব্যানবেইস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, (২০১২ সাল পর্যন্ত) দেশে সরকারি মাধ্যমিক স্কুল মাত্র ৩০৮টি, যেখানে বেসরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ১৮ হাজার ৮৯০টি। সরকারি স্কুলে প্রধান শিক্ষকসহ শত শত পদ দীর্ঘকাল ধরে শূন্য রয়েছে। বেসরকারি স্কুলের মধ্যে কিছু স্কুল বিভিন্ন সংস্থা পরিচালিত, আবার কিছু প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ বাণিজ্যিক লাভালাভের ভিত্তিতে। অবশিষ্ট স্কুলগুলো স্থানীয় জনগণের উদ্যোগে প্রতিষ্ঠিত। কিন্তু স্থানীয় জনগণের উদ্যোগে এসব স্কুল প্রতিষ্ঠিত ও পরিচালিত হলেও বর্তমানে অধিকাংশ বেসরকারি স্কুলের অবকাঠামো নির্মাণ, শিক্ষক- কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে নিয়মিত পরিশোধ করা হয়। দেওয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ এবং সরবরাহ করা হয় শিক্ষার উপকরণও।
মাধ্যমিক শিক্ষা উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প একযোগে কাজ করছে। অবকাঠামো উন্নয়ন, আসবাব সরবরাহ, পাঠ্যপুস্তক প্রণয়ন ও সময়মতো সরবরাহ, ছাত্রী উপবৃত্তি প্রদান এবং সে জন্য ভর্তুকি প্রদান, ব্যাপকভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ উদ্ভাবন ও বিতরণ, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু ইত্যাদি কর্মপ্রয়াস জোরদার করা হয়েছে। মুখস্থসর্বস্ব শিক্ষার বিপরীতে সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টা সর্বমহলে প্রশংসিত হয়েছে। গত বছর পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপক অভিযোগের মুখে এ বছর প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গৃহীত হয়েছে।
কিন্তু মাধ্যমিক শিক্ষক নিয়োগে স্কুল ব্যবস্থাপনা কমিটির নিরঙ্কুশ ক্ষমতা থাকায় শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ এবং দলাদলির সৃষ্টি হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির নিরঙ্কুশ ক্ষমতা, অযোগ্য শিক্ষক নিয়োগ দেশের মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। এরশাদের আমলে দীর্ঘ প্রায় এক দশক নতুন স্কুলের স্বীকৃতি প্রদান বন্ধ থাকায় নতুন স্কুল-কলেজের প্রতিষ্ঠা থেমে যায়। ১৯৯১ সালে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর নতুন করে স্কুল-কলেজ প্রতিষ্ঠার হিড়িক পড়ে। প্রথমদিকে কিছু শিক্ষিত তরুণ স্থানীয় জনগণের সহায়তায় নতুন স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। যেহেতু প্রতিষ্ঠিত স্কুলে তারা চাকরি করবে তাই তারাই স্কুল প্রতিষ্ঠায় জমি ও অর্থ জোগান দেয়। এভাবে সম্ভাব্য স্কুলশিক্ষকদের ডোনেশনে প্রতিষ্ঠিত হতে শুরু করে শত শত নিম্নমাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজ। ক্রমেই এটি একটি লাভজনক বাণিজ্যে পরিণত হয়। যে দল যখন ক্ষমতায় থাকে তাদের মতাবলম্বীরা এসব স্কুলে চাকরি পায়, ব্যবস্থাপনা কমিটিতেও থাকে দলের লোকজন। ভিন্নমতের কারও কমিটিতে স্থান হয় না। বিগত দুই দশকে প্রতিষ্ঠিত অধিকাংশ স্কুল-কলেজ প্রতিষ্ঠার এই হলো ইতিহাস। এর ফলে স্কুল প্রতিষ্ঠার নামে দলবাজি, দুর্নীতি ও অযোগ্য ব্যক্তির শিক্ষকতায় প্রবেশ অপ্রতিরোধ্য হয়ে ওঠে।
এদিকে ২০০৫ সাল থেকে (ব্যতিক্রম ২০১০ ছাড়া) নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি বন্ধ রয়েছে। ফলে হাজার হাজার শিক্ষক কোনো বেতন-ভাতা ছাড়াই শিক্ষকতা করছেন। যাপন করছেন মানবেতর জীবন। চাকরির জন্য তাঁরা ডোনেশন দিয়েছেন কয়েক লাখ করে টাকা। ডোনেশন দিয়ে, বেতন না পেয়ে শ্রম দান আর দাসত্বের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এসব শিক্ষিত দাসদের কাছ থেকে কি মানসম্মত শিক্ষাদান আশা করা যায়?
শিক্ষা বোর্ডগুলোয় যাঁরা স্কুল পরিদর্শক আছেন, তাঁদেরও বিএড ট্রেনিং নেই। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রির কোনো মূল্যই নেই। অথচ দুনিয়ার সব দেশে শিক্ষকতা পেশার জন্য এই ডিগ্রি অপরিহার্য। বাংলাদেশে তা না থাকায় শিক্ষাদান কার্যক্রম চলে সেকেলে পদ্ধতিতে।
মনে রাখা দরকার, বাংলাদেশে ১০ থেকে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের মাত্র ২৫ শতাংশ দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ পায়। অন্যদের তার আগেই শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। কর্মদক্ষ না হয়ে কর্মজীবনে প্রবেশ করে তারা যেমন জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ভালো ভূমিকা রাখতে পারে না, তেমনি ব্যক্তিজীবনেও চরম হতাশার মধ্যে জীবনপাত করে। তাদের অনেকেই মাদকাসক্ত ও দুষ্কর্মে জড়িয়ে পড়ে।
মাধ্যমিক শিক্ষাকে তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শুধু অবকাঠামো উন্নয়ন করে শিক্ষার উন্নয়ন করা যাবে না। ভালো শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। অবিলম্বে প্রতিষ্ঠা করতে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ কর্মকমিশন। নিশ্চিত করতে হবে নতুন এমপিও প্রদানসহ ভালো বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা এবং শিক্ষক প্রশিক্ষণ। সাধারণ শিক্ষার চেয়ে বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক বিস্তার ঘটাতে হবে, যাতে তরুণেরা কর্মদক্ষ হয়ে ওঠে এবং জীবিকার জন্য কর্মজীবনে প্রবেশ করতে পারে। নিশ্চিত করতে হবে সুষ্ঠু পরিদর্শন, পরিবীক্ষণ ও মূল্যায়ন।
আমিরুল আলম খান: শিক্ষাবিদ।
[email protected]