বিশ্ববাজারে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের দাম কম থাকলেও আমাদের দেশের অভ্যন্তরীণ বাজারে আমদানিনির্ভর এই গুরুত্বপূর্ণ পণ্যের দাম সমন্বয় না করা নিয়ে আলোচনা-সমালোচনা বাড়ছে। তেলের সব ভোক্তার জন্য না হলেও প্রায় ২৯ শতাংশ জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় অন্তত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কম দামে জ্বালানি তেল (প্রধানত ফার্নেস অয়েল) সরবরাহ করলে তা বিদ্যুতের দাম বাড়ানোর আলাপকে অপ্রাসঙ্গিক করতে এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ হতে পারত। দেশে জ্বালানি তেলের সরবরাহব্যবস্থার প্রায় ৯৫ শতাংশ আমদানিনির্ভর; অবশিষ্ট ৫ শতাংশ সরবরাহ আসে দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট পরিশোধনের মাধ্যমে।
জ্বালানি তেলের প্রায় ৪৫ শতাংশ ব্যবহৃত হয় পরিবহন খাতে; অবশিষ্ট এর ২৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে, কৃষিতে ১৯ শতাংশ, শিল্প খাতে ৪ শতাংশ, গৃহস্থালি ও অন্যান্য খাতে ৭ শতাংশ ব্যবহৃত হয়। বিপিসি ও তার অধীন কোম্পানির মাধ্যমে সরকারের একচেটিয়া ব্যবসার এই পণ্যের ‘অস্বাভাবিক’ লাভ আলাদা কোনো বিশেষায়িত ব্যবস্থায় সংরক্ষণ বা তা দিয়ে বিশেষ তহবিল গঠন না করায় এর সুফল জনগণের জন্য নির্দিষ্টভাবে কোথায় কী কাজে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জ্বালানি তেল আমদানি, পরিশোধন, পরিবহন ও বিপণনের দক্ষতা বৃদ্ধির পদক্ষেপগুলোর সঙ্গে যেসব অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনা উপরিকাঠামো গড়া দরকার, সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের বিনিয়োগ করার উৎসাহ তেমন দৃশ্যমান নয়; বরং এ ক্ষেত্রে ব্যয়বহুল বিদেশি ঋণ বা প্রকল্প সহায়তার অপেক্ষার দীর্ঘ প্রহর পাড়ি দেওয়া অব্যাহত রয়েছে।
১৯৭২ সালে দেশে যখন তরল জ্বালানি তেলের চাহিদা বছরে মাত্র ৮ দশমিক ৪৮ লাখ টন ছিল, তখনকার মতোই এখনো বহিঃসমুদ্রে নোঙর করা বড় তেলবাহী জাহাজ থেকে ছোট ছোট লাইটারেজ জাহাজে চট্টগ্রামের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং এর নিকটবর্তী তেলের স্টোরেজ ট্যাংকগুলোয় তেল খালাস করা হয়। কিন্তু এখন বছরে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে প্রায় ৫৪ লাখ টন (২০১৪-১৫ অর্থবছরে বিপিসি ১২ দশমিক ৯৭ লাখ টন অপরিশোধিত তেল ও ৪০ দশমিক ৯৫ লাখ টন পরিশোধিত (ডিজেল, অকটেন, কেরোসিন, জেট অয়েল, ফার্নেস অয়েল আমদানি করেছে)।
বিপিসির অধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বছরে তেল পরিশোধন ক্ষমতা সাকল্যে ১৫ লাখ টন। কুতুবদিয়া দ্বীপের পাশে বহির্নোঙরে এসে দাঁড়ানো প্রতিটি বড় জাহাজ থেকে লাইটারেজ জাহাজে ইস্টার্ন রিফাইনারিতে তেল খালাস করতে প্রায় ১২ থেকে ১৪ দিন লেগে যায়। এতে কেবল সময় বেশি লাগে তা-ই নয়, ব্যয় বাড়ে উল্লেখযোগ্য পরিমাণে। যত বড় জাহাজে পণ্য পরিবহন করে বন্দরের জেটিতে এনে খালাস করা যায়, স্বাভাবিকভাবেই তাতে খরচ কমে। কিন্তু অগভীর চট্টগ্রাম বন্দরে চাইলেই বড় জাহাজ ভেড়ানো যায় না। বহির্নোঙরে বড় জাহাজ দাঁড় করিয়ে তা থেকে তেল খালাসে পরিবেশের বাড়তি দূষণ, বৈরী প্রকৃতির বাধা, তেলের অপচয়—সবই তেলের দামে যোগ হয়।
>জ্বালানি তেল পরিবহনে পাইপলাইন অবকাঠামো নির্মাণে নিশ্চিতভাবে স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলো সবাই সন্তুষ্ট নয় এবং তারা নানাভাবে এসব প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত করতে পারে
এ পরিস্থিতি থেকে উত্তরণে দীর্ঘদিন ধরে অনেক সমীক্ষা, কারিগরি বিশ্লেষণ করে নিরূপিত হয়েছে যে চট্টগ্রাম বন্দর থেকে ৯০ কিলোমিটার দীর্ঘ স্থলপথে এবং সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন সংযোগসহ মহেশখালী দ্বীপের ১০ কিলোমিটার দূরে সমুদ্রে ভাসমান জেটি বা ‘সিঙ্গেল মুরিং পয়েন্ট’ স্থাপন কার্যকর বিকল্প ব্যবস্থা হতে পারে। এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে কেবল কার্যকর ও দীর্ঘমেয়াদি জ্বালানি তেল খালাস করার নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে উঠবে তা-ই নয়, বড় জাহাজ থেকে পুরো অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারির স্টোরেজ ট্যাংকে স্থানান্তরে সময় লাগবে দুই দিন এবং ৩০ হাজার টন পরিশোধিত তেলের জাহাজ থেকে তেল খালাস করতে দরকার হবে মাত্র ১০ ঘণ্টা। প্রাক্কলিত হিসাব অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়নে ৫ হাজার ৫০৬ কোটি টাকা দরকার হবে। ‘সিঙ্গেল মুরিং পয়েন্ট’ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি বিনিয়োগ প্রস্তাবও সরকারের বিবেচনার অপেক্ষায় রয়েছে।
চট্টগ্রাম থেকে পরিশোধিত জ্বালানি তেল দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করা সরকারের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে দেশের ভেতরে বিপিসির ৯০ শতাংশ জ্বালানি তেল পরিবহনের জন্য উপকূলীয় ও অভ্যন্তরীণ নদীপথে চলাচলের ছোট ছোট ট্যাংকার ব্যবহৃত হয়। অবশিষ্ট তেলের ৮ শতাংশ রেলপথে এবং ২ শতাংশ সড়কপথে পরিবহন করা হয়। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত বিপিসির তেল স্টোরেজ স্থাপনায় জ্বালানি তেল পরিবহনের লক্ষ্যে ২৫০ কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন নির্মাণের কথা সরকার সক্রিয়ভাবে ভাবছে। প্রাক্কলন অনুযায়ী এই পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় হবে। জ্বালানিসচিবের প্রকাশিত ভাষ্য অনুযায়ী, সরকার এই পাইপলাইন প্রকল্প হাতে নিয়েছে এবং তা বাস্তবায়িত হলে, বছরে কেবল ঢাকা-চট্টগ্রামের মধ্যে তেল পরিবহনে (প্রধানত ডিজেল) ১৩০ কোটি টাকা সাশ্রয় ও জ্বালানি তেলের নিরাপদ-নির্ভরযোগ্য বিকল্প অবকাঠামো গড়া সম্ভব হবে।
উড়োজাহাজের জ্বালানি তেল ‘এ-১ জেট অয়েল’ পরিবহনের জন্য হজরত শাহজালাল বিমানবন্দরকে সংযুক্ত করে ১৬ কিলোমিটার দীর্ঘ আরও একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনার কথাও সরকার বিবেচনা করছে। জ্বালানি তেল পরিবহনে পাইপলাইন অবকাঠামো নির্মাণে নিশ্চিতভাবে স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলো সবাই সন্তুষ্ট নয় এবং তারা নানাভাবে এসব প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত করতে পারে। এ ক্ষেত্রে বিনিয়োগের বাধা একটি বিশেষ বাধা। তা ছাড়া, বিদ্যমান জ্বালানি তেল পরিবহনব্যবস্থার সীমাবদ্ধতা ও অদক্ষতা অনেকের জন্য লাভজনক। বিপিসির আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন থাকলেও জ্বালানি তেলের আমদানি-বিপণনের একচেটিয়া ব্যবসার প্রতিষ্ঠান বিপিসি সে আলোচনায় তেমন সাড়া দেয়নি। বিভিন্ন পক্ষ থেকে বিপিসির আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিয়ে প্রশ্নের মধ্যে সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী সম্প্রতি প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে দক্ষ আর্থিক ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী নিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন। স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিপিসির তেল ব্যবসা আরও বেশি লাভজনক করা এবং প্রতি লিটার তেলের দামও কমানো সম্ভব।
ড. মুশফিকুর রহমান, খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।