বিবর্ণ সে রক্তে এখনো কান্নার ধ্বনি

১৯৯৯ সালের ৬ মার্চ। যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ সম্মেলন শেষে অনুষ্ঠান চলছিল। হাজারো দর্শক-শ্রোতা বিমোহিত সেই অনুষ্ঠানে। হঠাৎ রাত ১২টা ৫০ মিনিটে বিকট এক শব্দে সে অনুষ্ঠান লন্ডভন্ড হয়ে যায়।
আকস্মিক এ হামলায় সবাই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। এ হামলা কতটা নৃশংস ছিল, তা এখনো যশোরবাসীর হৃদয়ে গাঁথা। পরদিন সকালে যশোরের সব ফুল বিক্রেতারা বলেছিলেন, এ শহরে ফুল বিক্রি করতে তাঁদের ঘৃণা হয়। ৬ মার্চ মধ্যরাতে যে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার বিচার আজও হয়নি।
সেদিনের সেই বোমা হামলায় সন্ধ্যা রানী ঘোষ, যশোর জেলা উদীচীর কর্মী শেখ নাজমুল হুদা, স্বর্ণশিল্পী বাবুল সূত্রধর, উদীচী কুষ্টিয়া জেলা সংসদের কর্মী রামকৃষ্ণ রায়, পাম্প মিস্ত্রি ইলিয়াস মোল্লা, শ্রমিক নুরুল ইসলাম, কুষ্টিয়া লালন একাডেমির শিল্পী শাহ আলম, কুষ্টিয়া উদীচীর কর্মী রতন কুমার বিশ্বাস, শাহ আলম মিলন ও সৈয়দ বুলু—এই ১০ জন মারা যান, আহত হন দুই শতাধিক ব্যক্তি।
আহত ব্যক্তিদের মধ্যে অনেকেরই অবস্থা এখনো সংকটাপন্ন। প্রতিদিন তাঁরা অসহনীয় যন্ত্রণা নিয়ে অসহায় জীবন যাপন করছেন। অথচ ২০০৭ সালের প্রথম দিকে আদালতের রায়ে এই মামলার সব আসামি বেকসুর খালাস পেয়ে যায়। দেশবাসী বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল। মনে হলো, সে রাতে সেখানে কিছুই ঘটেনি। বর্তমান সরকার এ বিষয়ে আপিল করার আশ্বাস দিল। আমরা আশান্বিত হলাম। কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। এমনকি ২০১৩ সালে যখন উদীচীকে একুশে পদক দেওয়া হয়, সে সময় উদীচীর তৎকালীন সাধারণ সম্পাদক প্রবীর সরদারকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি এই মামলার পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো অগ্রগতি আমাদের চোখে পড়েনি।
এ আমরা কোন দেশে বাস করছি, যে দেশে স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর চার বছর পার হলো, অথচ ফাইলে ধুলা জমতেই থাকে। প্রতিবছর উদীচী ৬ মার্চ এই হামলার শহীদদের স্মরণ এবং এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছে। উদীচীর ওপর এ বোমা হামলা গোটা সাংস্কৃতিক আন্দোলনের ওপরই এক চরম আঘাত। প্রথম দিকে সবাই প্রতিবাদ-প্রতিরোধ, বিক্ষোভ প্রদর্শনে উদীচীর সঙ্গী হলেও ক্রমান্বয়ে তা উদীচী ও ক্ষতিগ্রস্ত পরিবারের শোক আর ক্রন্দনে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
এ বিষয়ে আমাদের দেশের সাংস্কৃতিক আন্দোলনে কর্মরত নেতাদের কোনো মাথাব্যথা নেই। তাঁরা অতি মাত্রায় দলীয় আনুগত্যের কাছে আত্মসমর্পণ করে আছেন। আর চলছে প্রশাসনিক কর্মকর্তাদের আনুগত্য লাভের জন্য একের সঙ্গে অন্যের নোংরা প্রতিযোগিতা। উদীচীর শিল্পী, সংগঠক সুকান্ত। সুকান্ত গিটারের তারে সুর যোজনার সক্ষমতা হারান সেদিনের সেই বোমা হামলায়।
সেই নৃশংস বোমা হামলায় দুই পা হারান নাহিদ। দুই পায়ে আবার ঘা হয়েছে তাঁর। ঠিকমতো হাঁটতে পারেন না। স্ত্রী-সন্তানদের নিয়ে কষ্টে আছেন। হরেন গোঁসাই, যিনি ১৯৯৯ সালের এ নৃশংস হামলায় দুটি পা হারিয়ে ফেলেন। কিন্তু একটুও ভেঙে পড়েননি, বরং এরপর ঢাকায় উদীচীর একটি অনুষ্ঠানে এসে ওই হত্যাকারীদের দিকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে দরাজ কণ্ঠে গেয়ে উঠেছিলেন, ‘যদি পা দুখান ফিরে পেতাম, তাইলে নাইচা দেখাইতাম।’
সেই হরেন গোঁসাইয়ের কণ্ঠেও আজ হতাশার সুর। এখন বয়স হয়ে গেছে, শরীরে আর আগের মতো জোর পান না। আয়-রোজগারও তেমন নেই। সে সময়কার সরকারি কৌঁসুলিসহ অনেকেরই মত, এই মামলা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গোড়াতেই নষ্ট করে ফেলা হয়েছিল। সংস্কৃতি হচ্ছে মানুষকে জাগিয়ে তোলা, সচেতন করার শ্রেষ্ঠতম মাধ্যম। মানুষ যত বেশি সচেতন হবে, সে তত বেশি মানুষ হয়ে উঠবে। উদীচী সে মানুষ গড়ার সংগ্রামে নিয়োজিত।
অন্যদিকে, জঙ্গিরা চেষ্টা করে মানুষকে মানবেতর অবস্থায় রেখে তাদের ওপর শাসন-শোষণ চালু রাখতে। আর তাই এই জঙ্গিগোষ্ঠী একের পর উদীচীর সম্মেলন, ছায়ানটের বর্ষবরণ, সিনেমা হলসহ দেশের সর্বত্র পরিচালিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর হত্যা-খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। যশোরের রক্তের দাগ শুকিয়ে গেছে অনেক আগেই। বিবর্ণ সে রক্ত থেকে এখনো কান্নার ধ্বনি শুনতে পাওয়া যায়। আমরা চাই, এ ধ্বনি নিছক কান্না হয়ে আর থাকবে না। এ থেকে উৎসারিত আলো দূর করবে সব হতাশা আর অশুভ অন্ধকার।
লেখক উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক