বিবেক বিক্রি এবং বুদ্ধিজীবীদের নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন কয়েকজন মাত্র ছিলেন আমাদের সরাসরি শিক্ষক। বাকিরা অন্যান্য বিভাগের বা অনুষদের। সবার সঙ্গে পরিচয়ের সুযোগ ছিল না। দূর থেকে দেখতাম তাঁদের। শ্রদ্ধা করতাম কাউকে কাউকে। ভালো শিক্ষক, সে জন্য নয়। কারণ, তাঁদের ছাত্র হওয়ার তো সৌভাগ্য হয়নি। মানুষ হিসেবে তাঁরা ছিলেন আমাদের সামনে আইকন বা অনুপ্রেরণা। এমন একজন ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক আহমদ শরীফ।
অধ্যাপক আহমদ শরীফ অনেক লেখালেখি করেছেন। সম্প্রতি তাঁর কিছু অপ্রকাশিত প্রবন্ধের একটা সংকলন আমার হাতে এসেছে। সংকলক নিজেও একজন অধ্যাপক, ড. নেহাল করিম। সংকলনটির নাম সমাজভাবনা, ‘মহাকাল’ এটা ছেপেছে।
তো পড়তে পড়তে একটা ছোট্ট প্রবন্ধের ওপর চোখ আটকে গেল। শিরোনাম: বঞ্চনামুক্ত সমাজচিন্তা। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের জন্যই রাষ্ট্র ও সরকার, শাসক-প্রশাসক তৈরি হয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনের ও জীবিকার সর্বপ্রকার চাহিদা মেটানোই হচ্ছে রাষ্ট্রের, সরকারের, শাসক-প্রশাসকের সব শাখার প্রথম ও প্রধান দায়িত্ব-কর্তব্য। কাজেই দেশবাসী হিসেবে নাগরিকের অধিকার প্রয়োগ আমজনতার পক্ষে কথা বলার, দাবি করার ও দাবি আদায়ে প্রয়াসী হওয়ার, প্রয়োজনে সরকারের অপকর্মের প্রতিকার চাওয়ার, প্রতিবাদ করার, প্রতিরোধে ক্ষোভ-ক্রোধ নিয়ে লড়াকু হয়ে রাস্তায় নামার, প্রচলিত অর্থে দ্রোহী হওয়ার আর কাগুজে বিবৃতির, মেঠো বক্তৃতার ও সড়কি মিছিলের আয়োজনে মেতে ওঠার দায়িত্ব-কর্তব্য বর্তায় স্বার্থে ও পরার্থে সমভাবে সচেতন শিক্ষিত শহুরে বুদ্ধিজীবী নামের বিভিন্ন পেশার লোকদের ওপর।’
রাষ্ট্র বা সরকার যখন দায়িত্ব পালন করে না, অথবা নিবর্তনমূলক একটি ব্যবস্থাকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তখন সামনে থেকে শহুরে শিক্ষিত বুদ্ধিজীবীরা নেতৃত্ব দেবেন, এমনটাই তিনি আশা করেছিলেন। শুধু আশা নয়, তিনি নিজেই উদ্যোগী ছিলেন এ ব্যাপারে। এমন একটি ঘটনা ঘটেছিল ৪৩ বছর আগে। তখন নতুন দেশ। গণতন্ত্রের জন্য জনমনে প্রবল উন্মাদনা। কেননা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের একপর্যায়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সেই গণতন্ত্র যদি ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তাহলে হতাশা যেমন আসে, তেমনি প্রতিবাদী কণ্ঠও উচ্চারিত হয় স্বাভাবিক নিয়মে। ১৯৭৪ সালের অবস্থাটা ছিল এমনই।
সবে সরকার ‘বিশেষ ক্ষমতা আইন’ পাস করেছে। যত্রতত্র নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে। মানুষকে বিনা বিচারে আটকে রাখা হচ্ছে এবং কেউ কেউ গুম হয়ে যাচ্ছেন। বিনা বিচারে আটককৃতদের একজন ছিলেন কবি আল মাহমুদ। তিনি তখন জাসদ-সমর্থক দৈনিক গণকণ্ঠ-এর সম্পাদকের পদে চাকরি করতেন। তিনি জাসদ করতেন না। তিনি মূলত একজন কবি। মুক্তিযোদ্ধা কবি। তাঁর লেখা সনেটগুচ্ছ ‘সোনালী কাবিন’ আমাদের সাহিত্যের জগতে একটি অমূল্য রত্ন। একশ্রেণির বুদ্ধিজীবীর শাসক-বন্দনা আর আত্মবিক্রয়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। সোনালী কাবিনে তিনি লিখেছিলেন:
...কোনো সামন্তের নামে কোনদিন রচিনি শোলোক
শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের ’পরে।
পূর্বপুরুষেরা কবে ছিলো কোন সম্রাটের দাস
বিবেক বিক্রয় করে বানাতেন বাক্যের খোঁয়াড়,
সেই অপবাদে আজও ফুঁসে ওঠে বঙ্গের বাতাস।

সমাজে প্রতিবাদ হয়েছিল। প্রতিবাদী বুদ্ধিজীবীরা সংখ্যায় কম হলেও তাঁরা দমে যাননি। চুয়াত্তরের ৩১ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আহমদ শরীফের সভাপতিত্বে এক সমাবেশে তৈরি হয়েছিল ৩৩ সদস্যের একটি নাগরিক সংগঠন, নাম ‘মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি’। আমার জানামতে, বাংলাদেশে এ ধরনের নাগরিক সংগঠন এটাই প্রথম। কবি সিকান্দার আবু জাফর ছিলেন এই কমিটির সভাপতি। কমিটির প্রধান নেতারা অনেকে অনেক আগেই গত হয়েছেন। কমিটি তার লক্ষ্য সম্বন্ধে বলেছিল, ‘যেসব দায়িত্বশীল নাগরিক আইনের শাসনে বিশ্বাসী, তাদের মতামত সংগঠিত করা দরকার এবং এই কাজের মাধ্যমে গণতন্ত্র ও শান্তিকামী ব্যাপক জনগণকে মৌলিক অধিকার হরণের প্রকৃত ঘটনাবলি সম্পর্কে অবহিত করে জনমত সংগঠিত করা প্রয়োজন, যাতে শাসনতন্ত্রে প্রদত্ত আইনের শাসনের নিশ্চয়তাকে নগ্নভাবে উপেক্ষা করে যে ব্যক্তি-নিপীড়নের কাজ চলছে তা প্রতিরোধ করা যায়।’
এ ধরনের নাগরিক সংগঠন এখন আর আছে বলে মনে হয় না। তবে কিছু কিছু ব্যক্তি বা সংগঠন সাধারণত নাগরিকদের নানাভাবে আইনি সহযোগিতা দিয়ে থাকে এবং জনস্বার্থে সরকারের বিরুদ্ধে মামলাও করে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা এমন নজির দেখেছি। এমনকি অনেক ক্ষেত্রে উচ্চ আদালতও জনস্বার্থে সরকারের বিরুদ্ধে রায় দিয়ে এবং রায় বাস্তবায়নে বাধ্য করে জনগণের প্রশংসা পেয়েছেন। উচ্চ আদালতের এই ভূমিকাটি নাগরিকদের জন্য সত্যিকার অর্থেই একটি রক্ষাকবচ। যদিও উচ্চ আদালতের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগকারীদের কেউ কেউ ‘প্রশাসনে আদালতের হস্তক্ষেপ’ নিয়ে বেশ সরব।
এ দেশে বুদ্ধিজীবী-মানস কখনোই অবিভাজ্য ছিল না। তাদের একটি ছোট অংশ অতীতে সব সময়ই ছিল প্রতিবাদী, আর বড় অংশটি ছিল স্থিতাবস্থা (স্টেটাসকো) বজায় রাখার পক্ষে অথবা সুযোগসন্ধানী। সুযোগসন্ধানীদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। বিশেষ করে শিক্ষিত সমাজে। আরও নির্দিষ্ট করে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে। নানান ইহজাগতিক চাওয়া-পাওয়ার যে অমোঘ আকর্ষণ, তা থেকে মুক্ত থাকার মতো সাহসী মনের সংখ্যা কমে যাচ্ছে। এখন একজন আবদুর রাজ্জাক, আবু মাহমুদ বা আহমদ শরীফকে রীতিমতো হাতে হারিকেন নিয়ে খুঁজতে হয়। পাওয়া যায় না। রাষ্ট্রীয় পদ-পদবির আকাঙ্ক্ষা কার না আছে?
বুদ্ধিবৃত্তিক দালালির ইতিহাস এ দেশে নতুন নয়। ১৯৬৭ সালে যখন রেডিও পাকিস্তান থেকে রবীন্দ্রসংগীতের প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন ১৮ জন বুদ্ধিজীবী প্রতিবাদ করে এর বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছিলেন। মজার কথা হলো, সরকারের সিদ্ধান্ত সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন ৪০ জন বুদ্ধিজীবী। এঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, সাংবাদিক, শিল্পী—সব ধরনের মানুষই ছিলেন। এখন এই অবস্থার হেরফের হয়েছে, তা বলা যাবে না। রাজকবি আগেও ছিল, এখনো আছে। তবে বুদ্ধিজীবীদের মধ্যে প্রতিবাদী কণ্ঠ মনে হয় অনেক কমে গেছে। শাসকেরা বুঝতে পেরেছেন, বুদ্ধিজীবীদের খুব অল্পতেই তুষ্ট করা যায়। ‘ভাত ছিটালে কাকের অভাব হয় না’—এই আপ্তবাক্যটি এ দেশের রাজনীতির অভিভাবকেরা ভালোই রপ্ত করছেন। তাই সুযোগ-সুবিধা দিয়ে নানাভাবে তাঁদের আঁচলে বাঁধতে বা পকেটে পুরতে পারছেন।
পরিশেষে আহমদ শরীফের আরেকটি প্রবন্ধ ‘পুরাণ-ইতিহাসের আলোকে আমাদের অবস্থা ও অবস্থান’ থেকে আরেকটি উদ্ধৃতি দেব:
রাজনৈতিক দলগুলোর কাছে যা দাবার চাল, তা-ই নিঃস্ব নিরন্ন-দুস্থ-দরিদ্র জনগণের কাছে মৃত্যুবাণ। এ অবস্থায় আমাদের শিক্ষিত সমাজ একেবারে নীরব, নিষ্ক্রিয় উদাসীন শ্রোতা এবং রাস্তায় রসিক আলোচকমাত্র। জনগণবিচ্ছিন্ন জনগণের স্বার্থ চেতনাহীন, আত্মপ্রতিষ্ঠামুখী রাজনীতিকদের এই রাজনৈতিক প্রতিযোগিতার-প্রতিদ্বন্দ্বিতার প্রতিকার প্রতিবাদ প্রতিরোধ করার জন্য দেশপ্রেমী মানবদরদি আঁতেল বা বুদ্ধিজীবী সমাজের কি কোনো দায়িত্ব-কর্তব্য নেই?
দেশটা কি শুধু পেশাদার রাজনীতিকদের? পরবর্তী প্রজন্মের লোকেরা যখন ইতিহাসের পৃষ্ঠায় বুদ্ধিজীবীদের এই নীরবতা নিষ্ক্রিয়তার বয়ান পড়বে, তখন কি আমাদের ১৯৫৭-৭০ সালের কিংবা ১৮৫৭ সালের নীরব নিষ্ক্রিয় ব্রিটিশ পদলেহী অনুগ্রহজীবীদের মতো ঘৃণা করবে না?
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]