মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে অনেক দিন ধরেই বাজার বেশ গরম ছিল। আদালতে মামলা হওয়ায় উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছিল। গত মঙ্গলবার আদালতের বাধা দূর হয়ে গেছে। নতুন করে এখন শুরু হবে যাচাই-বাছাই।
দেশ স্বাধীন হয়েছে সাড়ে চার দশকেরও বেশি আগে। এখনো চেনা গেল না, কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার। ষাটোর্ধ্ব অনেক প্রবীণ এখনো ঘুরছেন একটা সার্টিফিকেটের আশায়। এটা পেলেই অনেক কিছু পাওয়া হবে। মাসিক ভাতার বন্দোবস্ত আছে। আছে আরও নানান পার্থিব সুযোগ–সুবিধা। মারা গেলেও প্রাপ্তি আছে। উর্দিধারী পুলিশ সদস্যরা খাটিয়ার সামনে রাইফেল ঠুকে স্যালুট জানাবেন। সন্তান ও নাতি-পুতিরাও বঞ্চিত হবে না।
দেশটা যখন একাত্তরের ২৫ মার্চ মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধপর্বে প্রবেশ করেছিল, তখন অনেকেই তাতে যোগ দিয়েছিলেন। অনেকেই যোগ দেননি। তারপরও দেশটা স্বাধীন হয়েছিল। তখন ভাবাই যায়নি যে কয়েক দশক পর মুক্তিযুদ্ধ একটি পণ্য হবে এবং তাকে পণ্য করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে, গজিয়ে উঠবে শত শত ভুয়া মুক্তিযোদ্ধা।
যাঁরা মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে শরিক হয়েছিলেন, তাঁরা নিজেদের নিরাপত্তার কথা, পরিবারের বিপদের কথা ভাবেননি। ঝুঁকি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁরা মুক্তিযুদ্ধকে দেখেছেন এবং বুঝেছেন একভাবে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পর পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো দেশটা দখল করতে উঠেপড়ে লেগে গেল, তাদের কাছে মুক্তিযুদ্ধ খুলে দিয়েছিল আত্মপ্রতিষ্ঠার অবারিত দরজা। একটা শ্রেণি হঠাৎ করেই ফুলে-ফেঁপে উঠতে শুরু করল।
মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল গোড়া থেকেই। ইচ্ছেমতো পদক-পদবি বিলানো হয়েছিল বলে অভিযোগ ছিল। মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ চালু হয়েছিল। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রমাণ হিসেবে একজন মুক্তিযোদ্ধার কি সার্টিফিকেটের দরকার আছে?...শতকরা ৭০-৮০ ভাগ মুক্তিযোদ্ধাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ রিক্রুট করেছিল। এঁদের মধ্যে শতকরা ২০-৩০ জন সত্যিকার অর্থে যুদ্ধে অংশ নিয়েছিলেন।’ সরকার তাঁকে ‘বীর উত্তম’ পদক দিয়েছিল। তাঁর যুক্তি ছিল, হাজার হাজার কৃষক মুক্তিযোদ্ধা স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধ করেছেন এবং তাঁরা কোনো স্বীকৃতি পাননি। এই কারণ দেখিয়ে তিনি ‘বীর উত্তম’ খেতাব নিতে অস্বীকার করেছিলেন (সূত্র: নূরুজ্জামান, আ সেক্টর কমান্ডার রিমেম্বারস বাংলাদেশ লিবারেশন ওয়ার ১৯৭১)।
যত দিন যাচ্ছে, আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছি, বুঝতে পারছি এর বহুমাত্রিক দিক। আমরা বেশ গর্ব করেই বলি, এটা ছিল একটা জনযুদ্ধ। আমরা সবাই কি জনযুদ্ধের অর্থ কিংবা তাৎপর্য বুঝি? জনযুদ্ধ বলতে আমি তো বুঝি ব্যাপক জনগোষ্ঠীর সচেতন অংশগ্রহণ। এদের সংখ্যা কত? নিশ্চয়ই কয়েক কোটি?
আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। গ্রামে লুকিয়ে থাকা বা শরণার্থীশিবিরে বসে অন্ন ধ্বংস করা মুক্তিযোদ্ধা না। ভারতে ট্রেনিং নিয়ে জুলাইয়ের শেষে এসে দেশের ভেতরে অস্ত্র হাতে প্রতিরোধ যুদ্ধে শামিল হয়েছিলাম। আমার কাছে কোনো সার্টিফিকেট নেই।
কথায় কথায় ব্যক্তিগত প্রসঙ্গ এসে গেল। দেশে যেহেতু গণতন্ত্র আছে, একটি সরকার আছে, তাহলে তো মনের কথা খুলে বলাই যায়। কয়েক বছর আগে প্রধানমন্ত্রী সাতজনকে মরণোত্তর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছিলেন। এঁদের মধ্যে ছিলেন তাঁর ছোট ভাই শেখ জামাল এবং ফুফাতো ভাই শেখ ফজলুল হক মণি। জামালের বড় ভাই কামাল কলেজে আমার সতীর্থ ছিলেন। তিনিও একজন মুক্তিযোদ্ধা। জামাল আর আমি একই বাহিনীর (মুজিব বাহিনী) সদস্য ছিলাম। আমি প্রশিক্ষণ নিয়েছি আগে, জামাল পরে। শেখ মণি ছিলেন আমার কমান্ডার। তাঁরা দুজন মুক্তিযোদ্ধা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন, এ জন্য আমি খুবই আনন্দিত। কিন্তু শেখ হাসিনা তো একটি পরিবারের প্রধানমন্ত্রী নন। তিনি একটি দেশের প্রধানমন্ত্রী। মুজিব বাহিনীর যে আরও কয়েক হাজার সদস্য ছিলেন, তাঁদের কে দেবেন সার্টিফিকেট? শুধু মুজিব বাহিনী কেন, সব মুক্তিযোদ্ধার তো এই সার্টিফিকেট প্রাপ্য, যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতীক হয়ে থাকে। আমাকে কেন এখন ইউএনও-এডিসিদের সামনে গিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণের পরীক্ষা দিতে হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পরীক্ষা আমি দেব না। আমি মনে করি, রাষ্ট্রের দায়িত্ব সত্যিকার মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা এবং তাঁদের ঘরে এই সার্টিফিকেট পৌঁছে দেওয়া। সরকারের সম্পদ আছে, জনবল আছে, তারা এটা পারে, যদি সদিচ্ছা থাকে।
তারপরও কথা থাকে। মুক্তিযুদ্ধে কেউ যদি যেকোনো উপায়ে নিজের সাধ্যমতো অবদান রেখে থাকেন, তবে তাঁর স্বীকৃতি ও মর্যাদা থাকা উচিত। যিনি শরণার্থী শিবিরে শিবিরে ঘুরে গান গেয়ে উদ্বাস্তুদের মনোবল চাঙা রেখেছেন, যিনি ফুটবল খেলে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চালিয়েছেন, তাঁরা সবাই নমস্য। কিন্তু যাঁরা অস্ত্র হাতে জীবনের ঝুঁকি নিয়ে দেশের ভেতরে লড়াই করেছেন, তাঁদের বাদ দিয়ে কি তালিকা হবে?
মুক্তিযুদ্ধের সময় কম করে হলেও আমি পঞ্চাশটা গ্রামে গেছি, কোথাও একবার, কোথাওবা বারবার। সাধারণ মানুষ আমাদের আশ্রয় দিয়েছেন, খাইয়েছেন, বিশ্রামের জন্য নিজেদের ঘরটি ছেড়ে দিয়েছেন, নিরাপত্তার জন্য চারদিকে পাহারা বসিয়েছেন এবং আমরা চলে যাওয়ার পর মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেওয়ার ‘অপরাধে’ রাজাকারের প্ররোচনায় পাকিস্তানি সৈন্যরা এসে তাঁদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নির্বিচারে খুন করেছে। তাঁরা কি মুক্তিযোদ্ধা নন? তাঁদের ত্যাগের কি কোনো মূল্য নেই?
একসময় আমরা শুনতাম, ‘দেশমাতৃকা’। দেশ হলো মায়ের মতো। শৃঙ্খলিত মাকে মুক্ত করার দায়িত্ব তো সন্তানের। সেই দায়িত্ববোধ, সেই তাড়না থেকেই তো একজন মুক্তিযোদ্ধা হন। তাঁকে এ জন্য কেন ভাতা দিতে হবে? পদক দিতে হবে? এটা তারাই করবে, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না। মুক্তিযুদ্ধ কী, তা বোঝেন না।
মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্য সার্টিফিকেট আর টাকাপয়সা দিয়ে একটি অনুগ্রহজীবী গোষ্ঠী তৈরি করা হচ্ছে। ১৯৯১ সালে সরকার গঠন করে খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বানালেন। রাষ্ট্রের সব কাজকর্ম থেকে মুক্তিযুদ্ধকে বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নামে আলাদা কুঠুরি তৈরি হলো। তাদের হয়তোবা মনে হয়েছিল, আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের ওপর একচ্ছত্র আধিপত্য করবে? মুক্তিযোদ্ধাদের অপমান করার আমাদেরও তো অধিকার আছে। বিএনপি সরকারের আরও অনেক খারাপ কাজের মতো এটিও আওয়ামী লীগ সরকার এটা চালু রেখেছে।
পঁয়তাল্লিশ বছরের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি হচ্ছে। লাল বার্তা, নীল বার্তা, গেজেট ইত্যাদি। এত কিছু না করে দরকার ছিল ঘৃণিত যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করা। সেটি হয়নি।
সরকারের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার বিনীত অনুরোধ, সংকীর্ণ লাভালাভের ফাঁদে ফেলে মুক্তিযোদ্ধাদের আর অপমান করবেন না। যাঁরা অসহায়, অক্ষম, দুস্থ, প্রতিবন্ধী, তাঁদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নানান ব্যবস্থা আছে। মুক্তিযোদ্ধাদের এই ক্যাটাগরিতে ফেলবেন না। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম বিবেকের তাড়নায়, দেশমাতৃকার ডাকে। মাকে বাজারে বিক্রি করে মুনাফা পেতে চাই না। বিবেক বিক্রি করে সার্টিফিকেট চাই না। প্লিজ, এসব বন্ধ করুন।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]