বিভাজনের কারণে মানবতাই বিপন্ন হবে
এত দিন আমরা শুনেছি, বাংলাদেশের সমাজ বিভক্ত হয়ে গেছে। এবার মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্লেষকেরা বলতে শুরু করেছেন, মার্কিন সমাজও বিভক্ত হয়ে গেছে। আর তাই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আবার তিনি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সমাজে বিভাজন আরও তীব্র হবে—এমন কথাও লোকে বলতে শুরু করেছে। কিছুদিন আগে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল। এমনকি এতে তাদের লাভ হবে না ক্ষতি হবে, সে চিন্তা তারা করেনি। এর পেছনে আছে ব্রিটিশ জাত্যভিমান।
শুধু তা-ই নয়, মার্কিন নির্বাচনের ফল ঘোষণার পর দেশটির বৃহত্তম ও অর্থনৈতিকভাবে শক্তিশালী অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার কিছু মানুষ এ কথাও বলা শুরু করেছে যে তারা যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাবে। কারণ, ট্রাম্পের যুক্তরাষ্ট্র আর তাদের যুক্তরাষ্ট্র তো এক নয়!
কথা হচ্ছে, সারা দুনিয়াতেই এ রকম চরমপন্থার উত্থান দেখা যাচ্ছে। পৃথিবীতে যে দ্বন্দ্ব-বিবাদ ছিল না, তা নয়। সব বিবদমান পক্ষই একটি সমঝোতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু সেই সামাজিক চুক্তিগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে। সবাই চরম অবস্থানে চলে যাচ্ছে। পরমত সহিষ্ণুতা ও শিষ্টতার বালাই যেন আর নেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে যার উজ্জ্বল দৃষ্টান্ত।
এত দিন বাংলাদেশে আমরা দেখেছি, শহর ও গ্রামের মধ্যে ব্যাপক বিভাজন সৃষ্টি হয়েছে। এবার মার্কিন নির্বাচনেও দেখা গেল, সেখানকার শহরের উচ্চশিক্ষিত নাগরিক আর গ্রামাঞ্চলের স্বল্প শিক্ষিত নাগরিকদের মধ্যেও চিন্তা ও স্বার্থের ব্যাপক ফারাক সৃষ্টি হয়েছে। ২০১৪ সালের ভারতীয় নির্বাচনেও এই গ্রাম-শহরের বিভাজন পার্থক্য গড়ে দিয়েছিল। নির্বাচনের আগে নরেন্দ্র মোদি গ্রামীণ স্বল্প-শিক্ষিত হিন্দিভাষী মানুষের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে যান। ফলে বহুকাল পরে লোকসভায় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
এই বিভাজন কী জিনিস, তা মধ্যপ্রাচ্যের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, সিরিয়ায় যে যুদ্ধ হচ্ছে, তা যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব ও ইরানের একধরনের প্রক্সি যুদ্ধ। অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতে পারছে না বলে, এখানে এই প্রক্সি যুদ্ধ করছে। কিন্তু এটাও ঠিক, সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল বাশার আল-আসাদের সঙ্গে বিরোধীদের দ্বন্দ্বের কারণে। ওদিকে ইরাকে এখন শিয়া-সুন্নি বিরোধ চরমে উঠেছে। অন্য কথায়, পুরো মধ্যপ্রাচ্যই এই শিয়া-সুন্নি বিভেদের কারণে জেরবার হয়ে যাচ্ছে। বলা বাহুল্য, একটি অঞ্চলে বা দেশে নিরবচ্ছিন্ন যুদ্ধ চললে সেই দেশের উন্নতি হতে পারে না।
এই বিরোধ ও বিভাজনের কারণে আগামী দিনে এশিয়ার সম্ভাবনা যে বিনষ্ট হবে, এ কথা হলফ করে বলা যায়। অনেকেই বলছেন, একুশ শতক হবে এশিয়ার শতক। এশিয়ার চীন ও জাপান যথাক্রমে বিশ্বের প্রথম ও তৃতীয় অর্থনৈতিক শক্তি, সঙ্গে আছে ভারত, যার প্রবৃদ্ধির হার এখন পৃথিবীতে সর্বোচ্চ। বাংলাদেশও এগোচ্ছে। কিন্তু এই এশিয়ায় একদিকে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব যেন শেষ হওয়ার নয়, অন্যদিকে ভারত-চীন দ্বন্দ্বও দিনকে দিন বাড়ছে। চলছে নানা খেলা। খেলারামেরা খেলেই যাচ্ছে। কথা হচ্ছে, যদি এশিয়াকে একুশ শতকের নেতা হতে হয়, তাহলে তাকে এই বিরোধ ও বিভাজন কাটিয়ে উঠতে হবে। তাকে একটা ন্যূনতম ঐকমত্যে আসতে হবে।
মার্কিন নির্বাচনে বোঝা গেল, বিভাজন কতটা কদর্য হতে পারে। এ বস্তুটি যে আমাদের জন্য মঙ্গলজনক নয়, তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এটা দূর করতে হবে। তা না হলে আমরা নিজেদের সভ্য হিসেবে দাবি করতে পারি না। অন্য কথায়, সভ্যতার অন্যতম শর্ত হচ্ছে, মতান্তর বা মতভেদ নিয়েই শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করা। আর এই বিভাজন দূর করতে না পারলে মানবতাই বিপন্ন হবে।