বাংলাদেশে বর্তমানে ৭৮টি বিমা কোম্পানি কাজ করছে, যার মধ্যে লাইফ কোম্পানি ৩২টি এবং নন-লাইফ কোম্পানি ৪৬টি। এই ৭৮টি কোম্পানির মধ্যে সরকারি মালিকানাধীন জীবনবীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশন এবং বিদেশি কোম্পানির মেটলাইফ আলিকোর শাখা অফিসও রয়েছে। বিদেশের সঙ্গে যৌথ মালিকানা অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হিসেবে সম্প্রতি ভারতের এলআইসি বাংলাদেশ লিমিটেড কার্যক্রম শুরু করেছে।
সামগ্রিকভাবে আর্থিক খাতের অন্য অংশের চেয়ে বিমা খাত পিছিয়ে আছে। সাধারণ বীমা বা নন লাইফ খাতের চ্যালেঞ্জ বহুবিধ। তবে লাইফ খাতটি সামান্য সংস্কারের মাধ্যমেই হয়ে উঠতে পারে ব্যাপক সম্ভাবনাময়। বাংলাদেশের জনগোষ্ঠীর যেটুকু অংশ বিমার আওতায় এসেছে, তাতে ২০১৯ সালের শেষে দেশের জীবনবিমা কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ ৪১ হাজার কোটি এবং লাইফ ফান্ডের আকার ৩৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আগেই বলেছি, বাংলাদেশের বিমা খাত বৈশ্বিক বা অপরাপর তুলনীয় দেশের চেয়ে অনেক ছোট। তদুপরি বিমা খাতে সার্বিক সুশাসনের ঘাটতি ও এখনো পারিবারিক নিয়ন্ত্রণের যে প্রভাব, তাতে এই সম্পদ তহবিলের দক্ষ ব্যবস্থাপনা নিয়েও সংশয় দেখা দিয়েছে। পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশে বিমা খাত অগ্রসর হয়েছে, কিন্তু আমাদের বিমা খাত পিছিয়েছে।
বিমা আইন-২০১০ এবং মূলধন ও শেয়ার ধারণ বিধিমালা-২০১৬ অনুসারে কোনো বিমা কোম্পানির পর্ষদে একই পরিবারের সদস্যরা একক কিংবা যৌথভাবে ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না। অথচ এ আইন ও বিধিমালা লঙ্ঘন করছে এমনকি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিও। দেশের প্রধান জীবনবিমা কোম্পানিগুলোর মধ্যে চার-পাঁচটি কোম্পানি রয়েছে প্রায় পুরোপুরি পারিবারিক নিয়ন্ত্রণে। পারিবারিক আধিপাত্যের কারণে প্রতিষ্ঠানগুলো এক বা একাধিক ব্যক্তির সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে। আবার কেউ কেউ বেনামে কোম্পানির শেয়ার ধারণ করে পারিবারিক আধিপত্য বজায় রাখছেন।
পারিবারিক নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের জীবনবিমা খাতে সার্বিক সুশাসনের ঘাটতির বিষয়টিও বহুল আলোচিত। লাইফ ফান্ডের অর্থ বেশি দেখানোর জন্য জীবনবিমা খাতের কোম্পানিগুলো সময়মতো বিমা দাবির অর্থ পরিশোধ করে না বলেও অভিযোগ রয়েছে। তা ছাড়া নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বিমা খাতে। আর্থিক খাতের প্রতিষ্ঠান ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুশাসনের বিষয়ে প্রশ্ন থাকলেও সেগুলোতে বর্তমানে যে ধরনের করপোরেট কাঠামো রয়েছে, তার ধারেকাছেও নেই বিমা খাত। এখানে দক্ষ ও যোগ্য জনবলের ঘাটতি রয়েছে। ফলে পেশাদারির ক্ষেত্রেও ঘাটতি অনেকটা পরিষ্কার।
তবে কেউ কেউ মনে করেন, নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমা অনুযায়ী পারিবারিক নিয়ন্ত্রণ থাকলে সমস্যা নেই। পারিবারিক আধিপত্য রয়েছে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের ব্যবসায়িক পারফরম্যান্সও আপাত অর্থে ভালো মনে হচ্ছে। মূল বিষয় হচ্ছে দক্ষ ও যোগ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করে বছর শেষে ব্যবসায়িক ও আর্থিক প্রবৃদ্ধি অর্জন করা। একই সঙ্গে গ্রাহকদের পাওনা যাতে ঠিকমতো পরিশোধ করা হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে।
পত্রিকান্তরে জানা গেছে, জীবনবিমা খাতের অনেক কোম্পানি নির্ধারিত সীমার তুলনায় বেশি ব্যয় করছে। করপোরেট সুশাসনের বিষয়টিও জীবনবিমা খাতে উপেক্ষিত রয়ে গেছে। বিমা আইন অনুসারে ছয় মাসের বেশি পূর্ণকালীন প্রধান নির্বাহীর (সিইও) পদ শূন্য রাখার নিয়ম নেই। অথচ জীবনবিমা কোম্পানিগুলোর প্রায় অর্ধেক প্রতিষ্ঠানেরই পূর্ণকালীন সিইও নেই। তার মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিও রয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রিমিয়াম সংগ্রহ, পুনর্বিমা, দাবি নিষ্পত্তিসহ কিছু বিষয়ে বড় দুর্নীতির অভিযোগ আছে। অনেক মালিকই মিথ্যা দাবি সাজিয়ে আগের তারিখে কাভার নোট ইস্যু এবং অবৈধ প্রভাব খাটিয়ে বিমা গ্রাহকের অর্থ আত্মসাৎ করছেন। এ খাতে অভ্যন্তরীণ বাণিজ্য, পরিচালকদের দুর্নীতি ও নিয়ন্ত্রণহীনতার অনেক উদাহরণ রয়েছে। বিমাশিল্পে জনশক্তির মান খুবই দুর্বল এবং তাদের উন্নয়নে তেমন বিনিয়োগ কিংবা সংশ্লিষ্টদের দৃশ্যমান উদ্যোগ নেই। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জীবনবিমা ও সাধারণ বিমা উভয় খাতের কোম্পানির পরিচালনায় ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। অথচ দেশের বিমা খাতের বিশেষ করে লাইফ কোম্পানিগুলোর প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রবাসী শ্রমিক-রেমিট্যান্স প্রেরণকারী থেকে কৃষিজীবীসহ বিপুলসংখ্যক জনগোষ্ঠী এখনো বিমার আওতার বাইরে রয়ে গেছে।
জীবনবিমা কোম্পানিগুলোর সম্পদ, লাইফ ফান্ড ও মোট প্রিমিয়ামের পরিমাণ বাড়লেও কোম্পানিগুলো গ্রাহকদের বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করে। এতে এ খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। অভিজ্ঞ মহলের মতে, কোম্পানিগুলো বিমা দাবির অর্থ যাতে সময়মতো পরিশোধ করে, সে ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকেও কঠোর হতে হবে।
জীবনবিমা খাতের ৩২টি কোম্পানির গত ১০ বছরের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০১০ সালে জীবনবিমা কোম্পানিগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ১৬ হাজার ৬৪৬ কোটি টাকা, যা সর্বশেষ ২০১৯ সালে এসে ৪১ হাজার ৩৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় আড়াই গুণ। ২০১০ সালে জীবনবিমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডের আকার ছিল ১৪ হাজার ৭৮৫ কোটি টাকা, যা ২০১৯ সাল শেষে ৩৪ হাজার ৪৪৫ কোটি টাকা হয়েছে। অর্থাৎ ১০ বছরে কোম্পানিগুলোর লাইফ ফান্ডের আকার ২ দশমিক ৩৩ গুণ বেড়েছে।
২০১০ সালে জীবনবিমা খাতে মোট প্রিমিয়ামের পরিমাণ ছিল ৫ হাজার ৮৩৫ কোটি টাকা। ২০১৯ সালে এর পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬০৮ কোটি টাকায়। ১০ বছরের ব্যবধানে জীবনবিমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়ামের পরিমাণ বেড়েছে ১ দশমিক ৬৫ গুণ। আর সর্বশেষ এ বছরের ৩০ জুন শেষে জীবনবিমা কোম্পানিগুলোর সম্মিলিত সম্পদ ৪১ হাজার ৪৮৭ কোটি এবং লাইফ ফান্ডের আকার ৩৪ হাজার ১৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
তবে জীবনবিমা কোম্পানিগুলোর সম্পদ, লাইফ ফান্ড ও মোট প্রিমিয়ামের পরিমাণ বাড়লেও কোম্পানিগুলো গ্রাহকদের বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করে। এতে এ খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। অভিজ্ঞ মহলের মতে, কোম্পানিগুলো বিমা দাবির অর্থ যাতে সময়মতো পরিশোধ করে, সে ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকেও কঠোর হতে হবে।
তবে এটাও সত্য যে বিমা খাতের প্রতিষ্ঠানগুলোর মালিকানায় অনেক প্রভাবশালী রয়েছেন। তাই নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কতটুকু কঠোর হওয়া সম্ভব, এ নিয়েও প্রশ্ন রয়েছে।
চলতি বছরের জুন শেষে জীবনবিমা কোম্পানিগুলোর মোট পলিসির সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ লাখ ৬৯ হাজার ৫৮৪। এ সময়ে কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ ছিল ৩৪ হাজার ৬৯৮ কোটি টাকা। ২০১৯ সাল শেষে মোট বিমা দাবির পরিমাণ ছিল ৭ হাজার ৩৮০ কোটি টাকা। এর ৮৮ শতাংশ দাবি নিষ্পত্তি করা হয়েছে। আর এ বছরের জুন শেষে বিমা দাবির পরিমাণ ছিল ১ হাজার ৬৪৭ কোটি টাকা, যার ৪৮ দশমিক ৪২ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে। সঠিক সময়ে ও সঠিকভাবে বিমা দাবি পরিশোধের রেকর্ডও বেশির ভাগ কোম্পানির ভালো নয়।
চলতি বছর বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) এবং কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংকাসুরেন্স’ চালুর ব্যাপারে কাজ শুরু করেছে। ইডরা গত ১৭ নভেম্বর ‘ব্যাংকাসুরেন্স’ প্রবিধানের দ্বিতীয় খসড়া প্রকাশ করে। কেন্দ্রীয় ব্যাংকও তাদের পক্ষে কাজ করছে এবং আশা করা যায়, শিগগিরই একটি খসড়া বিধান প্রণয়ন করা হবে।
বিমা খাতের উন্নয়নে ব্যাংকাসুরেন্স–এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার উদাহরণ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে রয়েছে। বিশেষ করে জীবনবীমার মতো দীর্ঘমেয়াদি পলিসির প্রসারে ব্যাংকাসুরেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২০১৯ সালে দেশের বিমা খাত নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে প্রাইসওয়াটারহাউজকুপার্স (পিডব্লিউসি)। এ প্রতিবেদনে দেশের বিমা খাতের অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্যমতে, ২০০৯-১৭ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিবছরই জিডিপির তুলনায় বিমা প্রিমিয়ামের পরিমাণ কমেছে। জিডিপির অনুপাতে প্রিমিয়ামের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানেরও নিচে। ২০১৭ সালে বাংলাদেশের জিডিপির অনুপাতে প্রিমিয়ামের পরিমাণ ছিল দশমিক ৫৫ শতাংশ। অথচ সমপর্যায়ের দেশের অবস্থা ও মাথাপিছু আয় বিবেচনায় এটি অতি সহজে ১ শতাংশ ছাড়িয়ে যাওয়া উচিত।
মামুন রশীদ অর্থনীতি বিশ্লেষক।