সুমন রহমান আমার প্রিয় লেখক ও শিক্ষক-গবেষক। তাঁর মতকে আমি শ্রদ্ধা ও স্বাগত জানাই। (প্রথম আলো, ১০ আগস্ট, ২০১৬) আমার লেখা ‘বিশ্ববিদ্যালয় কুয়োর ব্যাঙ বানাবে না’ (৫ আগস্ট, প্রথম আলো) বিষয়ে আরও কিছু প্রতিক্রিয়া ফেসবুক, ই-মেইল ও মন্তব্যসূত্রে আমার চোখে পড়েছে। এটা আমার ব্যর্থতা যে আমি পাঠককে বোঝাতে পারিনি। যেমন সুমন রহমান লিখেছেন, আনিসুল হক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গদ্যকার্টুন ফেঁদেছেন। অথচ, আমি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানকে উদার হতে বলব বলে কলম ধরেছিলাম, সেটা সরকারি না বেসরকারি, এটা আমার চিন্তাতেও ছিল না। কেউ কেউ যে ভুল বুঝলেন, তার একটি কারণ হয়তো, লেখাটি সম্পাদনার সময় আমার লেখার বেশ কিছু অংশ ফেলে দেওয়া হয়েছিল। সে অংশে ছিল—‘বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা চাই উদার দৃষ্টিভঙ্গি। চোখ খুলে দেওয়া। দিগন্তটাকে বড় করে দেওয়া। বিশ্ববিদ্যালয় আমাকে বলবে,
আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে,
পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌনমহান,
খোলা মাঠের উপদেশে দিলখোলা হই তাই রে।
তার মানে এই না, একজন মানুষ সব দিক জানতে গিয়ে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ হবে না। বিল গেটস সম্পর্কে দুটো উক্তি প্রচলিত আছে। তিনি নাকি বলেছেন, আমি হার্ভার্ডে দুটো বিষয়ে ফেল করেছিলাম, আমার এক বন্ধু সব সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেয়েছিল, সেই বন্ধুটা এখন মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি করে। আরেকটা উক্তি হলো, বিল গেটস বলেছেন, ছোটবেলা থেকেই আমার ভেতরে ছিল অসংখ্য স্বপ্ন, আমি মনে করি, এই স্বপ্ন আমি পেয়েছিলাম বই থেকে, আমার অফিসকক্ষে বই ছড়ানো, আমি ট্রেনে উঠলে আমার সঙ্গে থাকে বই, গাড়িতে আমার সঙ্গে থাকে বই, প্লেনেও আমার সঙ্গে থাকে বই।
...বিল গেটস যেমন হার্ভার্ডের ড্রপআউট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অনেক ঐতিহাসিক বলেন, ‘তাতে ভালোই হয়েছিল, তিনি আমাদের উপহার দিয়েছেন একটা স্বাধীন দেশ।’
এখন এসব কথা না থাকায় এবং হয়তো আমারও প্রকাশের অক্ষমতায়, কোনো কোনো পাঠক ধারণা করে থাকবেন, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি বা প্রচার করছি। আমার কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কেই বিরাগ নেই, তবে প্রত্যাশা আছে। অন্তত কিছু প্রত্যাশা—
১. শিক্ষাপ্রতিষ্ঠান মানুষের চিন্তার দিগন্তকে বড় করবে, হৃদয়কে বড় করবে। তা জানাবে, পাঠ্যবইয়ের বাইরে লাখ লাখ বই আছে, তার মধ্যে ‘এইগুলো’ ‘এইগুলো’ তো পড়াই উচিত।
২. একাডেমিক পাঠ্যসূচি ঠিকভাবে সম্পন্ন করবে। মেধাবীদের মেধা বিকাশের ও প্রমাণের সুযোগ দেবে। উচ্চতর পর্যায়ে যাওয়ার দুয়ার খুলে দেবে।
৩. গবেষণা করবে, জ্ঞান এগিয়ে নেবে।
৪. সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও সুসংস্কৃত করে তুলবে।
কোনো বিশ্ববিদ্যালয়ই কুয়োর ব্যাঙ বানাবে না, না সরকারি, না বেসরকারি। জগৎসেরা প্রকৌশলী এফ আর খান বলেছিলেন, ‘একজন প্রযুক্তিবিদের আপন প্রযুক্তিতে হারিয়ে যাওয়া উচিত নয়। তাঁকে অবশ্যই জীবনকে উপলব্ধি করতে পারতে হবে, আর জীবন হলো নাটক, শিল্প, সংগীত এবং সবচেয়ে বড় কথা—মানুষ।’ বিভিন্ন মনীষীর লেখায় পড়েছি, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক স্যারের কাছে গেলে বলতেন, ‘কী নিয়া গবেষণা করতেছেন, অমুক বইটা পড়ছেন।’ আমার বুয়েটের শিক্ষক জামিলুর রেজা চৌধুরী স্যারের কাছে গিয়েছিলাম বুয়েট কেন মারামারির কারণে বন্ধ তা বুঝতে। তিনি বলেছিলেন, ‘রশোমন দেখেছ? কুরোসাওয়ার ছবি। একই ঘটনা সাতজন বর্ণনা করে, সাত রকম হয়। আচ্ছা তুমি শাহাদুজ্জামানের কয়েকটা বিহ্বল গল্প বইটা পড়েছ। যেখানে কলেজের ছেলেরা বিশ্বকাপ দেখবে বলে একটা ছেলেকে খুন করে কলেজ বন্ধ করে দেয়।’ আমার শিক্ষক ড. জামিলুর রেজা চৌধুরী দুটো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন, সে বিশ্ববিদ্যালয়গুলোকে আমি নিশ্চয় শ্রদ্ধাই করব। আমি সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের কাছে এ রকম সলতেটাকে উসকে দেওয়ার ভূমিকা প্রত্যাশা করি।
পাদটীকা: আমার আম্মাও আমার লেখার প্রতিবাদ করেছেন। বলেছেন, বাবা, আমাদের রান্নাঘর কাঁচা নয়, পাকা। তিনিও
দুঃখ পেয়েছেন।
আমি কাউকেই দুঃখ দিতে চাই না।
এনএসইউর আবদুস সেলিম স্যার চমৎকার একটা লেখা লিখেছেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি: কিছু বিতর্ক ও আমার বাইশ বছর,’ বিশ্ববিদ্যালয়ে কত ভালো ভালো কাজ হয়, তার খানিকটা বর্ণনা দিয়ে। আমি সেই লেখা পছন্দ করেছি এবং এটা পড়তে সবাইকে অনুরোধ জানাই। তাতে অনেক ভুল-বোঝাবুঝির অবসান হবে।
প্রতিষ্ঠান সরকারি না বেসরকারি, তা আসল ব্যাপার নয়, আসল বিষয় বিশ্ববিদ্যালয় বিশ্ববীক্ষা সঞ্চারিত করে কি না।
রবীন্দ্রনাথ এক চিঠিতে শান্তিনিকেতন সম্পর্কে বলেছেন, ‘আমাদের বিদ্যালয়ের ছাত্ররা একটা বড় জিনিস লাভ করেছে, যেটা ক্লাসের জিনিস নয়—সেটা হচ্ছে বিশ্বের মধ্যে আনন্দ-প্রকৃতির সঙ্গে আত্মীয়তার যোগ। সেটা যদিও পরীক্ষার সহায়তা করে না; কিন্তু জীবনকে সার্থক করে। আমাদের ছেলেরা বৃষ্টিতে ছুটে বেড়ায়, জ্যোৎস্না রাত্রিতে আনন্দভোগ করে, তারা রৌদ্রকে ডরায় না; তারা গাছে চড়ে বসে পড়া করে, এগুলোকে আমি সামান্য জিনিস মনে করিনে।’ (জগদানন্দ রায়কে পত্র)
আমরা নিশ্চয়ই চাইব, বিশ্ববিদ্যালয় যেন মুনাফার জন্য করা না হয়, বিদ্যারই আলয় হয়ে ওঠে, আলয় হয়ে ওঠে বিশ্ববিদ্যার।
সুমন রহমানকে ধন্যবাদ।
যাঁরা আমার লেখায় ব্যথা পেয়েছেন, তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।