জোড়া চ্যালেঞ্জের মোকাবিলাই শুধু করলেন না, দেশের করকাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন এনে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোড়া চ্যালেঞ্জের প্রথমটা যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে, দ্বিতীয়টা তাহলে সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর প্রচলন, যা ইতিমধ্যেই জিএসটি নামে পরিচিত হয়ে গেছে।
রাষ্ট্রপতি নির্বাচনে টক্কর দেওয়াকে উপলক্ষ করে বিরোধীরা আসলে চেয়েছিল ২০১৯-এর লোকসভা ভোটে সংঘবদ্ধ হয়ে বিজেপির
সামনে মোক্ষম প্রতিপক্ষ হিসেবে নিজেদের তুলে ধরতে। মূল দায়িত্বটা নিয়েছিল কংগ্রেসই। ছোট, বড়, মাঝারি—মোট ১৭টা দল একজোট হয়েছিল। তারা জানত, যতই এককাট্টা হয়ে একজনকে প্রার্থী খাড়া করা হোক, বিজেপি বা এনডিএর প্রার্থীকে তারা হারাতে পারবে না। কিন্তু এখন থেকে জোট বাঁধলে দুই বছর পর লোকসভা ভোটে হালে পানি মিললেও মিলতে পারে।
এখন কী দেখা যাচ্ছে? বিজেপির পছন্দ করা উত্তর প্রদেশের দলিত নেতা রামনাথ কোবিন্দ, যিনি শিক্ষিত, ভদ্র, শালীন ও মিতভাষী বলে পরিচিত, যিনি রাজ্যসভার সাবেক সদস্য এবং এই সেদিন পর্যন্ত বিহারের অবিতর্কিত রাজ্যপাল ছিলেন, সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের মতো অজ্ঞাতকুলশীল হলেও প্রায় দুই-তৃতীয়াংশ ভোটে জিতে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন!
হার নিশ্চিতই, তাই সম্ভাব্য সেই পরাজয় ঘিরে হা-হুতাশ না থাকারই কথা। কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে বিরোধী ঐক্য গড়ার চেষ্টার কী দশা হলো? জনতা দল সংযুক্ত নেতা বিহার-নরেশ নীতিশ কুমার বেঁকে বসেছেন। রামনাথ কোবিন্দকে তাঁরা সমর্থন করবেন বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা শাখা বিদ্রোহ করে বিজেপির প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তা-ই নয়, নীতিশ যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে লোকসভা ভোটের সময় তিনি আদৌ বিরোধী শিবিরের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস, টিআরএস, এডিএমকের দুই শিবির মায় শিব সেনা—কারও ভোটই বিরোধী প্রার্থী মিরা কুমার পাচ্ছেন না। টিআরএস-প্রধান চন্দ্রশেখর রাও তো মিরার সঙ্গে দেখাই করলেন না! দুই বছর পর এই বিরোধীরাও একে অপরকে আঁকড়ে থাকবেন কি না, এখনই তা হলফ করে বলা যাচ্ছে না।
এই অবস্থাতেই মোদি চালু করে দিলেন জিএসটি। ভারতীয় সংসদে মধ্যরাতে যে তিনটি অনুষ্ঠান এযাবৎ হয়েছে, প্রতিটিই ছিল স্বাধীনতা-সম্পর্কিত। স্বাধীনতা অর্জন, স্বাধীনতার ২৫ বছর ও ৫০ বছর পূর্তির অনুষ্ঠান। ‘মার্কেটিং মাস্টার’ মোদি জিএসটি প্রচলনকেও সেই তালিকায় ফেলে সংসদের সেন্ট্রাল হলে মধ্যরাত মাতালেন! স্রেফ এ কারণেই কংগ্রেস সেই অনুষ্ঠান বয়কট করল! জিএসটির বিরোধিতা করার নৈতিক অধিকার তাদের নেই যেহেতু, এত বছর ধরে তারা এই প্রয়োজনীয় কাজটাই শেষ করার চেষ্টা চালিয়ে এসেছে। সিপিএম ভাবের ঘরে চুরি করল। তাদের জমানার অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, যিনি ছিলেন ‘জিএসটি এমপাওয়ার্ড কমিটি’র প্রথম চেয়ারম্যান, যাঁকে ২০০০ সালে সেই দায়িত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি, তাঁকে সেন্ট্রাল হলে উপস্থিত থাকতে বলে সিপিএম তার সাংসদদের বলল, এসো না। তৃণমূল এল না ‘তড়িঘড়ি’ জিএসটি বলবতের বিরোধিতা করে। ডিএমকে এল না কংগ্রেস আসতে বারণ করেছে বলে। কিন্তু বাকিরা? শারদ পাওয়ারের এনসিপি সদলে হাজির। মুলায়ম-মায়াবতীর দলও বয়কটের রাস্তায়
হাঁটল না। এত বছর ধরে যে চেষ্টাটা চালানো হচ্ছিল, যার মূল উদ্যোগী ছিল কংগ্রেসই, ৩০ জুন সেই কংগ্রেসিদের অনুপস্থিতিতেই জিএসটি চালু করে দিলেন নরেন্দ্র মোদি! জিএসটি অবশ্যই স্বাধীন ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক সংস্কার। কংগ্রেসের দুর্বোধ্য রাজনীতি সেই কৃতিত্বের ভাগ আদায় করতে পারল না! এটাই রাজনীতির পরিহাস।
প্রধানমন্ত্রী হিসেবে যে যে সিদ্ধান্তের দরুন মোদি এই তিন বছরে নাম কিনেছেন, সেগুলোর প্রতিটিতেই কংগ্রেসের অবদান বিরাট। সত্য এটাই যে সেগুলোর অধিকাংশেরই বিরোধিতা বিজেপি করেছিল কোমর বেঁধে। বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি। বিজেপির অযৌক্তিক বিরোধিতায় মনমোহন সিংয়ের সরকার তা পাস করাতে পারেনি। বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণও কংগ্রেসেরই অবদান। দেশের সব নাগরিকের জন্য আধার কার্ড তৈরি, ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের সিদ্ধান্ত—কোনো আইডিয়াই নরেন্দ্র মোদির মাথা থেকে বেরোয়নি। কিন্তু বিচক্ষণ রাজনীতিকের মতো তিনি স্রেফ এগুলো এগিয়ে নিয়ে গেছেন, সুবিধা আঁকড়ে ধরেছেন।
জিএসটির ক্ষেত্রে কী ভূমিকা ছিল মোদির? ম্যানুফ্যাকচারিং রাজ্যগুলোর আর্থিক ক্ষতি হবে বলে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন আদাজল খেয়ে তিনি বিরোধিতায় নেমেছিলেন! তাঁকে পাশে বসিয়ে সে কথাই মনে করিয়ে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৩০ জুনের মধ্যরাতের বিশেষ সংসদীয় অধিবেশনে।
জিএসটির বলটা গড়িয়েছিলেন মোদির দলের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি, ২০০০ সালে। সেই মোদিই আজ জিএসটি প্রচলন করে সংস্কারকের নামাবলি গায়ে চাপালেন! যে অসীম দাশগুপ্তর অক্লান্ত পরিশ্রম এই কর্মকাণ্ডকে সাকার করেছে এবং তাঁর উত্তরসূরি অমিত মিত্র, পশ্চিমবঙ্গের সেই সাবেক ও বর্তমান অর্থমন্ত্রীদের দুই দল সিপিএম ও তৃণমূল কংগ্রেস নিজেদের কৃতিত্বটুকু আদায় করে নিতে ব্যর্থ হলো! মোদিকে ফাঁকা ময়দান ছেড়ে দিয়ে এমন অবস্থান কংগ্রেস, সিপিএম বা তৃণমূল কংগ্রেস নিল, যা বিরোধিতারই শামিল! ভারতীয় রাজনীতির গতি–প্রকৃতি এমনই বিচিত্র!
দেশ ও রাজ্যের অর্থমন্ত্রীদের ভূমিকা ও বাজেটের গুরুত্ব এই বছরের পয়লা জুলাই থেকে নিতান্তই এলেবেলে হয়ে গেল। অতঃপর কর কমানো-বাড়ানোর মালিক হয়ে দাঁড়াল জিএসটি কাউন্সিল। অবশ্যই ভারতীয় অর্থনীতিতে এ এক বিপ্লব।
জিএসটি নিয়ে অবশ্য ধন্দের শেষ নেই। এখনো বহু মানুষের কাছে বিষয়টা ‘খায় না মাথায় দেয়’-এর মতো। এই লেখার বাকি অংশটা এই মানুষদের জন্য।
তাঁতি বাজার থেকে সুতা কিনে শাড়ি বানালেন। খরচ পড়ল ১০০ টাকা। এর ওপর তাঁকে কর দিতে হলো ১০ শতাংশ। শাড়ির দাম দাঁড়াল ১১০ টাকা। পাইকার তাঁর কাছ থেকে ১১০ টাকায় শাড়ি কিনে তাতে কোম্পানির লেবেল সাঁটলেন। অর্থাৎ শাড়িতে তিনি ‘ভ্যালু অ্যাড’ করলেন। তার দাম ধরল ধরা যাক ৪০ টাকা। তাহলে শাড়ির দাম পড়ল ১০০ + ১০ + ৪০ = ১৫০ টাকা। এবার এই ১৫০ টাকার ওপর তাঁকে ১০ শতাংশ হারে কর দিতে হলো। দাম পড়ল ১৫০ + ১৫ = ১৬৫ টাকা। খুচরা বিক্রেতা সেই শাড়ি প্যাকেটে পুরে ধরা যাক আরও ৩০ টাকা ‘ভ্যালু অ্যাড’ করলেন। তাহলে দাম দাঁড়াল ১৬৫ + ৩০ = ১৯৫ টাকা। এর ওপর তাঁকে ১০ শতাংশ হারে কর দিতে হচ্ছে। ফলে বিক্রেতার কাছে শাড়ির মোট দাম দাঁড়াচ্ছে ১৯৫ + সাড়ে ১৯ টাকা = ২১৪ টাকা ৫০ পয়সা। এটা হলো জিএসটি প্রচলনের আগে দেশে করকাঠামোর ছবি।
জিএসটির পর ছবিটা এবার আমূল পাল্টে যাবে। তাঁতির শাড়ির দাম হলো ১০০ টাকা। তার ওপর ১০ টাকা কর নিয়ে ১১০ টাকা। পাইকার ১০০ টাকার শাড়িতে ৪০ টাকা ‘ভ্যালু অ্যাড’ করলেন। দাম হলো ১৪০ টাকা। এবার তাঁকেও ১০ শতাংশ কর দিতে হবে। কিন্তু তিনি তাঁতির কাছ থেকে করসমেত ১১০ টাকায় শাড়িটা কিনেছেন। কাজেই সেই ১০ টাকার রসিদ দেখিয়ে করের টাকা বাদ দিয়ে তিনি অতিরিক্ত কর দিলেন মাত্র ৪ টাকা। তাহলে শাড়ির মূল দাম দাঁড়াল ১১০ + ৪০ + ৪ = ১৫৪ টাকা। খুচরা বিক্রেতা সেই শাড়ি প্যাকেটে পুরে ‘ভ্যালু অ্যাড’ করলেন ৩০ টাকার। অর্থাৎ ১৫৪ + ৩০ = ১৮৪ টাকা হলো শাড়ির মূল দাম। ১০ শতাংশ হারে কর অনুযায়ী খুচরা বিক্রেতাকে কর দিতে হবে ১৮.৪০ টাকা। কিন্তু তাঁতির দেওয়া ১০ টাকা ও পাইকারের দেওয়া ৪ টাকা করের ছাড় খুচরা বিক্রেতা পাচ্ছেন। এই করের মধ্যে তাঁতির ১০ + পাইকারের ৪ = ১৪ টাকা দেওয়াই আছে। খুচরা বিক্রেতাকে তাই দিতে হচ্ছে মাত্র ৪.৪০ টাকা। এর ফলে শাড়ির দাম ক্রেতার কাছে কমে হচ্ছে ১৮৮.৪০ টাকা।
বিক্রেতাকে কম কর দিতে হচ্ছে বলে লাভ তাঁর। ক্রেতার লাভ উৎপাদিত দ্রব্যের দাম কমে যাচ্ছে বলে। সরকারের লাভ তাহলে কোথায়? আগের আমলে যেখানে একটা শাড়িতে ৪৪ টাকা ৫০ পয়সা সরকারের ঘরে কর আসত, জিএসটির ফলে তা তো কমে দাঁড়াচ্ছে ১৭ টাকা?
মজাটা এখানেই। জিএসটির ফলে ডিলারদেরও খুচরা বিক্রির পণ্যের হিসাব কর রিটার্নে জমা দিতে হবে। ব্যবসায় ‘দুনম্বরি খাতার’ চল এর ফলে ক্রমেই কমে যাবে। জিএসটি নেটওয়ার্কে ব্যবসায়ীদের নিবন্ধন করতে হবে। বছরে ২০ লাখ টাকার নিচে যে ব্যবসার টার্ন ওভার, তা জিএসটির আওতার বাইরে থাকবে। কিন্তু তার ওপরে যারা, তাদের জন্য ‘এক নম্বর ও দুই নম্বর’ খাতার দিন শেষ হতে চলেছে। এতে ব্যবসায়ীর লাভ, উপভোক্তার লাভ, লাভ কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই। যে রাজ্যের আর্থিক ক্ষতি হবে, পাঁচ বছর কেন্দ্র তাদের সেই ক্ষতি মেটাবে। তার মধ্যে রাজ্যকে দাঁড়াতে হবে নিজের পায়ে।
এই দেশে প্রত্যক্ষ করদাতার সংখ্যা তিন কোটির কম! অথচ বছরে দেশে নতুন গাড়ি বিক্রি হয় দুই কোটির বেশি। সমপরিমাণ মানুষ প্রতিবছর বিদেশে ছুটি কাটাতে যান। কিন্তু ১৩০ কোটি মানুষের দেশে মাত্র ৩৭ লাখ মানুষের ঘোষিত আয় বছরে ১০ লাখ টাকার বেশি! ভেবে দেখুন। মাত্র ৩৭ লাখ মানুষ! হিসাবটা আমার নয়; স্বয়ং প্রধানমন্ত্রীর। ১ জুলাই দিল্লিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের এক বিশাল সম্মেলনে এই তথ্য নরেন্দ্র মোদি জানিয়েছেন। অবাক করা এই তথ্য জানাতে কেন তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্মেলনকে বেছে নিয়েছিলেন, কোন বার্তা দিতে চেয়েছেন, সেই ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করি না।
নরেন্দ্র মোদিকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ বিরোধীরাই করে দিচ্ছে। কৃতজ্ঞচিত্তে সেই সুযোগের সদ্ব্যবহার করে মোদি হেঁটে চলেছেন সংস্কারের পথে।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।