বিরোধীদের বিষ খাইয়ে মারার নীতিতে অটল পুতিন
গত বৃহস্পতিবার সকালে রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি সাইবেরিয়ার তোমস্ক শহরের একটি হোটেল থেকে বেরিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য তিনি তোমস্ক এসেছিলেন। কাজ সেরে তিনি মস্কো ফেরার জন্য বিমানবন্দরে যাচ্ছিলেন। বিমানবন্দরে বসে নাভালনি এক কাপ চা খেয়ে বিমানে চড়লেন। বিমান আকাশে ওঠার পরপরই তিনি অসুস্থ বোধ করা শুরু করলেন। অবস্থা গুরুতর দেখে ওমস্ক শহরে বিমান জরুরি অবতরণ করল। নাভালনিকে হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে গেলেন। এর কিছুক্ষণের মধ্যেই আইসিইউ কক্ষ সাদাপোশাকধারী নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে ভরে গেল।
প্রথমে চিকিৎসকেরা বললেন, নাভালনির রক্তে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি আছে। কিন্তু ঘণ্টা কয়েক পর তাঁরাই বলা শুরু করলেন, সে ধরনের কোনো রাসায়নিক তাঁর রক্তে নেই। নাভালনির স্ত্রী উলিয়া যখন বললেন, এখানে তাঁর স্বামীর সুচিকিৎসা হবে না এবং সে জন্য তিনি তাঁকে বিদেশে নিয়ে যেতে চান তখন চিকিৎসকেরা বললেন, এ অবস্থায় তাঁকে বিদেশে নেওয়ার চেষ্টা করলে তিনি যাত্রাপথেই মারা যেতে পারেন। শুক্রবার রাতে পশ্চিমা কিছু দেশের নেতারা পুতিনকে ফোন করার পর হাসপাতাল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয় এবং তাঁকে দ্রুত জার্মানিতে নিয়ে যাওয়া হয়।
রাশিয়ার অধিকারকর্মী ও সংবাদমাধ্যম মেডিয়াজোনার প্রতিষ্ঠাতা পিতর ভার্জিলোভ বলেছেন, নাভালনির ক্ষেত্রে যে যে ঘটনা ঘটেছে, দুই বছর আগে ঠিক একই ধরনের ঘটনা তাঁর ক্ষেত্রেও ঘটেছে। একই কায়দায় তাঁকেও বিষ খাওয়ানো হয়েছিল। পিতর ভার্জিলোভ আমাকে বলেছেন, ‘নাভালনির ঘটনার সঙ্গে আমার পার্থক্য শুধু এই, তাঁকে বিষ খাওয়ানো হয়েছে এয়ারপোর্টে আর আমাকে আদালতের মধ্যে।’
বিশ্বকাপের মাঠে পুলিশের পোশাক পরে দৌড়াদৌড়ি করার ‘অপরাধে’ ভার্জিলোভের বান্ধবী নিকা নিকুলশিনার বিচার হচ্ছিল। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর আদালতে শুনানির সময় ভার্জিলোভও সেখানে যান। আদালতের ওয়েটিংরুমে তিনি চা খেয়েছিলেন। এরপর বাড়ি ফিরে তিনি অসুস্থ বোধ করা শুরু করেন। তাঁর দৃষ্টিশক্তি ফিকে হতে শুরু করে, কথা জড়িয়ে আসতে থাকে এবং তিনি কাউকে চিনতে পারছিলেন না। ভার্জিলোভকে হাসপাতালে নেওয়ার পর সেখানে প্রচুর নিরাপত্তাকর্মী হাজির হন এবং তাঁর সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছিল না। রুশ চিকিৎসকেরা বললেন, তাঁর দেহে কোনো বিষাক্ত উপাদান নেই এবং তাঁরা তাঁকে বিদেশে চিকিৎসা করতে যেতে দিতে অনেক সময় নিলেন। ১৫ সেপ্টেম্বর তাঁকে জার্মানিতে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা বললেন, তাঁর দেহে খুব কম মাত্রার বিশেষ ধরনের কোনো বিষাক্ত পদার্থ ছিল, যা দেহ থেকে বেরিয়ে গেছে এবং সেটা ঠিক কী ধরনের পদার্থ ছিল, তা শনাক্ত করা খুব কঠিন।
আরেক বিরোধীদলীয় নেতা প্রায় একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন। তাঁর নাম ভ্লাদিমির কারা-মুরজা। কারা-মুরজা বলেছেন, নাভালনি অসুস্থ হওয়ার পর তাঁর মধ্যে যে ধরনের লক্ষণ দেখা গেছে, ঠিক একই ধরনের সমস্যায় পড়েছিলেন তিনি। কারা-মুরজার বিশ্বাস, তাঁকে দুবার বিষ খাওয়ানো হয়েছিল।
বিখ্যাত সাংবাদিক আন্না পোলিৎকোভস্কিয়াকেও একই কায়দায় ২০০৪ সালে চায়ের সঙ্গে বিষ খাওয়ানো হয়েছিল। তিনি কোমায় গেলেও পরে সুস্থ হয়েছিলেন। এর দুই বছর পর তাঁকে গুলি করে কে বা কারা মেরে ফেলে। সবার নিশ্চয়ই মনে আছে সাবেক ডাবল এজেন্ট রুশ নাগরিক সেরগেই স্ক্রিপাল ও তাঁর মেয়েকে ব্রিটেনের সালিসবুরি শহরে থাকার সময় নোভিচক নামের নার্ভ এজেন্ট দিয়ে হত্যা করার চেষ্টা হয়েছিল। ব্রিটেনের গোয়েন্দারা পরে বলেছিলেন, রুশ গোয়েন্দারা স্ক্রিপাল ও তাঁর মেয়ের পানীয়তে নোভিচক মিশিয়ে দিয়েছিলেন। তবে সে যাত্রায় দুজনই বেঁচে যান। এর আগে কেজিবির সাবেক এজেন্ট আলেক্সান্দার লিৎভিনেনকোকে ২০০৬ সালে লন্ডনে প্লুটোনিয়াম খাইয়ে দেন রুশ গোয়েন্দারা। এতে মারা যান লিৎভিনেনকো। সাংবাদিক ইউরি শেকোচিখিনও বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান ২০০৩ সালে। ধারণা করা হয়, তাঁকেও খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে মারা হয়। এভাবে পুতিনের কত ভিন্নমতাবলম্বী বিষক্রিয়ার শিকার হয়ে মারা গেছেন, তার ঠিকঠিকানা নেই। ধারণা করা হয়, সরকারের পক্ষ থেকে মেরে ফেলার উদ্দেশে্য নয়, বরং ভয় দেখানোর জন্যই ভিন্নমতাবলম্বীদের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়।
পুতিন ২০২৪ সাল পর্যন্ত তাঁর ক্ষমতার মেয়াদ বাড়াতে চাইছেন। পুতিনের এ সিদ্ধান্তের কারণে তাঁর জনপ্রিয়তায় ধস নেমেছে। এ পদক্ষেপের প্রতিবাদে রাশিয়ার বিভিন্ন শহরে করোনার মধ্যেও বিক্ষোভ হয়েছে। কিন্তু পুতিন এসব বিক্ষোভকে দানা বাঁধতে দিতে চাইছেন না। এ কারণে ভয় সংক্রমিত করতে চাইছেন। তবে নাভালনির এ বিষপ্রয়োগের ঘটনা রুশ নাগরিকদের যেভাবে ক্ষুব্ধ করেছে, তাতে যেকোনো সময় স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়ে যেতে পারে।
আল–জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত
রোমান দোবরোখোতভ: মস্কোভিত্তিক অধিকারকর্মী