পেশায় জেলে না হলেও মাছ ধরে আর মাছ বেচেই জীবন চলে তাদের। কিন্তু বিলে এখন মাছ কমে গেছে। বিলের শামুক ধরেও কেউ কেউ দু-পয়সা আয় করত। দূরের চিংড়িঘেরে বেচত সেই শামুক। শামুকও এখন ফুরিয়ে যাচ্ছে। এই বিলের নাম বাঘিয়া। একসময় জলজ প্রাণবৈচিত্র্যে ভরা ছিল বিল। পরিবেশ ও প্রকৃতির পরিবর্তনের কারণে এখন তা বিলুপ্তির পথে।বিল বাঘিয়ার অবস্থান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে। এই বিলে প্রায় ২০০ বছর আগে থেকেই চলে আসছে নৌকাবাইচ। দুর্গাপূজার পরে পূর্ণিমায় এই নৌকাবাইচে বৃহত্তর ফরিদপুর ও বৃহত্তর বরিশালের অসংখ্য বাচারি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ ঘিরে নৌকায় বসে ভাসমান মেলা। বিলের পাশের ছোট্ট খালে এখনো নৌকাবাইচ হয়। বিল শুকিয়ে যাওয়ায় সেই মেলা এখন ঐতিহ্য হারাতে বসেছে।বিলের উত্তর কোণের গ্রাম রামনগরের অধিবাসী প্রকৌশলী গোপালকৃষ্ণ বাগচী ঢাকায় থাকেন। সুযোগ পেলেই বাড়ি আসেন। বিলের এই দুর্যোগ মোকাবিলার কর্মপন্থা নিয়ে তিনি ভাবছেন। তিনি বলেন, ‘বর্ষার শুরু থেকেই কিছু লোক শামুকের সন্ধানে সারা বিল চষে বেড়ায়, ফলে শামুক এখন দুষ্প্র্রাপ্য হয়ে উঠেছে। আবার বর্ষার শুরুতেই পোনা মাছ শিকার ও শীতে পাখি শিকার চলে নির্বিচারে। হয়তো দুপয়সা রোজগার করছে তারা। কিন্তু পরিবেশের ক্ষতির বিষয়টি তারা বুঝতে পারছে না বা আমলেই নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এ কাজ করে আয়-উপার্জন হচ্ছে, তাই নিষেধ করে এ কাজ থেকে তাদের বিরত রাখা কঠিন। বরং এদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করাই উত্তম।’রামনগর গ্রামের চিকিৎসক হরষিত হালদার বলেন, ‘এলাকায় যোগাযোগব্যবস্থা খারাপ থাকার কারণে লোকজন স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। লোকজনের মধ্যে সচেতনতার অভাবে এখানে বাল্যবিবাহ এবং যৌতুকপ্রথাও চালু রয়েছে। এদের সচেতন করার কর্মসূচি জোরদার করা দরকার।’গ্রামের প্রবীণ মানুষদের সঙ্গে আলাপ করে জানা যায়, জীববৈচিত্র্যে ভরপুর এ বিলে একসময় শাপলা, শালুক, শোলা, ধইঞ্চা, কলমি, বাদাবন, ঘাস, আজালিঘাস, ধাপদল, কচুরিপানা, মালঞ্চ, হেলেঞ্চা, ডুটকুরা, শেওলা, বলজগাছ, বন্যাগাছ, বিষকাটালি, ঘেচু, নলখাগড়া, বলুঙ্গাসহ নানা গুল্ম ও জলজ উদ্ভিদ ছিল। মাছের মধ্যে বড় কৈ, শিং, মাগুর, চিতল, শোল, গজার, ভেইলসা, খইলসা, পুঁটি ও সরপুঁটিসহ নানা জাতের মাছ ছিল। পাখি ছিল সারা বছর ধরেই। পাখির মধ্যে ছিল চিল, শালিক, বাবুই, টুনটুনি, বক, কোড়া, কাইম, কাদাখোঁচা, মাছরাঙা, কাজলা, বুনোহাঁস, পানকৌড়ি, সুইচোর, নলঘোঙরা, কাক্কু, ডাহুক ইত্যাদি।কলাবাড়ী গ্রামের কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘বিল বাঘিয়ার আয়তন প্রায় চার হাজার হেক্টর। বছরের জ্যৈষ্ঠ থেকে মাঘ মাস পর্যন্ত অর্থাৎ নয় মাস এ বিলে পানি থাকে। বাঘিয়াকে ঘিরে প্রায় ২০ হাজার লোকের জীবন-জীবিকা নির্বাহ হয়। রামনগর, কলাবাড়ী, কাফুলাবাড়ী, হাজড়াবাড়ী, কদমবাড়ী, লখণ্ডা, গোবিন্দপুর, বৈকুণ্ঠপুরসহ ছোট ছোট গ্রামের ভূমিহীন কৃষক আর দিনমজুরদের একমাত্র আয়ের উৎস এই বিল। কিন্তু এখন আর সেই আগের অবস্থা নেই।’বিলের পশ্চিম পাশ দিয়ে গেছে রাজৈর-কোটালীপাড়া পাকা সড়ক। অন্য তিন দিকে বিল, সরু খাল ও নিচু জমি। বিলে একসময় সাপ, গুইসাপ, কাঁকড়া, ব্যাঙ, আরজিনা, কাঙলাস (গিরগিটি প্রজাতির), কেঁচো, জোঁক, বিছা, জারাইল, ঘুঘরা ও অন্যান্য পোকা-মাকড়, শামুক, ঝিনুক, ফড়িং, কচ্ছপসহ নানা ক্ষুদ্র প্রাণীর বাস ছিল, যা প্রকৃতিগতভাবেই পরিবেশের ভারসাম্য রক্ষা করত। এখানে মাটির উর্বরতার কারণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই ধান, শাকসবজি, মসলা ও মাছ চাষ হয়ে থাকে বলে এর স্বাদও অন্য রকম।দিন দিন বিলটি তার ঐতিহ্য হারাতে বসেছে। মাছের প্রাচুর্য নেই, কর্মহীন হয়ে পড়েছে লোকজন, হারিয়ে ফেলেছে তাদের পৈতৃক পেশা ও উপার্জনের পথ। বছরের নয় মাস পানি থাকে। তাই একবার বোরো ধান ছাড়া অন্য কোনো ফসলের আবাদ করা যায় না। সে জন্য বছরের ছয় মাসই অধিকাংশ লোকের কোনো কাজ থাকে না।বিকল্প হিসেবে বিভিন্ন কাজ বিবেচনায় আনা যেতে পারে। তা হলো, বর্ষাকালে কচুরিপানা দিয়ে ২৫-৩০ হাত লম্বা ও ৮-১০ হাত চওড়া আইল বা ধাপ (স্থানীয় ভাষায় বাইড়া) তৈরি করে তাতে মসলা ও সবজি চাষ করা। ভাসমান এ ধাপে উচ্ছে, ঢ্যাঁড়স, শসা, ঝিঙে, চিচিঙ্গা, তরই, ডাঁটা, বরবটি, শিম, পুঁইশাক, চুপরিশাক, কচু, বাঙ্গি, হলুদ চাষ করা যায়। নিজেদের প্রয়োজন মিটিয়েও লোকজন স্থানীয় বাজারে সবজি বিক্রি করে লাভবান হতে পারে। সবজির দাম ভালো থাকায় এর থেকে যা আয় হবে তা শামুক বিক্রি থেকে বেশিই হবে। বস্তুত এ পদ্ধতিতে সবজি চাষ আগের থেকে প্রচলিত থাকলেও ব্যাপকভাবে তা হচ্ছে না। প্রকৌশলী গোপালকৃষ্ণ বাগচী জানান, ‘খাঁচায় মাছ চাষ, ঘরে বসে জাল বোনা, নারীদের জন্য সূচিশিল্প ও গবাদিপশু পালনসহ নানা প্রকল্প গ্রহণের মাধ্যমে বিকল্প আয়ের ব্যবস্থা করে দিলে এলাকাবাসী সচেতন হবে ও পরিবেশ ধ্বংসকারী কাজ করা থেকে বিরত থাকবে।’