বিলম্বের কারণে বিচার না পাওয়ার শঙ্কা দেখা দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

দেশের নীতিনির্ধারকেরা বলে থাকেন, অপরাধ করলে ক্ষমতাধরেরও ছাড় নেই। তিন মাস ধরে আমরা অপরাধীদের গ্রেপ্তার ও তদন্ত দেখার জন্য অপেক্ষা করছি। এই সময়ে একজন ধর্ষিত ও নিহত নারীকে নিয়ে যা হচ্ছে এবং তার পরিবারের ওপর যে দুর্যোগ নেমে আসার খবর গণমাধ্যমে দেখছি, তা দুঃখজনক।
নারী উন্নয়ন নিয়ে বাংলাদেশের অনেক সুনাম। কিন্তু একজন নারীর যদি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা না থাকে এবং পরিবার যদি অস্বাভাবিক মৃত্যুর বিচার না পায়, তাহলে সেই সুনাম দিয়ে কী হবে? বিচার তো অনেক দূরে, তনুর ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে যেভাবে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, তাতে তাঁর মানবাধিকারের প্রতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে বলে মনে হয় না।
এ ঘটনার রহস্য উদ্ঘাটনে যত বিলম্ব হচ্ছে, ততই বিচার না পাওয়ার শঙ্কা মাথাচাড়া দিচ্ছে। এত অল্প বয়সে যৌন-সন্ত্রাস ও হত্যার শিকার হওয়া ওই মেয়েটি মারা গিয়েও অপবাদ সইছে। দুই দফা ময়নাতদন্তে হত্যার কারণ স্পষ্ট করা হয়নি। এই ব্যর্থতার দায়ও কাউকে নিতে হবে।
আমরা যারা উন্নয়ন ও অধিকার নিয়ে কাজ করি, তাদের জন্য তনুর মায়ের এই কান্না ও আর্তনাদ কষ্টকর, বিব্রতকর। ওই মায়ের মতো আর কোনো মায়ের কান্না দেখতে চাই না। এ জন্য বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা কোনো সরকার বা দলের বিষয় নয়, এটা একজন নারীর মানবাধিকারের বিষয়। এই হত্যার বিচার না হলে উন্নয়ন ও অধিকার নিয়ে আমরা যত বড়াই করি না কেন, তা অর্থহীন।