বিশ্ব অর্থনীতির প্রসববেদনা
>নতুন বছর কেমন কাটবে বিশ্ববাসীর? পৃথিবীর প্রথম সারির নেতা ও ভাবুকেরা তুলে ধরেছেন তার এক আগাম ছবি। বাংলাদেশে শুধু প্রথম আলোকে দেওয়া প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ নিয়ে চার দিনব্যাপী বিশেষ আয়োজন। আজ দ্বিতীয় দিনে প্রকাশ হলো আরও দুটি লেখা।

২০০৮ সালে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া আর্থিক সংকটের উৎস থেকে বৈশ্বিক অর্থনীতিতে যে অর্থনৈতিক মন্দা চলছে, তা সহনক্ষমতার নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। যে কথা নিশ্চিত করে বলা যায়, তা হলো এই যে জাপানের প্রবৃদ্ধি থেমে যাওয়া, চীনের প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়া, রাশিয়ার অর্থনীতির গভীর সংকট এবং অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ইউরোপীয় দেশগুলোর সংকট এখনো কাটিয়ে উঠতে না পারার ফলে বৈশ্বিক অর্থনীতির বিপদ এখনো কাটেনি।
এই ‘একটানা মন্দা’ ও বৈশ্বিক রাজনীতিতে কিছু দ্বন্দ্ব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতিতে এক গভীরতর পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। সে পরিবর্তনের পেছনে রয়েছে দুই ধরনের আবিষ্কার: শ্রম-সাশ্রয়ী প্রযুক্তি ও শ্রমিক-সংযোগ প্রযুক্তি।
শ্রম-সাশ্রয়ী প্রযুক্তি দীর্ঘ সময় ধরেই আছে, তবে সাম্প্রতিক কালে তা আগের চেয়ে বেশি গতিশীল হয়েছে। দৃষ্টান্তস্বরূপ, শিল্প-কারখানায় ব্যবহৃত রোবটের বিক্রি ২০১৪ সালে আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে গেছে। সে বছর সারা বিশ্বে বিক্রি হয়েছে মোট ২ লাখ ২৫ হাজার শিল্প-রোবট। তবে শ্রমিক-সংযোগ প্রযুক্তির উত্থান আরও বেশি রূপান্তরমূলক: গত তিন দশকে ডিজিটাল প্রযুক্তির যে প্রসার ঘটেছে, তার ফলে মানুষ এখন নিজের দেশে বসেই বিদেশি নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করতে পারে, সে জন্য তাদের বিদেশে যেতে হয় না।
উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলোতে এসব পরিবর্তন ধরা পড়েছে বেশ লক্ষণীয় পরিসংখ্যানগত প্রবণতার চিত্র থেকে। এসব দেশে জিডিপির শতকরা হার হিসাবে শ্রমিকদের আয় এত উচ্চহারে কমে যাচ্ছে, যা এর আগে খুব কমই দেখা গেছে। ১৯৯৫ থেকে ২০১৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে শ্রমিকের আয় জিডিপির ৬১ শতাংশ থেকে কমে ৫৭ শতাংশে নেমেছে। একই সময়ে অস্ট্রেলিয়ায় তা ৬৬ শতাংশ থেকে কমে হয়েছে ৫৪ শতাংশ; কানাডায় ৬১ শতাংশ থেকে ৫৫ শতাংশ; জাপানে ৭৭ শতাংশ থেকে ৬০ শতাংশ এবং তুরস্কে ৪৩ শতাংশ থেকে ৩৪ শতাংশ।
উদীয়মান অর্থনীতির দেশগুলোতে শ্রম-সাশ্রয়ী প্রযুক্তির চ্যালেঞ্জ মধ্য মেয়াদে লাঘব হয় শ্রমিক-সংযোগ প্রযুক্তির দ্বারা। যেসব উদীয়মান অর্থনীতিতে শ্রম সস্তা এবং যেগুলো মৌলিক অবকাঠামো ও নিরাপত্তা ভালোভাবে নিশ্চিত করতে পারে, তারা বৈশ্বিক কাঠামোগত এই পরিবর্তন থেকে ব্যাপকভাবে লাভবান হতে পারে। পরিসংখ্যানের দিকে তাকালেই আমরা তা দেখতে পাই। ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাময়িকী ফরচুন-এর জরিপে যে ৫০০টি শীর্ষ করপোরেশনের তালিকা প্রতিবছর তৈরি করা হয়, যা ‘ফরচুন ৫০০’ নামে পরিচিত, ১৯৯০ সালে তার মাত্র ৫ শতাংশ করপোরেশন ছিল উদীয়মান অর্থনীতির দেশগুলোর। এখন তা বেড়ে হয়েছে ২৬ শতাংশ। ওই তালিকায় চীনা করপোরেশনগুলোর অবস্থান বেশ ওপরের দিকে। ১৯৯০ দশকে ভারতের তথ্যপ্রযুক্তি খাতের উত্থান শুরু হয়; এই খাতটি সে দেশের পুরো অর্থনীতিকেই অনেক ওপরে তুলেছে। মালয়েশিয়ায় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি মালিকানাধীন তেল ও গ্যাস করপোরেশন ‘পেট্রোনাস’। পৃথিবীর ৩৫টি দেশে এখন পেট্রোনাসের ব্যবসা আছে এবং এটিকে এখন বলা হয় নতুন ‘সেভেন সিস্টার্স’-এর অন্যতম। এই ‘সেভেন সিস্টার্স’ হলো সেই সাতটি জ্বালানি করপোরেশন, জ্বালানির বৈশ্বিক বাজারে যাদের আধিপত্য সর্বাধিক।
এটা অবশ্য ঠিক যে উদীয়মান অর্থনীতির কয়েকটি দেশ দুর্নীতি ও ভোগ্যপণ্যের মূল্যহ্রাসে জর্জরিত। এর একটা বড় দৃষ্টান্ত ব্রাজিল, সেখানে ২০১৫ সালে জিডিপি ৩ শতাংশ হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে। তারপরও দেখা যাচ্ছে, যেসব দেশের বার্ষিক জিডিপি বৃদ্ধি অব্যাহত আছে, সেগুলো উদীয়মান অর্থনীতিরই দেশ। এসব দেশের মধ্যে আছে ভিয়েতনাম (৬.৫ শতাংশ), ভারত, চীন, বাংলাদেশ ও রুয়ান্ডা (৭ শতাংশের কাছাকাছি) এবং ইথিওপিয়া (৯ শতাংশের বেশি)।
২০১৬ সাল ও তার পরের বছরগুলোতে আমরা সম্ভবত ভিন্ন ভিন্ন ধরনের আচরণ দেখতে পাব। ভবিষ্যতের নতুন পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম দেশগুলো উদীয়মান অর্থনীতি হিসেবে বেরিয়ে আসবে। এটা যখন ঘটবে, তখন উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলোর অর্থনীতি চাপের মুখে পড়বে, কারণ তাদের শ্রমিকেরা বিশ্বায়িত শ্রমবাজারে প্রতিযোগিতার মুখে পড়বে। তাদের মধ্যে আয়বৈষম্য বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে; একই সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত দেখা দিতে পারে আরও ঘন ঘন এবং আরও প্রবল মাত্রায়। কিছু রাজনীতিকের প্রস্তাব হলো, আউটসোর্সিং বন্ধ করে দিয়ে এ সমস্যার মোকাবিলা করতে হবে। কিন্তু সেটা করা হলে ভুল করা হবে। কারণ, যেসব দেশ আউটসোর্সিং বন্ধ করে দেবে, তাদের উচ্চ উৎপাদন খরচের কারণে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় তারা পেরে উঠবে না।
প্রযুক্তির অব্যাহত অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে এই চাপগুলো শেষ পর্যন্ত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে; শ্রমিকদের আয় কমে যাবে; বৈশ্বিক পরিসরে যে অসমতা এখনই অসহনীয় মাত্রায় বেশি, তা আরও বেড়ে যাবে। যখন এসব ঘটতে থাকবে, তখনকার চ্যালেঞ্জ হবে এটা নিশ্চিত করা, যেন সব প্রবৃদ্ধি শেষ পর্যন্ত উৎপাদনযন্ত্রের মালিক ও অংশীদারদের হাতে গিয়ে কুক্ষিগত হতে না পারে।
এটা এমন এক চ্যালেঞ্জ, যার তুলনা করা যেতে পারে ১৯ শতকের গোড়ার দিকে যুক্তরাজ্যে শিল্পবিপ্লবের সময় দেশটির সামনে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছিল তার সঙ্গে। তখন পর্যন্ত শিশুশ্রম ছিল ব্যাপক এবং সেটাকে স্বাভাবিক হিসেবে দেখা হতো। শ্রমিকেরা নিয়মমাফিক দৈনিক ১৪ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে খাটত। রক্ষণশীলেরা এর পক্ষে যুক্তি দিতে গিয়ে বলত যে অবিরাম পরিশ্রমের মধ্য দিয়ে চরিত্র গড়ে ওঠে (বলাই বাহুল্য যে চরিত্র গঠন হতো অন্য লোকদের, রক্ষণশীলদের নয়)। প্রগতিশীল বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের আন্দোলন-সংগ্রাম, বুদ্ধিজীবীদের লেখালেখি ও প্রবল প্রয়াসের মধ্য দিয়ে যে ‘ফ্যাক্টরি অ্যাক্টস’ বা কলকারখানায় শ্রমিকদের কাজ-সম্পর্কিত আইনবিধান প্রণয়ন ও গ্রহণ করা হয়, তার ফলে শ্রমিকদের অমানুষিকভাবে খাটানোর ওই সব ঘৃণ্য চর্চা সীমিত হয়। ফলে যুক্তরাজ্য বিপর্যয় থেকে রক্ষা পায় এবং প্রবৃদ্ধি ও উন্নয়নের একটা কেন্দ্র হয়ে ওঠে।
আমাদের চিন্তাভাবনায় কত নাটকীয় পরিবর্তন ঘটেছে, তা পুরোনো নথিপত্র থেকে দেখা যেতে পারে। ১৭৪১ সালে আবিষ্কারক জন ওয়াইয়াট (১৭০০-১৭৬৬) তাঁর নতুন সুতাকাটা যন্ত্র (রোলার স্পিনিং মেশিন) সম্পর্কে প্রচারণা চালাতে গিয়ে দেখিয়ে দেন, তাঁর এই নব-আবিষ্কৃত যন্ত্র ব্যবহার করলে কারখানার মালিকেরা কীভাবে ৩০ জন পূর্ণবয়স্ক শ্রমিকের কাজ করাতে পারবেন মাত্র ১০ জন ‘রোগা-পটকা লোক অথবা শিশু’ দিয়ে। ওই যন্ত্রের পেটেন্ট অনুমোদন করেছিলেন যে অ্যাটর্নি জেনারেল, তিনি ছিলেন আরেক কাঠি সরেস, বলেছিলেন, ‘এমনকি পাঁচ বা ছয় বছর বয়সী শিশুরাও’ এই যন্ত্র চালাতে পারবে।
আরও একবার বুদ্ধিবৃত্তিক ও নীতিগত সংস্কারের সময় এসেছে। আমাদের এই পৃথিবীর বিরাট এক অন্যায় হলো এই যে বিপুলসংখ্যক মানুষ অসাম্যের মধ্যেই জন্ম নেয়। অভাবগ্রস্ত ও নিঃস্ব পরিবারগুলোতে যেসব শিশুর জন্ম হয়, তারা জীবনের শুরুতেই পুষ্টিহীনতার মুখে পড়ে, তাদের বৃদ্ধি ঘটে না, তারা হয় খর্বাকৃতি। অন্যদিকে অতি অল্পসংখ্যক শিশু পৃথিবীতে আসে পাহাড়সম সম্পদের মালিকদের উত্তরসূরি হয়ে। শ্রমিকদের আয় যত কমবে, এই বৈষম্য ততই বেড়ে যাবে। তার ফলে বিচিত্র রকমের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হবে।

সেসব সংকট এড়াতে হলে সর্বোপরি প্রয়োজন হবে শিক্ষার বিস্তার ঘটানো, কর্মদক্ষতা সৃষ্টি করা এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এসব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন হবে উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তাভাবনার। একই সঙ্গে শ্রমিকদের আয় বাড়ানোর নতুন উপায় সম্পর্কেও আমাদের চিন্তা করতে হবে।
লভ্যাংশ ভাগাভাগির কিছু পদ্ধতিকে একটা দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে। কোনো কোম্পানিতে যদি শ্রমিকদের অংশীদারত্ব থাকে, তাহলে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার দুশ্চিন্তার উৎস হবে না। কারণ, শ্রমিকের মাইনে কমে গেলেও ইক্যুইটি আয় বেড়ে যাওয়ার মাধ্যমে তার ক্ষতিপূরণ হবে।
মার্টিন ওয়াইটসম্যান, রিচার্ড ফ্রিম্যান ও রবার্ট হোকেটসহ কয়েকজন অর্থনীতিবিদ ও আইনজ্ঞ এ বিষয়ে লেখালেখি করেছেন। কিন্তু সব নতুন উদ্ভাবনের মতো এ বিষয়েও সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য অনেক গবেষণা প্রয়োজন। ২০১৫ সালে আমরা যা জানলাম ও শিখলাম, তা হলো এই যে কিছুই না করে হাত গুটিয়ে বসে থাকার মতো বিলাসিতার সুযোগ আমাদের নেই।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট; অনুবাদ: মশিউল আলম
কৌশিক বসু: বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক।
আগামীকাল পড়ুন: রবার্ট ও. প্যাক্সটনের লেখা
আরও পড়ুন: