
বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক অবস্থা দেখে যে কেউ মনে করতে পারেন যে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষাব্যবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যে পর্দার আড়ালে কেউ কাজ করে যাচ্ছে কি না। বেশ কিছু বিষয় শিক্ষাব্যবস্থার এই অবনতির জন্য দায়ী, এটা বলাই বাহুল্য। সব কটি বিষয়ই যে বাইরের মহল থেকে ঘটছে—এমন দাবি করা ঠিক হবে না।
অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন এবং তাঁদের মর্যাদাহানিকর বক্তব্য দিয়ে অর্থমন্ত্রী প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন। যদিও পরে তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেছেন। প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে বলা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন আমাদের দেশে অতি নিম্নের আর মর্যাদার ক্ষেত্রটি শুধু বেতন দিয়ে যে নির্ধারণ করা যাবে না, এটা অন্ততপক্ষে সংশ্লিষ্ট মহল গভীরভাবে উপলব্ধি করবে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ১৯৯২ সালের এবং পরবর্তী সময়ে ২০১০ সালের আইনে চলে আসছে, তার মধ্যে অনেকগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, কয়েকটি মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। যারা শিক্ষার মান বজায় রাখার প্রত্যয়ে নিবেদিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ন্ত্রণে দাঁড়াতে চাইছে—এ অবস্থায় বৈষম্যমূলক করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষায় কর আরোপ করা জাতি কীভাবে দেখে, সেটা সরকারকে পরখ করে দেখতে হবে।
গত ৪ জুন বাজেটে ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের ঘোষণা এবং পরবর্তী সময়ে তা সাড়ে ৭ শতাংশে নামিয়ে এনে অর্থমন্ত্রী কী বোঝাতে চাইলেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে আইনের মাধ্যমে চলে, তাতে তাদের লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চালু থাকার কথা নয়, কারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত বেতন এবং অন্যান্য ফি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে এবং উন্নয়নে ব্যয় হওয়ার কথা। গবেষণাগার, আইসিটি উন্নয়ন, গবেষণা, গ্রন্থাগার, ভৌত কাঠামোর উন্নয়ন—এসব কাজে সেই তহবিল ব্যবহৃত হয়। শিক্ষকদের বেতন-ভাতা, ক্রমবর্ধমান প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে শিক্ষা প্রদান করা, গবেষণায় উদ্বুদ্ধ করা বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান দায়িত্ব। অতএব এসব বিষয়ে গুরুত্ব না দিলে যথার্থ শিক্ষা কার্যকর হবে না। এটাও দেখতে হবে যে কয়েক বছর আগে বিশালসংখ্যক শিক্ষার্থী দেশের বিপুল অর্থ বিদেশে ব্যয় করত শুধু দেশে যথেষ্টসংখ্যক বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চশিক্ষার সুযোগ ছিল না বলে। গত কয়েক বছরে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে।
সার্ক দেশগুলোর মধ্যে লক্ষ করা যায়, ১৯৯৫-৯৬ সালে ভারতে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা মোট ২ হাজার ৬০২ এবং বাংলাদেশ থেকে গিয়েছে ১ হাজার ২৪৪। এই প্রবণতা বৃদ্ধি পেয়ে সার্ক দেশের শিক্ষার্থী ২০০১-২০০২ সালে দাঁড়ায় ২ হাজার ২২৬; ২০০৫-০৬ সালে ২ হাজার ৯০৯ এবং ২০০৭-০৮ সালে দাঁড়ায় ৪ হাজার ৯৬৫। একই সময়ে বাংলাদেশের শিক্ষার্থী সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ৫৪৫, ২০০৫-০৬ সালে ৩৪৫ এবং ২০০৭-০৮ সালে ৩৬৮ (তথ্যসূত্র: অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিস, নিউ দিল্লি)। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান ছাত্রসংখ্যার বিষয় অনুমান করা যায় এবং আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটছে—এটাও অনুধাবন করা যায়। গত কয়েক বছরে মধ্যবিত্তের সন্তানেরা এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৬০ ভাগ পড়াশোনা করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং এদের অধিকাংশই হচ্ছে মধ্যবিত্তের সন্তান।
একটি বিষয় ভাবতে অবাক লাগে, যে শিক্ষার্থীরা পিতামাতার অর্থে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, তাদের ওপর বৈষম্যমূলকভাবে ভ্যাটের বোঝা আরোপ করা হচ্ছে। অথচ যারা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পেয়েছে, তারা সামান্য খরচে পড়াশোনা চালিয়ে যেতে পারছে। জাতি কি এই বৈষম্য স্বীকার করে?
শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আমাদের দেশে খুব বেশি উৎসাহিত নয়। একসময় দানশীল ব্যক্তিদের বদান্যতায় শিক্ষা কার্যক্রম চলত কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আমাদের আইনকানুনেও উৎসাহিত নয়, উপরন্তু করের বোঝা, তা-ও যদি বৈষম্যহীন হতো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিগগিরই সেমিস্টার শেষ করে সেশনজট-বহির্ভূত পরিবেশে পিতামাতার শিক্ষার ব্যয় বহনের দায় থেকে বেরিয়ে আসতে চায়। সাড়ে ৭ শতাংশ করের চাপ তারা মেনে নিতে পারছে না, বরং তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও সুনিয়ন্ত্রিত এবং সরকারের কাছ থেকে আরও প্রণোদনা প্রত্যাশা করে। তারা মনে করে, তারা তো একই দেশের নাগরিক, তাদের শিক্ষা-গবেষণা এবং অন্যান্য শিক্ষামূলক কাজে সরকার আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা সৃষ্টি করবে। যেহেতু সব শিক্ষার্থীর জন্য সরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ হচ্ছে না, সে ক্ষেত্রে তাদের প্রণোদনা দেওয়ার চেষ্টা করা উচিত, বৈষম্য সৃষ্টিকারী করের বোঝা চাপানো নয়।
বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আরও শক্তিশালীকরণ এবং এই প্রতিষ্ঠানকে কয়েক গুণ বর্ধিত করে প্রয়োজনীয় লোকবল বৃদ্ধি করে কার্যকর উচ্চশিক্ষা চালু রাখা প্রয়োজন। দেশের উচ্চশিক্ষার সার্বিক ব্যবস্থাপনা তদারকি এবং বিশ্বমানের শিক্ষা প্রদানের বিষয়কে নিশ্চিত করার লক্ষ্যে ইউজিসিকে কার্যকর ভূমিকা রাখতে হবে, শুধু মন্ত্রণালয়ে সুপারিশ করার দায়িত্ব পালনেই তা শেষ হবে না। শেষ হলেও সুষ্ঠু সমাপ্তি হবে না। ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যথেষ্টসংখ্যক উপযুক্ত শিক্ষক নেই, অভিজ্ঞ শিক্ষকের সংখ্যা প্রতিটি প্রতিষ্ঠানে হাতে গোনা; রাতারাতি এই সংখ্যা বৃদ্ধির কোনো সুযোগ নেই। বিশ্বমানসম্পন্ন শিক্ষা প্রদান করতে হলে শিক্ষকদের উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম সরকারিভাবে উৎসাহিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রেও সব বিশ্ববিদ্যালয়কে একই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, যেন এসব শিক্ষক ‘ক্যাপাসিটি বিল্ডিং’ এবং উচ্চতর শিক্ষায় যোগ্য হতে পারেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে ভ্যাটের বিপক্ষে আন্দোলন করছে। ক্রমান্বয়ে তারা যেকোনো ইস্যুতে আন্দোলনমুখী হয়ে উঠলে তা কি কোনো সরকারের জন্য সুখকর হবে? ইতিপূর্বে অন্ততপক্ষে এই শিক্ষার্থীদের এ রকম আন্দোলনমুখী হতে দেখা যায়নি। এতে করে একটি মহল তাদের সন্তানদের দেশে শিক্ষা প্রদানের সুযোগ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে আরও বিদেশমুখী হতে পারে। শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার ক্ষেত্রে কোনো অশুভ শক্তি তৎপর কি না, এই ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা শিক্ষার স্থিতিশীল পরিবেশ চাই। বিশ্বমানের শিক্ষার বিকাশ চাই। যত শিগগির হয়, ততই মঙ্গল।
মো. গোলাম রহমান: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য।