বিশ্ববিদ্যালয়ের ওপর 'নৈতিক চাপ' বাড়ুক
দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক দিন ধরেই ছাত্র সংসদ নির্বাচন হয় না, এটা আমরা জানি। তবে সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্র সংসদ নির্বাচন না হলেও দেশের স্কুলগুলোতে ‘স্টুডেন্ট ক্যাবিনেট’ নির্বাচন হচ্ছে। এমনকি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে ‘স্টুডেন্টস ক্যাবিনেট’ নির্বাচন দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি বেশ কৌতূহলোদ্দীপক কথা বলেছেন: বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন দিতে সাহস করতে পারে না। তবে স্কুলে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন দেখে তারা ‘নৈতিক চাপে’ পড়বে। মূলত তাঁর এই মন্তব্য নিয়েই এই লেখার অবতারণা।
দেশে ছাত্ররাজনীতির ভূমিকা গৌরবোজ্জ্বল, এ কথা সুবিদিত। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং তারপর ১৯৯০-এর স্বৈরাচারের পতন পর্যন্ত আমাদের জাতীয় জীবনের সব গুরুত্বপূর্ণ ক্ষণে ছাত্ররাজনীতি অগ্রণী ভূমিকা পালন করেছে। এমনকি জাতীয় নেতৃত্ব যখন সিদ্ধান্তহীনতায় ভুগেছে, তখন ছাত্ররাজনীতির সাহসী ভূমিকায় তাঁরা উতরে গেছেন—এমন নজিরও কম নেই। আমরা সেই উত্তরাধিকার বহন করি। এটা গৌরবের ব্যাপার। আবার আজ গণতান্ত্রিক শাসনামলে ২৫-২৬ বছর ধরে দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেটা আমাদের জন্য লজ্জাকরও বটে।
কালপর্বে দেখা যায়, ১৯৯০-এর স্বৈরাচারের পতন পর্যন্ত ছাত্র আন্দোলন জোরদার ছিল। এরপর তার ক্রমপতন ও পচন শুরু হয়। আজ কিছু বামপন্থী ছাত্রসংগঠন ছাড়া বড় দলের ছাত্রসংগঠনের কী হাল, তা আর বলার অপেক্ষা রাখে না। অভিযোগ, ছাত্রনেতারা সাধারণ ছাত্রদের অভাব-অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেয়ে মূল দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং ব্যক্তিগত স্বার্থ উদ্ধারেই বেশি ব্যস্ত থাকেন। তাঁদের বেশভূষা ও আচার-আচরণ দেখেই তা বোঝা যায়। এতে সাধারণ ছাত্রছাত্রীরা এখন আর ছাত্ররাজনীতি করার চিন্তাও করেন না। আর ছাত্র সংসদ না থাকায় এই ছাত্র নেতৃত্বের বরং আরও সুবিধা হয়েছে। তাঁরা সারা দিন নানা ধান্দায় ব্যস্ত থাকতে পারেন। আবার ১৯৮০-এর দশকে ছাত্ররাজনীতি করতে গিয়ে অনেক ছাত্র প্রাণ দিয়েছেন। শুধু স্বৈরাচারের নির্যাতনের কারণে এমনটা হয়েছে তা নয়, ছাত্রসংগঠনগুলোর মধ্যকার দ্বন্দ্ব-সংঘাতের কারণেও অনেক ছাত্র অকালে প্রাণ হারিয়েছেন।
আশ্চর্যের বিষয় হলো, যে স্বৈরাচারকে উৎখাত করতে ছাত্ররা এত সংগ্রাম করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনলেন, সেই গণতন্ত্রের আমলে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেল। মূলত সরকারদলীয় ছাত্রসংগঠন মাস্তানির কারণে নির্বাচনে হেরে যাবে—এই আশঙ্কা থেকেই কোনো সরকার ছাত্র সংসদ নির্বাচনে আগ্রহী নয়। আবার ছাত্ররাজনীতি চাঙা থাকলে সরকার বেকায়দায় পড়তে পারে। সরকার সেই ঝুঁকি নিতে চায় না। মানুষ এমনটাই ধারণা করে।
এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সেই স্বৈরাচারের জন্মদিন পালিত হয়। কিন্তু তাঁর আমলে যে এত ছাত্র তরুণকে হত্যা করা হলো, এর বিচার হয় না।
ছাত্ররাজনীতির গঠনমূলক ভূমিকা না থাকায় স্বাভাবিক পরিস্থিতিতে সাধারণ ছাত্ররা ছাত্রসংগঠনগুলোর ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। পাকিস্তান আমলে অথবা স্বৈরাচারের আমলে ছাত্ররাজনীতি রমরমা থাকলেও পরবর্তী সময়ে সেটা আর থাকেনি। বামপন্থী ছাত্রসংগঠনগুলো পুরোনো ধারায় চলতে গিয়ে আকর্ষণ ধরে রাখতে পারেনি। ফলে তাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে।
ছাত্ররাজনীতি না থাকলে নেতৃত্ব তৈরি হবে না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতিও এ কথা বলেছেন। এ জন্য শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। স্কুলে শ্রেণিপ্রতিনিধি নির্বাচন হচ্ছে ভালো কথা, কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্বাচন না হলে গণতান্ত্রিক চর্চার সেই ধারাবাহিকতা থাকবে না। তবে এটা নিশ্চিত, পুরোনো ধারায় ছাত্ররাজনীতি আর চলবে না। আমাদের নতুন চিন্তা করতে হবে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নৈতিক চাপ বাড়ুক। তবে সে ক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয়েরও দায়িত্ব আছে বলে মনে করি। তিনি নিজেই সেই নৈতিক চাপ বাড়ানোর কাজটা করতে পারেন।