
১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া শান্তিচুক্তির মাধ্যমে ইউরোপের থার্টি ইয়ার্স ওয়ারের অবসান হয়। তখন থেকেই সার্বভৌমত্বের ধারণা আন্তর্জাতিক ব্যবস্থার প্রাণভোমরা হিসেবে স্বীকৃত, অর্থাৎ প্রতিটি দেশের স্বাধীন অস্তিত্ব ও স্বশাসনের অধিকার আছে। একদম পরিষ্কারভাবে আমরা দেখলাম, এই শতাব্দীসহ গত কয়েক শতাব্দীতে পৃথিবীতে যেভাবে জোরপূর্বক সীমানা লঙ্ঘন করা হয়েছে, তাতে পৃথিবী অস্থিতিশীল ও দ্বন্দ্বমুখর হয়ে উঠেছে।
কিন্তু এই বিশ্বায়িত দুনিয়ায় স্রেফ সার্বভৌমত্বের ভিত্তিতে বৈশ্বিক পরিচালনা পদ্ধতি কার্যকর হতে পারে না, এটা ক্রমেই অপর্যাপ্ত হয়ে উঠছে। পৃথিবীতে এখন স্থানীয় বলতে খুব কম জিনিসই আছে। এখন যে কেউ ও যেকোনো কিছু—যেমন: পর্যটক, সন্ত্রাসী, শরণার্থী, ই-মেইল, অসুখ, ডলার, গ্রিনহাউস গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এর ফলাফল হচ্ছে, একটি দেশের মধ্যে যা হয় তা শুধু আর সেই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের বাস্তবতার নিরিখে উন্নত পরিচালনা ব্যবস্থা প্রয়োজন, যেটাকে আমরা বিশ্বব্যবস্থা ২ দশমিক শূন্য হিসেবে আখ্যা দিতে পারি, যার ভিত্তি সার্বভৌম বাধ্যবাধকতা।
নতুন আন্তর্জাতিক ব্যবস্থার জন্য অধিকতর মানদণ্ড ও বন্দোবস্ত লাগবে, যা শুরু হবে রাষ্ট্রের ভিত্তিবিষয়ক ঐকমত্যের মধ্য দিয়ে। কথা হচ্ছে, এই ২ দশমিক শূন্য শীর্ষক বিশ্বব্যবস্থায় সন্ত্রাসী তৎপরতা চালানো ও তাতে সমর্থন দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে। এর মধ্যে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও সম্প্রসারণ নিষিদ্ধের লক্ষ্যে শক্ত মানদণ্ড থাকতে হবে। এর বিস্তৃতি রোধে প্রাসঙ্গিক প্রযুক্তি ও উপাদান প্রাপ্তিতে নিষেধাজ্ঞা আরোপের ইচ্ছা আমাদের আছে, কিন্তু এর বিস্তার একবার হয়ে গেলে ঐকমত্য ভেঙে যায়। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে এসব নিয়ে আলোচনা হওয়া উচিত। তবে এই বৈঠক থেকে যে আনুষ্ঠানিক চুক্তি হবে তা নয়, কিন্তু এসব আলোচনায় কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক অভিযানের বিষয়ে আলোচনা হতে পারে, যা অস্ত্রের বিস্তৃতির ঝুঁকি রোধ করতে পারে।
নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জলবায়ু পরিবর্তন-বিষয়ক সহযোগিতা, যেটাকে বিশ্বায়নের সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হিসেবে আখ্যা দেওয়া যায়। কারণ, সব দেশকেই এর ভোগান্তি পোহাতে হবে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি পদক্ষেপ হিসেবে সঠিক। এই ফ্রন্টের অগ্রগতি অবশ্যই বজায় রাখতে হবে।
সাইবার জগৎ আন্তর্জাতিক সহযোগিতার নতুন এক ক্ষেত্র, যেখানে সহযোগিতা যেমন আছে, তেমনি দ্বন্দ্বও আছে। এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য হওয়া উচিত, একটি আন্তর্জাতিক বন্দোবস্ত গড়ে তুলে সাইবার জগতের হিতকর ব্যবহার নিশ্চিত করা। কথা হচ্ছে, সরকারগুলোকে সার্বভৌম বাধ্যবাধকতার অংশ হিসেবে এই পরিসরের মধ্যে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে, না হলে তাদের নিষেধাজ্ঞা ও প্রতিশোধমূলক তৎপরতার মুখে পড়তে হবে। বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি আরেক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আজকের বিশ্বায়িত পৃথিবীতে এক দেশে সংক্রামক রোগ ছড়িয়ে পড়লে তা দ্রুতই অন্য দেশে ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি সার্স, জিকা ও ইবোলার বেলায় আমরা যা দেখলাম। সৌভাগ্যবশত উল্লিখিত সার্বভৌম বাধ্যবাধকতার ধারণাটি এ ক্ষেত্রে অনেকটা হালে পানি পেয়েছে।
শরণার্থীর সমস্যা মোকাবিলায় তো কার্যকর স্থানীয় পদক্ষেপের বিকল্প নেই, যার লক্ষ্য হবে মানুষ যে পরিস্থিতিতে শরণার্থী হয়, তা রোধ করা। নীতিগতভাবে, এটা নির্দিষ্ট পরিস্থিতিতে মানবিক হস্তক্ষেপের যুক্তি। কিন্তু এই নীতি বাস্তবায়ন করাটা কঠিন, কারণ সবার রাজনৈতিক অ্যাজেন্ডা তো এক নয়। এমনকি কোনো ঐকমত্য ছাড়াও শরণার্থীদের জন্য তহবিল বাড়ানো, তাদের সঙ্গে মানবিক আচরণ করা ও তাদের পুনর্বাসনের জন্য বিভিন্ন দেশের ন্যায্য ভূমিকা পালন করার যথেষ্ট ভিত্তি আছে। ওদিকে বাণিজ্য চুক্তি কিন্তু সংজ্ঞানুসারে পারস্পরিক সার্বভৌম বাধ্যবাধকতার চুক্তি, যার ক্ষেত্র হচ্ছে শুল্ক ও অশুল্ক বাধা। যখন একপক্ষ মনে করে, আরেক পক্ষ বাধ্যবাধকতা মানছে না, তাহলে তারা বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যস্থতার জন্য দ্বারস্থ হতে পারে। এখন চ্যালেঞ্জ হচ্ছে, ভবিষ্যতে এ ধরনের বাণিজ্য চুক্তিতে সার্বভৌম বাধ্যবাধকতার যথাযথ রূপটি কী হবে, তা নির্ধারণ করা। একই সঙ্গে এমন ব্যবস্থা করতে হবে, যাতে সরকারের জবাবদিহি চাওয়া যায়।
কথা হচ্ছে, এই সার্বভৌম বাধ্যবাধকতাকে আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে বহু বছর ধরে আলোচনা ও পরামর্শ চালাতে হবে। এমনকি সে রকম কিছু হলেও এর গ্রহণযোগ্যতা ও প্রভাব অসম হবে। অগ্রগতি আসবে শুধু তখনই, যখন দেশগুলো নিজে থেকেই এসব করতে শুরু করবে, ওপর থেকে চাপিয়ে দিলে হবে না। তবে ব্যাপারটা কঠিন। তবে ডোনাল্ড ট্রাম্প যে ‘যুক্তরাষ্ট্র প্রথম’ মতবাদ চাউর করছেন, তা উল্লিখিত পরামর্শ থেকে খুবই ভিন্ন। তাঁরা যদি এই মনোভাব ধরে রাখেন তাহলে আজকের এই আন্তসম্পর্কিত পৃথিবীতে এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে তখনই, যখন অন্য পরাশক্তিগুলো যুক্তরাষ্ট্রকে চাপ দেবে। অথবা আমাদের ট্রাম্পের উত্তরসূরির জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এতে যুক্তরাষ্ট্রসহ বাকি বিশ্বের অবস্থা খারাপ হবে।
সময় এসেছে, প্রয়োজনীয় আলাপচারিতা শুরু করতে হবে। বিশ্বায়ন থাকবে, এ পরিপ্রেক্ষিতে নতুন আন্তর্জাতিক ব্যবস্থার দিকে ধাবিত হওয়াই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সবচেয়ে ভালো পন্থা, যেখানে এই সার্বভৌম বাধ্যবাধকতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। সার্বভৌম বাধ্যবাধকতার ভিত্তিতে প্রণীত বিশ্বব্যবস্থা ২ দশমিক শূন্য নিশ্চিতভাবে একটি উচ্চাভিলাষী প্রকল্প, যেটার জন্ম বাস্তবতা থেকে, আদর্শবাদ থেকে নয়।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
রিচার্ড এন হাস: কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট।