বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের বিশেষ তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। বিশেষ করে পদ্মা সেতু নির্মাণের অর্থায়নের প্রশ্নে বিশ্বব্যাংকের সঙ্গে একটা শীতল সম্পর্ক যাচ্ছে বলে জনমনে যে সংশয় তৈরি হয়েছিল, কিমের সফল সফরের মধ্য দিয়ে তার অপনোদন ঘটেছে বলেই আশা করা যায়। দুই পক্ষের সম্পর্কের ধূসর মেঘ উবে গিয়ে সেখানে যে রোদের ঝলকানি, সেটাই বেশ চোখে পড়ছে।
গত মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এবং ১৭ অক্টোবর প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তাঁর নির্যাস হলো: বাংলাদেশের উন্নয়ন ও প্রায় ৭ শতাংশের জিডিপি নিয়ে এগিয়ে চলা বিস্ময়কর। এতে তিনি প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সামনের উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেছেন। স্থিতিশীলতা অনিশ্চিত। তাই ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পূর্বানুমান করা যায় না। আর সেটা বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথে অন্তরায়। কিম তাই সতর্ক করেছেন যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে না পারলে তা সমাজে ভঙ্গুরতা ও সংঘাত তৈরির হুমকি হয়ে থাকবে।
সরকারের উদ্দেশে তিনি নীতি সংস্কার করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, শক্তিশালী সুশীল সমাজ গঠনে সহায়তা; বিচারব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের কার্যকরতা বৃদ্ধি করা এবং সন্ত্রাস দমনের মতো দুর্নীতি দমনেও জিরো টলারেন্স আশা করেছেন। অন্যদিকে বাক্স্বাধীনতা, মানবাধিকারসহ বিভিন্ন মৌলিক অধিকার নিশ্চিত করতেও তিনি যথার্থই সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার তাগিদ দিয়েছেন। আবার নাগরিকদের প্রতি সন্তানদের শিক্ষায় মনোযোগী হওয়া এবং প্রতিকূলতা সত্ত্বেও গণমাধ্যমকে তার নিজের স্বাধীনতা ধরে রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী থাকব, তাঁর এসব ন্যায্য আশাবাদ বৃথা যাবে না।
কিম সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে এক সেমিনারে বলেছেন, সুশাসন সব উন্নয়নের ভিত্তি। তাঁর এই মূল্যায়নের সঙ্গে আমরা একমত যে ‘সরকারগুলোর মধ্যে যারা অস্বচ্ছ, যারা সবাইকে নিয়ে চলতে অনাগ্রহী, যারা অজবাবদিহিমূলকভাবে দেশ চালায় এবং স্থানীয় কর্তৃপক্ষগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ থাকে, তারাই বেশির ভাগ ক্ষেত্রে অসন্তোষের বীজ বপন করে। সরকারগুলো যখন সিদ্ধান্ত নিতে জনগণকে সম্পৃক্ত করে না, তখন সেখানে সন্দেহের দানা বাঁধে। আবার তারা যখন পক্ষপাত, সামাজিক বিভাজন, বৈষম্য কিংবা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন নাগরিকেরা গভীরভাবে ক্ষুব্ধ হন।’