বিশ্বসাহিত্যের সাধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য মানে মোবাশ্বের আলী। আরও অনেকের মতো বিশ্বসাহিত্য ছিল আমার প্রিয় একটি গ্রন্থ। পড়েছি একবার নয়, বহুবার। সেই অনার্সে পড়ার সময়। পাঠ্যবইয়ের সহায়ক গ্রন্থ হিসেবে এটি ছিল অতীব প্রয়োজনীয়। বিশ্বসাহিত্য-এর মাধ্যমে বিশ্বের কবি-সাহিত্যিকদের জীবন ও কর্ম জানার একটা সুযোগ করে দিয়েছিলেন অধ্যাপক মোবাশ্বের আলী। গ্রন্থটিতে বিশ্লেষিত হয়েছে বিশ্বের নামী-দামি লেখকদের কর্মময় জীবন। সেই বিশ্লেষণধর্মী একেকটি কাহিনি ও তার কাব্যগাথা পড়তে পড়তে মুগ্ধ ও অভিভূত হতাম।প্রথম যখন অধ্যাপক মোবাশ্বের আলী স্যারের সঙ্গে দেখা হলো, তখন তাঁকে বললাম, ‘স্যার, আপনি তো বিশ্বসাহিত্য-এর কারিগর।’ তিনি প্রাণখোলা হাসি দিয়েই আলোচনা শুরু করলেন বিশ্বসাহিত্য-এর অনেক অজানা বিষয়ে। কখনো পত্রিকা অফিসে, কখনো সাহিত্য অনুষ্ঠানে যখনই দেখা হতো, তিনি হাসিমাখা কণ্ঠে বলতেন, ‘বাসায় এসো, বিশ্বসাহিত্য নিয়ে প্রচুর গল্প করা যাবে।’স্যারকে দেখলেই মনে হতো, তিনি আপাদমস্তক একজন আধুনিক মানুষ। বিশ্বসাহিত্যের চর্চা করতে করতে তিনি যেন নিজেই বিভিন্ন দেশের সাহিত্যিকদের জীবন ও সাধনার সঙ্গে একাত্ম হয়ে যেতেন। বিশ্বসাহিত্যে তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। শেক্সপিয়ার, হোমার, সফোক্লিস, ভার্জিল, কালিদাস, হাফিজ কি শেলি—সবার বিষয়ে তাঁর গবেষণা ও মূল্যায়ন ছিল সূক্ষ্ম ও গভীর। তিনি বাংলা ভাষাভাষী পাঠকের জন্য বিশ্বসাহিত্যের জানালা খুলে দিয়েছিলেন। বিশ্বসাহিত্য গ্রন্থটি তাঁকে স্মরণীয় করে রাখবে, এটা প্রায় নিশ্চিত। বিশ্বসাহিত্য তাঁর একটি অনন্য গ্রন্থ।অধ্যাপক মোবাশ্বের আলীর জন্ম ১৯৩১ সালের ১ জানুয়ারি। কুমিল্লা শহরের বাগিচাগাঁওয়ে। পিতা নেওয়াজেস আলী ছিলেন একজন আইনজীবী। মা নসিবুননেসা। শিক্ষকতাই ছিল তাঁর ব্রত। ১৯৫৩ সালে তৎকালীন ময়মনসিংহের নেত্রকোনা কলেজে মোবাশ্বের আলীর কর্মময় জীবন শুরু। এরপর যশোরের এম এম কলেজ, খুলনার সরকারি বিএল কলেজ, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, সবশেষে চট্টগ্রামে সরকারি মুহম্মদ মুহসীন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মজীবনের সমাপ্তি ঘটে। কিন্তু সাহিত্যের সাধনায় ছেদ ঘটেনি। লেখালেখিতে পুরোটা সময় দিয়েছেন। শেষ জীবনে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করতেন।অধ্যাপক মোবাশ্বের আলী শুধু বিশ্বসাহিত্য নিয়েই কাজ করেননি, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের নিয়েও কাজ করেছেন। বেশ কিছু গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। তিনি ছিলেন মননশীল প্রবন্ধকার ও প্রথিতযশা সাহিত্য সমালোচক। বাংলা সাহিত্যের তিন দিকপাল মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুলকে নিয়ে তিনি উল্লেখযোগ্য কাজ করেছেন। তা ছাড়া বঙ্কিম সাহিত্য দর্শনের স্বরূপ অন্বেষণ নামে গ্রন্থটিতেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন।বঙ্কিমচন্দ্রের জীবন ও সাহিত্য কীর্তি তাঁর আরেকটি উল্লেখযোগ্য গবেষণামূলক গ্রন্থ। এ ছাড়া মধুসূদন ও নবজাগৃতি মধুসূদনের বিশ্ব গ্রন্থে কবির চিরন্তন সাহিত্যকর্মকে বিশ্লেষণ করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। অমিতাক্ষর ছন্দ ও সনেট লিখে বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন মধুসূদন দত্ত। তিনি ছিলেন আধুনিক বাংলা কবিতার প্রবর্তক। তাঁর কবিতা অনুধাবন ও উপলব্ধিতে মোবাশ্বের আলীর সমালোচনা আকরগ্রন্থ হিসেবে বিবেচিত।সাহিত্য সমালোচনার পাশাপাশি মোবাশ্বের আলী ছিলেন একজন সফল অনুবাদক। তিনি অনুবাদকে একটি সৃজনশীল শিল্পে রূপান্তর করেছেন। অনেক গ্রন্থ অনুবাদ করেছেন। তাঁর অনুবাদের বৈশিষ্ট্য হলো মূল রচনার ভাব, রুচি, সৌন্দর্যকে অক্ষুণ্ন রেখেও সৃজন ও মননের স্বাক্ষর রাখা। অনুবাদের ক্ষেত্রে তাঁর যে নিজস্ব স্বকীয়তা, তা তিনি পুরোমাত্রায় ব্যবহার করেছেন। তাঁর পাণ্ডিত্যের ছাপ দেখতে পাই ইলিয়ড, ওডেসি, ট্রয়ের রমণীরা, এন্টিগনি, আগামেমনন প্রভৃতি অনুবাদে। মোবাশ্বের আলীর রচিত ও অনূদিত গ্রন্থসংখ্যা ৪৫।মোবাশ্বের আলী আজ আমাদের মধ্যে নেই। তাঁর বেশ কিছু গ্রন্থ এখন পাওয়া যাচ্ছে না; অথচ এসব অমূল্য গ্রন্থ যে শুধু পাঠ্যসূচিতে আছে তা নয়, সাধারণ পাঠকের কাছেও মূল্যবান। এসব দুর্লভ গ্রন্থ প্রকাশিত হলে নতুন প্রজন্মের পাঠকেরা উপকৃত হবে, বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।যদিও আজ তাঁর মৃত্যুদিন, তবু বলব, সৃজনশীল মানুষের মৃত্যু হয় না। তিনি বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মের মধ্যে, পাঠকের হূদয়ে চিরকাল।সৌরভ জাহাঙ্গীর