
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দুটি চরম মত আছে। এক পক্ষ মনে করে, ভারতের দাবি পুরোপুরি মিটিয়ে দিলেও বাংলাদেশ তেমন কিছু পায়নি। অপর পক্ষের ধারণা, ভারত বিপদে-আপদে সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীনেরাই অতীতে ভারতের ‘শত্রুপক্ষের’ হয়ে কাজ করেছেন। এই প্রেক্ষাপটে প্রকৃত সত্য উদ্ঘাটন সময়ের দাবি বলে মনে করি।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি একাত্তরের মুক্তিযুদ্ধ এ কথা যেমন সত্য, তেমনি অসত্য নয় ভৌগোলিক অবস্থানের কারণে দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বার্থের দ্বন্দ্বও আছে। প্রশ্ন হলো সেই দ্বন্দ্ব নিরসনে দুই দেশের নীতিনির্ধারকেরা কতটা আন্তরিক? দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হয় সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু ভারত ও বাংলাদেশ আকারে-প্রকারে এতটাই গরমিল অবস্থানে যে এই ন্যায্যতা রক্ষা করা কঠিন। বিশ্লেষকদের মতে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উঁচুতে নিয়ে যেতে হলে ভারতকে যেমন সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, তেমনি বাংলাদেশকেও সবকিছুর জন্য ভারতকে দায়ী করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
আগে বাংলাদেশ ও ভারত সম্পর্কে যতই টানাপোড়েন থাকুক না কেন, ২০০৯ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার সেগুলো দূর করতে সর্বাত্মক প্রয়াস নিয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আস্তানাগুলো বন্ধ করে দিয়ে এবং কয়েকজন নামকরা উলফা নেতাকে হস্তান্তর করে তিনি দেশটির নিরাপত্তা-ঝুঁকি প্রায় শূন্যে নামিয়ে এনেছেন। দ্বিতীয়ত, গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপর দিয়ে পণ্য উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের যে ট্রানজিট-সুবিধা দাবি করে আসছিল, বাংলাদেশ সেটিও পূরণ করেছে। ট্রানজিট চালুর আগে দুই দেশের বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা বাংলাদেশের ‘বিরাট লাভ’ হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি। পণ্য পরিবহনের মাশুল নির্ধারণ যথাযথ হয়নি বলে সংশ্লিষ্টরা মনে করেন। ট্যারিফ কমিশন প্রতি টন ১ হাজার ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করলেও করা হয়েছে মাত্র ১৯২ টাকা। ঘুরপথে পণ্য পরিবহনে ভারতের যে বিপুল খরচ হতো, বাংলাদেশের ওপর দিয়ে আনা-নেওয়ায় তা অনেক কমবে। সে ক্ষেত্রে লাভের একাংশ বাংলাদেশের প্রাপ্য।
তবে গত আট বছরে দ্বিপক্ষীয় সহযোগিতার চিত্রটি আশাব্যঞ্জক বলেই ধারণা করি। শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ ছিল ৭০ কোটি ডলারের পণ্য, আর ভারত থেকে আমদানি হয় ১০০ কোটি ডলারের বেশি। চীনসহ অনেক দেশের সঙ্গেই আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। দুর্বল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ পণ্য রপ্তানিতে হয়তো খুব বেশি সুবিধা করতে পারবে না। কিন্তু বিনিয়োগ বাড়লে আমাদের অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমনি বাড়বে কর্মসংস্থানও। এক পরিসংখ্যানে জানা যায়, ভারতের বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে, আরও ১ হাজার ১০০ কোটি ডলার প্রক্রিয়াধীন এবং ২ হাজার ৫০০ কোটিতে উন্নীত হবে বলে আশা করা যায় (সূত্র: সম্মেলন উপলক্ষে আইএসসিএস প্রকাশিত স্মারক)। এ ছাড়া ভারতীয় বিদ্যুৎ গ্রিড থেকে ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আমদানি হচ্ছে। কুতুবদিয়ায় এলএনজি গ্যাস টার্মিনাল নির্মাণেও ভারতের সহায়তা থাকছে।
বেসরকারি পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনায় ভারতের সাবেক আমলা-কূটনীতিকদের মধ্যে সরকারি নীতির পক্ষে কোরাস গাওয়ার যে প্রবণতা এত দিন লক্ষ করেছি, গত ২৩-২৪ জানুয়ারি ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ আয়োজিত সম্মেলন ছিল তা থেকে কিছুটা ব্যতিক্রম। তাদের বক্তব্যে যে সত্যটি উঠে এসেছে তা হলো, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হলেও অনেক অপূর্ণতা রয়ে গেছে। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে যা করণীয় তার প্রায় সবটাই তারা করেছে। কিন্তু ভারত অনেক কিছু চাইলে সিদ্ধান্ত নিতে পারছে না অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনের কারণে। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিও কমবেশি দ্বিপক্ষীয় সম্পর্কে নানাভাবে অভিঘাত ফেলছে। সম্প্রতি মিয়ানমারে জাতিগত নিপীড়নের কারণে ৬৭ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের ঘাড়ে পড়লেও দুই বৃহৎ সুহৃদ চীন ও ভারতের পক্ষ থেকে সাড়া বা সহানুভূতি মেলেনি।
দিল্লির ইন্দিরা গান্ধী কনভেনশন হলে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ও ভারতের নাগরিক সমাজের প্রতিনিধি, সাবেক আমলা, কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক ছাড়াও ভারতের তিনজন প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রীর উপস্থিতি প্রমাণ করে, দিল্লির নীতিনির্ধারকেরাও দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। তাঁদের কেউ কেউ বলেছেন, যেহেতু তিস্তা সমস্যাটি এই মুহূর্তে ফয়সালা করা যাবে না, সেহেতু সহযোগিতার অন্য ক্ষেত্রগুলো প্রসারিত করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের প্রতিনিধিদের যুক্তি ছিল, বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই তিস্তার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে নয়। কেন্দ্র-রাজ্য বিবাদ মিটিয়ে তিস্তা চুক্তিটি সম্পাদন করা এখন দিল্লিরই কর্তব্য।
ওই সম্মেলনে বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকদের মধ্যে ছিলেন সবেধন নীলমণি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাঁর বক্তৃতার প্রায় পুরো অংশই একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এবং ২০১৪ সালে বাংলাদেশের ‘গণতন্ত্র রক্ষায়’ নরেন্দ্র মোদি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের মধ্যেই সীমিত ছিল। তাঁর দাবি, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে এখানে আলোচনা হবে তা তিনি জানতেনই না; জানলে সরকারের সংশ্লিষ্ট বিভাগের পরামর্শ নিয়ে যেতেন। অথচ সম্মেলনের আলোচ্য বিষয়ই ছিল বাংলাদেশ ও ভারতের বহুমুখী সহযোগিতা। একটি গুরুত্বপূর্ণ আয়োজনকে আমরা কতটা হালকাভাবে নিয়ে থাকি, এটি তার অনেক উদাহরণের একটি।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে এই সেমিনারে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, বস্ত্র প্রতিমন্ত্রী স্মৃতি ইরানি এবং গ্যাস ও জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিভিন্ন অধিবেশনে ভারতের অবস্থান তুলে ধরলেও তার জবাব দেওয়া কিংবা বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করার জন্য কেউ ছিলেন না, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ছাড়া। তবে নাগরিক সমাজের পক্ষে সাবেক সেনাপ্রধান হারুন উর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশিদ, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, প্রিপ ট্রাস্টের প্রধান অ্যারোমা দত্ত, গবেষক সৈয়দ মুনির খসরু, সাংবাদিক শ্যামল দত্ত প্রমুখ নিজ নিজ উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের বক্তব্য তুলে ধরেছেন। ভারতের পক্ষে কথা বলেছেন মেজর জেনারেল ধ্রুব সি, কাটক, অধ্যাপক শচীন চতুর্বেদী, রশ্মি সিং, হিরণ্ময় কারলেকার, শ্রীরাধা দত্ত, শ্রীপ্রিয়া রঙ্গনাথন, অরন্দিম মুখার্জি।
উদ্বোধনী অনুষ্ঠানে এম জে আকবর কিছুটা আবেগ নিয়েই বললেন, ‘বাংলাদেশ স্বাধীন হয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে। দুই দেশের সম্পর্ক কেবল দেওয়া-পাওনার নয়, আদর্শগত। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ভ্রাতৃত্ববোধ ইত্যাদিকে গুরুত্ব দিতে হবে। পাকিস্তানি শাসকগোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতীয়তাবাদ করেছিল। বাংলাদেশ ভাষার ভিত্তিতে রাষ্ট্র করেছে। বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের যে সূর্যোদয় হয়েছে, তাকে এগিয়ে নিতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধেও আমাদের একসঙ্গে লড়তে হবে।’
এম জে আকবর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রশংসা করলেও আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী যে গণতন্ত্র রক্ষা নিয়ে মোদি সরকারের প্রশংসা করলেন, সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
এই সম্মেলনে বাংলাদেশ ও ভারতের নাগরিক সমাজের যেসব প্রতিনিধি ছিলেন, তাঁদের বেশির ভাগই যুক্তির ভাষায় কথা বলেছেন, আবেগকে পাশে ঠেলে দ্বিপক্ষীয় সমস্যাগুলো সামনে এনেছেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কীভাবে সমস্যার সমাধান করা যাবে, পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ বাস্তবতা আমলে না নিয়ে সব সমস্যার মূলে জঙ্গিবাদ ও মৌলবাদকে নিশানা করেছেন। ভারতের প্রতিনিধিরা যেখানে সতর্কভাবে অভ্যন্তরীণ রাজনীতি এড়িয়ে গেছেন, সেখানে বাংলাদেশের কোনো কোনো বক্তা সেটিকেই একমাত্র অনিরামেয় অসুখ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁরা ভুলে গেছেন যে বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে মৌলবাদ-জঙ্গিবাদের ভয়াবহ আক্রমণ চলছে, সেটি মোকাবিলা করতে হবে আমাদেরই। কয়েক বছর আগে জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় দেশগুলোকে নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিলেন, কেউ সাড়া দেয়নি। অতএব, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সমস্যার মূলে শুধু মৌলবাদী শক্তিকে প্রতিস্থাপন করলে প্রকৃত সমস্যাটি আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা আছে।
অর্থনৈতিক সহযোগিতা থেকে নিরাপত্তা, সীমান্তে মানুষ হত্যা থেকে জঙ্গিবাদের উত্থান, চোরাচালান থেকে মানব পাচার, সংখ্যালঘু সমস্যা থেকে আকাশ সংস্কৃতি—সবকিছুই আলোচনায় এসেছে এবং দুই দেশের প্রতিনিধিরা খোলামনে কথাবার্তা বলেছেন।
মূল অধিবেশনের বাইরে দুই দেশের গণমাধ্যমকর্মীরা আলাদাভাবে বসেন পরস্পরের মনোভাব জানতে এবং জানাতে। সেখানেও দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বাড়ানো, গণমাধ্যমকর্মীদের নিয়মিত মতবিনিময়, সংখ্যালঘুদের নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। তবে এ ক্ষেত্রেও দুই দেশের গণমাধ্যমকর্মীদের দৃষ্টিভঙ্গিগত ফারাকটি স্পষ্ট। বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা তাঁদের দেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে ধরলেও ভারতের সহকর্মীরা তাঁদের দেশের সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিছু বলেননি। বরং পশ্চিমবঙ্গে মমতা সরকারের মুসলিমপ্রীতি কত প্রবল সেটাই বোঝাতে চেয়েছেন। ওই সভায় পশ্চিমবঙ্গের এক সাংবাদিক বন্ধু মজার তথ্য দিলেন যে পশ্চিমবঙ্গের কোনো কোনো আধুনিক মাদ্রাসায় নাকি মুসলমান শিক্ষার্থীর চেয়ে হিন্দু শিক্ষার্থী বেশি। সেটি সত্য হলে ধর্মীয় সহিষ্ণুতারই প্রকাশ বলতে হবে।
আগামীকাল: বন্ধুর মুখে শত্রুর ছায়া?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।