বিশ্বায়ন নিয়ে নতুন করে ভাবতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা হচ্ছে, রিগ্যান ও বুশের আমলে যে বাজার উদারীকরণের নীতি গ্রহণ করা হয়েছিল, ক্লিনটন ও ওবামা উভয়েই তা টেনে নিয়ে গেছেন। এমনকি শেষোক্ত দুজন কখনো এর প্রবক্তাদেরও ছাড়িয়ে গেছেন। ক্লিনটনের জমানায় যুক্তরাষ্ট্রের আর্থিক ও বাণিজ্যিক খাতে যেভাবে নিয়মকানুন শিথিল করা হয়েছে, তাকে এ কথার উদাহরণ হিসেবে দেখানো যায়। কিন্তু যে ব্যাপারটা পার্থক্যটা গড়ে দিয়েছে তা হলো, মানুষের মনে এই সন্দেহ ছিল, ডেমোক্র্যাটরা ওয়ালস্ট্রিটের খুবই ঘনিষ্ঠ। অন্যদিকে ডেমোক্র্যাটদের অভিজাত গণমাধ্যমগুলো স্যান্ডার্সের ভোট থেকে শিক্ষা নিতে পারেননি।

তবে ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে হিলারি কিছুটা এগিয়েই আছেন। মোট ২৪ কোটি ভোটের মধ্যে হিলারি পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ভোট, যেখানে ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৯৮ লাখ ভোট। কিন্তু তরুণতম ও নিম্ন আয়ের মানুষদের ভোট দেওয়ার হার কম হওয়ায় হিলারি গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জিততে পারেননি।

কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, ট্রাম্পের কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের অসমতার সূচক ওপরের দিকেই যাবে। ওবামা অনেক কষ্টেসৃষ্টে নিম্ন আয়ের শ্রমিকদের জন্য যে স্বাস্থ্যবিমা চালু করেছিলেন, সেটা তিনি বাতিল করতে চান (কিছু ব্যাপার অক্ষুণ্ন রেখে)। অন্যদিকে তিনি করপোরেট মুনাফার ওপর ফেডারেল কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে দ্রুত ফিসক্যাল ডাম্পিং করতে চান। এ বস্তুটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে নেই, যদিও ইউরোপে এর প্রয়োগ হয়েছে।

এ ছাড়া মার্কিন রাজনীতিতে যেভাবে বিভিন্ন জনগোষ্ঠীর প্রভাব বাড়ছে, তাতে নতুন সমঝোতা বা আপস না হলে ভবিষ্যৎ সুখকর হবে না। সেখানে ব্যাপারটা এমন হয়েছে, সংখ্যাগরিষ্ঠ সাদাদের মধ্যে ৬০ শতাংশ মানুষ একটি দলকে ভোট দেয়। অন্যদিকে সংখ্যালঘুদের মধ্যে ৭০ শতাংশ মানুষ আরেকটি দলকে ভোট দেয়। আবার দেশটির সংখ্যাগুরুরা সংখ্যাগত সুবিধাও হারাতে যাচ্ছে, এবারের নির্বাচনে যত ভোট পড়েছে তার ৭০ শতাংশ দিয়েছে সংখ্যাগুরুরা, যেখানে ২০০০ সালে এর পরিমাণ ছিল ৮০ শতাংশ। ধারণা করা হচ্ছে, ২০৪০ সালে এর পরিমাণ হবে ৫০ শতাংশ।

এ নির্বাচনে ইউরোপ ও বাকি পৃথিবীর যে শিক্ষাটা নেওয়া উচিত, তা কিন্তু একদম পরিষ্কার। বিশ্বায়নের গতিপ্রকৃতি একদম মৌলিকভাবে পাল্টে দিতে হবে। আমাদের সময়ের প্রধান চ্যালেঞ্জ হলো অসমতা বৃদ্ধি ও বৈশ্বিক উষ্ণতা। সে কারণে আমাদের আন্তর্জাতিক চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে, যাতে আমরা এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার সক্ষমতা অর্জন এবং উন্নয়নের জন্য টেকসই ও ন্যায্য মডেল প্রণয়ন করতে পারি।

এসব বন্দোবস্তকে গতিশীল করতে পারে, প্রয়োজনবোধে এমন পদক্ষেপ নতুন চুক্তিতে রাখা যেতেই পারে। কিন্তু বাণিজ্য উদারীকরণের বিষয়টিকে আর বেশি দিন প্রধান লক্ষ্য হিসেবে রাখা যাবে না। আবারও বাণিজ্যকে উচ্চতর লক্ষ্য অর্জনের মাধ্যমে পরিণত করতে হবে, এর বাইরে অন্য কিছু নয়।

বিদ্যমান পরিস্থিতিতে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি করা যাবে না, যেখানে আর্থিক ও জলবায়ু ডাম্পিংয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিয়ে শুল্ক ও অন্যান্য বাণিজ্য বাধা হ্রাস করা হবে না। উদাহরণস্বরূপ বলা যায়, এসব চুক্তিতে অভিন্ন ন্যূনতম করপোরেট কর ও কার্বন নিঃসরণ হ্রাসের মাত্রা নির্ধারণ করা যায়, যেটার যথার্থতা যাচাই করে অনুমোদন করা যায়। কথা হচ্ছে, বিনিময়ের কিছু না থাকলে মুক্ত বাণিজ্যের জন্য আলোচনা করা যাবে না।

এই দৃষ্টিভঙ্গি থেকে সেটা ও ইউরোপীয় ইউনিয়ন-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা উচিত। এটা আসলে অন্য যুগের চুক্তি। এটা খুবই বাণিজ্যিক একটা চুক্তি, যেখানে রাজস্ব ও জলবায়ুর বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। এতে ‘বিনিয়োগকারীদের সুরক্ষার’ রেফারেন্স আছে। এতে বহুজাতিক কোম্পানিগুলো সরকারি বিচারব্যবস্থা এড়িয়ে ব্যক্তিগত সালিসি আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারছে।

প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়নের হার যে দেড় ডিগ্রিতে রাখার কথা বলা হয়েছে, তা খুবই তাত্ত্বিক। এর জন্য আলবার্টার বালুতে যে তেল পাওয়া গেছে, তা ওখানেই রেখে দিতে হবে। কিন্তু কানাডা আবারও সেখানে খনি খুঁজতে শুরু করেছে। তাহলে তাদের এই চুক্তিতে স্বাক্ষর করার কী দরকার ছিল?

এখন কথা হচ্ছে, কানাডা ও ইউরোপের মধ্যে ন্যায্য ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যদি কোনো চুক্তি হয়, তাহলে তার শুরুই হওয়া উচিত নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার মধ্য দিয়ে। আর সেটা অর্জনে তাদের বাস্তবসম্মত অঙ্গীকারও করা উচিত।

>ন্যায্য ও টেকসই উন্নয়নের জন্য সরকারি সেবা, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা দরকার। আবার এগুলোর জন্য কিন্তু ন্যায্য করব্যবস্থা প্রয়োজন। আমরা যদি এসব করতে না পারি, তাহলে ট্রাম্পবাদই বিজয়ী হবে

আর্থিক ডাম্পিং ও করপো​েরট মুনাফার ওপর ন্যূনতম করারোপের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারটা ইউরোপের জন্য একেবারেই মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে। মনে রাখতে হবে, ইউরোপীয় ইউনিয়ন গড়ে উঠেছিল মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে, যেখানে কোনো অভিন্ন রাজস্ব নীতি ছিল না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। ইউরোপের অভিন্ন রাজস্ব নীতিতে (এই একটি ব্যাপারেই ইউরোপ এ মুহূর্তে কিছুটা অগ্রগতি করতে পারে) একমত হয়ে লাভ কী, যদি প্রতিটি দেশ কার্বন নিঃসরণের মাত্রা প্রায় শূন্যের কাছাকাছি রাখতে পারে এবং সব বড় কোম্পানিকে তাদের দেশে সদর দপ্তর স্থাপনে আকর্ষণ করতে পারে?

সময় এসেছে বিশ্বায়ন নিয়ে রাজনৈতিক বিতর্কের ধরন বদলাতে হবে। বাণিজ্য ভালো ব্যাপার। কিন্তু ন্যায্য ও টেকসই উন্নয়নের জন্য সরকারি সেবা, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা দরকার। আবার এগুলোর জন্য কিন্তু ন্যায্য করব্যবস্থা প্রয়োজন। আমরা যদি এসব করতে না পারি, তাহলে ট্রাম্পবাদই বিজয়ী হবে।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।

টমাস পিকেটি: প্যারিস স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক।