ডোনাল্ড ট্রাম্প মুঠি পাকিয়ে বলে যাচ্ছেন, ‘যুক্তরাষ্ট্রই প্রথম।’ ওদিকে ব্রেক্সিটপন্থীরা বলে চলেছে, ‘ব্রিটেন প্রথম।’ মারি লো পেন ও তাঁর ন্যাশনাল ফ্রন্ট বলে চলেছে, ‘ফ্রান্সই প্রথম।’ ভ্লাদিমির পুতিনের ক্রেমলিন দাবি করছে, ‘রাশিয়াই প্রথম।’ অর্থাৎ আজ যেভাবে জাতীয় সার্বভৌমত্বের ওপর জোর দেওয়া হচ্ছে, তাতে মনে হয় বিশ্বায়নের দিন শেষ।
কিন্তু ব্যাপারটা তা নয়। আজকের সংগ্রামটা বিশ্বায়নের সঙ্গে বিশ্বায়ন-বিরোধিতার নয়। বরং আমাদের পৃথিবী একীভূত হওয়ার দুটি মডেলের মধ্যে দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে বহুপক্ষীয় ও আন্তর্জাতিকতাবাদী, আরেকটি দ্বিপক্ষীয় ও সাম্রাজ্যবাদী। আজকের আধুনিক যুগে আমাদের পৃথিবী এই দুটি তরিকার মধ্যে পেন্ডুলামের মতো ঝুলছে।
কথা হচ্ছে, সেই ১৯৪৫ সাল থেকে আন্তর্জাতিকতাবাদীরাই অগ্রগণ্য অবস্থানে। তারা সহযোগিতা ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শান্তি, নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা ও টেকসই পরিবেশের মতো বৈশ্বিক সেবা সবার দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাদের মডেলটা এ রকম: জাতিরাষ্ট্রগুলোকে এক সূত্রে বেঁধে অভিন্ন মানদণ্ড, রীতি ও চুক্তির ভিত্তিতে পরিচালনা করা।
২০১৬ সালে সবকিছু দ্বিপক্ষীয় বন্দোবস্তের দিকে ভারসাম্যটা চলে যায়, এই তরিকার মানুষেরা জাতীয় সার্বভৌমত্বকেই স্বতঃসিদ্ধ লক্ষ্য মনে করে। বাহ্যিক বাধা যত কম হবে, ততই মঙ্গল। সেই পৃথিবীতে পরাশক্তিসমূহের ভারসাম্যের মধ্য দিয়েই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। এই মডেলে শক্তিমানেরা পুরস্কৃত হবে এবং দুর্বলেরা শাস্তি পায়। এই ব্যবস্থায় সহযোগিতাকারীদের চেয়ে প্রতিযোগিতাকারীরাই পুরস্কৃত হয়।
১৯ শতকের বেশির ভাগ সময় অন্তর্ভুক্তি ছিল আন্তর্জাতিকতাবাদ ও সাম্রাজ্যবাদের সমন্বয়। এ সময় মুক্ত বাণিজ্য নতুন বাইবেল হয়ে যায়। গণ-অভিবাসনকে স্বাগত জানানো হয় এবং দেশগুলো নতুন আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করে, যেমন প্রথম জেনেভা কনভেনশন। ১৮৬৪ সালে সম্পাদিত এই কনভেনশন অনুসারে যুদ্ধক্ষেত্রের অসুস্থ ও আহত মানুষদের চিকিৎসা দিতে হবে। বিশ্বায়নবাদীরা আবার নিপীড়কও হতে পারে, যেমন ১৮৪২ সালে ব্রিটেন ও চীনের মধ্যে স্বাক্ষরিত নানকিং চুক্তি অনুসারে মিডল কিংডম পশ্চিমের করতলগত হয়। একইভাবে দ্বিপক্ষীয় সাম্রাজ্যবাদীদের কদর্য রূপটি আরও একবার বেরিয়ে আসে তখন, যখন ইউরোপীয়রা আফ্রিকাকে ভাগ-বাঁটোয়ারা করে নিজস্ব সম্পদে পরিণত করে নেয়।
তবে ইতিহাসের সবচেয়ে ভয়াল সময়ে দ্বিপক্ষীয় ব্যবস্থা প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়। অর্থাৎ ১৯১৪ থেকে ১৯৪৫ সালের মধ্যে বড় বড় দেশ জাতীয় মহিমা খুঁজতে গিয়ে অর্থনৈতিক বিপর্যয় ও ব্যাপক সহিংসতার জন্ম দেয়। ১৯২৯ সালে ওয়াল স্ট্রিটের পতন হলে অনেক দেশই মুমূর্ষু আন্তর্জাতিক ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে নেয়। দেশের পর দেশ সে সময় নিজেকে গুটিয়ে নেয়। দেখা গেল, ১৯২৯ সালের তুলনায় ১৯৩৩ সালের বিশ্ব বাণিজ্যের পরিমাণ এক-তৃতীয়াংশ কমে যায়।
একদিকে বর্ণবাদ ও আরেকদিকে অধিক জনঘনত্বের ভয়ে বিশ্ববাদ আক্রমণাত্মক রূপ নেয়। দেখা গেল, শক্তিশালী দেশগুলো প্রতিবেশীদের ওপর অসম বাণিজ্য চুক্তি চাপিয়ে দিল অথবা তাদের স্রেফ পাশ কাটিয়ে গেল। জাপান মাঞ্চুরিয়াকে পুতুলরাষ্ট্র বানানোর লক্ষ্যে ১৯৩৭ সালে চীন দখল করে, যদিও মাঞ্চুরিয়ার ওপর তার নজর সেই ১৯৩১ সাল থেকেই। রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গেও সোভিয়েত ইউনিয়নের আচরণ একই রকম ছিল। নাৎসিরা দুর্বল প্রতিবেশীদের ওপর চুক্তি চাপিয়ে দিয়েছে, অন্যদের দখল করে নিয়েছে। এরপর টিউটনিক বসতি স্থাপনকারীদের সুবিধা করে দেওয়ার জন্য স্লাভদের ভূমি থেকে মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করেছে।
এই দ্বিপক্ষীয় ব্যবস্থার নৃশংসতার কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ১৯৪১ সালে আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের বিশ্বব্যবস্থা হিসেবে এতে ঘোষণা করা হয়, শান্তির ভিত্তি হচ্ছে স্বাধীনতা। তাই দ্বিপক্ষীয় ব্যবস্থা সংকুচিত করতে হবে। আর কোনো ভূমি দখল নয়, নতুন করে জোরপূর্বক শুল্ক আরোপ নয়; অন্যদিকে সমুদ্র স্বাধীন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয় ও আটলান্টিক সনদ থেকে আমরা যা পেলাম তা হলো, এক নতুন বৈশ্বিক চুক্তি। অর্থাৎ তখন থেকে আন্তর্জাতিক নিয়ম ও প্রতিষ্ঠানকে মেনে চলে সব দেশই বৈশ্বিক খেলায় অংশ নিতে পারবে। এই বহুপক্ষীয় বিশ্ববাদের পরীক্ষা-নিরীক্ষার কেন্দ্রে ছিল বহুপক্ষীয় বিশ্ববাদ। ফ্রান্স-জার্মানি পুনঃসমঝোতার মধ্য দিয়ে ইউরোপের মতো দীর্ঘ দ্বন্দ্ব-বিবাদে জর্জরিত অঞ্চল সহযোগিতার অসাধারণ নজিরে পরিণত হয়।
অর্থাৎ, জাতীয় সার্বভৌমত্ব সংকুচিত করার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সমৃদ্ধির চাকা অনেক দ্রুতগতিতে ছুটতে শুরু করল। কোটি কোটি মানুষ দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে এল। আপেক্ষিকভাবে শান্তি প্রতিষ্ঠিত হলো।
কিন্তু এখন মনে হচ্ছে, নতুন বৈশ্বিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। বহু মানুষের জন্যই এই পৃথিবী ঝুঁকিপূর্ণ ও হুমকিস্বরূপ হয়ে উঠেছে। অথচ আটলান্টিক সনদে এটা চিন্তা করা হয়নি। ব্যাপারটা হয়েছে কি, ১৯৮০-এর দশক থেকে সারা পৃথিবীর একীভূতকরণের সঙ্গে বৈষম্যও বেড়েছে। বড় শহরে শিক্ষিত বিশ্বজনীনদের দিগন্ত আরও বড় হয়েছে ঠিকই, কিন্তু জাতিসমূহের সামাজিক চুক্তির বাঁধন আলগা হয়ে যাওয়ায় নাগরিকদের মধ্যকার বন্ধনও দুর্বল হয়েছে। ফলে বৈশ্বিক বিভাজন দূর হওয়ার সঙ্গে অভ্যন্তরীণ বিভাজন বেড়েছে। এই সুযোগে দ্বিপক্ষীয় ব্যবস্থার ধ্বজাধারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মতো নেতারা আবারও সেই পেশিশক্তির দুনিয়ায় ফিরে যেতে চায়, যেখানে বহুপক্ষীয় ব্যবস্থার সৌন্দর্য নেই। গুরুত্বপূর্ণ দেশগুলোতে এখন তাদের অনেক বেশি কোম্পানি আছে, অন্যদের তুলনায়।
এখন সব আলো ফ্রান্সের ওপর, সামনেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে লো পেন বিজয়ী হলে ইউরোপীয় ইউনিয়নের পতন ঘটবে। তখন শুধু ইউনিয়নের খুঁটিটা থাকবে আঙ্গেলা ম্যার্কেলের হাতে। ফ্রান্স-জার্মানি ঐক্যও হুমকির মুখে পড়বে। অথচ এই ঐক্য দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের বহুপক্ষীয় ব্যবস্থার ইঞ্জিন হিসেবে কাজ করছে। ফ্রান্স, ব্রিটেন যদি বৈশ্বিক অঙ্গীকারের জায়গা থেকে সরে আসে, তাহলে সাগরে নৌকাডুবিতে সলিলসমাধিপ্রাপ্ত মানুষেরাই এক পুরোনো যুগের সমাধিলিপি লিখে যাবেন।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জেরেমি অ্যাডেলম্যান: প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হিস্টরি ল্যাবের পরিচালক।
আন-লরে দেলাত: ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের রিসার্চ স্কলার।