বিশ্বায়নের নতুন ইঞ্জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি মূল প্রসঙ্গে চলে যাই। ব্যাপারটা হলো, চীনের এই নতুন ‘সিল্ক রোড’ উদ্যোগ একুশ শতকের প্রথম বহুপক্ষীয় ও বৃহৎ কলেবরের উন্নয়ন প্রকল্প। পশ্চিম এখন পর্যন্ত এর বিকল্প কিছু প্রস্তাব করেনি। এ কারণে গতকাল দুই দিনব্যাপী যে বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন শীর্ষক সম্মেলন শুরু হয়েছে, তা বৈশ্বিক অর্থনীতির ধারা বদলে দেওয়ার জন্যই করা হচ্ছে। সি চিন পিং জানুয়ারিতে দাভোসে বলেছিলেন, এটা ‘অন্তর্ভুক্তিমূলক বিশ্বায়ন’ হতে যাচ্ছে।
চীনাদের এই মহাপরিকল্পনার পেছনে যে বড় চিন্তা কাজ করেছে, তা অনেক হাত ঘুরে আমাদের কাছে আসতে আসতে হারিয়ে যাচ্ছে। প্রথম এই ট্রান্স-এশীয় বাণিজ্য এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছিল ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবোর)। এখন এর নামকরণ হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)। এই ধারণার উদ্গাতা চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের উন্নয়নকল্পে যে কর্মযজ্ঞ শুরু হয়, তার সম্প্রসারিত রূপ হিসেবে এটি গৃহীত হয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এখন বলছে, বিআরআই একটি বৈশ্বিক পরিকল্পনা, এটি শুধু সি চিন পিংয়ের জমানার ব্যাপার নয়।
এ সম্মেলনে এটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই উচ্চাভিলাষী বাণিজ্য প্রকল্পটি কীভাবে আরও অনেকের লক্ষ্য হয়ে উঠেছে, যাতে সবাই উপকৃত হতে পারে। আর এর মধ্য দিয়ে সমগ্র ইউরেশিয়া যুক্ত হবে। আরও সাধারণভাবে বললে, এটা বিশ্বায়নের দ্বিতীয় পর্যায়।
চীনের শীর্ষ বিশ্লেষকেরা যেসব কথা বলেছেন, সেগুলো বিশ্লেষণ করলে অনেক কিছু পাওয়া যায়। চীনের স্বাধীন প্রতিষ্ঠান সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট ওয়াং হুইয়াও একে ‘বিশ্বায়নের নতুন ইঞ্জিন হিসেবে’ আখ্যা দিয়েছেন। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সেন দিগলির মত হচ্ছে, ‘এটা বৈশ্বিক পরিসরের আন্তযোগাযোগ উদ্যোগ।’ যাহোক, এটা বাংলাদেশ, মিসর, মিয়ানমার ও তাজিকিস্তানের অর্থনীতিকে চাঙা করবে। অন্যদিকে এটা এক সুদূরপ্রসারী অর্থনৈতিক/ মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনা, যার মাধ্যমে চীনের প্রযুক্তি ও বাণিজ্যিক পণ্যের বাজার উন্মুক্ত হবে। আর এর সঙ্গে চীনের ভূরাজনৈতিক বিস্তৃতি ঘটবে বিপুল, যেটা অমূল্য।
এখন পর্যন্ত যোগাযোগ নিয়ে বেশি কথা বলা হচ্ছে। কিন্তু এর বাইরে চীন মধ্য এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন দেশের কাছ থেকে অতিরিক্ত পুঁজি সংগ্রহ করতে পারবে। তবে যোগাযোগটাও নেহাত কম গুরুত্বপূর্ণ নয়। কারণ, এর মাধ্যমে চীনের সঙ্গে ৬৫টি দেশের সংযোগ স্থাপিত হবে, যেখানে বিশ্বের ৬০ শতাংশ মানুষের বসবাস। বিশ্বের এক-তৃতীয়াংশ উৎপাদন হয় এই অঞ্চলে। এ ছাড়া উন্নয়নশীল দেশের নেতা হিসেবে চীনের মর্যাদা আরও সংহত হবে। এর মাধ্যমে তারা ১২০ জাতির সেই জোটনিরপেক্ষ আন্দোলন পুনর্জাগ্রত করতে পারবে।
বেইজিংয়ে শতাধিক দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন, যাঁদের অধিকাংশই একসময় জোটনিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিলেন। অবশ্যই এই সম্মেলনে ভ্লাদিমির পুতিন থাকছেন। চীন ও রাশিয়ার মধ্যে যেসব কৌশলগত অংশীদারি আছে, তিনি সেগুলোর প্রতিনিধি হিসেবেই সম্মেলনে আসবেন। উল্লেখ্য, জ্বালানি থেকে শুরু করে অবকাঠামো পর্যন্ত নানা বিষয়ে দেশ দুটির মধ্যে কৌশলগত অংশীদারি রয়েছে। শুধু পুতিনই নন, সম্মেলনে বিআরআইয়ের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নেতা অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও উপস্থিত আছেন। ওদিকে ট্রাম্প-সি চিন পিং বৈঠকের পর মার্কিন প্রশাসনও নড়েচড়ে বসতে শুরু করেছে। তারাও সম্মেলনে আছে।
আর ভারত? চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তো আংশিকভাবে কাশ্মীরের মধ্য দিয়ে গেছে। পাকিস্তানি কর্মকর্তারা এ ব্যাপারে খুবই সপ্রশংস। বাণিজ্য নয়, কূটনীতির মাধ্যমেই ভারতীয় স্বার্থ রক্ষিত হতে পারে। কিন্তু চীনের বিরুদ্ধে নরেন্দ্র মোদি প্রশাসনের অভিযোগ, তারা ‘অন্যান্য দেশের সার্বভৌমত্ব খাটো করার’ চেষ্টা করছে। এ ব্যাপারে তারা একদম আচ্ছন্ন যে চীনের প্রকৃত লক্ষ্য হচ্ছে কৌশলগতভাবে ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করা। ফলে সম্মেলনে তারা নেই।
তবে এই প্রকল্পে ঠিক কত টাকা বিনিয়োগ হবে, তা নিয়ে ধোঁয়াশা আছে। কেউ বলছেন, এটা ৩০ হাজার কোটি ডলারের প্রকল্প। অন্যদিকে রেটিং এজেন্সি ফিচ বলেছে, এই প্রকল্পে ৯০ হাজার কোটি ডলার পরিকল্পনা করা হয়েছে বা ইতিমধ্যে এই টাকা বিনিয়োগ হয়েছে। জোর সন্দেহ আছে, ২০২২ সাল পর্যন্ত বিআরআইয়ে পাঁচ লাখ কোটি ডলার লাগবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বলেছে, ২০৩০ সাল পর্যন্ত এশিয়ায় অবকাঠামো প্রকল্পের জন্য ২৬ লাখ কোটি ডলার লাগবে।
২০১৪ সালে এই সিল্ক রোড তহবিল গঠিত হয়। এখন এটা স্রেফ চার হাজার কোটি ডলারের প্রকল্প। বৈদেশিক মুদ্রা তহবিল, চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না থেকে এই টাকা এসেছে। ১৫টি প্রকল্পে তারা ইতিমধ্যে ৬০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এ ছাড়া কাজাখস্তানে তারা আরও কিছু প্রকল্পে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। অন্যদিকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ২০১৬ সালের জানুয়ারি মাসে ১০ হাজার কোটি ডলার পুঁজি নিয়ে মাঠে নামে। কিন্তু গত বছর তারা ২০০ কোটি ডলারের কম ব্যয় করেছে।
বৈশ্বিক পুঁজিবাজারে স্বল্প সুদে কীভাবে তহবিল জোগান দেওয়া যায়, তা নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে। এটা সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়। পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর ঝু জিয়াওচুন ইতিমধ্যে এর বিধান করে ফেলেছেন: শুধু সরকারের পক্ষে বিআরআইয়ের সব টাকা দেওয়া সম্ভব নয়, যার মধ্যে চীনা সরকারও আছে। তাই সবাইকে পুঁজিবাজারে দৌড়াতে হবে। সেখানে তাদের বিআরআই-সম্পর্কিত আর্থিক কৌশল প্রণয়ন করতে হবে। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তাদের স্থানীয় মুদ্রায় ব্যবসা করতে হবে। মানে এটা চীনা মুদ্রা ব্যবহারের নামান্তর। তাহলে নিউ সিল্ক রোডে যুক্ত হতে চাইলে ইউয়ানের কথা ভুলবেন না।
অনুবাদ: প্রতীক বর্ধন, এশিয়া টাইমস থেকে নেওয়া।
পেপে এসকোবার: এশিয়া টাইমসের সাংবাদিক।