বিশ্বের শৃঙ্খলা রক্ষা করার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কফি এ আনান
কফি এ আনান

জাতিসংঘ সনদ ও মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণায় সংরক্ষিত মূল্যবোধগুলো ২০১৪ সালের শেষ প্রান্তে এসেও হুমকির মুখে রয়ে গেছে। বিশ্বজুড়ে ব্যক্তিস্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্র এখনো ঝুঁকির মুখে। এমনকি যেসব দেশ গণতান্ত্রিক আদর্শ গ্রহণ করেছে, তারাও এ পরিস্থিতির বাইরে নয়। আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে বিভক্ত। অগ্রযাত্রা থেমে আছে বিশ্বব্যাপী বেশ কিছু বাধার কারণে। এসবের মধ্যে আছে সিরিয়া, ইরাক ও ইউক্রেন সংকট থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্যের মতো বিষয়গুলো। 
এসব অমীমাংসিত সমস্যার গোড়া তিনটি জায়গায়। ২০১৫ সালেও এ সমস্যাগুলো থেকে যাবে বলে মনে হচ্ছে।
প্রথমত, বিশ্বায়ন। বিশ্বায়ন হয়তো আমাদের অনেক সুবিধা এনে দিয়েছে, কিন্তু বিভিন্ন সমাজের নিজের নিজের গন্তব্য নির্ধারণের সামর্থ্য এর ফলে কমে গেছে। এর মধ্যে আছে কর ফাঁকি, সংগঠিত অপরাধ, সাইবার নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক অভিবাসন এবং বৈধ বা অবৈধ অর্থপ্রবাহ-জাতীয় আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিচিত্র সব বিষয়। এই বৈচিত্র্যের মধ্যে একটি অভিন্নতা আছে, তা হলো এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সার্বভৌম বিভিন্ন রাষ্ট্রের চিরাচরিত উপকরণগুলো অপ্রতুল হয়ে পড়েছে।
দ্বিতীয়ত, আফগান ও ইরাক সংকট। সামরিক উপায়ে এ সংকটমোচনের ব্যর্থতা আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের ভিত নড়বড়ে করে দিতে বিরাট ভূমিকা রেখেছে। এর ফলে সাধারণভাবে হস্তক্ষেপমূলক উদ্যোগের ওপর আস্থা ক্রমশ কমছে। প্রতিষ্ঠিত পরাশক্তি দেশগুলোও এখন এসব ব্যাপারে বাজেট বরাদ্দ কমিয়ে দিচ্ছে। নব্য শক্তিশালী হয়ে ওঠা দেশগুলোও নতুন নতুন দায়িত্ব নিতে এগিয়ে আসছে না। ২০১৪ সালে আমার নিজ অঞ্চল আফ্রিকাসহ অন্যান্য অঞ্চলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উদ্দেশ্য ও কার্যকারিতা প্রশ্নের মুখোমুখি হয়েছে। জাতীয় নেতারা যাতে অপরাধ করে পার না পেয়ে যান, তা নিশ্চিত করতে অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল।
তৃতীয়ত, আন্তর্জাতিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো আধুনিকায়ন করার ব্যর্থতা। আমরা তা করতে পারিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী ইউরোপীয় শক্তি ও যুক্তরাষ্ট্রের করায়ত্ত রয়ে গেছে। এসব দেশ সমগ্র বিশ্ববাসীর ক্রমশ সংখ্যালঘু হতে থাকা একটি অংশের মাত্র প্রতিনিধিত্ব করে। সে হিসেবে এই প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক অর্জনের যৎসামান্য অংশ তাদের প্রাপ্য। বিশ্বশক্তির পরিবর্তনশীল অবস্থার ব্যর্থতার প্রেক্ষাপটে চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় আজকের বিশ্বব্যবস্থার কার্যকারিতা ও ন্যায্যতার ভিত্তি দুর্বল বলে মনে হচ্ছে। যারা নিজেদের যথাযথ স্বীকৃতি পায়নি বলে মনে করে, বিশেষ করে তাদের চোখে তো বটেই।

আইএসের নৃশংসতায় বিশ্ব শিহরিত হয়েছে
আইএসের নৃশংসতায় বিশ্ব শিহরিত হয়েছে

তবু বিশ্বব্যবস্থার সব সীমাবদ্ধতা সত্ত্বেও মনে রাখতে হবে যে সশস্ত্র যুদ্ধে (বিশ্বের জনসংখ্যার অনুপাতে) এত কম মৃত্যু মানুষের ইতিহাসে আগে কখনোই হয়নি। এ তথ্য হয়তো সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়নি, কিন্তু বিশ্বব্যবস্থার নিয়মকানুন ও প্রাতিষ্ঠানিক রীতি অনুযায়ী অধিকাংশ বিরোধেরই শান্তিপূর্ণ সমাধানের অবকাশ পাওয়া যাচ্ছে।
ভালো-খারাপ যা-ই হোক না কেন, ইবোলার মতো মহামারির বিরুদ্ধে লড়াই কিংবা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর পরিণামগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে সংহতি ও সহযোগিতা দরকার। একচেটিয়াতন্ত্র, অতি জাতীয়তাবাদ বা পরিচয়ের রাজনীতির চর্চায় ফিরে গেলে মন্দের চেয়ে তিল পরিমাণ বেশি কিছু পাওয়া যাবে না। তাতে পৃথিবী হয়ে উঠবে আরও সংকীর্ণ, খণ্ডিত ও বিপজ্জনক।
২০১৫ সাল এবং এর চেয়েও দূরতর সময়ের দিকে তাকিয়ে বলা যায়, বিশ্বে এখন প্রয়োজন অসম্ভব দূরদর্শী ও সাহসী নেতাদের। এ পৃথিবীতে ক্ষমতা ওঠা-নামা চলতে থাকে। এখানে তাই সবার স্বার্থেই একটি সুষ্ঠু আইনি ব্যবস্থা থাকা দরকার, যা জাতীয় সার্বভৌমত্ব ও ব্যক্তিগত অধিকার—এ দুটোরই মর্যাদা রাখবে। বিশ্বের ঐতিহাসিকভাবে শক্তিধর রাষ্ট্রগুলোর নেতাদের মেনে নিতে হবে যে তাঁদের নিজেদের স্বার্থ রক্ষার জন্যও নিয়মকানুন অনুসরণ করে চলা এবং উদীয়মান দেশগুলোকে এসব আইন প্রণয়নের সুযোগ করে দেওয়া উচিত।
আমি প্রায়ই এ কথার পক্ষে যুক্তি দিয়ে থাকি যে নিরাপত্তা পরিষদের আকার অবশ্যই আরও বড় করা দরকার এবং বিশ্বব্যাংক ও আইএমএফের মতো ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোয় আরও বেশি পরিমাণে উন্নয়নশীল দেশগুলোর ভোটাধিকার দেওয়া উচিত। বিনিময়ে বিশ্বের নতুন শক্তিধর দেশগুলোকে পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য অবশ্যই আরও বেশি দায়দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কারণ, এতে তাদের নিজেদেরও স্বার্থ নির্ভর করছে। অতীতের বিভিন্ন অবিচারের নিন্দা জানিয়ে এখন তাদের আর দূরে সরে থাকার সুযোগ নেই। ভবিষ্যতের কথা ভেবে সমমনা দেশগুলোর সঙ্গে তাদের হাতে হাত মেলাতে হবে।
জাতিসংঘের নানা সীমাবদ্ধতা নিয়ে আমরা প্রায়ই কথাবার্তা শুনি। এ প্রতিষ্ঠানটির অবস্থান বিশ্বব্যবস্থার কেন্দ্রে। এর অর্জন ও সাফল্যের পরিমাণ একেবারে কম না হলেও তা নিয়ে খুব কমই আলোচনা হয়। যে ব্যবস্থাটি ব্যতিক্রমী কিছু ফল এনে দিয়েছে, তা থেকে সরে না এসে আমাদের উচিত হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বর্তমান সংকটগুলোকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে নিয়ে এর পুনর্গঠন করা এবং এর মাধ্যমে আধুনিক সমস্যাগুলো সমাধানের জন্য মুখোমুখি হওয়া।

ইংরেজি থেকে অনুবাদ: আশিস আচার্য

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
কফি এ আনান: জাতিসংঘের সাবেক মহাসচিব, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান।