বিস্মৃতপ্রায় গবেষক প্রীতিকুমার মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস আজ থেকে পাঁচ বছর আগে কাজী নজরুল ইসলামের ওপরে একটি অসাধারণ গবেষণাগ্রন্থ প্রকাশ করে। ইংরেজিতে লেখা এই গ্রন্থের নাম ডিসেন্ট অব নজরুল ইসলাম: পোয়েট্রি অ্যান্ড হিস্টরি। ডিসেন্ট শব্দের অর্থ ভিন্নমত। বাংলা করলে তাই বইটির নাম দাঁড়ায় নজরুল ইসলামের ভিন্নমত: কবিতা ও ইতিহাস। আসলে যে দ্রোহীসত্তা নজরুল ইসলামের জীবনযাপন ও লেখালেখির মধ্যে প্রতিফলিত এবং যে সত্তা বিশ শতকের সূচনায় বাংলার বুদ্ধিবৃত্তিক ইতিহাসে তাঁকে অন্য সবার থেকে আলাদা করে তোলে, বইটিতে সে সত্তাকেই বিস্তৃতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এ বইয়ের লেখক ড. প্রীতিকুমার মিত্রের (১৯৪২-২০০৭) বিবেচনায় নজরুল ইসলাম তাঁর সমকালে অন্তত পাঁচ ধরনের রক্ষণশীলতার বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করেছিলেন: এক. ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, দুই. ব্রিটিশবিরোধী রাজনীতিতে গান্ধীবাদী আদর্শের বিরুদ্ধে, তিন. ইসলামি রক্ষণশীলতা ও বুদ্ধিবৃত্তিক আধিপত্যের বিরুদ্ধে, চার. হিন্দু সমাজের সামাজিক ও সাংস্কৃতিক রক্ষণশীলতার বিরুদ্ধে এবং পাঁচ. রবীন্দ্র-আদর্শ নামের সমকালীন সাহিত্যিক আদর্শের বিরুদ্ধে।নজরুলকে নিয়ে এর আগে লেখা ইংরেজি বইগুলোকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়: নজরুল রচনার অনুবাদ, নজরুলের জীবনকথা এবং নজরুলবিষয়ক আলোচনা। এর মধ্যে প্রথম দুই শ্রেণীর রচনা সর্বাধিক, যেগুলোর লেখক হিসেবে মিজানুর রহমান (১৯৫৭, ১৯৬৬, ১৯৮৩), কবীর চৌধুরী (১৯৬৩, ১৯৯৪), আবদুল হাকিম (১৯৭৪), বসুধা চক্রবর্তী (১৯৬৮, ১৯৭৪), মিখায়েল কুরগানস্তেভ (১৯৭৭), সৈয়দ মুজিবুল হক (১৯৮৩), আবু রুশদ (১৯৯৪), সাজেদ কামাল (১৯৯৪), ম. ইসা সাহেদী (১৯৯৫), কিউকোনিওয়া (১৯৯৭), প্রবোধচন্দ্র সেন (১৯৫৬), সিরাজুল ইসলাম চৌধুরী (১৯৬৫, ১৯৯৪), গোপাল হালদার (১৯৮৩), করুণাময় গোস্বামী (১৯৮৭, ১৯৯৬), রেজাউল করিম তালুকদার (১৯৯৪) প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। তৃতীয় শ্রেণীর রচনায় এস কৃষ্ণমূর্তি (১৯৯৬) ও উইনস্টন ই ল্যাংলি (২০০৭) ছাড়া অন্য কাউকে তেমন একটা এগিয়ে আসতে দেখা যায় না। ইংরেজিতে নজরুলবিষয়ক আলোচনার এই যখন হালচাল, তখনই প্রকাশিত হয় প্রীতিকুমার মিত্রের ডিসেন্ট অব নজরুল ইসলাম। এটি শুধু নজরুলবিষয়ক আলোচনাই নয়, নজরুলের ওপরে পূর্ণাঙ্গ গবেষণাধর্মী একটি বই। ইংরেজি ভাষায় রচিত হওয়ার জন্য ২০০৭ সাল থেকে এই বই নজরুল ইসলামের মূল চেতনাকে বিশ্বের তাবৎ শিক্ষিত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে।সবাই একবাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশের নজরুলচর্চায় প্রীতিকুমার মিত্র নতুন একটি অধ্যায়ের সূচনা করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, এমন একটি ঐতিহাসিক কাজ করতে সক্ষম হলেও তিনি এর ফসল ঘরে তুলতে পারেন না। এমনকি বইটি প্রকাশিত হওয়ার পর এর প্রতিক্রিয়াগুলো পর্যন্ত তিনি দেখে যেতে পারেননি। কারণ, বইটি প্রকাশের কিছুকালের মধ্যেই ২০০৭ সালের ৮ অক্টোবর হূদেরাগে আক্রান্ত হয়ে এবং উন্নত চিকিৎসার অভাবে তিনি রাজশাহীতে পরলোকগমন করেছিলেন।সত্যিকার অর্থেই তাঁর এই মৃত্যু ছিল অকালমৃত্যু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে বাংলাদেশতত্ত্বের অধ্যাপক হিসেবে প্রীতিকুমার মিত্র স্বদেশে এবং বিদেশে মাত্র সুনাম অর্জন করতে শুরু করেছিলেন। ২০০৭ সালে বাংলা একাডেমী প্রকাশ করেছিল তাঁর একটি অনুবাদের বই চিন্তার স্বাধীনতার ইতিহাস। যাঁরা মুক্তবুদ্ধির চর্চায় আগ্রহ বোধ করেন, বইটি তাঁদের কাছে অবশ্যপাঠ্য। তাঁর মৃত্যুর পর বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাস নামে তাঁর একটি বই প্রকাশ করে ঢাকার সাহিত্য বিলাস। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় রচিত তাঁর অসংখ্য প্রবন্ধ দেশের ও বিদেশের বহু জার্নালে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা প্রকাশ করা হলে নিঃসন্দেহে তা বেশ কয়েকটি গ্রন্থের আদল লাভ করতে পারত।শিক্ষক হিসেবেও প্রীতিকুমার মিত্র ছিলেন কিংবদন্তি। শিক্ষাদান-প্রক্রিয়াকে কতটা প্রাণবন্ত করে তোলা যায়, তার এক উদাহরণ হয়ে ছিলেন তিনি। তাঁর এই ছাত্রবান্ধব বৈশিষ্ট্যের কারণে ছাত্ররাও তাঁকে মনে রেখেছে। তাই তাঁর মৃত্যুর পর ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ প্রকাশ করে প্রীতিকুমার মিত্র স্মারকগ্রন্থ নামে একটি বিশেষ প্রকাশনা। অল্পদিনের মধ্যেই প্রকাশনাটির যাবতীয় কপি নিঃশেষিত হয়েছে দেখে বোঝা যায়, শিক্ষক হিসেবে তিনি কতটা সার্থক ছিলেন।প্রীতিকুমার মিত্রের অকালমৃত্যু বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিশেষভাবে বাংলাদেশের নজরুলচর্চায় তাঁর অনুপস্থিতি গোটা জাতির জন্য দুঃখজনক। তাঁর ডিসেন্ট অব নজরুল ইসলাম তাঁকে আমাদের মধ্যে আরও বহুকাল বাঁচিয়ে রাখুক, এই প্রত্যাশা।স্বরোচিষ সরকার[email protected]