বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দয়াল কৃষ্ণ চাকমার চেহারায় বিশেষত্ব কিছু নেই। তাঁকে দেখলে মনে হবে না, একটি অসাধারণ স্মৃতির ভার বহন করে চলেছেন তিনি। স্বাধীনতাযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর মধ্যে একজনকে সমাধিস্থ করেছিলেন রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ভাঙামুড়া গ্রামের এই মানুষটি। এ জন্য তিনি গর্ববোধ করেন। ৮৪ বছর বয়সে এসে স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে এসেছে। কিন্তু সেই যুদ্ধে দেখা ঘটনা এখনো গর্ব করে বলেন তিনি।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বিডিআর রাঙামাটি সেক্টরকে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের শাহাদাতবরণের স্থান খুঁজে বের করার নির্দেশ দেন। বিডিআর কর্মকর্তারা দয়াল কৃষ্ণ চাকমার মাধ্যমে মুন্সী আবদুর রউফের শাহাদাতবরণের স্থানটি খুঁজে পান। দয়াল কৃষ্ণ চাকমা বলেন, ‘আমি এমন একজন বীরকে সমাধিস্থ করেছি, যার জন্য খুবই গর্ববোধ করি। রাঙামাটির এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে বীরশ্রেষ্ঠর মা মুকিদুন্নেসা আমাকে তাঁর ছেলে হিসেবে উল্লেখ করে প্রশাসন ও নেতাদের বলেছিলেন, দয়াল কৃষ্ণ আমার ছেলে। ওকে দেখবেন। সে সময় আমাকে সামান্য আর্থিক সাহায্য দেওয়া হলেও পরে আর কোনো খোঁজখবর নেওয়া হয়নি। পরে আমি অনেকের কাছে শুনেছি, বীরশ্রেষ্ঠর সমাধিতে এসে অনেক কর্তাব্যক্তি আমার সঙ্গে দেখা করতে চাইলেও প্রশাসনের লোকজন নানা কথা বলে তাঁদের নিবৃত্ত করেছেন।২০ এপ্রিল ১৯৭১ পাকিস্তানি হানাদারেরা মুক্তিবাহিনীর প্রতিরক্ষা কেন্দ্র মহালছড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। সে খবর পেয়ে মুক্তিযোদ্ধারা নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কাপ্তাই হ্রদে ঘেরা কমতলীপাড়ায় চিংড়িখালে গিয়ে অপেক্ষা করতে থাকেন। সেখানে তুমুল যুদ্ধ হয়। দয়াল কৃষ্ণ চাকমা বলেন, ‘বেলা ১১টা বা সাড়ে ১১টার দিকে শুরু হয় যুদ্ধ। এ সময় দেখতে পাই, লঞ্চ থেকে অনেক হানাদারকে, তারা পানিতে পড়ে যাচ্ছে। সম্ভবত দুইটা লঞ্চ ও স্পিডবোট ডুবে যায়। তার পরও তারা একটার পর একটা গোলা নিক্ষেপ করতে থাকে। গোলার শব্দে কান ঝালাপালা হয়ে যায়। এ সময় মুন্সী আবদুর রউফ সহযোদ্ধাদের চিৎকার করে বলতে থাকেন, “আপনারা পেছনে সরে যান। আমি তাদের আটকাব।” তখন মুক্তিসেনারা ধীরে ধীরে নদী পার হয়ে আমাদের ভাঙামুড়ার দিকে চলে আসেন। বেলা দুইটা-আড়াইটার দিকে যুদ্ধ থামে। হানাদারেরা ব্যাপক ক্ষতির শিকার হয়ে রাঙামাটি শহরের দিকে ফিরে যায়। এরপর মুক্তিবাহিনীর তিনজন বাদে সবাই খাগড়াছড়ির মহালছড়ির দিকে চলে যান। যে তিনজন আমাদের গ্রামে রয়ে যান, তাঁদের মধ্যে একজন ছিলেন কমান্ডার। তিনি আমার নাম, পড়াশোনা জানতে চান। পরে তাঁদের সঙ্গে আমাকেও যেতে বলেন, আমি বলি, স্যার আমাদের গ্রামের ৮০টি পরিবারের মধ্যে মাত্র দুই পরিবার আছি। সবাই ভয়ে পালিয়ে গেছে। আমি চলে গেলে আমার বৃদ্ধ বাবা-মায়ের জন্য আলু কে এনে দেবে? তিনি বললেন, “আলুর টাকা আমি দিয়ে দেব।” বললাম, টাকা আমার কাছেও আছে। কিন্তু পাহাড়ে কে আলু আনতে যাবে? আলু ছাড়া এখানে কিছুই পাওয়া যাচ্ছে না। এরপর যত দূর সম্ভব আমি তাঁদের মহালছড়ির দিকে পৌঁছে দিই। এ সময় কমান্ডার রাস্তায় কার কার কাছে গেলে খাবার আর সাহায্য পাওয়া যাবে জানতে চাইলে বেশ কয়েকজনের নাম বলি। তাদের মধ্যে মনে আছে নোয়াদামের গৌতম মণি চাকমা ও মরাচেঙ্গের গোবিন্দ মহাজনের নাম। আমি সেদিন তাঁদের নামেহুং গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে গ্রামে ফিরে আসি। ‘পরদিন সকালে কমতলীপাড়ায় গিয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুুর রউফের মরদেহ এবং অনেক গোলাবারুদ দেখতে পাই। আমি তখন মুন্সী আবদুর রউফের নাম জানি না। তবে তিনি আমার চোখে একজন বীর। তাঁর বীরত্ব মাত্র এক দিন আগে দেখেছি। তাই তাঁকে যতটুকু সম্মান আর মর্যাদার সঙ্গে সমাধিস্থ করা যায়, তা করি। এরপর অস্ত্র ও গোলাবারুদগুলো একটি নৌকায় তুলে নানিয়ারচরের দিকে যাত্রা শুরু করি। আমার ভয় ছিল পাকিস্তানি হানাদারেরা যেকোনো সময় আসতে পারে। তাই দ্রুত নৌকা চালিয়ে নানিয়ারচর বাজারের সহকারী বাজার চৌধুরী অগ্নি চাকমার কাছে পৌঁছে দিই। খবর দেওয়া হলে মুক্তিযোদ্ধারা মহালছড়ি থেকে জেলে সেজে নৌকায় করে এসে নিয়ে যান।’ দয়াল কৃষ্ণ চাকমা বলেন, ‘আমি মুক্তিযোদ্ধাদের জন্য এসব করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’হরি কিশোর চাকমা