বুড়ো খোকাদের কিছু হবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তবে সাম্প্রতিককালে সংগঠিত অনেক আর্থিক ও ফৌজদারি অপরাধ অঘোষিতভাবে বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে। বিনা কিংবা তুচ্ছ অজুহাতে তুলে নেওয়া হচ্ছে চলমান মামলা। মৃত্যুদণ্ডে দণ্ডিত খুনের আসামিকেও ছেড়ে দেওয়া বা দণ্ড হ্রাস করা হচ্ছে। অপরাধ সুস্পষ্টভাবে চিহ্নিত হলেও কোনো দায় বহন করতে হয়নি, এমনটি হয়েছে মুক্তিযোদ্ধার জাল সনদ নিয়ে। এ সনদ নিয়ে পাঁচজন সচিবের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। তাঁদের অবসরের সময়সীমা কাছাকাছিই ছিল। মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির বর্ধিত সময়ের কিছু অংশও উপভোগ করেছেন কেউ কেউ। তড়িঘড়ি করে তাঁরা সব সরকারি সুবিধাসহ অবসরে যান। কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়নি তাঁদের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষকও মুক্তিযোদ্ধা সনদ জমা দেবেন—এই অঙ্গীকারনামা দিয়ে এক বছর চাকরির মেয়াদ বাড়িয়ে নেন। চাকরি শেষ করে গেছেন অবসরে। জানা যায়, জমা দেননি কোনো সনদ। এরূপ ঘটনা আরও ঘটেছে এবং ঘটছে। আরও জানা যায়, ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২ হাজার ৬০০ সনদ বাতিল করেছে অভিযোগ ও তদন্তের ভিত্তিতে। তবে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে এমনটা জানা যায় না।

প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত একটি খবর অনুসারে, সিরাজগঞ্জে ১৯ জন পুলিশ কনস্টেবলকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি গ্রহণের জন্য মামলার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেপ্তার করেছে। তাঁরা ২০১২ সালে চাকরি পেয়েছেন। দেখা যাচ্ছে, তাঁদের দাখিলকৃত সনদ যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুদককে তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশের পক্ষ থেকেই। এ ধরনের অপরাধে ব্যবস্থাটি যথাযোগ্য এবং সাড়া জাগানো। তবে গণমাধ্যমে আলোচনায় যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে তা হলো, উচ্চ পদধারীরা একই অপরাধ করে কার্যত পার পেয়ে গেলেন। তঁাদের কিছুই হলো না। ব্যবস্থা নিতে পারত সরকার, এমনকি দুদক। পাঁচ সচিবের সনদ তদন্ত করে দুদক প্রতিবেদন দিল যে এগুলো ভুয়া। এটা বলেই দায়িত্ব শেষ। সরকারও নিল না কোনো ব্যবস্থা। এতে বিস্মিত ও আহত হয়েছেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে কোনো তদন্ত হয়েছিল কি না, তা-ও জানা যায় না। বিভিন্ন ক্যাডার বা সংস্থায় বেশ কিছু উচ্চ বা মাঝারি মানের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ফলাফল জানা যায়নি। আর কার্যকর কোনো প্রতিকার হয় না দেখে গণমাধ্যমও চুপসে ছিল। ইদানীং পুলিশ কনস্টেবলদের গ্রেপ্তারে আবার চাঙা হয়ে সংবাদ করছে। সেই সংবাদে উল্লেখ করছে শীর্ষস্থানীয়ের দায়মুক্তির প্রসঙ্গটি।

এখানে বিষয়টিকে নতুনভাবে আলোচনায় আনা আবশ্যক। দুদকের নেতৃত্বে সাম্প্রতিক পরিবর্তন প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এটা বিপরীতমুখী হবে না এমনটা আমরা আশা করতেই পারি। নতুন প্রেক্ষাপটে পুরোনো বিষয়গুলো বিবেচনায় নেওয়া সংগত হবে। অবসর গ্রহণকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না বলে জনপ্রশাসন সচিব মন্তব্য করেছেন। শৃঙ্খলা ও আপিলবিধির আলোকে এটা সঠিক। তবে অবসর গ্রহণ ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি দেয় না। তদুপরি তামাদি আইনও প্রযোজ্য নয় ফৌজদারি অপরাধে। বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকদের বিষয়টিও আমাদের জানা দরকার। এ অবস্থায় দুদকের কাছে প্রত্যাশা থাকবে অভিযুক্তদের আইনের আওতায় আনার। এটা করতে হবে ভুয়া সনদপত্র তৈরি থেকে সংগ্রহ ও ব্যবহার প্রক্রিয়ায় যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সবার বিরুদ্ধে। সনদপত্র ছাড়া চাকরির মেয়াদ যাঁরা সম্প্রসারণ করলেন, তাঁদের বিরুদ্ধেও। সে সময়কার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও একজন যুগ্ম সচিব রয়েছেন আলোচিত অবসর নেওয়া কর্মকর্তাদের তালিকায়। এ মন্ত্রণালয়ের দায়ও কম নয়। এখনো এরূপ ঘটছে না এমন দাবি করা যাবে না। এ মন্ত্রণালয়কে ঘিরে একটি দালাল চক্র তৈরি হয়েছে বলে লক্ষ করা যায়। এদের ব্যূহ ভেদ করে উন্মোচন করতে হবে প্রকৃত রহস্য। আর তা করতে পারলে ভুয়া সনদ দেওয়া বা নেওয়ার প্রবণতাও প্রায় শূন্যের কোটায় নেমে আসবে। এখানে আরেকটি বিষয় প্রাসঙ্গিক যে মুক্তিযোদ্ধার পোষ্য হলেই মাত্রাতিরিক্ত কোটার সুযোগে এ ধরনের সুবিধা পাওয়ার বিধান অপরাধ সংগঠনে প্ররোচনা হিসেবে কাজ করছে। প্রকৃত অনুপাতে এ কোটার বিন্যাস থাকলে এমনটা কম ঘটত। এখানেই মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা পদকে স্বর্ণ অস্বাভাবিক পরিমাণ কম দিয়ে অর্থ আত্মসাতের বিষয়টিও ঘটেছে। প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত। এ নিয়ে এখন কেউ কিছু বলছে না। নিচ্ছে না কোনো ব্যবস্থা।

পুলিশ কনস্টেবলদের অবস্থান সেই বাহিনীর সর্বনিম্ন স্থানে। নেহাতই দরিদ্র বা নিম্ন–মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এ চাকরিতে আসেন। অন্য অনেক দপ্তরের মতো চাকরি-বাণিজ্যের অভিযোগ রয়েছে এ বাহিনীতেও। তার মধ্যে চাকরি প্রাপ্তি সহজতর করতে জোগান দেওয়া হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা সনদপত্র। এসব ছেলের বেশ কয়েকজনের বাবা-মা জমি বিক্রি করে লাখ লাখ টাকা দালালকে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান। সেই দালাল আর কেউ নন, স্বয়ং একজন সাবেক মুক্তিযোদ্ধা থানা কমান্ডার। তিনি এখন পলাতক। দায়ী পুলিশ কনস্টেবলদের পক্ষে বলার কিছু নেই। হয়তোবা তারা দণ্ডিত হবে। খোয়াবে চাকরি। দণ্ড এড়ানোর জন্য নামীদামি উকিল নিয়োগসহ যে আইনি প্রক্রিয়ায় যেতে হয়, এর সামর্থ্য তাদের থাকার কথা নয়। বেচারাদের একূল-ওকূল দুই কূলই গেল।

তবে সবাই আশ্বস্ত হবে এটা দেখে যে এ ধরনের অপরাধ করলে শুধু ছোট পদের কর্মচারী নয়, বড় পদ-পদবিতে থাকলে কিংবা তা থেকে অবসর নিলেও রেহাই পাওয়া যাবে না। বিলম্বে হলেও তাঁদের আসতে হবে বিচারের আওতায়। তাঁরা প্রভাবশালী ব্যক্তি। তদন্ত ও বিচারকালে সেই প্রভাব তাঁরা খাটাবেন। তবু হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। দুদক তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে পদক্ষেপ নিলে তা আরও জোরদার হবে। হেলাফেলায় সুযোগটি তাঁরা হারাবেন না, এ প্রত্যাশা রইল।

আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।