বৃষ্টিদিনে কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি পড়ছে বাইরে। এই রকম দিন হলো আষাঢ়ে গল্প করার। আষাঢ়ে গল্প কথাটা কোত্থেকে এসেছে, কে জানে। আমার ধারণা, এটা এসেছে আজারে গল্প থেকে। আজ তাই কিছু আজারে কৌতুক শোনাই।

এক বৃদ্ধ ভদ্রলোক নতুন বাসা নিয়েছেন একটা কলেজের পাশে। কলেজ কিছুদিন ছুটি ছিল। তিনিও আরামেই ছিলেন। কলেজ খুলল। ছেলেরা বিকেলে কলেজ থেকে বেরোত অনেক উদ্যম নিয়ে। পথের ধারে ডাস্টবিনগুলোকে অকারণেই পেটাত। ভদ্রলোকের শান্তি বিনষ্ট হলো। তখন তিনি এক কাজ করলেন। ছেলেদের ডেকে বললেন, ‘তোমরা তো দারুণ পরিশ্রমী। তোমাদের বয়সে আমিও এমনই ছিলাম। একটা কাজ করবে নাকি তোমরা? রোজ তোমাদের কলেজ ছুটির পর আমার বাড়ির সামনের ডাস্টবিনটাকে পেটাবে? এক ডলার করে পাবে।’

ছেলেরা তো এমনিতেই পেটাত। এখন সপ্তাহে এক ডলার করে আয় করতে পেরে তারা খুশি।

কয়েক দিন পর ভদ্রলোক তাদের ডেকে বললেন, ‘শোনো, জিনিসপত্রের দাম গেছে বেড়ে। এক ডলার করে দিতে পারব না। আধা ডলার করে দিতে পারব।’

ছেলেরা আপত্তি করলেও মেনে নিল। তারও কয়েক দিন পর তিনি বললেন, ‘না, আধা ডলার করেও পারব না। সিকি ডলার করে পাবে।’

এইবার ছেলেরা খেপে গেল। বলল, ‘আমরা ফকির নাকি? করব না আর এই কাজ।’

তারপর থেকে ভদ্রলোকের বাড়ির সামনের ডাস্টবিনে আঘাত করার ঘটনা আর কখনো ঘটেনি।

এই কৌতুকের উপদেশটা আমরা সবাই সহজেই বুঝতে পারছি।

কী বুঝলেন?

১. বিনে পয়সার কাজ আমি করে দিতে রাজি আছি, কম পয়সায় আমি কাজ করতে রাজি না।

২. ছেলেপুলেদের কোনো কাজ করতে বাধা দিয়ো না। বুদ্ধি দিয়ে নিজের উদ্দেশ্য সিদ্ধি করে নাও।

৩. বুড়ো মানুষ বোকা হন, তাঁরা অকারণে টাকা নষ্ট করেন। আমরা আসলে পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ডাস্টবিন পেটানোর সময় আমাদের নেই। অকারণেই বৃদ্ধ কিছু টাকা নষ্ট করল।

আরেকটা গল্প।

এক বৃদ্ধলোক রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন। এটা ওয়ানওয়ে রোড। সব গাড়ি একদিকে চলছিল।

বৃদ্ধ ভুল করে উল্টো দিকে যেতে লাগলেন।

এই সময় তাঁর স্ত্রী তাঁকে ফোন করে বললেন, ‘শোনো, একটা বুড়ো নাকি উল্টো দিকে গাড়ি চালাচ্ছে ওই রোডে। তুমি সাবধানে চালাও।’

বৃদ্ধ বললেন, ‘একটা বুড়ো না, হাজার হাজার গাড়ি উল্টো দিক থেকে আসছে। সবার মাথা বোধ হয় খারাপ হয়ে গেছে।’

এই কৌতুকের উপদেশ কী?

আপনি যদি ভুল থাকেন, অন্য সবাইকেই তখন ভুল বলে মনে হয়। আর আপনি যদি ঠিক থাকেন, তাহলে অল্পজনকেই আপনার ভুল বলে মনে হবে।

আচ্ছা, সব বৃদ্ধই কি এই রকম ভুলো মনের হন? বোকাসোকা হন?

এবার এক চালাক বৃদ্ধার গল্প।

তিনি একটা বড় দোকানে ঢুকে কেনাকাটা করছেন। তারপর এক তরুণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তরুণটি বলল, ‘ম্যাডাম, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন?’

বৃদ্ধা বললেন, ‘তুমি দেখতে আমার ছেলের মতো। আমার ছেলেটা গত মাসে মারা গেছে।’

তরুণ বলল, ‘আমি খুবই দুঃখিত। আমি আপনার জন্য কী করতে পারি?’

বৃদ্ধা বললেন, ‘প্রতিবার বিদায়ের সময় আমার ছেলে আমাকে বলত, গুডবাই মাদার। আমি যখন যাব, তখন তুমি কি আমাকে বলতে পারবে, গুড বাই, মা?’

তরুণ বলল, ‘অবশ্যই পারব।’

বৃদ্ধা দোকান থেকে বেরিয়ে গেলেন। ছেলেটা হাত নাড়তে নাড়তে বলল, ‘গুডবাই, মাদার।’

একটু পরে ছেলেটা দোকান থেকে বেরোতে গেলে তাকে ক্যাশিয়ার আটকে দিল। বলল, ‘আপনার মা ১৪৫ ডলার খরচ করেছেন। বিলটা দিয়ে যান।’

এ ধরনের একটা ঘটনা আমাদের এক বন্ধুর জীবনে ঘটেছিল। বন্ধুটি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিল। ট্রাফিক পুলিশ তাকে আটকে দেয়। আমাদের বন্ধু মাফ চাইলে পুলিশ তাকে বলে, ‘ওই দোকানে গিয়ে এক শ টাকা দিয়ে যাও।’

আমাদের বন্ধু দোকানে যায় এবং বলে, ‘ওই স্যার আমাকে পাঁচ শ টাকা দিতে বলেছেন।’

দোকানি পুলিশের উদ্দেশে হাত নাড়ে। পুলিশও হাত নাড়ে। দোকানি আমাদের বন্ধুকে পাঁচ শ টাকা দিয়ে দেয়।

আচ্ছা, প্রথম কৌতুকটা থেকে আরেকটা পুরোনো কৌতুক মনে পড়ছে। আয়ারল্যান্ডের লোকেরা খুব কিপ্টে। তাদের বাসের ভাড়া এক পয়সা। তবু কেউ বাসে ওঠে না। সবাই হেঁটেই যাতায়াত করে।

কর্তৃপক্ষ বাসের ভাড়া আধা পয়সা করে দিল। তখন আয়ারল্যান্ডের লোকেরা মিছিল বের করল, ‘বাসের ভাড়া কমল কেন, কর্তৃপক্ষ জবাব চাই।’

কর্তারা বললেন, ‘বাসের ভাড়া কমিয়েছি, আপনারা খুশি না হয়ে মিছিল করছেন কেন?’

জনতা বলল, ‘আমরা আগে হেঁটে চলাচল করতাম, আমাদের এক পয়সা করে বাঁচত। এখনো আমরা হেঁটেই চলাচল করি, কিন্তু আমাদের বাঁচে মোটে আধা পয়সা। আমাদের অনেক লস হচ্ছে।’

তাই তো!

আপনারা কি জানেন, ঢাকায় কোন মিষ্টির দোকান বেশি চলে? কোন খাবারের দোকান? দিনাজপুরের কোন লিচুর কদর বেশি?

যে দোকানে দাম বেশি। কারণ, এগুলো দেওয়া হয় মানুষকে খুশি করার জন্য। আপনার বসকে খুশি করবেন, কম দামি দোকানের মিষ্টিতে চলবে না। অফিসের ঠিকাদারির কাজের দেনদরবার হবে। সস্তা খাবারের হোটেলে চলবে না। দামি দোকান হতে হবে। দিনাজপুরের বড় লিচুও সব ঢাকায় চলে আসে। এগুলো বড়কর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় উপঢৌকন হিসেবে। দাম কম রাখলে ঢাকার বহু দোকান আর চলবেই না।

শেষ করি। পুরোটাই আজারে হলে তো চলবে না। আমাদের সহকর্মী শওকত হোসেন মাত্র সেদিন এই বিভাগের কলামে একটা সুইস ব্যাংকের কৌতুক বলেছেন। সেটা দিয়েই শেষ করি।

একজন আফ্রিকান শাসক গেছেন সুইস ব্যাংকে: ‘বলুন, আপনাদের ব্যাংকে আমাদের দেশের কে কে টাকা রেখেছে।’

‘বলব না।’

‘আপনাকে এক শ কোটি টাকা দেব। বলুন।’

‘না, বলব না।’

‘পাঁচ শ কোটি দেব।’

‘না, বলব না।’

‘এই দেখুন রিভলভার। আপনার মাথা উড়িয়ে দেব।’

‘না, বলব না।’

‘গুড। আমার টাকাও তাহলে আপনার ব্যাংকে রাখুন।’

আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।