দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ ১৯৮৫ সালে ‘সার্ক’ (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওনাল কো-অপারেশন) গঠনের মধ্য দিয়ে শুরু হয়। বর্তমানে সার্কে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত। সার্ক অঞ্চলের অভ্যন্তরে অভ্যন্তরীণ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নের লক্ষ্যে ১৯৯৩ সালে ‘সাপটা’ (সার্ক প্রেফারেনশিয়াল ট্রেডিং অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়, যা ১৯৯৫ সালে কার্যকর হয়। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে ‘সাফটা’ (সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া) চুক্তি করা হয়, যা সার্ক সদস্যদের মধ্যে আঞ্চলিক বাণিজ্যকে আরও সক্রিয়ভাবে উন্নীত ও সহজতর করার জন্য করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণ এশিয়ায় তিনটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে। এগুলো হলো ভারত-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় এফটিএ, ভারত-ভুটান দ্বিপক্ষীয় এফটিএ এবং পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় এফটিএ। উপরন্তু, ‘বিবিআইএন’ (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) একটি উপ-আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ, যা এই চারটি দেশের মধ্যে একীভবনকে আরও শক্তিশালী পর্যায়ে উন্নীত করতে চায়। এতত্সত্ত্বেও, দক্ষিণ এশিয়া বিশ্বের সর্বনিম্ন সমন্বিত অঞ্চলগুলোর মধ্যে একটি। এ অঞ্চলের মোট বৈদেশিক বাণিজ্যের মাত্র ৫ শতাংশ আঞ্চলিক বাণিজ্য।
দক্ষিণ এশিয়ায় বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। সাফটায় দীর্ঘ ‘সংবেদনশীল পণ্যের তালিকার’ উপস্থিতি, অশুল্ক বাধা, বাণিজ্যের অবকাঠামোগত সুবিধার অভাব এবং দেশগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতার প্রধান বাধাসমূহ বলে মনে করা হয়। উপরন্তু, যদিও পরিষেবা বাণিজ্যের উদারীকরণ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অ্যাজেন্ডা, ২০১০ সালে স্বাক্ষরিত হওয়ার পরও ‘সাটিস’ (সার্ক অ্যাগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস)-এর কোনো অগ্রগতি হয়নি।
এ ছাড়া দক্ষিণ এশিয়ায় সরাসরি বৈদেশিক বিনিয়োগ পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম এবং ভারতই তার সিংহভাগ পেয়ে থাকে। আঞ্চলিক বাণিজ্যের মতোই আঞ্চলিক বৈদেশিক বিনিয়োগ দক্ষিণ এশিয়ায় মোট বৈদেশিক বিনিয়োগের মাত্র ৫ শতাংশ এবং এই অঞ্চলে ভারতই একমাত্র প্রভাবশালী বিনিয়োগকারী। একটি অভারতীয় ও রাজনৈতিক-অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এমন উদ্বেগ রয়েছে যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ভারত থেকে একটি পরিষ্কার এবং শক্তিশালী নেতৃত্ব দরকারি হলেও সে রকম কিছু এখনো চোখে পড়ছে না। উপরন্তু, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এখনো অনেকটা সংরক্ষণবাদী।
উল্লিখিত ‘হতাশাজনক’ পরিস্থিতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ার বৃহত্তর এশিয়ায় একীকরণের জন্য আকাঙ্ক্ষা আছে। এ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলো এশিয়ার অন্যান্য দেশ, বিশেষত পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ‘বিমসটেক’ (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) এ রকমই একটি উদ্যোগ, যা দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশকে (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা) দুটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ (থাইল্যান্ড ও মিয়ানমার)-এর সঙ্গে একীভূত হওয়ার সুযোগ তৈরি করেছে। যদিও বিমসটেকের যাত্রা শুরু ১৯৯৭ সালে, ২০ বছর অস্তিত্বের পরও বিমসটেকের সাফল্যের পরিমাণ খুবই কম।
ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘আসিয়ান’ (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস)-এর ১০টি সদস্যরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, যা ২০১০ সাল থেকে কার্যকর আছে। চীনের ‘বিআরআই’ (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ)-এর অধীনে ‘বিসিআইএম’ (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) অর্থনৈতিক করিডর এশিয়ার দুটি ‘অর্থনৈতিক দৈত্যের’ (চীন ও ভারত) মধ্যে বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্য একীকরণের সুযোগ সৃষ্টি করেছে। বিসিআইএম অর্থনৈতিক করিডর বাংলাদেশের জন্যও ব্যাপক অর্থনৈতিক লাভের সম্ভাবনা সৃষ্টি করেছে। তবে, ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে বিসিআইএম অর্থনৈতিক করিডর এখনো চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে ‘সিপি’ (চীন-পাকিস্তান) অর্থনৈতিক করিডর সব বিআরআই উদ্যোগের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ে রয়েছে। তবে সিপি একটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক করিডর হওয়ায় এটা অন্য প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে কোনো আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়নি।
এশিয়াতে সবচেয়ে বৃহৎ আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ হলো ‘আরসিইপি’ (রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ), যা আসিয়ানের ১০টি সদস্যরাষ্ট্র এবং ছয়টি রাষ্ট্র (অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড), যাদের সঙ্গে আসিয়ানের দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের সবাইকে নিয়ে একটি বৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি। আরসিইপি সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত মেগা ট্রেডিং ব্লকগুলোর মধ্যে একটি। ২০১২ সালে আরসিইপির আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এখন পর্যন্ত ১৯টি রাউন্ডের আলোচনা শেষ হয়েছে। আরসিইপি বিশ্ব জনসংখ্যার ৪৫ শতাংশ, বিশ্ব জিডিপির প্রায় ৪০ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ প্রতিনিধিত্ব করে। আরসিইপি এশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তিগুলোর মধ্যে ওভারল্যাপ কমাতে সাহায্য করতে পারে, রুলস অব অরিজিনের নিয়মকানুনকে যুক্তিসংগত করতে পারে এবং বহুজাতিক করপোরেশনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ ও প্রযুক্তি স্থানান্তরকে ত্বরান্বিত করতে পারে।
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভারত আরসিইপিতে অংশ নিয়েছে এবং এটা ভারতকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নত অর্থনীতিগুলোর সঙ্গে একীভূত হওয়ার এবং গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু আরসিইপির সদস্য হতে না পারায় দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য আরসিইপি কার্যকর হলে কিছু গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে। আরসিইপি এর কারণে বাণিজ্য শাসনসমূহের এবং নিয়মতন্ত্রের মান বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো লিস্ট ডেভেলপড কান্ট্রিগুলোর জন্য, রপ্তানিতে অপ্রত্যাশিত অশুল্ক বাধা হিসেবে কাজ করতে পারে। অতএব, এই দেশগুলোর বাণিজ্য অবকাঠামো, ক্ষমতা এবং প্রতিষ্ঠানের মান উন্নত করতে দৃঢ় প্রচেষ্টা প্রয়োজন।
আরসিইপি একই সঙ্গে দক্ষিণ এশীয় অন্য দেশগুলোর ভারত ও চীনের বাজারে বাণিজ্য অগ্রাধিকারের ক্ষয়ের শঙ্কা সৃষ্টি করছে। অর্থনৈতিক মডেল ব্যবহার করে দেখা গেছে যে আরসিইপি মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ভারতসহ আরসিইপি অন্তর্ভুক্ত সব সদস্য মুক্ত বাণিজ্য থেকে লাভবান হবে। তবে দক্ষিণ এশীয় অন্য দেশগুলো এই মুক্ত বাণিজ্য চুক্তি থেকে ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নেপাল ও বাংলাদেশ। কারণ, এই দুটি দেশ ভারত ও চীনের বাজারে অধিক মাত্রায় বাণিজ্য অগ্রাধিকার ভোগ করে।
এই অবস্থা থেকে উত্তরণের পথ কী? ওই একই অর্থনৈতিক মডেল ব্যবহার করে দেখা গেছে, একটি ‘বর্ধিত আরসিইপি’ দৃশ্যকল্পে, যেখানে আরসিইপি মুক্ত বাণিজ্য চুক্তিতে অন্য দক্ষিণ এশীয় দেশগুলো যোগ দিতে পারে, তাতে দক্ষিণ এশীয় দেশগুলোই লাভবান হবে এবং ভারতের লাভটি আরসিইপির অধীনের লাভের চেয়ে বড় হবে। অতএব, দক্ষিণ এশীয় অন্য দেশগুলোর চেষ্টা করা উচিত কীভাবে তারা আরসিইপিতে অংশ নিতে পারে। এ রকম একটি ‘বর্ধিত আরসিইপি’ অবশ্যই দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে অর্থপূর্ণ একীকরণের সুযোগ সৃষ্টি করতে পারে। দক্ষিণ এশীয় অন্য দেশগুলোকে এই যাত্রায় শামিল করার জন্য ভারতের নেতৃত্বসুলভ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
ড. সেলিম রায়হান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং সানেম-এর নির্বাহী পরিচালক।