বেঁচে আছি, এই কি যথেষ্ট নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষররত প্রেসিডেন্ট ট্রাম্প
হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষররত প্রেসিডেন্ট ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম ১০০ দিনে কী কী করবেন, তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঘোষণা করেছিলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ২০ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করবেন, ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যবিমা বাতিল করে নতুন স্বাস্থ্যবিমা আইন চালু করবেন, মেক্সিকোর সঙ্গে দেয়াল নির্মাণ শুরু করবেন, সুপ্রিম কোর্টে একজন রক্ষণশীল বিচারপতির মনোনয়ন দেবেন এবং মেক্সিকো ও কানাডার সঙ্গে ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি নাফটা বাতিল করবেন বা নতুন করে চুক্তি সম্পাদনের কথা ঘোষণা করবেন। এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামো কর্মসূচি গ্রহণ করার কথাও ঘোষণা করেছিলেন। এ রকম মোট ১৮টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, যাকে তিনি বলেছিলেন ‘আমেরিকার সঙ্গে আমার চুক্তি’। এই তালিকার মাত্র একটি, নিলগরসাচকে বিচারপতি হিসেবে নিয়োগ, তিনি রক্ষা করতে পেরেছেন।
একজন প্রেসিডেন্টের দক্ষতা প্রথম ১০০ দিনে বোঝা সম্ভব নয়, সে চেষ্টাও অন্যায়। আমেরিকায় প্রথম ১০০ দিনে কোনো প্রেসিডেন্টের কর্মদক্ষতার হিসাব-নিকাশ গ্রহণের এই প্রথা প্রেসিডেন্ট রুজভেল্টের সময় থেকে চলে আসছে। ১৯৩৩ সালে রুজভেল্ট তাঁর প্রথম দফা শাসনামলে কার্যত মার্কিন সামাজিক নিরাপত্তাব্যবস্থা আমূল বদলে ফেলেছিলেন। এই সময়ের মধ্যে শুধু তাঁর পুরো মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে তাই নয়, কংগ্রেসের সহায়তায় তিনি ৭৬টি আইন পাস করিয়েও নিয়েছিলেন।
ট্রাম্পের প্রথম ১০০ দিনে একটিও অর্থপূর্ণ সাংসদীয় সাফল্য নেই। তিনি এখন পর্যন্ত তাঁর মন্ত্রিসভা পুরোপুরি গঠন করতে পারেননি। শুধু মন্ত্রিসভা নয়, সিনেটের সমর্থন লাগে এমন ৫৫৬টি পদে তিনি এই পর্যন্ত নিয়োগ নিশ্চিত করতে পেরেছেন মাত্র ৪৭০টি।
তবে প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যে তিনি এ পর্যন্ত মোট ২৬টি নির্বাহী নির্দেশ জারি করেছেন। ট্রাম্প সেটাকেই তাঁর প্রথম
১০০ দিনের সাফল্য বলে উল্লেখ করেছেন। এই অল্প সময়ে তিনি যা অর্জন করেছেন, অন্য কেউই তা পারেননি, তিনি দাবি করেছেন। কিন্তু নির্বাহী আদেশ কোনো প্রতিশ্রুতি পূরণ নয়, শুধু সেই উদ্দেশ্যে নিজের ইচ্ছার কথা ঘোষণা। ট্রাম্প ধরে নিয়েছিলেন, তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, আর বিনা ঝামেলায় তা প্রতিপালিত হবে। বাস্তবে দেখা গেল কাজটা তত সহজ নয়। এ দেশের আদালত বা আইন পরিষদ—কোনোটাই তাঁর নিয়ন্ত্রণাধীন নয়।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে মুসলিম আগমন নিষিদ্ধ ঘোষণা করে নির্বাহী আদেশ দিয়েছিলেন, তিন মাস পরও আদালতের হস্তক্ষেপে সে আদেশ বাস্তবায়িত হয়নি। কংগ্রেসের উভয় কক্ষ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে, তিনি নিশ্চিত ছিলেন তাঁর প্রস্তাবমতো ওবামাকেয়ার বাতিল হয়ে তাঁর জায়গায় নতুন স্বাস্থ্যবিমা আইন পাস হয়ে যাবে। কিন্তু নিজের দলের মধ্যেই পর্যাপ্ত ভোট না থাকায় সে আইন আজ পর্যন্ত গৃহীত হয়নি। বস্তুত এ নিয়ে কংগ্রেসে কোনো ভোটাভুটিই হয়নি। ব্যাপারটা তাঁর জন্য অত্যন্ত বিব্রতকর, সে কারণে ট্রাম্প কংগ্রেসে নিজ দলের সদস্যদের কাছে দাবি রেখেছিলেন ১০০ দিনের মধ্যেই নতুন স্বাস্থ্যবিমা আইন পাস করতে হবে। সে লক্ষ্যে নিজে বিস্তর সলাপরামর্শ করেছেন, কারও কারও হাত মচকে ধরেছেন। তিন দিন আগে কংগ্রেসের অতি রক্ষণশীল টি-পার্টিভুক্ত রিপাবলিকান সদস্যরা জানিয়েছিলেন, ফের নতুন করে যে স্বাস্থ্যবিমা আইনের খসড়া তৈরি হয়েছে, তা সমর্থন জানাতে তাঁরা প্রস্তুত। এই ঘোষণার কারণে হোয়াইট হাউস থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল এই শুক্রবার, অর্থাৎ ট্রাম্পের ৯৯ দিনের মাথায় সে খসড়া প্রস্তাব পাস করা সম্ভব হবে। কিন্তু বৃহস্পতিবার স্পিকার পল রায়ান জানালেন, নতুন খসড়ার পক্ষে এখনো পর্যাপ্ত সমর্থন নেই, ফলে আপাতত সেই প্রস্তাব ভোট দেওয়া হচ্ছে না।
ট্রাম্পের জন্য অন্য আরেক ব্যর্থতা হলো, মেক্সিকোর সঙ্গে দেয়াল নির্মাণের জন্য কিছুতেই কিছু করে উঠতে পারছেন না। সে দেয়াল নির্মিত হবে এবং তার জন্য মেক্সিকো অর্থ জোগাবে, নির্বাচনের সময় এটিই ছিল তাঁর প্রধান স্লোগান। মেক্সিকো সাফ সাফ ‘না’ বলে দেওয়ার পর তিনি হাত পাতেন কংগ্রেসের কাছে। ট্রাম্প রিপাবলিকান কংগ্রেসের কাছে দেড় বিলিয়ন ডলার প্রাথমিক বরাদ্দ হিসেবে দাবি করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সে ব্যয় বরাদ্দ গৃহীত হওয়ার কোনো লক্ষণ নেই। কংগ্রেসের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় মাথাব্যথা শুক্রবারের মধ্যে সরকারি কাজকর্ম চালু রাখার জন্য স্বল্পমেয়াদি ব্যয় বরাদ্দ প্রস্তাব গ্রহণ। ট্রাম্প জানিয়েছিলেন, এই ব্যয় বরাদ্দে তাঁর দেয়াল বাবদ দেড় বিলিয়ন ডলারের ব্যবস্থা রাখতে হবে। তা না থাকলে তিনি সে ব্যয় বরাদ্দ প্রস্তাব স্বাক্ষর করবে না, এর ফলে যদি সরকারি কাজকর্ম অচল হয়ে যায়, তবু। ট্রাম্প আশা করেছিলেন, তাঁর হুমকিতে কাজ হবে, কারণ ফেডারেল সরকারের কাজকর্ম বন্ধ হলে তার দায়ভার রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের ঘাড়েই বর্তাবে। কিন্তু ডেমোক্র্যাটরা তো বটেই, অনেক রিপাবলিকান সদস্যও সাফ জানিয়ে দেন, এই দেয়ালের কোনো প্রয়োজন আছে বলে তাঁরা মনে করেন না। তাঁদের কেউ কেউ এই দেয়ালকে ‘অনৈতিক’ বলেও অভিহিত করেন। কংগ্রেসের কাছ থেকে পাল্টা হুমকি শুনে ট্রাম্প নিজেই সুর বদলেছেন, জানিয়েছেন সেপ্টেম্বরে পরবর্তী ব্যয় বরাদ্দ প্রস্তাব প্রণয়নের সময় তাঁর দেয়ালের জন্য অর্থ বরাদ্দ অন্তর্ভুক্ত করা হলে তিনি আপত্তি করবেন না।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর চেয়ে চালাক, বুদ্ধিমান ও পণ্ডিত লোক খুব বেশি নেই। তিনি স্বাস্থ্যবিমা থেকে যুদ্ধনীতি ইত্যাদি যেকোনো প্রশ্নে সবার চেয়ে বেশি জানেন। কার্যত দেখা যাচ্ছে, তিনি অধিকাংশ প্রশ্নেই অনভিজ্ঞ ও অজ্ঞ। ওবামাকেয়ার বাতিল করতে ব্যর্থ হলে তিনি মন্তব্য করেছিলেন, স্বাস্থ্যবিমা বিষয়টা যে এত জটিল তা কে জানত! নির্বাচনী প্রচারণার সময় তিনি ঘোষণা করেছিলেন, ক্ষমতা নেওয়া মাত্রই তিনি চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ হিসেবে ঘোষণা করবেন, কারণ চীন সে দেশের অর্থের মান কৃত্রিমভাবে নির্ধারণ করে থাকে। দুই সপ্তাহ আগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের মুখোমুখি আলাপ হয়। ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট সি তাঁকে ১০ মিনিটের মধ্যে অর্থের মান নির্ধারণের বিষয়টি বুঝিয়ে বলেছেন। এখন তিনি বুঝতে পেরেছেন বিষয়টি তত সরল নয়। সে কথার প্রতি ইঙ্গিত করে ওয়াশিংটন পোস্ট পত্রিকার ভাষ্যকার মাইকেল গার্সন মন্তব্য করেছেন, ‘ট্রাম্প লোকটা গবেট আমরা জানতাম, কিন্তু তাই বলে এতটা গবেট, তা আমরা ভাবিনি।’
রাজনৈতিক ও সংসদীয় ব্যর্থতা ছাড়াও ট্রাম্পের হোয়াইট হাউসের জন্য অন্য প্রধান শিরঃপীড়া একদিকে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব, অন্যদিকে একের পর এক স্ক্যান্ডাল। মস্কোর সঙ্গে গোপন আঁতাত নিয়ে এফবিআই ও কংগ্রেসের উভয় কক্ষের তদন্ত চলছে। খোদ ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য ‘অনৈতিক’ নানা কার্যকলাপে জড়িত, এই অভিযোগও এখন জোরদার হচ্ছে। ট্রাম্প নিজে প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের পর্যন্ত করা হয়েছে। তাঁর জামাতা জ্যারেড কুশনার ও কন্যা ইভাঙ্কার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। ট্রাম্প হোয়াইট হাউসকে যেভাবে তাঁর পারিবারিক ব্যবসায় পরিণত করেছেন, তা নিয়েও কথা উঠেছে। উদারনৈতিক ওয়েব পত্রিকা হাফিংটন পোস্ট লিখেছে, তৃতীয় বিশ্বের অনেক দেশে সরকারি ক্ষমতা রাষ্ট্রপ্রধান ও তাঁর পরিবারের মধ্যে সীমিত। ট্রাম্পের হোয়াইট হাউস এখন ঠিক সেই রকম একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে।
এদিকে অব্যাহত সমালোচনা ও স্ক্যান্ডাল এড়াতে ট্রাম্প সিরিয়া ও আফগানিস্তানে সামরিক হামলা চালিয়ে বসেছেন। উত্তর কোরিয়ার সঙ্গেও প্রয়োজনে যুদ্ধে যাবেন, এমন হুমকি দিয়েছেন। সামরিক বিশেষজ্ঞদের কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ট্রাম্প আগপাছ বিবেচনা না করেই হয়তো নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন। এবিসি টিভির গৃহীত এক জনমত জরিপে এক উল্লেখযোগ্যসংখ্যক আমেরিকান জানিয়েছেন, তাঁদের বিশ্বাস ট্রাম্পের সময়ে বড় ধরনের নতুন কোনো যুদ্ধ বাধতে পারে।
রক্ষণশীল হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেভিড এরন মিলার বলেছেন, ট্রাম্প ইতিমধ্যে জর্জ বুশের ইরাক-ইরান-উত্তর কোরিয়া নিয়ে গঠিত ‘অশুভ চক্রের’ স্থলে নতুন ‘অশুভ চক্রের’ সন্ধান পেয়েছেন। এই চক্রে ইরান ও উত্তর কোরিয়া আছে আর ইরাকের বদলে যুক্ত হয়েছে সিরিয়া। বুশ চেয়েছিলেন এই তিন দেশকে সামরিক আগ্রাসনের মাধ্যমে নিজের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন। ‘বুশ খুব একটা সফল হননি, ট্রাম্পও হবেন বলে মনে হয় না।’ নির্বাচনের আগে ট্রাম্প ইঙ্গিত করেছিলেন, মস্কোর সঙ্গে তিনি সম্পর্কোন্নয়ন করতে চান। কিন্তু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যে অপরাধমূলক (‘ক্রিমিনাল’) তদন্ত যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে, তাতে সে সম্ভাবনা ইতিমধ্যে ফিকে হয়ে এসেছে। বস্তুত সোভিয়েত ইউনিয়ন পতনের পর ২০ বছরের ব্যবধানে এই প্রথমবারের মতো মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ঠান্ডা লড়াই নতুন করে শুরু হয়েছে।
তবে যত যা-ই হোক, ট্রাম্পের প্রথম ১০০ দিনে খুব বড় ধরনের কোনো অঘটন যে ঘটেনি, যে অঘটনের ভয় অনেকেই পেয়েছিলেন, সেটিই সম্ভবত এই সময়ের প্রধান ইতিবাচক দিক। সুপরিচিত রিপাবলিকান কৌশলবিদ আনা নাভারো সে কথা উল্লেখ করে বলেছেন, এই ১০০ দিনের পর আমরা যে এখনো বেঁচে আছি, কেউ মারা পড়িনি, সেটাই কি খুব কম সাফল্য?
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।