বেইজিং ও মস্কোয় নিষ্ফল সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইজিংয়ে মাও সে তুংয়ের সঙ্গে রিচার্ড নিক্সন
বেইজিংয়ে মাও সে তুংয়ের সঙ্গে রিচার্ড নিক্সন
রিচার্ড নিক্সন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ১৯৬৯ সালের ২০ জানুয়ারি থেকে ১৯৭৪ সালের ৯ আগস্ট পর্যন্ত। তাঁর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঞ্জার। তাঁরা বিশ্বকে কীভাবে দেখেছেন, সমসাময়িক বিশ্ব তাঁদের কীভাবে মূল্যায়ন করেছে, সেই সব উঠে এসেছে টিম ওয়েনারের ওয়ান ম্যান অ্যাগেইনস্ট দ্য ওয়ার্ল্ড: ট্র্যাজেডি অব রিচার্ড নিক্সন বইয়ে।

১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নিক্সনের বিমানটি বেইজিংয়ে অবতরণ করে। তাঁর সঙ্গে ছিলেন প্রায় ২০০ আমেরিকান। বিমানবন্দরে নিক্সনকে অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই। সরকারি অতিথিশালায় পৌঁছার ৯০ মিনিট পর চৌ অপ্রত্যাশিতভাবে নিক্সনকে জিজ্ঞেস করেন, তিনি এখনই চেয়ারম্যান মাও সে তুংয়ের সঙ্গে দেখা করতে চান কি না। 

নিক্সন অবাক হলেও কিসিঞ্জার ও তাঁর সহকারী উইস্টন লর্ডকে নিয়ে মাওয়ের বাসভবনের উদ্দেশে বের হলেন।
মাও ছিলেন কৃষকের সন্তান। নিক্সনও নিজেকে কৃষকের সন্তান বলে দাবি করেন। মাওয়ের জন্ম ১৮৯৩ সালে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯২৭ সালে চিয়াং কাইসেক কমিউনিস্টদের হত্যা ও কারাগারে পাঠাতে থাকলে মাও পার্বত্য অঞ্চলে গিয়ে কৃষকদের নিয়ে গঠন করেন গেরিলা বাহিনী। মাও যখন লংমার্চে নেতৃত্ব দেন, নিক্সন তখন ল স্কুলে পড়েন। ১৯৩৭ সালে জাপান চীন আক্রমণ করলে মাও ও কাইসেক একত্র হয়ে এর মোকাবিলা করেন। ১৯৪৯ সালে মাওয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি রাষ্ট্রক্ষমতা দখল করলে কাইসেক তাইওয়ানে পালিয়ে যান। সেই থেকে তাইওয়ান যুক্তরাষ্ট্রের মিত্র এবং কমিউনিস্ট চীন তার শত্রু। আজ সেই শত্রুর সঙ্গে মোলাকাত করতেই নিক্সন বেইজিংয়ে এসেছেন।
সাক্ষাতের শুরুতে নিক্সন বললেন, তিনি চেয়ারম্যান মাওয়ের কবিতা ও ভাষণগুলো পড়েছেন। তিনি আরও যোগ করলেন, চেয়ারম্যানের এই লেখা একটি জাতিকে ও বিশ্বকে বদলে দিয়েছে। মাও জবাব দিলেন, ‘আমি বদলাতে পারিনি।’ এরপর মাও বিষয় পাল্টে চিয়াং কাইসেকের প্রসঙ্গ তুলে বলেন, ‘আমাদের বন্ধুত্বের ইতিহাস তোমাদের সঙ্গে তার বন্ধুত্বের ইতিহাসের চেয়ে দীর্ঘ।’
নিক্সনের জবাব, ‘হ্যাঁ, আমি জানি।’
মাও-নিক্সনের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি ঘুরেফিরে আসে—কীভাবে বৈরীভাব কমিয়ে দুই দেশের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা যায়। একই সঙ্গে তাঁরা নিজ নিজ অবস্থান সম্পর্কেও সজাগ। নিক্সন চাইছিলেন এই সফরের মাধ্যমে ভিয়েতনামের ওপর চাপ সৃষ্টি করতে। অন্যদিকে চীনের উদ্দেশ্য এক চীন নীতি প্রতিষ্ঠা করা। বেইজিং মনে করে, তাইওয়ান চীনের অবিভাজ্য অংশ। নিক্সন তাঁর বক্তব্যে বারবার মাওয়ের স্তুতি করছিলেন। জবাবে মাও আগের বছর কিসিঞ্জারের সফরের কথা উল্লেখ করে বলেন, ‘কিসিঞ্জার যা বলেছেন, সেটি যদি আমরা করতে না পারি, তাহলেও ক্ষতি নেই। চীন সফরের জন্যই নিক্সন বিখ্যাত হয়ে থাকবেন।’ কিসিঞ্জার কৃত্রিম ভদ্রতার সঙ্গে বললেন, প্রেসিডেন্টের নির্দেশ ও পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে। নিক্সনের পাল্টা জবাব, তিনি অত্যন্ত ধীমান সহকারী বলেই কথাটি এভাবে বলেছেন। মাও তখন হাসছিলেন।
এই কথোপকথনের মধ্যে নিক্সন কঠিন বিষয়ে আসতে চাইলেন, যেমন দুই চীন, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র-সোভিয়েত সম্পর্ক, যেগুলো জরুরি সমস্যা হিসেবে চিহ্নিত। বললেন, ‘চেয়ারম্যানের জীবন আমাদের সবার জানা, তিনি খুব গরিব পরিবার থেকে এসেছেন এবং বিশ্বের সবচেয়ে জনবহুল ও মহৎ দেশটির শীর্ষ পদে আরোহণ করেছেন....আমিও অত্যন্ত গরিব পরিবার থেকে এসেছি এবং এক মহৎ জাতির শীর্ষ পদে আরোহণ করেছি। ইতিহাসই আমাদের কাছে টেনে এনেছে। আমাদের দর্শন ভিন্ন হলেও আমরা যদি বরফ গলাতে পারি, তাহলে কেবল চীন বা আমেরিকা নয়, সারা বিশ্ব উপকৃত হবে। এ কারণেই আমরা এখানে বসেছি।’
মাও জবাব দিলেন, ‘যদি আমরা সমঝোতায় পৌঁছাতে না-ও পারি, তাহলেও আলোচনা হওয়া ভালো।’
এরপর প্রশ্ন ওঠে সাংহাইয়ে দুই শীর্ষ নেতার বৈঠকের পর প্রকাশিত ইশতেহারে কী কী থাকবে সেসব নিয়ে। আগের বছর চৌ এন লাই কিসিঞ্জারের সঙ্গে বৈঠকে পরামর্শ দিয়েছিলেন যে তাঁরা একমত না হতে পারলে প্রচলিত কূটনৈতিক রীতির বাইরে গিয়ে হলেও উভয় পক্ষ নিজ নিজ অবস্থান তুলে ধরবে।
উইস্টন লর্ড বলেন, ‘আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা একে অপরের প্রতি বিরূপ ছিলাম এবং আমরা আমাদের পার্থক্যগুলো বজায় রেখে চলেছি। অতএব আমরা যখন একটি সমঝোতায় পৌঁছাব, জনগণ আমাদের বিশ্বাস করবে।’ তিনি আরও যোগ করেন, ‘খোলাখুলি বলছি, যদি কোনো সমঝোতায় না–ও পৌঁছাতে পারি, প্রতিটি শব্দ আলোচনা হওয়া উচিত।’
সাংহাই ইশতেহারে ‘দুই চীন’ ইস্যুটি স্পষ্টভাবে এসেছে। এতে বলা হয়: যুক্তরাষ্ট্র সব চীনাকেই স্বীকার করে, তারা যেখানেই থাকুক না কেন। আবার তারা এ–ও মনে করে যে তাইওয়ান চীনের অংশ। যুক্তরাষ্ট্র তাদের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে না। চীনারা নিজেরা শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ান সমস্যার সমাধান করবে বলে আশা করে। এই লক্ষ্যে তারা তাইওয়ানে মার্কিন সেনা কমিয়ে আনা এবং চূড়ান্তভাবে প্রত্যাহার করারও ইঙ্গিত দেয়। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি বড় নাটকীয় পরিবর্তন।
প্রেসিডেন্ট নিক্সন ও প্রধানমন্ত্রী চৌ এন লাই ভিয়েতনাম নিয়ে দীর্ঘ আলোচনা করেন। নিক্সন চৌকে বহুবার হানয়কে এই মর্মে বার্তা পাঠাতে বলেন যে নিক্সন এর একটি সামরিক ও রাজনৈতিক সমাধান চান; কিন্তু সায়গনের সরকারকে উৎখাত করা যাবে না। তিনি আশা করেন, ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে চীনের সমর্থন পাবেন। কিন্তু এই আশা ছিল কল্পনাপ্রসূত।
চৌ এন লাই প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলেন, ‘কেন তোমরা ভিয়েতনাম ত্যাগ করছ না। তোমাদের উচিত এ ব্যাপারে অত্যন্ত সাহসী মনোভাব দেখানো এবং প্রত্যাহার করা। চীন ও উত্তর ভিয়েতনাম ঘনিষ্ঠ মিত্র না হলেও যদি যুদ্ধ লেগে যায়, আমরা অবশ্যই তাদের সাহায্য করব।’
চৌ আরও যোগ করেন, ‘তাইওয়ানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ব্যাপারে আমরা যদি সমঝোতায় পৌঁছাতে পারি, অন্যান্য সমস্যারও সমাধান হয়ে যাবে।’ নিক্সন জবাব দেন, ‘আমার লক্ষ্য গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। আমি বুঝতে পেরেছি যে এই লক্ষ্য অর্জনে তাইওয়ান সমস্যার সমাধানও অপরিহার্য।’ কিন্তু তিনি তাঁর বিরোধীদের এই প্রচারণার সুযোগ দিতে চান না যে প্রেসিডেন্ট ১৬ হাজার মাইল দূরে এসেছেন, তাইওয়ান সরকারের প্রতি তাঁর প্রতিশ্রুতির অবমূল্যায়ন করতে।
খসড়াটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে তিনি অনুমোদন করলেন। নিক্সন তাঁর পররাষ্ট্রমন্ত্রী রজারকে বেইজিং বিমানবন্দরে চৌ এন লাইয়ের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের অনুমতি দিলেন, কিন্তু ইশতেহার দেখতে দিলেন না। সাংহাই থেকে ১০০ মাইল
দূরে হাংহাও শহরে রজার ইশতেহার দেখার সুযোগ পান, যেখানে দুই শীর্ষ নেতার বৈঠক হওয়ার কথা। তিনি সেটি সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্শাল গ্রিনকে দেখালে তিনি বিচলিত হন। গ্রিন মনে করেন, ইশতেহারের ভাষার এমন ব্যাখ্যাও হতে পারে যে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত না করেই বেইজিং তাইওয়ানে হামলা চালাতে পারবে। এরপর রজার জানান, এই ইশতেহার বিপর্যয়কর।
২৮ ফেব্রুয়ারির সকালে বিমানে ওঠার আগমুহূর্তে চৌ এন লাই নিক্সনকে এই বলে সতর্ক করে দেন যে ‘যদি ভিয়েতনাম যুদ্ধ বন্ধ না করা যায়, সেটি যেকোনোভাবেই চলুক না কেন, উত্তেজনা কমানো অসম্ভব। এবং চীন সেখানে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমর্থন দিয়ে যাবে।
নিক্সনের চীন সফরের উদ্দেশ্য ছিল বেইজিংকে দিয়ে হানয়ের ওপর চাপ সৃষ্টি করা। কিন্তু তাঁর সেই উদ্দেশ্য সফল হয়নি।
একই উদ্দেশ্যে কয়েক মাসের ব্যবধানে মস্কো গেলেও সুবিধা করতে পারেননি। চীনে যেমন তাইওয়ানের ব্যাপারে ছাড় দিতে হয়েছে, মস্কোয় গিয়েও তাদের আগ্রহে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিরোধ চুক্তিতে সই করতে হয়েছে। ভিয়েতনাম প্রশ্নে তাদের অবস্থান একচুলও নড়েনি।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]