বেকারত্ব নতুন এক দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত পাতার নতুন নিয়মিত সাপ্তাহিক আয়োজন নাগরিক কলাম এখন থেকে ছাপা হবে প্রতি মঙ্গলবার। প্রথম আলোর যেকোনো পাঠক জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নিজের মতামত ও প্রতিক্রিয়া জানাতে পারবেন এই কলামে।
স্নাতকোত্তর সম্পন্ন করার পর জীবনের নতুন পর্যায় বেকারত্ব। বেকারত্ব অর্জন বা নিজেকে বেকার বলে পরিচয় দেওয়া দেশে যেন রীতি হয়ে গেছে। এই বেকারত্বের সময়সীমা অনেক দীর্ঘ। দিনের পর দিন গেলেও উচ্চশিক্ষিত অনেকেই বেকার থেকে যান।
প্রথম আলো পত্রিকার গত বছরের ২ মার্চ প্রধান শিরোনাম ছিল, ‘উচ্চশিক্ষিতদের প্রায় অর্ধেকই বেকার’। প্রতিবেদনে বলা হয়, কাজের বাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থা সংগতিপূর্ণ না হওয়ায় দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে।
প্রতিবছর উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা শিক্ষার্থীদের প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। একই দিনে ‘লক্ষ্যহীন উচ্চশিক্ষা, কর্মহীন স্নাতকেরা’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট-এর বরাত দিয়ে বলা হয়, স্নাতকদের শিক্ষাগত যোগ্যতা আর কাজের বাজারের মধ্যে বিশাল ফারাক থাকায় শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। একই প্রতিবেদনে আরও বলা হয়, শ্রমবাজার ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় নেই।
জাতীয় সংসদে সর্বশেষ অধিবেশনে যুব প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুসারে দেশে বেকারের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার।
এর দায় কার? শিক্ষার্থীদের কী দোষ? শিক্ষার্থী তো সিলেবাস, শিক্ষক ও প্রতিষ্ঠানের সম্মিলিত ফসল। শিক্ষার্থীকে বারবার বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর সম্পন্ন করতে হয়। আর স্নাতক, স্নাতকোত্তর সম্পন্ন করা একজন শিক্ষার্থীকে কীভাবে কর্মবাজারের অযোগ্য বলা হয়?
রাষ্ট্রের কাঠামোই এমন যে এখানে কিছু নির্দিষ্টসংখ্যক মানুষই কাজ পাবে। এর বাইরে কারও কাজ পাওয়ার সম্ভাবনা নেই। সে সুযোগও দেশে নেই। একদিকে যেমন প্রয়োজনীয় কারিগরি জ্ঞানের অভাব রয়েছে, আরেক দিকে অনেকের কাজের ক্ষেত্রও নেই।
এই বেকারের সংখ্যা ১০ থেকে ২০ জন নয়। এত বিশাল বেকারের পাহাড় নিয়ে দেশ কখনো সফলভাবে সামনে এগিয়ে যেতে পারে না। দিনের পর দিন এত মানুষ বেকার যে শুধু দুঃখের জাল বুনে দায়িত্ব পালন করা যায় না। যে অমূল্য সম্পদ মেধা অপচয় হচ্ছে, মানুষের জন্য যে সীমাহীন যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, তা নিয়ে কারও দুশ্চিন্তা আছে বলে মনে হয় না। যার ব্যথা সেই শুধু ভোগে।
তবু আমরা আশাবাদী, সরকার বেকার সমস্যা নিরসনে সুষ্ঠু পরিকল্পনা করে তা বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেবে। প্রয়োজনে দেশের শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সমন্বয় করে সরকার বেকারদের কর্মসংস্থানের অভিযান শুরু করবে এবং মেধার অপচয় রোধ করবে।
লেখক: শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি