বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব: স্নানের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শক-শ্রোতার অপার নান্দনিক তৃষ্ণা মিটিয়ে, আশার আলো জ্বালিয়ে শেষ হলো উৎসব
দর্শক-শ্রোতার অপার নান্দনিক তৃষ্ণা মিটিয়ে, আশার আলো জ্বালিয়ে শেষ হলো উৎসব

কান থেকে যেন নামতে চাইছে না সুরলহরি। ২৬ থেকে ৩০ ডিসেম্বর সুরের ভেলায় ভাসলেন ঢাকার মানুষ। শুধু ঢাকার মানুষই-বা বলি কেন, নিবন্ধন করে এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে, দেশের বাইরে থেকে মানুষ এসেছেন এ সুরসুধায় প্রাণ ঢেলে দিতে। তঁারা প্রতারিত হননি। উচ্চাঙ্গসংগীতের সেরা শিল্পীরা নিরাশ করেননি দর্শক-শ্রোতাকে। এমনকি আবাহনী মাঠেই একেবারে আনকোরা বয়সের এক ছেলেকে বলতে শুনেছি, ‘রশিদ খান এবার দারুণ গাইলেন। গত দুবছর ছিলেন ফ্লপ!’ উৎসব ঘিরে ফেসবুকে পাওয়া গেল নানা ধরনের প্রতিক্রিয়া। এর মধ্যে ইতিবাচক আলোচনাই ছিল বেশি।

মনে আছে, একসময় এ দেশে ছিল একটাই টেলিভিশন চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন। বিদেশি বিভিন্ন সিরিজ (ফিউজিটিভ, দ্য সেইন্ট, সিক্স মিলিয়ন ডলার ম্যান, বায়োনিক ওম্যান, পেপার চেজ, ম্যাকগাইভার ইত্যাদি), ম্যাগাজিন অনুষ্ঠান (জলসা, সপ্তবর্ণা, বর্ণালী), দেশি সিরিয়াল (সকাল সন্ধ্যা, বহুব্রীহি, ভাঙনের শব্দ শুনি, সংশপ্তক) দেখার জন্য সেই চ্যানেলের সামনে ভিড় করত মানুষ। সে সময় সবচেয়ে ফ্লপ অনুষ্ঠান ছিল ‘সুরলহরী’। উপস্থাপক যখন বলতেন, এখন শুরু হচ্ছে উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান ‘সুরলহরী’, তখন খুব কম মানুষই টিভির সামনে থাকতেন।

সেই মানসিকতা থেকে মানুষকে বের করে আনার ক্ষেত্রে বেঙ্গল আয়োজিত এই উচ্চাঙ্গসংগীত উৎসবের ভূমিকা অসীম। ছয় বছর আগে যখন প্রথমবারের মতো শুরু হয় উৎসব, তখনো মনে হয়নি, তরুণেরা যুক্ত হবেন এই আয়োজনে। কিন্তু বর্ষীয়ানদের সঙ্গে তরুণদের অংশগ্রহণ পাল্টে দিল সংগীতভুবনের চেহারা। তরুণেরা ধ্রুপদি সংগীতবিমুখ—এ রকম ধারণার অবসান হলো।

প্রশ্ন আসতে পারে, যঁারা বিনে পয়সায় নিবন্ধন করে এই উৎসবে যান, তঁারা সবাই কি সংগীতেই ঢেলে দেন মন? তঁাদের অনেকেই কি সেলফি তোলা, ঘোরাফেরা করা, বন্ধুদের সঙ্গে দেখা করায় নিজেদের সীমাবদ্ধ রাখেন না? হতে পারে এমন কিছু। কেউ কেউ হয়তো তাতেই আনন্দ পান। কিন্তু আলাপ, যুগলবন্দীর কোনো এক মাহেন্দ্রক্ষণে তঁাদের চোখ আর মনও কি আটকে যায় না মঞ্চে? একজন বাজাচ্ছেন, অন্যজন ফিরিয়ে দিচ্ছেন একই ভঙ্গিমায়, তা থেকে রস টেনে বের করে নেন না দর্শক? যদি শুধু নিজের মনোরঞ্জনের জন্যই কেউ যান, তাতেও কি সে যাওয়া হয়ে ওঠে অর্থহীন? এই বিশাল সুরযজ্ঞ থেকে আর কিছু না হোক, একটা ব্যঞ্জনা নিয়েই তো তিনি ফিরে আসেন।

একবার একজন খুব বড় তবলাশিল্পী ঢাকার এক অনুষ্ঠানে বাজিয়েছিলেন। সেখানে ছিলেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান শেষে শিল্পী বলেছিলেন, তিনি টিকিট কেটে আসা দর্শকদের সামনে বাজিয়ে যে আনন্দ পান, তা আমন্ত্রিত অতিথিদের সামনে বাজিয়ে পান না। কারণ, কেউ যদি ৫০ টাকা দিয়েও টিকিট কেটে অনুষ্ঠান দেখেন, তাহলেও তাতে তঁার দায়বদ্ধতা থাকে। তিনি মন দিয়ে উপভোগ করেন বাদন। যিনি বাজান, তঁারও মন ভরে তাতে। উচ্চাঙ্গসংগীত চর্চার ব্যাপার, চর্চার ক্ষেত্র তৈরি করে দেওয়ার ব্যাপার, পৃষ্ঠপোষণার ব্যাপার। যিনি শুনবেন, তিনি আসবেন শুনতেই, ভালোবেসেই তিনি শুনবেন। বিনে পয়সায় সুযোগটা করে দিলে সংগীতের প্রতি আগ্রহটা হয়তো আসে না—এ রকম মত অনেকের। সেই বিবেচনায় নিবন্ধনেরসময় একেবারে ন্যূনতম একটা ফি রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে, যেন দর্শক-শ্রোতা উৎসবের সঙ্গে নিজের একধরনের সংযোগ তৈরি করে নিতে পারেন।

এবারের উৎসবে লক্ষ করেছি, অনেকেই বাদন বা গায়নের ঠিক তুঙ্গ মুহূর্তটাকে ধরতে পারছেন এবং সেভাবে শিল্পীকে উৎসাহ দিচ্ছেন। অর্থাৎ বলাই যায়, সংগীতে কান তৈরির কাজটি শুরু হয়ে গেছে। প্রথমদিককার উৎসবে অজায়গায় হাততালি পড়ত, এখন তা পড়ে না। এটা খুবই ইতিবাচক একটি দিক।

বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে এবার ছিল আরও বেশি যত্নের ছাপ। সুপ্রিয়া দাশের খেয়াল; অভিজিৎ কুণ্ডুর ধ্রুপদ; তরুণ ছয় নৃত্যশিল্পীর মণিপুরি, ভরতনাট্যম, কত্থক; পরম্পরা সংগীতালয়ের বৃন্দ সরোদ, সেতার, তবলা বাদন ছিল উচ্চমানের। বাংলাদেশি শিল্পীরাও যে নিষ্ঠার সঙ্গে এই উৎসবে যুক্ত হচ্ছেন, এ বড় গর্বের কথা।

সংগীতে সরগম এক বিশাল পৃথিবী। কয়েকটি স্বর নিয়ে সংগীতের খেলাটি ব্যাকরণ হতে পারে, কিন্তু এই মূল জায়গা বা বেসিককে ধরতে পারলে শ্রোতার কাছে সংগীতের দ্বার অবলীলায় উন্মুক্ত হয়ে যায়, শিল্পীর কণ্ঠে বা যন্ত্রে আসে পূর্ণতা। ফলে উচ্চাঙ্গসংগীতের প্রসারের সঙ্গে নান্দনিক বিকাশের একটা সুসম্পর্ক রয়েছে, এ কথা যত দ্রুত আমরা বুঝতে পারব, ততই সংগীতের রসময়তার সঙ্গে একাত্ম হতে পারব।

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন ধ্রপদি সংগীতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। শিশু-কিশোরদের অনেকেই হাতে তুলে নিচ্ছে সেতার, সরোদ, তবলা; কণ্ঠে তুলে নিচ্ছে রাগসংগীত। বাংলা আধুনিক গান, লোকসংগীত, পপ-রকের পাশাপাশি বেড়েছে উচ্চাঙ্গসংগীতের কদর! উচ্চাঙ্গসংগীত নিয়ে যে সংগঠনগুলো ঢিমেতালে চলত আগে, তারা এখন নতুন শিক্ষার্থীদের পাচ্ছে। শুদ্ধ সংগীতের আসর বসছে বহু জায়গায়। ছায়ানটের শুদ্ধ সংগীতের আসর, নারায়ণগঞ্জের লক্ষ্যাপারের আয়োজন তো ছিলই, এখন দেশের বিভিন্ন স্থানে উচ্চাঙ্গসংগীত দর্শকপ্রিয়তা পাচ্ছে। শিল্পকলা একাডেমির আয়োজনে এই তো গত সোমবার শুরু হলো জাতীয় যন্ত্রসংগীত উৎসব। উচ্চাঙ্গসংগীতের প্রতি আগ্রহ বাড়ছে—এ বড় আনন্দের বিষয়।

এবার ভেন্যু নিয়ে একটা সংকট দেখা দিয়েছিল। শুরু থেকে উৎসবটি আর্মি স্টেডিয়ামে হয়ে আসছিল, এবার সেখানে আয়োজনের অনুমতি মেলেনি। প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহে বসে এ আসর। আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হলেও ভেন্যুর অভাবে এবার আর উৎসব হবে না, এ রকমই একটা আবহের সৃষ্টি হয়েছিল। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের উৎসবের পরম্পরা ধরে রাখার জন্য সরকারকে অনুরোধ করেছিলেন। বলেছিলেন, উৎসবটি না হলে বিদেশি শিল্পীদের অনাস্থা আসতে পারে।

শেষ পর্যন্ত ডিসেম্বরের শেষ সপ্তাহে পাওয়া গেল নতুন ভেন্যু, আবাহনী মাঠে। তাতে মনে হয়, শাপে বর হলো। তুলনায় গেলে বলতেই হয়, আবাহনী মাঠ আরও প্রশস্ত, আরও বেশি স্থানসংকুলান হয়েছে এখানে। ব্লুজ কমিউনিকেশনস উৎসবের আগে বেশ কয়েক দিন দিন-রাত পরিশ্রম করে ভেন্যুটা তৈরি করেছে। এ জন্য তারা ধন্যবাদ পাবে। পঁাচটি দিন দর্শক-শ্রোতার অপার নান্দনিক তৃষ্ণা মিটিয়ে, আশার আলো জ্বালিয়ে শেষ হলো উৎসব। বাংলাদেশ বহু সৃজনশীল উচ্চাঙ্গসংগীতশিল্পীর জন্ম দিয়েছে। ভারতের বিখ্যাত অনেক শিল্পীরও নাড়ি খুঁজতে এই ভূখণ্ডেই আসতে হবে। বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রতি আগ্রহ জাগছে, এখন দরকার পৃষ্ঠপোষণা। সরকারি ও বেসরকারি—দুভাবেই সেটা হতে হবে। আর তাহলে নিজ সংগীতের প্রতি ভালোবাসা বাড়বে বৈ কমবে না।

জাহীদ রেজা নূর: সাংবাদিক।