ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার এখন দেশটির পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্লেষণ করছে। সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রেখে যাওয়া পররাষ্ট্রনীতি পর্যালোচনা করে তারা নতুন একটি কর্মকৌশল তৈরি করতে চাইছে। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখা এবং জোট সরকারের ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ আদর্শের পরস্পরবিরোধী আটটি দলকে সরকার টিকিয়ে রাখার স্বার্থে এক ছাতার তলায় রাখার পথরেখা নিরূপণকে তারা এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সঙ্গে যে পররাষ্ট্রনীতি মেনে সম্পর্ক রাখতেন, তা অব্যাহত রাখা হবে নাকি নতুন করে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে, তা নিয়ে তাদের মধ্যে গবেষণা চলছে। নতুন সরকার তুরস্কের সঙ্গে ইসরায়েলের সাবেক সুসম্পর্ক ফিরিয়ে আনতে পারবে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে।
এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা আছে কি না, তা বিশ্লেষকদের জন্য বড় ধরনের আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় এলাকার দেশগুলোতে নিজের মিত্রসংখ্যা বাড়াতে ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে সেখানকার দেশগুলোর সঙ্গে বিশেষ সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে। এ জন্য (ইসরায়েল, গ্রিস, মিসর, সাইপ্রাস, ইতালি, জর্ডান ও ফিলিস্তিন—এ দেশগুলোর সমন্বয়ে গঠিত) কায়রোভিত্তিক পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস ফোরামভুক্ত দেশগুলোর সঙ্গে ইসরায়েল সম্পর্ক বাড়াচ্ছে। তুরস্ক এ অঞ্চলের দেশ হওয়া সত্ত্বেও আঙ্কারাকে কখনো এ জোটে যুক্ত হওয়ার জন্য ডাকা হয়নি।
এ একাকিত্ব থেকে বেরিয়ে আসার জন্য আঙ্কারা সাম্প্রতিক মাসগুলোতে মিসর ও ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এ লক্ষ্যে আঙ্কারা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংঘাতপূর্ণ নৌ সীমায় মিসর ও ফিলিস্তিনিদের চলাচলে শিথিল নীতি অবলম্বন করতে চুক্তি করার প্রস্তাব দিয়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়া তুরস্কের এ প্রস্তাবকে ফিলিস্তিনের রাষ্ট্র-স্বীকৃতির একটি বড় ধাপ বিবেচনা করে তাকে স্বাগত জানিয়েছেন। ২০১৯ সালে আঙ্কারা লিবিয়ার ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্যের সরকারের সঙ্গেও একই ধরনের চুক্তি করেছিল। এ ধরনের চুক্তি সরাসরি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যায়। ভূমধ্যসাগরীয় এলাকায় তুরস্কের প্রভাব যাতে না বাড়ে, সে জন্য ইসরায়েল সব সময়ই চেষ্টা করে আসছে। বিশেষ করে হামাসের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতাকে ইসরায়েল ভালোভাবে নিতে পারেনি।
মনে রাখা দরকার, শুধু বেনিয়ামিন নেতানিয়াহুকে গদি থেকে সরানোর জন্য ইসরায়েলের পরস্পরবিরোধী মতের আটটি দল জোট করে সরকার গঠন করেছে। তার মানে এই নয় যে নেতানিয়াহুর পররাষ্ট্রনীতিকে তারা উল্টেপাল্টে দেবে। অবশ্য তাঁর কিছু কাজকে অবশ্যই বিভিন্ন শরিক দল বাতিল করতে চাইবে।
গ্রিসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োসি আমরানি বলেছেন, নতুন সরকার এলেও পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকার গ্যাস পাইপলাইন প্রজেক্ট ইস্যুতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কবিষয়ক পররাষ্ট্রনীতি অক্ষুণ্ন থাকবে। এর বাইরেও নতুন সরকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করায় কাজ শুরু করেছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী (জোট সরকারের চুক্তি অনুযায়ী দুই বছর পর) ইয়ার লাপিড ২৯ ও ৩০ জুন সংযুক্ত আরব আমিরাতে সফর করেছেন। আবুধাবিতে তিনি ইসরায়েলের দূতাবাসের উদ্বোধন করেছেন।
মনে রাখা দরকার, শুধু বেনিয়ামিন নেতানিয়াহুকে গদি থেকে সরানোর জন্য ইসরায়েলের পরস্পরবিরোধী মতের আটটি দল জোট করে সরকার গঠন করেছে। তার মানে এই নয় যে নেতানিয়াহুর পররাষ্ট্রনীতিকে তারা উল্টেপাল্টে দেবে। অবশ্য তাঁর কিছু কাজকে অবশ্যই বিভিন্ন শরিক দল বাতিল করতে চাইবে। ইসরায়েলের সরকারের শরিক দলগুলোর মধ্যে কোনো কোনো দল চায় তুরস্কের সঙ্গে ইসরায়েল আবার সুসম্পর্ক গড়ে তুলুক। দুই দেশের মধ্যে স্বাভাবিক আদান–প্রদান হোক। এটি হলে মুসলিম বিশ্বে ইসরায়েলের স্বীকৃতি পাওয়া সহজ হবে। কিন্তু তুরস্ক যেহেতু হামাসকে সমর্থন করে, সেহেতু আঙ্কারার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা সহজ হবে না। ১৯৪৯ সাল থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তুরস্কে এরদোয়ান সরকার ক্ষমতা গঠনের পর থেকে সেই সম্পর্ক এখন বরফের মতো শীতল অবস্থায় চলে গেছে।
ইসরায়েলের সরকারের শরিক দল ইসরায়েলি-আরব রা’আম পার্টির অন্তর্ভুক্তিকে অনেকে ইসরায়েলের প্রতি তুরস্কের ক্ষমতাসীন একেপির সন্ধির পতাকা নাড়া হিসেবে তুলে ধরছেন। কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক কেমন হবে, তা নির্ভর করছে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেআইনি আচরণ বন্ধ করবে কি না, তার ওপর।
এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
● বারকু ওজসেলিক কেমব্রিজ ইউনিভার্সিটির একজন রিসার্চ ফেলো