বেলুচিস্তান পাকিস্তানের কাশ্মীরের মতো। এটি পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হলেও আজ স্বাধীনতার ৭০ বছর পরও প্রদেশটি বিদ্রোহে ফুঁসে উঠছে। কাশ্মীরের মহারাজা হরি সিং ৭০ বছর আগে ভারতে যোগ দিলেও সেখানে সব সময়ই বিদ্রোহের আগুন ধিকি ধিকি জ্বলেছে, যেটা কখনো কখনো স্ফুলিঙ্গে রূপ নেয়। তবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কথা দিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কাশ্মীরে গণভোট হবে। কিন্তু তিনি সে কথা রাখতে পারেননি।
নেহরু বুঝতে পেরেছিলেন, সবকিছু স্লোগানে পর্যবসিত হবে। আর মানুষ এতটা ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হবে যে তারা নিজেদের বিশেষ অধিকার প্রয়োগ করবে না। যখন শেখ আবদুল্লাহ্ ভারতীয় ইউনিয়নে যোগ দেন, তখন তিনি মনে করেছিলেন জনপ্রিয় রায় পেয়ে গেছেন, যেটা গণভোটের সমতুল্য। ফলে এই যোগদান সম্পূর্ণ হয়ে গেছে।
আসলে উরিতে যা হয়েছে তা রোগ নয়, লক্ষণ। রোগটা হচ্ছে এই, যে তরুণেরা এখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারা নিজেদের দেশ চায়। একইভাবে, বেলুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হতে চায়। সেটা যদি হয়, তাহলে ভারতের সীমান্তে আরও একটি মুসলিম দেশের জন্ম হবে।
কাশ্মীরের ছাত্রদের আমন্ত্রণে আমি কিছুদিন আগে শ্রীনগরে গিয়েছিলাম। তাঁদের বলেছিলাম, লোকসভা তাঁদের প্রত্যাশা পূরণ করার মতো অবস্থায় নেই। তাঁরা তখন বললেন, ‘পরিবর্তন কীভাবে আনবেন, সেটা আপনাদের সমস্যা।’ এখনকার কাশ্মীরি তরুণেরা যে স্বাধীন দেশের দাবি তুলেছেন, সেটা ইয়াসিন মালিক ও সাব্বির শাহর মতো নেতাদের বছর কয়েক আগের তোলা দাবির সঙ্গে সংগতিপূর্ণ নয়। ইয়াসিন যে এখন এই দাবির সঙ্গে সুর মিলিয়েছেন, সেটা ভিন্ন ব্যাপার।
পাকিস্তানও এখন উপত্যকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, তাদের দাবি এখন স্বায়ত্তশাসন থেকে স্বাধীন ইসলামি দেশের রূপ নিয়েছে। সীমান্তে ভারতীয় সেনাদের ওপর হামলা তাদের ক্রোধের চূড়ান্ত প্রকাশ। পাকিস্তানও নানাভাবে পরিস্থিতিকে তাদের অনুকূল ভেবেছে, এর ফলে তারা উপত্যকায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তবে পাকিস্তান যে প্রথম এ কাজ করল, ব্যাপারটা তা নয়। এমনকি এটা শেষবারও নয়। এ রকম বেশ কিছু ঘটনা রয়েছে, যেমন ভারতীয় সংসদ, মুম্বাই ও পাঠানকোটের ওপর হামলা। প্রতিটি ঘটনার পরই ভারতে রণ রব উঠেছে, প্রতিশোধ নিতে হবে। আর এবার সরকারের ওপর এত চাপ এসেছে যে তাকে জনগণকে আশ্বস্ত করতে হয়েছে, ‘আমাদের সময় ও সুবিধামতো জায়গায় প্রতিশোধ নেওয়া হবে।’
কিন্তু মানুষ এর বাস্তব রূপ দেখতে চায়, এমনকি যুদ্ধের বিনিময়েও। আমার মনে আছে, সংসদ, মুম্বাই ও পাঠানকোটে হামলার পর কী হয়েছিল। তখন ভারত এর প্রতিক্রিয়া হিসেবে সীমান্তে এক বছরের মতো সেনা মোতায়েন করে রেখেছিল। কিন্তু এবারের রাগ ও ক্রোধ আরও গভীর। তা সত্ত্বেও সরকার নিজেকে নিয়ন্ত্রণ করছে, যদিও সে জনগণকে আশ্বস্ত করেছে, অপরাধীরা পার পাবে না।
তবে দুই দেশের হাতেই যেহেতু পারমাণবিক অস্ত্র রয়েছে, সেহেতু তারা কত দূর যেতে পারবে, সেটা আমরা জানি। কিন্তু আমি এটা বুঝতে পারি না, এই সন্ত্রাসীরা পাকিস্তানে আছে জেনেও ইসলামাবাদ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না। সন্ত্রাসীদের ব্যাপারে তারা এ পর্যন্ত যা করেছে, তা ওয়াশিংটনের অনুরোধে, ভারতের নয়।
এদিকে ভারতের কিছু যুদ্ধ-উন্মাদ মানুষ ছাড়া সবাই বোঝে, শান্তির বিকল্প নেই। সময় এসেছে, দুই দেশের রাজনীতিকদেরই নিজের দিকে তাকাতে হবে। যুদ্ধের কথা না বললেও তাঁদের শরীরী ভাষা ও কথা বন্ধুত্বসুলভ নয়। দেখে মনে হয়, তাঁরা যুদ্ধ ও শান্তি উভয়ের পক্ষেই কথা বলেন। যেখানে দুই দেশের মানুষই বিপদের মুখে আছে, তখন তাঁরা কেন ঘৃণার আগুন ছড়িয়ে দিচ্ছেন?
ফ্রান্স ও জার্মানি ১০০ বছরেরও বেশি সময় যুদ্ধ করেছে। আজ তারা সেরা বন্ধু। দেশভাগের পর আমি যখন কায়েদে আজমকে বলেছিলাম, ব্রিটিশরা চলে যাওয়ার পর হিন্দু ও মুসলমানরা পরস্পরের ওপর হামলে পড়বে, তখন তিনি আমাকে এ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা সেরা বন্ধু হব। আমার মনে সন্দেহ নেই, একদিন এটা সত্য হবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ও মনমোহন সিং বহুবার বলেছেন, নিয়তি ভারত ও পাকিস্তানকে পাশাপাশি রেখেছে, তাদের ভালো প্রতিবেশী না হয়ে উপায় নেই।
মুম্বাই হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, কয়েক বছর আগে তাঁদের স্মরণে করাচি ও লাহোরের অল্প কিছু মানুষ মোমবাতি প্রজ্বালন করত, মিছিল করত। আমি তাদের সাহসের প্রশংসা করি। সময় এসেছে, ভারতের বুঝতে হবে। সময় এসেছে, ভারত ও পাকিস্তানের ভালো সম্পর্কের ওপর কার কতটা বিশ্বাস, তার পরীক্ষা হবে।
কিন্তু একই সময়ে পাকিস্তান ভারতের রাগের কারণটা বুঝতে ও মূল্যায়ন করতে পারত। মুম্বাই ও পাঠানকোটে আল-কায়েদা ও তালেবানরা হামলা করে থাকতে পারে, যারা পাকিস্তানেও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর তারা এই দলগুলোকেই অস্ত্র, টাকা ও প্রশিক্ষণ দিচ্ছে। এসব সন্ত্রাসী সংগঠন আইনের আওতার বাইরে কেন? ভারতীয় সংসদে হামলার পর তাদের কয়েকজনকে আটক করা হলেও বাস্তবে এই সংগঠনগুলো স্বাধীনভাবে প্রচারণা চালিয়ে গেছে, বিষ ছড়িয়েছে। ভারত সন্দেহ করে, মুম্বাই হামলার পর যারা গ্রেপ্তার হয়েছিল, তাদের সঙ্গে পাকিস্তান প্রকাশ্যে যোগাযোগ না রাখলেও গোপনে রেখেছে।
জার্মানি ছাড়া আর কোনো দেশের সরকার মুম্বাই হামলার পর পাকিস্তান সরকারকে সরাসরি অভিযুক্ত করেনি। তদন্তকারীরা মনে করেন, ভারতের সব হামলার সঙ্গে পাকিস্তানে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীর বা তাদের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। ভারত প্রমাণ দিলেও তাতে কাজ হয়নি।
২০০৯ সালে ব্যাপক উদ্দীপনার সঙ্গে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গঠিত হয়েছিল, তারা এখন উরি হামলার তদন্ত করছে। তাদের এসব হামলার তদন্তের ভার দেওয়া হয়েছিল কিন্তু ফলাফল এখন পর্যন্ত দুঃখজনক। তারা এখন কী করে, সেটাই দেখার বিষয়।
অনুবাদ: প্রতীক বর্ধন।
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।