ইদানীং কর্মকর্তা পর্যায়ের সরকারি অনেক সভায় শূন্যপদ পূরণ আলোচ্যসূচির একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকছে। সেটা থাকাই স্বাভাবিক। বেসামরিক বাজেট থেকে বেতন নেওয়া প্রায় ৩ লাখ পদ শূন্য আছে বলে দায়িত্বশীল মহল থেকে বলা হচ্ছে। এটা অনুমোদিত পদসংখ্যার ২০ থেকে ২৫ শতাংশের মতো হবে। বলা হচ্ছে, শিগগিরই এসব পদ পূরণের ব্যবস্থা নেওয়া হবে। ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিলম্বের বিভিন্ন কারণ। কারণ অবশ্যই থাকবে। তবে অবস্থাটিকে বিপর্যয়কর বললে অত্যুক্তি হবে বলে মনে হয় না। কেননা প্রতিটি পদ সৃজনকালে এর প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থা, মন্ত্রণালয় ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ চুলচেরা বিচার-বিশ্লেষণ করে সম্মতি দিয়ে থাকে। এ বিষয়ক সচিব কমিটির সম্মতিরও আবশ্যকতা থাকে। বেশ কিছু ক্ষেত্রে অনুমোদন নিতে হয় সরকারপ্রধানের।
সুতরাং, পদগুলো জনস্বার্থে সৃজন করা হয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। জনগণের সেবা পাওয়ার কথা, এসব পদে যাঁরা কাজ করবেন তাঁদের থেকে। তদুপরি শিক্ষিত বেকারদের হবে কর্মসংস্থান। তাঁদের আয় ব্যক্তিগত ও পারিবারিক স্বাচ্ছন্দ্যের পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। সুতরাং, আলোচনা অনাবশ্যক যে এগুলো শূন্য থাকায় এর কোনোটিই হচ্ছে না। এসব পদের কার্যকারিতা, তার সংখ্যা বা বিকল্প সেবা ইত্যাদি নিয়ে কেউ কেউ বিতর্ক করতে পারেন। তাই এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। নিবন্ধটি সীমাবদ্ধ থাকবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ২০ হাজার ৫১৬টি শূন্য পদ সম্পর্কে। এ তথ্যটি অতি সম্প্রতি জাতীয় সংসদে পেশ করেছেন স্বয়ং সেই মন্ত্রণালয়ের মন্ত্রী।
কয়েক দশক ধরে সরকার পরম্পরা দেশে শিক্ষার হার ও মান বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে। বর্তমান সরকারেরও এ ক্ষেত্রে রয়েছে ব্যাপক কার্যক্রম। সাধ্যের মাঝে বিনিয়োগ অনেক বেড়েছে। আর তা সবচেয়ে বেশি বেড়েছে প্রাথমিক শিক্ষা খাতে। ব্যবস্থাটা সংগত। কেননা শিক্ষার ভিত্তি মজবুত আর সম্প্রসারণের জন্য প্রথমেই জোর দিতে হয় প্রাথমিক শিক্ষার দিকে। তবে সরকার যত বিনিয়োগ করুক, যত ভালো হোক অবকাঠামো, নিয়মিত বিনা মূল্যে বই সরবরাহ বা উপবৃত্তি প্রদান, সেখানে পড়াবেন তো শিক্ষকেরা। সে শিক্ষক পদে এ পরিমাণ শূন্যতা গোটা ব্যবস্থাটিকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এটা আদৌ নির্দয় মন্তব্য নয়। অত্যন্ত বাস্তব ও যৌক্তিক বিশ্লেষণ। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শহরাঞ্চলে শিক্ষক গড়ে পাঁচ থেকে ছয়জন বা ততোধিক থাকলেও প্রত্যন্ত মফস্বলে থাকেন দুই থেকে তিনজন। এর মাঝে যদি প্রধান শিক্ষক না থাকেন, সে দায়িত্ব পালন করতে হয় অন্য একজন সহকারী শিক্ষককে। তাঁকে সময়ে সময়ে কিছু প্রশাসনিক কাজ করতে হয়। ছোটাছুটি করতে হয় উপজেলা শিক্ষা অফিস ও ব্যাংকে। তাহলে তাঁর পড়ানোর সময় কমে গেল। পাশাপাশি প্রধান শিক্ষকও একজন শিক্ষক। তিনিও বেশ কয়েকটি ক্লাস নেন। সুতরাং, এ শূন্যতা প্রাথমিক বিদ্যালয়গুলোর, বিশেষত প্রত্যন্ত মফস্বলে কী বিপর্যয় সৃষ্টি করেছে, তা অনুমেয়। উল্লেখ্য, শূন্যপদের সংখ্যা অনুমোদিত পদের প্রায় এক-তৃতীয়াংশ।
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের এ শূন্যতা সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রী জাতীয় সংসদকে জানিয়েছেন, পদটি সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছে। সুতরাং, এতে নিয়োগদানের সুপারিশের কর্তৃত্ব সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। ইতিমধ্যে তারা ৩৪তম বিসিএসের ফল থেকে ৮৯৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে। সেগুলো প্রক্রিয়াধীন। পিএসসির সুপারিশ পেয়ে অবশিষ্ট পদে নিয়োগ হবে, এমনটাই বলতে চাওয়া হয়েছে। তবে এ হিসাবটা বলেননি, সেটা কত দিনে সম্পন্ন হবে আর তত দিনে শূন্য হবে আরও কত পদ। সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যাখ্যাকে প্রচলিত আইনের আলোকে ভুল বলা যাবে না। পাবলিক সার্ভিস কমিশন অর্ডিন্যান্স ১৯৭৭-এর বিধান অনুসারে, দ্বিতীয় শ্রেণিতে উন্নীত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটিতে নিয়োগের সুপারিশ করার কর্তৃত্ব তাদের।
উল্লেখ্য, দেশে প্রায় ৬৪ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩-এ বিধান রয়েছে, এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৬৫ শতাংশ পদোন্নতি ও ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। পদোন্নতির প্রস্তাবও একই আইন বলে পিএসসিরই বাছাই করে সুপারিশ করার কথা। এ ক্ষেত্রে এটা কি ভাবা হয়েছে, এ বিশাল কর্মকাণ্ড সম্পাদনের সক্ষমতা বর্তমান পিএসসির আছে কি না? সে অধ্যাদেশটিতে তো যেকোনো পদে নিয়োগের সুপারিশ করার কর্তৃত্ব পিএসসির আওতা থেকে অন্য কারও কাছে দেওয়ার এখতিয়ারও রাষ্ট্রপতির রয়েছে। নিকট অতীতে পুলিশ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের পদ উন্নয়নের পরও অধ্যাদেশের সে ক্ষমতাবলে দায়িত্বটি পুলিশ সদর দপ্তরের কাছেই দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দ্রুত এরূপ কিছু না করলে বর্তমান অচলাবস্থা থেকে বের হয়ে আসা একরকম অসম্ভব। এ ধরনের কিছু করার জন্য কোনো প্রচেষ্টা নেওয়া হয়েছে, তা জানা যায় না। কোনো আইন বা বিধি সময়ান্তরে সমাজের কল্যাণ ও অগ্রগতির প্রতিবন্ধক বলে লক্ষণীয় হলে হয় পরিবর্তন। এখানে তারও দরকার পড়ছে না। আইনেই ব্যত্যয়ের বিধান রয়েছে। রয়েছে নজির। তাহলে আমরা বসে আছি কেন?
আমাদের সংবিধানে একের অধিক পিএসসি করার বিধান রয়েছে। কথাও ছিল শুধু শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পিএসসি হবে। শিক্ষামন্ত্রী স্বয়ং কথাটা বলেছেন বারবার। কিন্তু বিষয়টি কোনো অজ্ঞাত কারণে আটকা পড়েছে। আরেকটি প্রস্তাব ছিল বিশেষায়িত ক্যাডারগুলোর জন্য একটি স্বতন্ত্র পিএসসি করার। এসব দিকে কেউ মুখ তুলেও তাকাচ্ছেন না। বর্তমান পিএসসি জনবল ও অবকাঠামোতে সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। কিন্তু তার সক্ষমতার সীমাবদ্ধতাও আমরা বুঝতে পারি। বিসিএস পরীক্ষা নিতেই তারা হিমশিম খায়। তার সঙ্গে রয়েছে নন-ক্যাডার পদে অনেক নিয়োগ। তা ছাড়া তাদের শৃঙ্খলামূলক ব্যবস্থা থেকে চাকরিবিধিসহ অনেক বিষয়ে সরকারকে পরামর্শ দিতে হয়। বলা হতে পারে, বর্তমান পিএসসির সামর্থ্য বাড়ালে বিষয়গুলোর জট খুলে যাবে। আর কত বাড়াবেন? এটা ভুললে চলবে না যে যেকোনো প্রতিষ্ঠানের কলেবর অতি বৃহৎ হলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নড়বড়ে হয়ে পড়ে। বিষয়টি আমরা লক্ষ করি বেশ কিছু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। বলা চলে, প্রজাতন্ত্রের কর্মে সময়মতো নিয়োগদানের বিষয়টি আমরা উপেক্ষা করে চলছি।
অবশ্য সময়মতো নিয়োগ না হওয়ার একটি অব্যক্ত কারণ এখানে উল্লেখ করা সংগত। নিয়োগপ্রক্রিয়ায় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অযাচিত হস্তক্ষেপ এবং ক্ষেত্রবিশেষে নিয়োগদাতাদের সঙ্গে যোগসাজশ করে বাণিজ্যের বিষয়টিও কোনো অজানা তথ্য নয়। বিষয়টিতে কোনো কোনো কর্মকর্তা আগ্রহী হলেও কেউ দূরে থাকতে চান। আর তা চান নিজের মানসম্মান রক্ষার্থে। এটা সত্য, আমরা এ ধরনের পলায়নপর নীতিকে সমর্থন করতে পারি না। আশা করব তাঁরা হাজারো সংকটে অবিচল থেকে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। তাঁদের অন্য অনেক কাজের মাঝে রয়েছে নিয়মিত শূন্যপদ পূরণের ব্যবস্থা। এখানে আইন বা বিধি কোনো অন্তরায় হলে তা সংশোধন বা নতুনভাবে করার প্রয়োজন হতে পারে। সে উদ্যোগও নেবেন তাঁরাই।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে এখনকার শূন্যতা যে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি করেছে, তা এক দিনে হয়নি। আর সমাধানও নিশ্চয়ই আলাদিনের চেরাগের মতো কিছুর ছোঁয়ায় এক দিনে হবে না। তবে দৃঢ় হাতে প্রতিকূলতা কাটানোর উদ্যোগ নিলে আটকেও থাকবে না। পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক যে কজন হবেন, সে সংখ্যক সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে যাবে। এমনিতেই অবসর বা অন্যান্য কারণে শূন্য হয় অনেক পদ। সেগুলো পূরণের আগাম ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর ভিন্নতর কোনো উত্তম ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের দায়িত্বটি আইন মেনেই রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগে পিএসসি থেকে নিয়ে উপযুক্ত কোনো কর্তৃপক্ষকে দেওয়া যায়। তারা দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিলে পদগুলো পূরণ হবে। নিয়োগে আসবে রাজনৈতিক চাপসহ বেশ কিছু প্রতিবন্ধকতা। আর তা মোকাবিলা করার মনোবল কর্মকর্তাদের থাকা প্রয়োজন। শূন্যপদগুলো পূরণ হলে প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার মান বাড়বে। চাকরি পাবে কয়েক হাজার শিক্ষিত তরুণ-তরুণী।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।