বেসরকারি শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন অর্থমন্ত্রীর কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছেন। অনেক বিশেষজ্ঞ প্রস্তাবিত বেতনকাঠামো শতভাগ যৌক্তিক বলে মনে করেন। প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ রয়েছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা সরকারি শিক্ষকদের সমান হারে মূল বেতনের শতভাগ পেলে বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান আছে।
১৯৮০ সালে সরকার বেসরকারি শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করে মূল বেতনের ৫০ শতাংশ প্রদানের যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। আরও কিছুদিন পরে ৫০ শতাংশ মূল বেতনের সঙ্গে ১০০ টাকা বাড়িভাড়া সংযোজন করা হয়। ৩৪ বছর যাবৎ বিভিন্ন সরকার মূল বেতন ও ভাতা বাড়িয়ে ১০০ শতাংশ মূল বেতন, ২০ শতাংশ উৎসব ভাতা, ৫০০ টাকা বাড়িভাড়া ও ৩৫০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ৫০০ টাকা বাড়িভাড়া, ২০ শতাংশ উৎসব ভাতা, ৩৫০ টাকা চিকিৎসা ভাতা এবং সারা জীবনে কোনো ইনক্রিমেন্ট না পাওয়া কত দুর্ভাগ্যজনক, তা-ও বিবেচনার দাবি রাখে। অথচ বেতন কমিশনের প্রতিবেদনে বিদ্যমান অপ্রতুল, হাস্যকর ও অসম্মানজনক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির কোনো প্রস্তাব করা হয়নি।
গত ২৭ ডিসেম্বর প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে কমিশনের চেয়ারম্যান বলেছেন, ‘যেকোনো শাসন ব্যবস্থাপনা ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে একটা কার্যকর, সৎ, স্বচ্ছ ও মেধাবী প্রশাসন থাকা দরকার। সেটা তৈরি করতে গেলে যাঁরা প্রশাসনযন্ত্রের অংশ, তাঁদের দেখভাল করতে হবে। অনেকে বলেন, আমলাতন্ত্র ভালো নয়। কিন্তু ক্যাডার হিসেবে প্রথম যাঁরা চাকরিতে আসেন, তাঁদের বেতন ১১ হাজার টাকা। অথচ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৪৭ হাজার টাকায় আমরা প্রভাষক নিয়োগ করি। ১১ হাজার টাকায় কী কাজ করবেন, সেবাই বা কী দেবেন তাঁরা? রক্ষণশীল গণ্ডি থেকে বের হয়ে একটা আধুনিক চিন্তাশীল ও উৎপাদনশীল প্রশাসনযন্ত্র সৃষ্টি করাই কমিশনের প্রথম উদ্দেশ্য।’
চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার বিনীত জিজ্ঞাসা, আধুনিক চিন্তাশীল ও উৎপাদনশীল প্রশাসনযন্ত্রের উদ্ভাবক ও স্থপতি যে শিক্ষক সমাজ, তাঁদের অবজ্ঞা করে কীভাবে কার্যকর প্রশাসনের জন্য যথোপযুক্ত নাগরিক পাওয়া সম্ভব?
লেখক: অধ্যক্ষ, এম এস জোহা বিশ্ববিদ্যালয় কলেজ।