বোমা হামলায় টালমাটাল থাই জান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককে যে বোমা বিস্ফোরণ ঘটল, তা গত বছরের মে মাসে ক্ষমতা দখল করা থাইল্যান্ডের সামরিক জান্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেটা থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঘটনাও বটে। সামরিক জান্তা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিল, তার ক্ষমতা দখলের আগের কয়েক মাসে দেশটিতে সহিংস রাজনৈতিক বিশৃঙ্খলা সংঘটিত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চান ওচা স্বীকার করেছেন, তাঁর সরকার এক নজিরবিহীন নিরাপত্তা ব্যর্থতার সম্মুখীন হয়েছে। জেনারেল প্রায়ুথ আবার ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডারের প্রধান, এই সংস্থাটি তাঁরই সৃষ্টি। দেশটির মন্ত্রীরা বলেছেন, তাঁরা এমন কোনো ইঙ্গিত পাননি যে এত বড় একটা হামলা ঘটতে পারে, কোনো সতর্কবার্তাও ছিল না। আর এর জন্য কে দায়ী, সে সম্পর্কেও কোনো ধারণা নেই বললেই চলে।
প্রায়ুথ বলেছেন, ‘এটা থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। এর আগে কম ক্ষতিকর বোমা হামলা হয়েছে, বা শুধু আওয়াজ দেওয়ার জন্য বোমা হামলা চালানো হয়েছে। কিন্তু এবার নির্দোষ মানুষকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তারা আমাদের অর্থনীতি ধ্বংস করতে চায়, আমাদের পর্যটন ধ্বংস করতে চায়।’
প্রধানমন্ত্রী হামলাস্থলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজের কথা বলেছেন, হামলাটি হয়েছে একটি বিখ্যাত হিন্দুমন্দিরে। ক্যামেরার ফোকাস ছিল অপরাধীদের ওপর। কিন্তু প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, এই ফুটেজ থেকে তেমন কিছু বোঝা যায় না। প্রায়ুথ বলেছেন, ‘আমরা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেছি, সেখানে আমরা কয়েকজন সন্দেহভাজনকে দেখেছি, কিন্তু ছবিতে পরিষ্কার কিছু বোঝা যায় না। প্রথমত, তাদের খুঁজে বের করতে হবে।’ প্রায়ুথ দেখাতে চান যে সবকিছু তাঁর নিয়ন্ত্রণেই আছে, সে লক্ষ্যে তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে ‘দ্রততার সঙ্গে বোমা হামলাকারীদের খুঁজে বের করার’ নির্দেশ দিয়েছেন।
তদন্ত থেকে যদি শিগগিরই কিছু বেরিয়ে না আসে, তাহলে সরকারের ওপর বিদেশি বিশেষজ্ঞ আনার চাপ আসতে পারে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইতিমধ্যে এ ব্যাপারে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন। আর যদি ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতার খবর আসে, তাহলে থাইল্যান্ডের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও এর সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার না করায় থাইল্যান্ডে নানা রকম সন্দেহ ডালপালা মেলতে শুরু করেছে।
প্রায়ুথকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলো বলেছে, সিসিটিভি ক্যামেরায় একজনকে দেখা গেছে, যিনি থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের সরকারবিরোধী গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তিনি দেশটির রেডশার্ট আন্দোলনের গ্রামীণ ক্ষমতা কাঠামোর দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন, যাঁরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও তাঁর নির্বাসিত ভাই থাকসিন সিনাওয়াত্রার প্রতি অনুগত। থাকসিন ২০০৬ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

>ব্যাংককের হামলার সঙ্গে গত জুনে তিউনিসিয়ার সুসে সৈকতে পর্যটকদের ওপর জিহাদি গোষ্ঠীর মারাত্মক হামলার মিল রয়েছে, ব্যাপারটা খুব ভীতিকর

এ রকম মন্তব্যের জন্য বিরোধী রাজনীতিকেরা তীব্র প্রতিক্রিয়া জানাতে পারেন, এমন ঝুঁকি থাকে। যদিও থাই গণমাধ্যম পরবর্তীকালে বলে যে উদ্ধৃতিতে আসলে সন্দেহভাজনকে নির্দেশ করা হয়নি। রাজনৈতিক বিরোধিতার ওপর হামলে পড়া, বিরোধীদের ভিন্নমতের টুঁটি চেপে ধরা, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করা—এসব কারণে বিগত কয়েক মাসে ব্যাংককের রাজপথ বেশ ঠান্ডা হয়ে এসেছে। শত শত বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
কিন্তু নির্বাচনের তারিখ বারবার বদলানোর কারণে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্ষমতা দখলের পর প্রায়ুথ বলেছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এ বছরের অক্টোবরের মধ্যে বা তার পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সম্প্রতি জান্তা ইঙ্গিত দিয়েছে, অন্তত ২০১৭ সালের আগে নির্বাচন না-ও হতে পারে।
থাকসিন ইউটিউবে দেওয়া এক বার্তায় জান্তার প্রস্তাবিত সংবিধানকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। খসড়া সনদের ওপর জান্তার ন্যাশনাল রিফর্ম কাউন্সিলে আগামী মাসে ভোটাভুটি হবে, আর আগামী বছরের জানুয়ারিতে এ–বিষয়ক গণভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকার ও স্বাধীন পর্যবেক্ষকেরা এ ব্যাপারে একমত যে মালয় মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা এ হামলার সঙ্গে জড়িত নয়। এরা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার দক্ষিণের সীমান্তবর্তী প্রদেশগুলোতে ব্যাংককের শাসনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল, কিন্তু সেটা তেমন সফল হয়নি। দেশটির নিরাপত্তাপ্রধান বলেছেন, বিচ্ছিন্নতাবাদীরা এ পর্যন্ত রাজধানী শহরে সরাসরি হামলা করেনি, আর হামলায় যে তিন কেজি পাইপ বোমা ব্যবহার করা হয়েছে, সেটা তাদের অস্ত্রভান্ডারে নেই।
প্রবাসী উইঘুররাও সন্দেহের বাইরে নয়, তাদের প্রতি সহানুভূতিশীলেরাও সে তালিকায় আছে। এদের শতাধিক ব্যক্তি সন্ত্রাসী—এই অভিযোগে থাইল্যান্ড তাদের চীনে পাঠিয়ে দিয়েছিল। চীনের এই উইঘুররা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা দেশটির পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের বাসিন্দা। তারা অনেক দিন ধরেই অভিযোগ করছে, বেইজিংয়ের ‘ঔপনিবেশিক’ সরকার তাদের নির্যাতন করছে। তাদের অনেকেই দেশান্তরি হয়েছে। গত সোমবার ব্যাংককের এই হামলায় অন্তত পাঁচজন চীনা নাগরিক নিহত হয়েছেন, আরও অনেকেই আহত হয়েছেন।
ব্যাংককের হামলার সঙ্গে আন্তর্জাতিক জিহাদি সন্ত্রাসবাদী সংগঠন আইএস, আল-কায়েদা ও অন্যান্য সংগঠনের সম্পর্ক যদি থাকে, তাহলে সেটাই হবে পশ্চিমা দেশগুলোর জন্য অধিকতর উদ্বেগের কারণ, যদিও এখন পর্যন্ত তার প্রমাণ নেই। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ইসলামি কট্টরপন্থী এবং ফিলিপাইনভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সহযোগী আবু সায়াফের মধ্যে যোগাযোগ আছে, এমন কথা আগেও বলা হয়েছে। ২০০২ সালে পশ্চিমা পর্যটকদের ওপর জামাহ্ ইসলামিয়াহর এক হামলায় বালিতে শতাধিক মানুষ হতাহত হয়েছিল।
জান্তার কর্মকর্তারা দাবি করেছেন, দেশটির পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। ব্যাংককের হামলার সঙ্গে গত জুনে তিউনিসিয়ার সুসে সৈকতে পর্যটকদের ওপর জিহাদি গোষ্ঠীর মারাত্মক হামলার মিল রয়েছে, ব্যাপারটা খুব ভীতিকর। মিসরের পর্যটন ব্যবসা লক্ষ্য করেও এমন চেষ্টা করা হয়েছিল।
বোমা হামলা ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে থাইল্যান্ডের মুদ্রার মান গত মঙ্গলবার ছয় বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গিয়েছিল, ব্যাংককের শেয়ারবাজারে মন্দা সৃষ্টি হয়েছিল। মানুষের মনে উদ্বেগ, এই হামলায় পর্যটনশিল্পের ক্ষতি হতে পারে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
সাইমন টিসডাল: দ্য গার্ডিয়ানের সহকারী সম্পাদক।