
ফার্দিনান্দ মার্কোসের পর দুতার্তে ছাড়া আর কোনো ফিলিপিনো নেতা নিজের হাতে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এতটা নিশ্চিতভাবে তুলে নেননি, যদিও তার মধ্যে ঝুঁকিও আছে। এখন কথা হচ্ছে, সম্ভবত এ রকম কর্তৃত্বপরায়ণ হওয়া দুতার্তের রাজনৈতিক লক্ষ্য নয়। কিন্তু তিনি আচার, আচরণ ও মেজাজে সে রকমটাই হয়েছেন। কারণ, দেশটিতে তাঁকে পাল্টা জবাব দিতে পারে, এমন প্রতিষ্ঠান ও রাজনৈতিক শক্তি নেই। ফলে ফিলিপাইন কর্তৃত্ববাদের খপ্পরেই পড়তে যাচ্ছে।
গত সপ্তাহান্তে দুতার্তে সতর্ক করেছেন, দেশে যদি আইনশৃঙ্খলার আরও অবনতি হয়, তাহলে হয়তো তিনি হেবিয়াস করপাসের রিট বাতিল করতে পারেন, যাতে বিনা ওয়ারেন্টে লোককে গ্রেপ্তার করা যায়। রিট বাতিলের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্ট হয়তো আমাকে এটা বন্ধ করতে আদেশ দিতে পারে। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, যেগুলো বন্ধ করা যায় না। সম্ভবত, আমি থামব না। যা হোক, আমি তাদের বলব যে আমি প্রথমে এটা শেষ করতে চাই।’ তাঁর সরকারের মাদক ও সন্ত্রাসবাদবিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘এরপর আমাকে হয়তো জেলে যেতে হবে।’
দুতার্তে যেন সব সময় তেতেই থাকেন। আর তিনি প্রেসিডেন্টের কাজ করেন খেয়ালখুশিমতো। এই কিছুদিন
আগ পর্যন্ত দুতার্তের এই প্রবণতা সম্পর্কে তাঁর নিজ শহরের বাইরের মানুষ তেমন কিছু জানত না। তিনি দুই দশকেরও বেশি সময় দাভাও সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন, একদম স্বৈরশাসকের মতো। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তাঁর এসব গুণাগুণ সম্পর্কে জানাজানি হলেও ৩৯ শতাংশ ভোটার তাঁকে ভোট দেন। বিষয়টা হচ্ছে, ফিলিপাইনের মানুষ একজন শক্তিশালী মানুষকে খুঁজছিল, যিনি তাদের সমস্যা সমাধান করতে পারবেন, তা সে হোক দারিদ্র্য বা অপরাধ।
এখন পর্যন্ত তারা যা চেয়েছে তা পেয়েছে। দুতার্তের জনপ্রিয়তাও তুঙ্গে উঠছে। এ মাসে সোশ্যাল ওয়েদার স্টেশনস নামের একটি প্রতিষ্ঠান যে জরিপ চালিয়েছে তাতে দেখা গেছে, ৭৬ শতাংশ মানুষ তাঁর কাজে সন্তুষ্ট। ক্ষমতা গ্রহণের পর দুতার্তে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে দেশজুড়ে নির্মম অভিযান শুরু করেছেন, দাভাও সিটির মেয়র থাকাকালে অপরাধের বিরুদ্ধে তিনি যেমন অভিযান শুরু করেছিলেন, অনেকটা সেই কায়দায়: যথাযথ বিচার ছাড়াই অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া। ওয়াশিংটনসহ পশ্চিমারা তাঁকে আইনের শাসন সম্পর্কে কঠোর তাগিদ দিয়েছে। এর জবাবে তিনি স্বভাবসুলভ যুদ্ধংদেহী ভঙ্গিতে জবাব দিয়েছেন, অনেকটা ধর্মদ্বেষীর ঢঙে। তিনি চান না, কেউ তাঁকে কিছু বলুক।
খুব কম মানুষই তাঁকে কিছু বলবে। তাঁর মন্ত্রিসভা চাটুকার দিয়ে ভরা। কোনো রাজনৈতিক শক্তি বা প্রতিষ্ঠান যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসন হয় তাদের ভয়ভীতি দেখায়, না–হয় তাদের দলে ভেড়ানোর চেষ্টা করে। দুতার্তে নিজেকে একজন সমাজতন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তিনি কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছেন। অন্যদিকে মূলধারার বামপন্থীদেরও তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত করেছিলেন।
১৯৮৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করার পেছনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল ক্যাথলিক চার্চ, কিন্তু তাদের সেই ক্ষমতাও আর নেই। দুতার্তে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছেন, ক্যাথলিক বিশপস কনফারেন্স অব দ্য ফিলিপাইন এখন পর্যন্ত তার প্রতিবাদ জানায়নি। অন্যদিকে দুতার্তে গির্জাকে ‘ভণ্ড প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দিয়েছেন। বহু যাজকের বিরুদ্ধে তিনি দুর্নীতি ও যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন।
অন্যদিকে তিনি সেনাবাহিনীর আনুকূল্য পাওয়ার জন্যও ব্যাপক চেষ্টা করছেন। তিনি দেশের বিভিন্ন সেনাছাউনিতে ঘুরে সেনাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, এ বছরের শেষ নাগাদ তাদের বেতন দ্বিগুণ করে দেওয়া হবে। দেশের ব্যবসায়ী সম্প্রদায়ও তাঁর ব্যাপারে নিশ্চুপ এবং এতে কিন্তু বিস্ময়ের কিছু নেই। কারণ, এই ব্যবসায়ীরা রাজনীতির চেয়ে মুনাফাকেই বেশি গুরুত্ব দেন।
আর গণমাধ্যমের কথা আর কী বলব। তারা এমন ধাক্কা তো আগে খায়নি। ফলে তারা এখনো এই ঝাপটা সামলে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আবার অনেক সাংবাদিক সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছেন। দৈনিক ইনকোয়ারার তো প্রেসিডেন্টের জনসংযোগ কর্মকর্তার জন্য নিয়মিত একটি কলাম বরাদ্দ করেছে।
এখন কথা হচ্ছে, দুতার্তেকে কে থামাবে? কিসে থামবেন তিনি?
দুতার্তে কংগ্রেসেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এই সুবিধা পাচ্ছেন তিনি। ফলে তিনি প্রস্তাব করেছেন, ফিলিপাইনের এককেন্দ্রিক শাসনব্যবস্থা বদলে ফেডারেল সরকারব্যবস্থা প্রণয়ন করা হোক। দেশটির আঞ্চলিক বৈষম্যের বকেয়া দাওয়াই হিসেবে তিনি এই প্রস্তাব দিয়েছেন। উদাহরণস্বরূপ তিনি দেখিয়েছেন, মিনদানাও দ্বীপ কৃষি ও খনিজ উপাদানের সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সেখানকার মানুষের আয় কম। এর কারণ হচ্ছে, ভারসাম্যহীন রাজস্ব বণ্টনব্যবস্থা, যার কারণে কেন্দ্রীয় ব্যাংক লাভবান হয়। কিন্তু দুতার্তের কাজের ধরনের পরিপ্রেক্ষিতে বলা যায়, ফিলিপাইনে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও দুর্বল হবে। এতে দেশটির সমাজে একশ্রেণির মানুষকে বখরা দিয়ে পৃষ্ঠপোষকতার যে রীতি রয়েছে, তা আরও শক্তিশালী হবে, যেটা দেশটির রাজনৈতিক জীবনের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ গডফাদার-মাস্তান চক্র আরও শক্তিশালী হবে।
হেবিয়াস করপাস বাতিলের সিদ্ধান্তের প্রসঙ্গে মানবাধিকার আইনজীবী চেল দিওকনো আমাকে বলেছেন, ‘ট্রেনটা স্টেশন ছেড়ে গেছে।’ ১৯৭০-এর দশকের শুরুর দিকে দিওকনোর বাবা হোসে মার্কোসের ক্রমবর্ধমান নিপীড়নের মুখেও আত্মবিশ্বাসী ছিলেন। তাঁর একটি বিখ্যাত কথা ছিল এ রকম: ‘মার্কোস বেয়নেটের সিংহাসন তৈরি করেছেন। কিন্তু তিনি কি এর ওপর বসতে পারবেন?’ ১৯৭২ সালে মার্কোস যেদিন সামরিক শাসন জারি করেন, সে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে দুই বছর কারাগারে রাখা হয়। এরপর এক দশকেরও বেশি সময় তিনি গৃহবন্দী ছিলেন।
তখনো হেবিয়াস করপাস বাতিল করে মার্কোস সামরিক শাসন শুরু করেছিলেন। দেখা যাচ্ছে, বেয়নেটের সিংহাসনে কেউ বসতে পারেন। আর দুতার্তে হয়তো নিজের জন্য সে রকম কিছু বানাচ্ছেন।
অনূদিত, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
ভেরজেল ও সান্তোস: ম্যানিলা-ভিত্তিক সাংবাদিক।