২০১৬ সালে বৈশ্বিক অর্থনীতির শুরুটা তেমন একটা ভালো হয়নি, বেশ টালমাটালভাবেই শুরু হলো এর যাত্রা। শেয়ারবাজার পড়ে যাচ্ছে, পণ্যের দাম ব্যাপক হারে কমে যাওয়ার কারণে উদীয়মান অর্থনীতির দেশগুলো মার খাচ্ছে, ইউরোপে শরণার্থীদের আগমনের কারণে মহাদেশটি আরও অস্থিতিশীল হয়ে পড়ছে। এদিকে অতিমূল্যায়িত মুদ্রা ও পুঁজিপ্রবাহের উল্টো গতির কারণে চীনের অর্থনীতির গতি উল্লেখযোগ্য হারে কমে গেছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র তো রাজনৈতিক স্থবিরতার মুখে পড়েছে।
এই বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে চারটি নীতি আমাদের পথ দেখাতে পারে। প্রথমত, বৈশ্বিক অর্থনীতির গতি নির্ভর করবে উচ্চ হারের সঞ্চয় ও বিনিয়োগের ওপর। দ্বিতীয়ত, সঞ্চয় ও বিনিয়োগের প্রবাহ শুধু জাতীয় ব্যাপার নয়, এটাকে বৈশ্বিক ব্যাপার হিসেবে দেখা দরকার। তৃতীয়ত, উচ্চ হারে বিনিয়োগ হলেই কেবল পূর্ণাঙ্গ কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব, যার সঙ্গে উচ্চ হারের সঞ্চয়ের সামঞ্জস্য থাকবে। চতুর্থত, উচ্চ হারের বেসরকারি বিনিয়োগ নির্ভর করে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সরকারের বিনিয়োগের ওপর। এবার প্রতিটি নীতি আলাদাভাবে খতিয়ে দেখা যাক।
প্রথমত, আমাদের বৈশ্বিক লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ পৃথিবীজুড়ে মানুষের বসবাসের পরিবেশের উন্নয়ন। গত সেপ্টেম্বরে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে এই লক্ষ্যটি যুক্ত করা হয়েছে। অগ্রগতি নির্ভর করে উচ্চ হারে বৈশ্বিক বিনিয়োগের ওপর, তার সঙ্গে আছে দক্ষতা তৈরি, প্রাযুক্তিক উন্নয়ন ও ভৌত ক্যাপিটাল স্টক, যার মাধ্যমে যাপিত জীবনের মান উন্নত হয়। জীবনের মতো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বিনা মূল্যে কিছু হয় না। জ্ঞান, দক্ষতা, যন্ত্রপাতি ও টেকসই অবকাঠামো নির্মাণে উচ্চ হারে বিনিয়োগ করা না হলে উৎপাদনশীলতা কমতে শুরু করে (মূলত অবমূল্যায়নের মাধ্যমে), যার ফলে জীবনযাপনের মান পড়ে যায়।
উচ্চ হারে বিনিয়োগ করতে হলে মানুষকে উচ্চ হারে সঞ্চয়ও করতে হয়। মনোবিজ্ঞানের এক বিখ্যাত গবেষণায় দেখা যায়, যে শিশুরা তাৎক্ষণিকভাবে মার্শম্যালো খাওয়ার লোভ সংবরণ করতে পারে, তারা ভবিষ্যতে দুটি মার্শম্যালো লাভ করে, ফলে বড় হলে তাদের উন্নতি করার সম্ভাবনাও বেশি থাকে। একইভাবে যে সমাজ তাৎক্ষণিক ভোগ না করে সঞ্চয় করে, ভবিষ্যতে তাদের আয় বেশি হয় এবং অবসর-পরবর্তী জীবনও সমৃদ্ধ হয়।
দ্বিতীয়ত, সঞ্চয় ও বিনিয়োগের প্রবাহ বৈশ্বিক ব্যাপার। চীন তার বিনিয়োগ প্রয়োজনের বেশি সঞ্চয় করে, ফলে আফ্রিকা ও এশিয়ার যেসব দেশ কম সঞ্চয় করে, চীনের টাকা নিয়ে তারা নিজেদের বিনিয়োগ বাড়াতে পারে। চীনের মানুষ বুড়ো হয়ে যাচ্ছে, ফলে তারা অবসর-পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করছে। চীনারা জানে, অধিক সন্তান ও সরকারের সামাজিক নিরাপত্তা নয়, পারিবারিক সঞ্চয়ই তাদের আর্থিক নিরাপত্তার প্রধান মাধ্যম হবে। এশিয়ার আয় কম, সেখানকার জনসংখ্যার গড় বয়সও কম। তারা চীনের উচ্চ হারে সঞ্চয়প্রবণ মানুষের কাছ থেকে ধার নিয়ে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের বড় বড় খাতে বিনিয়োগ করতে পারে, এর মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
তৃতীয়ত, সঠিক দিকনির্দেশনা না থাকলে সঞ্চয় বাড়লেই যে বিনিয়োগ বাড়বে, তার নিশ্চয়তা নেই। বিনিয়োগের দিকনির্দেশনা না থাকলে তার পরিণতি হিসেবে দেখা যাবে, খরচ কম হচ্ছে বা বেকারত্ব বেড়ে যাচ্ছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতে টাকা রাখলে তা দিয়ে যেমন বিনিয়োগ করা যায়, তেমনি তা দিয়ে স্বল্পমেয়াদি ফাটকাবাজিও (ভোক্তা ঋণ ও রিয়েল এস্টেট) করা যায়। অতীতকালে জে পি মরগানের মতো মহান ব্যাংকাররা রেলওয়ে ও ইস্পাতের মতো খাতে বিনিয়োগ করেছেন, কিন্তু আজকের ব্যাংকাররা অনেকটা জুয়াড়ি ও প্রতারক চার্লস পনজির মতো আচরণ করেন।
চতুর্থত, আজকের যেসব বিনিয়োগের সামাজিক প্রাপ্তি অনেক বেশি, সেসব বিনিয়োগ এখন সরকারি-বেসরকারি অংশীদারির ওপর নির্ভর করে, যেখানে সরকারি বিনিয়োগ ও নীতি বেসরকারি বিনিয়োগ বাড়াতে সাহায্য করে। এসব প্রকল্পের মধ্যে আছে নিম্ন কার্বন নিঃসরণকারী জ্বালানি উৎপাদন, শহরের জন্য ছোট ছোট বিদ্যুৎ প্রকল্প ও তথ্যভিত্তিক স্বাস্থ্যসেবা। এটা অনেক দিন ধরেই হয়ে আসছে: রেলসড়ক নেটওয়ার্ক, বিমান, অটোমোবাইল, সেমি-কন্ডাক্টর, স্যাটেলাইট, জিপিএস, হাইড্রোলিক ফ্র্যাকচারিং, পারমাণবিক শক্তি, জিওনোমিক্স ও ইন্টারনেট—উল্লিখিত অংশীদারি না থাকলে এগুলোর অস্তিত্বই হয়তো থাকত না।
সারা পৃথিবীতেই এখন যে সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি সঞ্চয়কে দীর্ঘমেয়াদি বিনিয়োগে রূপান্তরিত করতে পারছে না। এ সমস্যা আরও প্রকট হয়েছে এ কারণে যে বিভিন্ন দেশের সরকার দীর্ঘমেয়াদি শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে খুব কম বিনিয়োগ করছে। পরিপূরক সরকারি বিনিয়োগ না থাকায় বেসরকারি বিনিয়োগ মুখ থুবড়ে পড়েছে। কিন্তু ক্ষীণদৃষ্টিসম্পন্ন অর্থনীতিবিদেরা বলছেন, পৃথিবীর মানুষ ভোগ করছে কম। আসলে বাস্তবতা হলো, বিনিয়োগ কম হচ্ছে।
এর ফল হিসেবে দেখা যাচ্ছে, বৈশ্বিক চাহিদা পড়ে গেছে (পূর্ণ কর্মসংস্থানের সময় বৈশ্বিক বিনিয়োগ বৈশ্বিক সঞ্চয়ের চেয়ে কম হচ্ছে) এবং রিয়েল এস্টেট ও আর্থিক খাতে স্বল্পমেয়াদি অর্থায়নে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। স্বল্প মেয়াদে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। ১৯৯৭ সালের এশিয়ায় যে আর্থিক সংকট সৃষ্টি হয়েছিল, তার ফলে এশিয়ায় অর্থ সরবরাহ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর ২০০৮ সালে লেহম্যান ব্রাদার্সের পতন হলে বৈশ্বিক পর্যায়ে স্বল্পমেয়াদি ঋণের প্রবাহও কমে যায়, ফলে মহামন্দা সৃষ্টি হয়।
মূলধারার সামষ্টিক অর্থনীতিবিদেরা চীনকে যেসব পরামর্শ দিচ্ছেন, সেগুলো হলো অভ্যন্তরীণ ভোগ বাড়ানো ও মুদ্রার অতিমূল্যায়ন করে রপ্তানি হ্রাস। এগুলো আসলে ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হচ্ছে। যে সমাজে বুড়ো মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই সমাজে এটা অতিভোগ, নিম্ন বিনিয়োগ ও অধিক বেকারত্ব উৎসাহিত করে, যেখানে পৃথিবী চীনের উচ্চ সঞ্চয় ও শিল্প সক্ষমতার ব্যবহার করতে পারে।
চীন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে ও ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগ নিয়ে সঠিক কাজটিই করেছে, এর মাধ্যমে তারা আফ্রিকা ও এশিয়ায় অর্থায়ন করতে পারবে। এতে চীনের কারখানাগুলোও সচল থাকবে, বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোর উচ্চ প্রবৃদ্ধির জন্য যেটা দরকার। চীনকে মুদ্রার অবমূল্যায়ন করতে দিতে হবে, যাতে সে আফ্রিকা ও এশিয়ায় টেকসই পণ্য রপ্তানি করতে পারে।
আরও সাধারণভাবে বললে, সরকারকে জাতীয় ও বহুপক্ষীয় ব্যাংকগুলোর ভূমিকা আরও সম্প্রসারণ করতে হবে, যাতে তারা দীর্ঘমেয়াদি সঞ্চয়কে দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি বিনিয়োগে রূপান্তর করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক ও হেজ ফান্ড দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা যাবে না। শুধু দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি বিনিয়োগই পারে পৃথিবীকে এই অচলাবস্থা ও নিম্ন প্রবৃদ্ধির ধারা থেকে বের করে আনতে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন
জেফরি ডি স্যাকস: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।