গত পাঁচ বছরে বাংলাদেশে অটিজমের বিষয়ে সচেতনতা ব্যাপকভাবে গড়ে উঠেছে, এ জন্য রাজনৈতিক সমর্থন ও জাতীয় শিক্ষা কার্যক্রমকে ধন্যবাদ। তহবিল ও সম্পদের অভাবে যাদের প্রয়োজন তাদের পূর্ণাঙ্গ সমন্বিত তথ্যপ্রমাণভিত্তিক সেবা দেওয়া এখনো সম্ভব হয়নি। কিন্তু আমাদের অগ্রগতির যে হার তাতে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। অটিজম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এবং যেসব পরিবার অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে, তাদের আমরা বোঝাতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। এ জন্য ওই সব পরিবারকে উৎসর্গ এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখানোর জন্য ধন্যবাদ। এই পরিবারগুলোর জন্য আমাদের কাজ শুরু হয় ১৯৯০-এর দশকে, অক্ষম ব্যক্তিদের জন্য প্রণীত সমন্বিত নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে। তখন জাতীয় ফোরাম ও প্রতিবন্ধীদের সংগঠনও গঠিত হয়।
আজ ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ২০০৮ সাল থেকে এটি বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজের স্বীকৃতি দেওয়া হয়। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীকে নিজেদের উদ্বেগের কথা বলেন।
জনগণের মধ্যে অটিজমের বিষয়ে ব্যাপক সচেতনতা এসেছে, কিন্তু দক্ষিণ এশিয়ায় এ বিষয়ে সবচেয়ে বড় পরিবর্তন আসে ২০১১ সালের ২৫ জুলাই ঢাকায় আয়োজিত অটিজমের ওপর আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে। ওই সম্মেলনে সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও মন্ত্রীরা যোগ দেন। তাঁদের উপস্থিতিতে আমাদের সম্মেলন অনন্য হয়ে ওঠে।
এই সম্মেলন অটিজমে আক্রান্ত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক মনোভাবে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে। তারপর থেকে পত্রপত্রিকাগুলো অটিস্টিক, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের নিয়ে তাদের মা-বাবা ও বিশেষজ্ঞদের বিভিন্ন লেখা নিয়মিতভাবে ছাপানো শুরু করে, যেগুলো তারা আগে ছাপত না। টক শোগুলোতেও অটিস্টিক ও প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা শুরু হয়। অটিজম শব্দটি, যা আমাদের বাংলা ভাষায় আগে ছিল না, এখন ঘরে ঘরে একটি পরিচিত শব্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে অটিজম প্রতিবন্ধ্যাত্বের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
ওই সম্মেলনের পর অটিজমে আক্রান্ত শিশুদের বাবা-মা ও বিশেষজ্ঞদের নিয়ে চারটি টাস্কফোর্স গঠন করা হয়। এ ছাড়া আমি বেশ কয়েকটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়ে অটিজমের সংজ্ঞা দিয়েছি। এ ব্যাপারে বৈষম্য ও লজ্জা নিরসনে আমার নিজের কথা সবার সঙ্গে ভাগাভাগি করেছি। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী বাবা-মায়েদের একটি ফোরাম গঠন করা হয়। এরপর ২০১৩ সালে আটজন মন্ত্রীসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়ে অটিজম-বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এই নানামুখী উদ্যোগের মাধ্যমে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, সহায়ক শিক্ষাগত কর্মসূচি, কর্মসংস্থান প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিতে যে অগ্রাধিকার দেওয়া উচিত, সেটা তুলে ধরা হয়। এসব উদ্যোগ অংশীজন ও নীতিনির্ধারকদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পৌঁছে দেয় যে, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা খুব সহজে সমাধান করা যায় না। শুধু চিকিৎসাসেবায় পরিবর্তন এনে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের ভালো করা যায় না। এ জন্য পরিবারের প্রয়োজনীয়তা মেটাতে বহুমুখী টেকসই ও সহায়ক কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন।
গত চার বছরে অটিজম-বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি সরকারের উন্নয়ন ও অর্থনৈতিক পরিকল্পনায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে পেরেছে। এ জন্য একাধিক মন্ত্রণালয় একযোগে কাজ করছে। এতগুলো মন্ত্রণালয় জড়িত হওয়ার ফলে অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে।
অটিজম শনাক্তের হার বেড়ে যাওয়া, চিকিৎসার চাহিদা তৈরি এবং এ জন্য নতুন নতুন পন্থা উদ্ভাবন হওয়ায় বিশ্বব্যাপী অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে। তবে নতুন অনেক পন্থার কথা এখনো প্রকাশিত হয়নি। এ ছাড়া উচ্চমূল্য এবং কপিরাইট আইনের কারণে উন্নয়নশীল দেশগুলোর অনেক কর্মসূচির কথা জানা যায় না। তার ওপর বিদ্যমান অবকাঠামোর সঙ্গে আন্ত ও অন্তর্বিভাগীয় যোগাযোগ গড়ে তোলাটা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি চ্যালেঞ্জ। কাজেই আমাদের এমন একটি পদ্ধতি দরকার, যার মাধ্যমে এসব চ্যালেঞ্জ ও সফলতার গল্প সরকার এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো জানতে পারে, যাতে তারা আরও কার্যকর ও টেকসই কর্মসূচি প্রণয়ন করতে পারে। এটা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
অটিজম ও অন্যান্য স্নায়ুজনিত রোগের জটিলতা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে চিকিৎসার মানোন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর জন্য আর্থসামাজিক সুযোগ সৃষ্টি করা হচ্ছে। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের প্রচণ্ড মানসিক, সামাজিক ও আর্থিক সমস্যাগুলো সমাধান করা এখন চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
চলতি এপ্রিল মাসে সূচনা ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সাউথ এশিয়ান রিজিওনাল অফিস যৌথভাবে অটিজম–বিষয়ক আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নের পথ সুগম করতে ভুটানে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য এ সম্মেলনের আয়োজন করা হবে। বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উৎসাহী ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় তিন দিনের এ সম্মেলন অংশ নেবে।
সম্মেলনে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত, তাদের চিকিৎসাপদ্ধতি, শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি একটি সহযোগিতামূলক পরিকল্পনা প্রণয়ন করা হবে, যে পরিকল্পনা বিশ্বের সব দেশ অনুসরণ করতে পারবে।
ইংরেজি থেকে অনূদিত
সায়মা ওয়াজেদ হোসেন: স্কুল সাইকোলজি বিশেষজ্ঞ, বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারসের চেয়ারপারসন।