সম্প্রতি রংপুর প্রেসক্লাবের সেমিনার কক্ষে নির্বাচনী ইশতেহার নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি পত্রিকা এর আয়োজক ছিল। বৈঠকে রংপুরের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। মূলত রংপুর বিভাগের জন্য ইশতেহারে কোন বিষয়গুলো থাকা জরুরি, সেটাই ছিল আলোচনার প্রতিপাদ্য। বৈঠকে বেগম রোকেয়া বিশ্ববিদালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক শাহীনুর রহমান আক্ষেপ করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর ৪৭ বছর থেকে আমরা বঞ্চনা সহ্য করে আসছি। আর কত কাল? আমরা দেখতে চাই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে বৈষম্য দূরীকরণের প্রতিশ্রুতি দেবে।’ তরুণ উদ্যোক্তা বিডি অ্যাসিস্ট্যান্ট ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ আল সাগর বলেন, ‘রংপুর অঞ্চলের সঙ্গে দেশের উন্নয়নবৈষম্য দূর করার জন্য রংপুরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলা প্রয়োজন। নির্বাচনী ইশতেহারে তার উল্লেখ থাকতে হবে।’
বৈঠকে যখন এসব কথা হচ্ছিল, তখন রংপুর প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম বলেন, ‘ভোটাররা কি ইশতেহার দেখে ভোট দেন? ইশতেহার কি জনগণের কাছে পৌঁছায়? আমরাই নিজেদের প্রয়োজনে অনেক কষ্টে ইশতেহার সংগ্রহ করি।’ রংপুর প্রেসক্লাবের সভাপতিকে অনেক কষ্টে যে ইশতেহার সংগ্রহ করতে হয়, সেই ইশতেহার যে সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, তাঁর এ কথায় বোঝা যাচ্ছে। মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি গোলাম জাকারিয়া বলেন, ‘আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, ইশতেহার দেখে ভোট দেওয়ার কথা কেউ বলেননি।’
ইশতেহার পড়ে জনগণ ভোট দেন না। এ কথা অনেকটাই সত্য। ইশতেহারের কথা বাদ দিলেও প্রার্থীরা তো নিজ নিজ এলাকায় প্রতিশ্রুতিনির্ভর বক্তব্য দেবেন। জনগণের কাছে ভোট প্রার্থনা করবেন। কেন্দ্রীয় নেতারাও তাঁদের করণীয় নিয়ে জনসভা করবেন। তাঁরা যদি রংপুরের সঙ্গে সারা দেশের উন্নয়নবৈষম্য দূরীকরণের ঘোষণা দেন, সেই আশ্বাস জনগণের কাছে পৌঁছাবে। মানুষ মৌখিক প্রতিশ্রুতির কথাও অনেক সময় মনে রাখে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় বলেছিলেন, রংপুরের উন্নয়ন তাঁর নিজের দায়িত্ব। এ কথা কিন্তু মানুষ ভোলেনি। ফলে মৌখিক প্রতিশ্রুতিও গুরুত্বপূর্ণ।
কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক তোফায়েল হোসেন নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনী ইশতেহারে আমরা দেখব কোন দলের ইশতেহারে উন্নয়নবৈষম্য দূরীকরণের চেষ্টা আছে। উন্নয়নবৈষম্য দূর করার জন্য ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। দেশের বিদ্যমান উন্নয়নবৈষম্য দূর করার জন্য কি আরও প্রাণ দিতে হবে?’
দিন কয়েক আগে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের সঙ্গে কথা হচ্ছিল। রংপুরে আওয়ামী লীগের প্রার্থী না দেওয়া প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘জাতীয় স্বার্থে আমরা আঞ্চলিক স্বার্থ বিসর্জন দিচ্ছি।’ বিসর্জনই বটে। কারণ, রংপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একসঙ্গে নির্বাচন করলে আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও যেহেতু বিসর্জন বলা হচ্ছে, এ কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব হচ্ছে বিসর্জনের মূল্য পরিশোধ করা। কিন্তু ভোট শেষে জয়ী হলে কেন্দ্রীয় আওয়ামী লীগ কি মনে রাখবে? কয়েক দিন আগে রেল-নৌ-পরিবেশ উন্নয়ন গণকমিটি কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ২০ দফা দাবি পেশ করেছে। এই ২০ দফা দাবির মূল বক্তব্য—কুড়িগ্রামের সঙ্গে বাংলাদেশের গড় উন্নয়নের বৈষম্য কমিয়ে আনা। রংপুর বিভাগের মানুষ এখন উন্নয়নবৈষম্য দূর করার চেষ্টায় খুবই সোচ্চার। ২০১০ সালে যখন সারা দেশে গড় দারিদ্র্য ছিল মাত্র সাড়ে ৩১ শতাংশ, তখন রংপুর বিভাগে গড় দারিদ্র্য ছিল ৪২ দশমিক ৩ শতাংশ।
ছয় বছর পর ২০১৬ সালের প্রতিবেদনে দেখা যায়, সারা দেশে গড় দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ শতাংশ, রংপুর বিভাগে গড় দারিদ্র্য ৪৭ দশমিক ২ শতাংশ। বাস্তবতা হলো, সারা দেশে দারিদ্র্যের হার কমেছে ৭ শতাংশ। আর রংপুর বিভাগে বেড়েছে ৫ শতাংশ। দেশের গড় দারিদ্র্যের সঙ্গে এখন পার্থক্য ২৩ শতাংশ। এই ভয়াবহ বৈষম্যচিত্র দূরীকরণে যাঁরা বদ্ধপরিকর হবেন, তাঁরাই এ অঞ্চলের মানুষের ভোট-সমর্থন পাবেন।
ভোটাররা নিশ্চয় ইশতেহার হাতে পেতে চাইবেন। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গণমানুষের কাছে ইশতেহার পৌঁছে দেওয়া। যদি ইশতেহার পৌঁছে দিতে না পারে, তাহলেও যেন মৌখিক প্রতিশ্রুতিতে উন্নয়নবৈষম্য দূরীকরণের ঘোষণা দেওয়া হয়।
উন্নয়নবৈষম্যের শিকার কোটি কোটি মানুষের দাবি সেই বৈষম্য দূরীকরণ। নির্বাচনী ইশতেহারে জাতীয় পর্যায়ের অনেক বিষয় থাকবে। জাতীয় উন্নয়নের প্রতিশ্রুতির সঙ্গে আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রতিশ্রুতিটুকু জোরালোভাবে চাই।
তুহিন ওয়াদুদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং রিভারাইন পিপলের পরিচালক