প্রথম আলোর আয়োজনে গত ২ অক্টোবর ‘বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।
বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানাই
যাঁরা অংশ নিলেনআনিসুজ্জামান ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়রাশেদ খান মেনন সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদমিজানুর রহমান চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশননিরূপা দেওয়ান কমিশনার, জাতীয় মানবাধিকার কমিশনবুদ্ধপ্রিয় মহাথেরো উপাধ্যক্ষ, ধর্মরাজিক মহাবিহাররানা দাশগুপ্ত আইনজীবী ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদপি কে বড়ুয়া মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘকাবেরী গায়েন শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সঞ্চালকআব্দুল কাইয়ুম সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুমআমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা আমাদের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। গত ২৯ সেপ্টেম্বর রামুসহ কিছু জায়গায় নৃশংস ঘটনা ঘটেছে। ১৯টি উপাসনালয়সহ অসংখ্য বাড়িঘর ভাঙা হয়েছে। ওই অঞ্চলের নারী, বৃদ্ধ, শিশুসহ বৌদ্ধ সম্প্রদায় এখনো চরম আতঙ্কের মধ্যে আছে। গভীর রাতে চালানো এই হামলার নিন্দা জানানোর ভাষা নেই। শুরুতে আলোচনার জন্য অনুরোধ করছি পি কে বড়ুয়াকে।পি কে বড়ুয়াআমাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্ব করি। আমরা শান্তিপ্রিয় জাতি। কারও সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। আমরা রাজনীতি করি না। জীবন বাজি রেখে দেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করেছি। তা হলে কেন আমরা ভয়ংকর হামলার শিকার হলাম? বৌদ্ধরা পৃথিবীতে প্রথম সভ্য হয়েছে এবং আমরা বিশ্বে সভ্যতার বিকাশ ঘটিয়েছি। এখনো চরম আতঙ্কের মধ্যে রাত-দিন কাটাতে হচ্ছে। আমরা জানি না এর শেষ কোথায়। গৌতম বুদ্ধ ‘সৃষ্টি সংঘ’ নামে একটি সংঘ তৈরি করেছিলেন। একে জ্ঞানচর্চার কেন্দ্র বলা হয়। মূর্তি জ্ঞানের প্রতীক। গত ২৯ সেপ্টেম্বর এই জ্ঞানের প্রতীক, ঐতিহ্যের প্রতীকের ওপর নৃশংস হামলা হয়। মূর্তির ওপর হামলা, ঘরবাড়ির ওপর হামলা মানে সব বৌদ্ধ জাতির ওপর হামলা। বৌদ্ধরা কখনো কারও সঙ্গে সংঘর্ষে জড়িত হয় না। আমরা অনাদিকাল থেকে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি। প্রেম, মানবতা, শিক্ষা, সভ্যতা—এগুলো আমাদের ধর্মের মূল আদর্শ। আজকে আমাদের ওপর যে হামলা হলো, তার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা ভয়ানক নিরাপত্তাহীনতায় আছি। আমরা সরকার ও প্রশাসন—সবার সহযোগিতা চাই। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। সরকার ও মুসলিম ভাইদের ভলোবাসায় আমরা আছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি। তিনি আমাদের মতোই কষ্ট পেয়েছেন। সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন। তাঁর আন্তরিকতায় আমরা খুশি হয়েছি। হামলার পরপরই আমরা একটি দল গঠন করেছি। তারা হামলাকৃত জায়গাগুলোর সরেজমিন জরিপ করবে; কতটি মূর্তি ভাঙা হয়েছে, কতগুলো ঘরবাড়ি পোড়ানো হয়েছে এবং কত মানুষকে অত্যাচার করা হয়েছে, তার একটি হিসাব তৈরি করবে। এর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেব।আব্দুল কাইয়ুমশান্তিপ্রিয় জাতি হিসেবে বৌদ্ধদের ঐতিহ্য রয়েছে। আমাদের দেশে এর আগেও সাম্প্রদায়িক হামলা হয়েছে; কিন্তু বৌদ্ধদের ওপর এই প্রথম। আমরা সবাই চাই, নিন্দনীয় এই হামলার বিচার হোক এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।বুদ্ধপ্রিয় মহাথেরোশান্তিপ্রিয় জাতি হিসেবে আমাদের ঐতিহ্য আছে। মহামতি বৌদ্ধ আমাদের ধর্মগুরু। সব জীবের প্রতি আজীবন প্রেম ও ক্ষমা প্রদর্শন করেছেন তিনি। বিশ্বে যেকোনো ধর্মের স্রষ্টাকে আঘাত করলে সে জাতি নিশ্চয়ই কষ্ট পাবে। আজকে আমাদের ধর্মের স্রষ্টার মূর্তিকে দ্বিখণ্ডিত করা হয়েছে। নানাভাবে অবমাননা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই আমাদের মানসিক অবস্থা বুঝতে পারছেন। সৃষ্টির প্রতি তাঁর অহিংসা, মানবতার প্রেম ও ভালোবাসা আমরা ধারণ করি। আমরা বিশ্বাস করি, প্রেম-ভালোবাসা ও মানবতার ঊর্ধ্বে পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। আমাদের মধ্যে হিংসা-বিদ্বেষ-বিবাদ কিছুই নেই। আমরা নির্বিবাদী ও নিরীহ মানুষ। আমি অনেক ভেবেছি, কেন আমাদের ওপর হামলা করা হলো। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের ঐতিহ্য। তার পরও হামলার শিকার হয়েছি। এখন নিঃসন্দেহে বলা যেতে পারে, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সম্পূর্ণ পরিকল্পিত হামলা। যেহেতু পরিকল্পিত ঘটনা, তাই এর সুষ্ঠু বিচার হতে হবে; তা না হলে এর পরিণাম হবে ভয়াবহ। তিন থেকে চার ঘণ্টা ধরে হামলা হয়েছে। প্রযুক্তির এই যুগে সবার কাছে খবর নিশ্চয়ই পৌঁছে গেছে। আমরা হতবাক হয়ে গেছি, তিন-চার ঘণ্টার মধ্যে কেউ-ই আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এটি সমাজ ও রাষ্ট্র কারও জন্য কোনো বার্তা দেয় না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। আমরা এ ঘটনার পনরাবৃত্তি দেখতে চাই না। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।রানা দাশগুপ্তসরকারের বয়স প্রায় সাড়ে তিন বছর। এর মধ্যে প্রথম বছরে কোনো হামলা-সংঘর্ষের ঘটনা দেখিনি; দ্বিতীয় বছর থেকে শুরু হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। দোকানপাট পোড়ানো হয়েছে। পুকুরের মাছ চুরি হয়েছে। নানা অপ্রীতিকর ঘটনার শুরু হয়েছে। আমরা সৈয়দ আশরাফের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেছি। তিনিও এ রকম কিছু ঘটনার কথা শুনেছেন বলে আমাদের জানিয়েছেন। সাড়ে তিন বছরের মাথায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটল। এই হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা দিনবদলের কথা শুনলাম। এখন দেখছি আওয়ামী লীগ ও বিএনপি একই। তা হলে দিনবদল কোথায়? দুই দলের মধ্যে আদর্শগত পার্থক্য কোথায়? সব দলই তো এক।দ্বিতীয় বছর ধর্মকে কেন্দ্র করে আবার বেছে বেছে স্কুলশিক্ষকদের ওপর হামলা হয়। মদন দাশ নামে ধানমন্ডির এক স্কুলশিক্ষক কোচিং বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। এ জন্য জামায়াত-শিবির তাঁকে আক্রমণ করে বলে আমাদের ধারণা। ২০০৭ সাল থেকে পাথরঘাটা, হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ আক্রমণ হয়। আক্রমণের সময় ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয়নি। পুলিশ তাদের বাধা দিয়েছে। হাটহাজারীতে ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হলো। এ ঘটনার জের ধরে ১৪টি মন্দির, দোকানপাট ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। কোনো বিচার হলো না।সাতক্ষীরায় একটি নাটক মঞ্চস্থ করার অপরাধে এক শিক্ষিকাকে আক্রমণ করা হয়। তাঁর তিন বছরের শিশুসন্তানকে আগুনের মধ্যে ছুড়ে দেওয়া হয়। হামলার ঘটনা শুধু সাম্প্রতিক বছরগুলোয় নয়, এর শুরু ১৯৭১ সাল থেকে। তারপর ১৯৯০-৯১-২০০১ থেকে আজ অবধি চলছে। কখনো যদি দৃষ্টান্তমূলক সাজা হতো, তা হলে এত বছর যাবৎ হামলার ঘটনা ঘটত না।বাংলাদেশে ১০ লাখ বৌদ্ধ বাস করে। ছয় লাখ সমতলে আর চার লাখ পাহাড়ে। রামুর ঘটনা একটি বিশেষ পরিকল্পিত ষড়যন্ত্র। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ধারাবাহিক ঘটনার অংশ। দেশে কোনো শাস্তি হয় না, সেটিও আরেকটি ষড়যন্ত্র। হয়তো কিছু লোক ধরা পড়বে। কয়েক দিন জেলে থাকবে। তারপর ছাড়া পাবে। এই হচ্ছে অপরাধীদের শাস্তির নমুনা। এগুলো শুধু লোক দেখানো। আরও একটি আবাক করা বিষয় হলো, প্রতিটি ঘটনায় প্রশাসন নীরব থাকে। কিছুদিন পর প্রশাসন ও সরকার সবাই বলে, ‘চলো চলো, ঝামেলা মিটিয়ে ফেলি। পাহাড়ি-বাঙালি ভাই ভাই। ঝামেলা রেখে লাভ নাই।’ এই হচ্ছে বাস্তবতা। একমাত্র রাজনৈতিক কারণেই আমরা আক্রান্ত হচ্ছি। কেবল ভোটের জন্য আমরা ব্যবহূত হচ্ছি।আমাদের যদি দেশ থেকে চলে যেতেই হয়, তা হলে গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে? স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এই বিচারের শেষ দিকে একটা কিছু ঘটবেই। তারই ধারাবাহিকতা হয়তো শুরু হয়েছে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের একটি বইয়ে দেখেছি, এ দেশে সর্বপ্রথম আক্রমণের শিকার হয় হিন্দুরা। আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। একটি স্বাধীন দেশে এ রকম একটি নৃশংস ঘটনার বিচার না হলে এর থেকে লজ্জার আর কিছু নেই বলে আমি মনে করি।কাবেরী গায়েনএকধরনের প্রবণতা দেখা যায় যে আন্তর্জাতিক অঙ্গনে যখন ধর্মীয় কোনো বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়, তখনই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। সাতক্ষীরা ও রামুর ঘটনার মধ্যে একটা বিশেষ মিল আছে। দুটি ঘটনাই ঘটে রাতের বেলা। বিশেষ একটি পোশাক কারখানার শ্রমিকসহ শত শত মানুষ একসঙ্গে আক্রমণ করে। সমস্যার সৃষ্টি হয় ফেসবুকের একটি ছবি নিয়ে। অপনারা যাঁরা ফেসবুক ব্যবহার করেন, তাঁরা জানেন, যে কেউ-ই যে কারও ফেসবুকে ছবি সংযুক্ত করে দিতে পারে। এমনকি আমার ফেসবুক যদি আপনারা দেখেন, তা হলে মনে হবে যে আমি ইসলাম ধর্ম প্রচারের জন্য নেমেছি। বিবির সঙ্গে, দাসের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে, এ রকম অনেক বিষয় আমার ফেসবুকে আছে।বাংলাদেশের কতজন মানুষ ফেসবুক ব্যবহার করে? বিশেষ করে ওই অঞ্চলে এর ব্যবহার কতটুকু? খুব অল্প সময়ের মধ্যে শত শত মানুষ জড়ো হয়ে গেছে। তার আগে তারা সভা করেছে। তাই এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জানি না, আপনারা একমত হবেন কি না। এখানে রোহিঙ্গাদের নিয়ে একধরনের রাজনীতি চলছে। এই আক্রমণের দুটি কারণ দেখি। এক, এদের যদি আক্রমণ করে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়, তা হলে এই জায়গা দখল করা সহজ হয়। দুই, আক্রমণকারী ব্যক্তিদের কিছু সুযোগ-সুবিধা দিয়ে তাদের ভোট-ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। সাতক্ষীরায় আক্রমণের উদ্দেশ্য একই। এখানে একটু ধাওয়া দিলেই সীমান্তের ওপারে চলে যাবে। খুব সহজেই সবকিছু দখলে চলে আসবে। নিশ্চিত করে বলা যায়, ধর্মীয় ইস্যু যদি না পাওয়া যায়, তা হলে কোনো না কোনো অজুহাতে আবার এ ধরনের হামলা করা হবে।অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেটা কোনোভাবে ক্ষুণ্ন হতে দেব না। ২০০১ সালে খালেদা জিয়াও বলেছিলেন, ‘আমাদের ভাবমূর্তি বিদেশিদের কাছে নষ্ট হতে দেব না।’ আমি মনে করি, বামপন্থী দলগুলো এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আজকে রামু, উখিয়া ও টেকনাফে যে ঘটনা ঘটে গেল, এর পরও যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, তা হলে আমাদের জন্য বিপর্যয় অপেক্ষা করছে। ঘটনার পরদিন পত্রপত্রিকাগুলোয় এই ভয়াবহ তাণ্ডবের বিষয়টি যেভাবে আসার কথা ছিল, সেভাবে আসেনি; এমনকি মূলধারার পত্রিকাগুলোর কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। কিন্তু তারাও এসব নারকীয় ঘটনার বিষয়ে যেভাবে লেখা উচিত, সেভাবে লেখেনি। একটি বিষয় বুঝতে হবে, যে কারও ফেসবুকে যে কেউ-ই ছবি সংযুক্ত করতে পারে। আমাদের কোনো ধরনের রাষ্ট্রীয় নিরাপত্তা নেই। শুধু সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইছে বিধায় আমরা বেঁচে আছি। বাংলাদেশের শাসনসীমার মধ্যে রাত সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত তাণ্ডব চলল; অথচ প্রশাসনসহ কেউ-ই কোনো ভূমিকা রাখেনি। সাতক্ষীরা, রামুসহ এ অঞ্চলের সাংসদেরা যে দলেরই হোন না কেন, জামায়াতের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকে। প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষতি পুষিয়ে দেবেন। হাজার বছরের পুরোনো বিশ্ব ঐতিহ্যের অংশ ১৯টি দেবালয়, ৫০০ বুদ্ধবিগ্রহ, মানুষের মানসিক বিপর্যয় ও সংকট তিনি কীভাবে পুষিয়ে দেবেন, তা বুঝি না। মানুষের প্রার্থনাকে, বিশ্বাসকে, স্বপ্নকে তিনি কীভাবে ফিরিয়ে দেবেন? তিনি যেটা করতে পারেন তা হলো, এ ঘটনার তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সামনে যাতে আর না হয়, তার জন্য একটা উদ্যোগ গ্রহণ। কোথাও যেন কোনো অঘটন না ঘটে, সে ব্যাপারে কাজ করবে সবাই। কোথাও কোনো ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরি করবে। এর ভিত্তিতে সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করা হবে।আনিসুজ্জামানরামু, উখিয়া ও টেকনাফের ঘটনায় আমি গভীরভাবে বিচলিত। বিশ্ব ঐতিহ্যের অংশ যেসব বুদ্ধমূর্তি ভেঙে ফেলা হয়েছে, এ আর কখনো ফিরে পাওয়া যাবে না। গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে রামুসহ কিছু অঞ্চলে এক নির্মম ধ্বংসলীলা দেখলাম। এ ঘটনাকে কোনোভাবেই আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই না। একই ঘটনা এর আগেও বারবার হতে দেখেছি। তাই এ ঘটনার সঙ্গে পূর্বাপর যোগাযোগ আছে। সাম্প্রদায়িক শক্তি তাদের কাজ তারা ঠিকই করে যাচ্ছে। কখনো কোনো চাপের কারণে হয়তো ঘাপটি মেরে আছে। কিন্তু যখনই সুযোগ পাচ্ছে, তখনই ঝাঁপিয়ে পড়ছে। আমরা আমাদের কাজ করছি না বলেই তারা এই সুযোগগুলো পাচ্ছে। প্রশাসন কেন নীরব, কেন কিছু করে না—এর উত্তর আমরা জানি না। কিন্তু এখন প্রতিরোধের বড় প্রয়োজন। আমরা বোধ হয় দেয়ালে ঠেকে গেছি। আর থেমে থাকার সময় নেই। ষাটের দশকে প্রতিরোধ করতে পারতাম। এখন পারি না। সে সময় কোনো ঘটনা ঘটলে সবাই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। দেশে অসাম্প্রদায়িক মানুষের সংখ্যা বেশি। তারা আর বসে থাকবে না। প্রতিবাদ করবে। যেখানেই ঘটনা ঘটবে, সেখানেই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে দেশব্যাপী। যেন বিশ্বকে জানাতে পারি, আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সবাই একসঙ্গে বাস করার ঐতিহ্য আমাদের আছে। আর আমাদের প্রতিরোধের অংশ হিসেবে প্রথমে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার দাবি তুলতে হবে। এই রাষ্ট্রধর্ম মানুষকে বিভক্ত করেছে। এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এখন নাগরিক সমাজ, পেশাজীবী, সাংবাদিক—সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই, সরকার যেন দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করে। আর তা যদি না করে, তা হলে আমরা সভা-সমাবেশের মাধ্যমে সরকারকে অব্যাহতভাবে নিন্দা জানাব। এটা যদি সাধারণ মামলার মতো চলে, তা হলে এর ভবিষ্যৎ আমাদের শঙ্কার মধ্যে ফেলে দেবে।তাই আমাদের দাবি, অবিলম্বে এদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, যাতে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।নিরূপা দেওয়ান২৯ তারিখে রামুর ঘটনা শোনার সঙ্গে সঙ্গে হতবাক হয়ে যাই। ভয়ানক অস্থিরতার মধ্যে আমাদের দিন-রাত্রি কাটছে। কিছুদিন আগে রাঙামাটিতে একটা ঘটনা ঘটেছে। আমরা অত্যন্ত বিচলিত। আমাদের মধ্যে যে আস্থার জায়গা ছিল, সেই আস্থার জায়গাটা হারিয়ে গেছে। রামুবাসী, রাঙামাটিবাসী এখনো অনিশ্চয়তার মধ্যে আছে। প্রায় সব আলোচক বলেছেন, আমরা রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা আশা করি, সেই জায়গাটায় একটা বিরাট ধরনের ফাঁক দেখতে পাচ্ছি। ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে, তার জন্য মামলা হয়েছে কিন্তু প্রকৃত বিচার হয়নি। অপরাধীরা বারবার ছাড়া পাওয়ায় সন্ত্রাস বেড়ে যাচ্ছে। সরকারের আর বসে থাকার সময় নেই। অতি গুরুত্বের সঙ্গে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। আমি মনে করি, সরকারের প্রথম কাজ হবে আমরা যারা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আছি, তাদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা। কারণ, এভাবে তো মানুষ বাঁচতে পারে না। রাস্তায় বের হলে একধরনের আতঙ্ক কাজ করে। কখন যেন হামলার শিকার হতে হয়।কী রকম অমানুষিক বর্বরতা একজন মানুষ আরেকজন মানুষের ওপর চালায়! এ রকম বর্বরতা আমরা চিন্তাও করতে পারি না। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কখনোই ভাবতে পারি না যে আমাদের ওপর এমন নির্মম হামলা হতে পারে। এখানে ভূমি দখলেরও একটা পাঁয়তারা আছে। সবকিছু মিলিয়ে আমাদের বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আরও বেশি সতর্ক হতে হবে। কারণ সারা রাত ধরে এ ঘটনাগুলো ঘটবে, প্রশাসন চুপ থাকবে। আমি জোর গলায় বলব, এগুলো সব ইচ্ছাকৃত করা হয়েছে। না হলে এভাবে হতে পারে না। রাঙামাটিতে এ ধরনের ঘটনা কয়েক বছর ধরে হচ্ছে। এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা হয়। সম্প্রতি ‘পাহাড়ি-বাঙালি ভাই ভাই’—এ ধরনের সভায় আমরা বসি। তখন সবাই একই সুরে কথা বলেন। কিন্তু রাতে যাঁরা হামলা করেন, পরদিন তাঁরাই আলোচনার জন্য বসেন। আমরা তখন প্রশাসনকে বলি, আপনারা জানেন যে বারবার এ ধরনের ঘটনা ঘটে, আপনাদের কাছে নিশ্চয় খবর আছে, আপনাদের গোয়েন্দা আছে, আপনারা সঙ্গে সঙ্গে কেন এগুলোর পদক্ষেপ নেন না?বুধবার, শনিবার পার্বত্য এলাকাগুলোর নির্ধারিত বাজারের দিন। আপনারা খেয়াল করবেন, বুধবার-শনিবারই বেশির ভাগ ঘটনা ঘটে। এই দিনগুলোয় পাহাড়িরা তাদের দ্রব্যসামগ্রী বিক্রি করতে বাজারে আসে। তখন এসব নিরীহ লোকের ওপর হামলা করে তাদের টাকা-পয়সা কেড়ে নেওয়া হয়। ইচ্ছামতো তাদের পেটানো হয়। এসব কারণে বারবার প্রশাসনকে বলি, আপনারা কেন এসব খবর পাওয়ার পর ব্যবস্থা নেন না? আমার নিজের দেখা একটি ঘটনা বলি, এক পাহাড়ি যুবককে ধরার জন্য বাঙালিরা তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। যুবকটি প্রাণ রক্ষার জন্য অনেক চেষ্টা করে পুলিশের গাড়ির কাছে পৌঁছাল। তার একান্ত বিশ্বাস ছিল যে পুলিশের কাছে গেলে প্রাণ রক্ষা পাবে। আমি অবাক হয়ে লক্ষ করলাম, পুলিশের গাড়ির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে রক্ষা না করে গাড়ি ছেড়ে দিল। এ রকম হরহামেশাই আমাদের ওখানে হয়। তো আমার মনে হয়, আমাদের আরও ভালো করে ভাবতে হবে, আমাদের সরকারকে ভাবতে হবে। আমাদের প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে। প্রশাসনের মধ্যেও এ রকম প্রতিক্রিয়াশীল লোকেরা আছেন। আমরা চাই, এর সুষ্ঠু বিচার হোক, দৃশ্যমান শাস্তি হোক, যাতে কেউ সাহস না পায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর।রাশেদ খান মেননপ্রথম আলোকে ধন্যবাদ, আসলে প্রথম আলোর এই উদ্যোগটা ভালো লেগেছে এ কারণে যে, এই আলোচনা মানুষের মধ্যে হতাশা দূর করতে সাহায্য করবে। বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো গণমাধ্যমে যেভাবে সামনে আনা দরকার, সেভাবে বোধহয় আসছে না। আমি একটু আগে সম্পাদক মতিউর রহমানকে অনুরোধ করেছি, সেই ষাটের দশকের মতো, সেদিন যেভাবে ‘পূর্ব বাংলা রুখে দাঁড়াও’ নামে সব পত্রিকা অভিন্ন সম্পাদকীয় প্রকাশ করেছিল, সে রকম একটা উদ্যোগ নেওয়া যায় কি না, যেটা আনিস স্যারও বললেন। সেই জায়গা থেকে মানুষের চেতনা জাগ্রত করার ক্ষেত্রে প্রথম অনুরোধটা রেখে আমার কথা শুরু করছি। এ ঘটনাটাকে যত ছোট করে দেখার চেষ্টা করি না কেন, আসলে এটা কোনো ছোট ঘটনা নয়। বিশেষ করে আমাদের দেশে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর এ ধরনের ব্যাপক কোনো ঘটনা একাত্তরেও ঘটেনি। যদিও ২০০১ সালে ভিক্ষু হত্যার একটি ঘটনা ছিল, কিন্তু এবারের মতো বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা ছিল না।এ ঘটনায় ট্রাকে করে লোক এসেছে, যেটা পত্রিকার প্রতিবেদন বলছে, ট্রাকে করে লোক চট করে চলে আসে না। ট্রাকে করে লোক আনা অথবা রাতের বেলা এ ধরনের ঘটনা কিন্তু স্বাভাবিক নয়।আমি প্রথম থেকে বলে এসেছি, আজকেও বলতে চাই যে এখানে একটা বিশেষ ধরনের তৎপরতা কাজ করছে। একের পর এক প্রতিটি ঘটনা যুক্ত করে দেখতে চাই। সাতক্ষীরা, হাটহাজারী, চিরিরবন্দর, রাঙামাটি এবং আজকের সর্বশেষ যে ঘটনা, এই হলো একটা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির একটা চেষ্টা।২০০১ সালে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির চেষ্টা হয়েছে এবং সহিংসতা ঘটিয়ে তা করা হয়েছে। সেটা তো আমরা দেখেছি, বুঝেছি বা জানি। এখানে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা আছে এবং এর সঙ্গে যুক্ত রয়েছে সামনের নির্বাচনের ব্যাপারটিও। কারণ, যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একধরনের আস্থাহীনতা তৈরি করা যায় এবং আস্থাহীনতার জায়গা থেকে হতাশাবোধ তৈরি হয়, বিভেদ তৈরি হয়; কিছু না হোক, ২ শতাংশ ভোটারকে দূরে সরিয়ে দেওয়া যায়, তা হলেই যথেষ্ট। অনেক হিসাব উল্টে যাবে। আমার কাছে এটা প্রথম বিষয়।বলতে চাই, এর সঙ্গে রোহিঙ্গা ইস্যু জড়িত আছে। এটাকে কেবল রামুর ঘটনা হিসেবে দেখা যায় না। রোহিঙ্গা যোগসূত্র আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।রোহিঙ্গাদের আমাদের দেশে রাখার জন্য একটা আন্তর্জাতিক চাপ আছে, বারবার করে বাংলাদেশকে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের এখানে জায়গা দিতে হবে।আরাকানসংলগ্ন অঞ্চলের জায়গাগুলো, যেটা পত্রিকার প্রতিবেদন বলছে, এখানে বহু দিন থেকে ইসলামিক বিপ্লব সংঘটিত করার তৎপরতা চলছে। এ অঞ্চলজুড়ে একধরনের মুসলিম মৌলবাদী সংগঠন তৈরি করে ইসলামিক শাসনব্যবস্থা প্রবর্তনের কাজ করে যাচ্ছে একটি গোষ্ঠী।এই রামু, এই উখিয়া, নাইক্ষ্যংছড়ি—এসব এলাকায় রয়েছে মৌলবাদী গোষ্ঠীর প্রশিক্ষণকেন্দ্র। জামায়াতের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান একবার নয়, দুবার নয়, বহুবার এ সম্পর্কে প্রতিবেদন লিখেছেন। সুতরাং তিনটি বিষয়। একটা হচ্ছে রাজনৈতিক। দ্বিতীয়ত, সাম্প্রদায়িকতার বিষয়টাকে আবার সামনে আনা হচ্ছে। সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হচ্ছে। তৃতীয়ত, রোহিঙ্গাদের বিষয়। এই বিষয় তিনটি আমি বলছি।আমাদের সেই সামাজিক, রাজনৈতিক প্রতিরোধের সে রকম সচেতন উদ্যোগ এখনো খুব একটা নেই। আমরা ভাবছি, প্রতিরোধের জন্য কিছু করা যায় কি না। ষাটের দশকের মতো আমরা সবাই মিলে একত্রে এখানে সেভাবে দাঁড়াতে পারছি না বলে মনে হয়। আমরা এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলি, বিকল্প ব্যবস্থা প্রতিষ্ঠার কথাই বলি বা আবার যদি সমতাভিত্তিক সমাজের কথা বলি—সব ক্ষেত্রেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে ঐক্যের বিষয়টি বাদ দিয়ে আমরা কিছু করতে পারব বলে মনে করি না। সাম্প্রদায়িক বিভাজন রেখে দিয়ে এটা সম্ভব নয়।মিজানুর রহমানখবরের কাগজের ছবি ও প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দিরগুলো যেভাবে ধূলিসাৎ করা হয়েছে, বুদ্ধমূর্তিগুলো যেভাবে খণ্ডিত হয়ে পড়ে আছে, তা দেখে মনে হচ্ছে যে ওগুলো বুদ্ধের কোনো মূর্তি নয়, যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের হূদয় পড়ে আছে। এটি বিরাট একটা সতর্কবাণী জাতির জন্য। কিন্তু এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো, একটু গভীরভাবে চিন্তা করলে তা বোঝা যাবে। আমাদের সংবিধানে একটা অস্বাভাবিক সন্ধি করা হয়েছে—একই সঙ্গে রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা। এই অস্বাভাবিক সন্ধির প্রথম বড় বলি হচ্ছে রামুর ঘটনা।নিরূপা দেওয়ান এখানে রাঙামাটির ২২ সেপ্টেম্বরের ঘটনার কথা উল্লেখ করেছেন। ২২ সেপ্টেম্বরের রাঙামাটির ঘটনা আর ২৯ সেপ্টেম্বরের রামুর ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। সব এক সূত্রে গাঁথা। সূত্রটি হলো, অস্থিরতা সৃষ্টি করে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়া এবং ফায়দা লোটা।বলা হচ্ছে, ফেসবুকের সূত্র ধরে ঘটনাটি ঘটেছে। বাংলাদেশে শূন্য দশমিক ২ শতাংশ মানুষের ফেসবুক ব্যবহারের সুযোগ আছে, সেখানে রামুর মতো একটা জায়গায় কত শতাংশ মানুষের এই সুবিধা আছে? এত অল্প সময়ের মধ্যে সেদিন হাজার হাজার মানুষ জড়ো হয়ে এত বড় একটা বীভৎস কাণ্ড ঘটিয়ে ফেলল! ওই ঘটনা ফেসবুকের কারণে নয়, ওটা ছিল পূর্বপরিকল্পিত।আজ অনেকেই প্রশ্ন তুলেছেন, আমাদের যে গোয়েন্দা সংস্থা, তারা কি জানত না? তাদের কাছে তথ্য থাকে, তারা ঠিক করে, কখন আমি তথ্য দেব, কখন তথ্যটা আমার কাছে রেখে দব। ঘটনার প্রকৃত তথ্য উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সুনির্দিষ্ট প্রমাণ না দিয়ে চিহ্নিত করছে কারা দোষী, ততক্ষণ পর্যন্ত কাউকে দোষী চিহ্নিত করে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় নয়।এমন সময় ঘটনাটি ঘটছে, যখন জাতীয় মানবাধিকার কমিশন ‘ইউনিজার্নাল পিরিওডিক রিভিও’ (ইউপিআর) জমা দিচ্ছে। এটি অক্টোবরের ৯ তারিখের মধ্যে জমা দিতে হবে। আমাদের রিপোর্টে লেখা রয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে সরকারের প্রশংসনীয় পদক্ষেপ লক্ষ করেছি। ঠিক এর কদিন আগেই এসব ঘটনা। এগুলো লেখার পরই যদি একই অবস্থার সৃষ্টি হয়, তা হলে কীভাবে আমরা তা লিখি? কীভাবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলব যে এটি বিচ্ছিন্ন ঘটনা, তোমরা এটি ভুলে যাও? আপনারা যে ছবিগুলো পত্রপত্রিকায় দেখেছেন, সেগুলো কি শুধু পত্রিকার পাতায় আবদ্ধ হয়ে থাকল? এগুলো কি সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে চলে গেল না? তার পরও যদি আমরা বলি, দেখুন, কী সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। তা হলে কথা ও কাজে কীভাবে মিল থাকবে? কঠিন একটি সমস্যায় পতিত হয়েছি, আপনারা বুঝতে পারছেন।মেনন ভাই বলেছেন রোহিঙ্গাদের কথা। আমি অনুরোধ করব, একটু সতর্কতা অবলম্বন করে আমাদের কথা উচ্চারণ করতে হবে। রোহিঙ্গা যারা আমাদের দেশে রয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে শরণার্থীদের প্রতি একটা দায়িত্ব রয়েছে। আমি যদি বলি যে রোহিঙ্গারা এর মধ্যে জড়িত রয়েছে, তা হলে কি তাদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিচ্ছি না? সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে কিছু বলা ঠিক হবে না।আপনারা জানেন, জাতীয় মানবাধিকার কমিশনের শুধু সুপারিশ করার এখতিয়ার রয়েছে, নির্বাহী ক্ষমতা আমাদের নেই। যা হোক, যতটুকু ক্ষমতা আছে, আমরা তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে চাই।আর এখন নতুন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাঁর কাছে আমাদের প্রত্যাশা বেশি। কারণ, তিনি নিজে জানেন, আটকাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের আচরণ করে থাকে।একবার অনেক আগে বলেছিলাম যে আমাদের প্রশাসনের মধ্যেও কিন্তু জামায়াত-শিবিরের ভূত লুকিয়ে আছে। সেই ভূতগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই ভূতগুলোকে যদি তাড়াতে না পারেন, তা হলে মাশুল কিন্তু দিতে হবে। আমরা বিশ্বাস করি, তিনি পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানী, বোদ্ধা। তিনি পারবেন চিহ্নিত করতে এবং যথাযথ ব্যবস্থা নিতে। সরকারের যতটুকু সময় বাকি আছে, তার মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে পারি। এবং যে ঘটনা ঘটে গেছে, এটা ইতিহাসের দুঃখজনক ঘটনা হিসেবেই বিবেচিত। এর আর পুনরাবৃত্তি হবে না, এই প্রত্যাশা ব্যক্ত করতে পারি।আব্দুল কাইয়ুমবৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আজকের এই গোলটেবিল বৈঠকের আলোচনার মধ্য দিয়ে সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে।আজকের গোলটেবিলবৈঠকে অংশগ্রহণের জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।