বৌদ্ধসভ্যতার কারিগরেরা, ক্ষমা করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধসভ্যতার ওপর সাম্প্রতিক অন্যায় আঘাতের খবরে হয়তো মুষড়ে পড়েছেন শিল্পী থোয়াইংছি রাখাইন। বাংলাদেশের সবচেয়ে বড় শায়িত বুদ্ধমূর্তির শিল্পী ও কারিগর তিনি। হয়তো ভাবছেন, কেমন দেশ যেখানে কোনো সৃষ্টি ও নির্মাণ নিরাপদ নয়। কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি পাহাড়ের বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রে নির্মিত ‘ভুবন শান্তি ১০০ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তিটি’ দেশের এ যাবৎকালের সবচেয়ে বড় শায়িত বুদ্ধমূর্তি। স্থানীয়দের বিশ্বাস, গৌতম বুদ্ধ আরাকান যাওয়ার সময় রামুর রামকুট পাহাড়ে বিশ্রাম নেন। সেই পাহাড়ের প্রায় সাত কিলোমিটার দক্ষিণেই এই আবক্ষ নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালের ১৫ অক্টোবর। ২০১৩ সালের ১৮ জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ ঠিক ছিল। বৌদ্ধধর্মাবলম্বীদের ব্যক্তিগত দান করা প্রায় দেড় কোটি টাকায় এর নির্মাণকাজ ৯৮ ভাগ শেষ হয়েছিল। ১০০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট উচ্চতার গৌতম বুদ্ধের সিংহশয্যার এ অবিস্মরণীয় সৃষ্টিতে দিনরাত কাজ করেছেন জনা পঞ্চাশেক শিল্পী-শ্রমিক। মিয়ানমারের ধাম্বাদূত বৌদ্ধবিহারে সংরক্ষিত শায়িত বুদ্ধের রূপেই একেও গড়ে তুলছিলেন ইয়াংগুনের ভাস্কর ও শিল্পী থোয়াইংছি রাখাইন। নির্দয়ভাবে ২৯ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিংসার স্রোত এবং বহ্নিতে দগ্ধ হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি। কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবসতির ওপর হামলায় ভস্ম হয়েছে দুই হাজার প্রাচীন তালপাতার পুঁথি। ৬০০ থেকে ১১০০ শতকে নির্মিত কাঠ-পাথর ও ধাতুর তৈরি চার শতাধিক অবিস্মরণীয় বুদ্ধমূর্তি খণ্ডবিখণ্ড হয়েছে এক প্রশ্নহীন হিংসার জ্বালায় (সূত্র: প্রথম আলো, ৪.১০.২০১২)। আমাদের এমন দুর্ভাগ্য যে আমরা ভস্মীভূত পুঁথিগুলোর মর্ম ও পাঠ পর্যন্ত উদ্ধার করিনি আজও। এলোপাতাড়ি আঘাতে হত্যা করা বুদ্ধের ঐতিহাসিক স্মারকগুলোকে আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই। চলতি লেখাটি কোনো বিচার দাবি করছে না, কেবল কিছু মানুষের কাছে আপাদমস্তক ক্ষমা প্রার্থনার সাহস করছে। যাঁরা সম্মিলিতভাবে বৌদ্ধসভ্যতার এক অহিংস মহাবয়ান বিরাজিত রেখেছেন দেশের সমুদ্র উপকূলে।লেখাটি থোয়াইংছির কাছে গভীর আকুতি নিয়ে ক্ষমা চাইছে। স্বর্ণচূর্ণ রঙের সিংহশয্যার শায়িত বুদ্ধ হিংসার শাবল আর বারুদে ক্ষতবিক্ষত হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। এর সঙ্গে জখম হয়েছে আরও অনেক নানা বয়সী ও মাপের বুদ্ধ। কত শিল্পী আর শিল্পী-শ্রমিকের দিনরাতজাগা শ্রম আর প্রজ্ঞায় নির্মিত হয়েছিল এসব অবিস্মরণীয় ঐতিহাসিক আখ্যান। রামুতে সম্প্রতি ভস্মীভূত পুঁথির কারিগর আর প্রণেতাদের কাছে ক্ষমা চাওয়ার যাবতীয় উপাদান হারিয়ে ফেলেছে বাংলাদেশ। রক্তাক্ত মন্দিরের কারিগর ও নির্মাণশ্রমিকদের কাছে শত-সহস্র ক্ষমা প্রার্থনা করছি। একটি মূর্তি, পুঁথি, মন্দির, উপাসনালয় কি স্মারক গড়তে কত আয়োজন আর ব্যঞ্জনা প্রয়োজন তা বাংলাদেশের নিম্নবর্গ জানে। আর বৌদ্ধ-মুসলিম-হিন্দু কি সর্বপ্রাণবাদী সব ধর্মের ঐতিহাসিকতার ভেতর দিয়েই বিকশিত হয় আমাদের পুঁথি কি ছিং। ব্যক্তিগতভাবে আমি দেশের গ্রামীণ নিম্নবর্গের এই ঐতিহাসিক সম্পর্ককে টের পাই গভীর থেকে, দেশের সব অঞ্চলে নিম্নবর্গের সঙ্গে গভীরতর কর্মসম্পর্কের ভেতর দিয়ে। এখানে কেউ কোনো গুঞ্জনে বা রটনায় উন্মত্ত হয়ে দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি খুন করার মতো বিগড়ে যায় না। প্রতিবেশীর খাবারের চাল কি বীজধান বা স্কুলের বই পুড়িয়ে দেওয়ার জন্য নিজের ঘরে কেউ মজুদ করে রাখে না হিংসার বারুদ। তা হলে কে আঘাত করেছে, কে হামলে পড়েছে, কে ক্ষতবিক্ষত করেছে দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি? এর রাজনৈতিক জবাব রাষ্ট্রকেই দিতে হবে। আমরা জানি, এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র বাধ্য, কিন্তু তার আগেই রাষ্ট্রের উচিত ভস্মীভূত মূর্তি-পুঁথি আর মন্দিরগুলোর নির্মাতা ও শিল্পীদের কাছে ক্ষমা চাওয়া। থোয়াইংছি রাখাইনসহ সব শিল্পী ও কারিগরের কাছে বাংলাদেশের হয়ে ক্ষমা প্রার্থনা করছি। প্রদর্শনীর মিথ্যা ছল তৈরি করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্র জোরজবরদস্তি করে ‘প্রজ্ঞাপারমিতা পুঁথির’ মতো এক অদ্বিতীয় জাতীয় সম্পদ তুলে দিয়েছিল গিমে নামের ফ্রান্সের এক জাদুঘরের জিম্মায়। সারা দেশ তখন উত্তাল হয়েছিল, মানুষ ‘প্রজ্ঞাপারমিতা পুঁথিকে’ বাঁচাতে রাস্তায় নেমেছিল। মানুষই আগলে রাখে, বয়ে নিয়ে চলে প্রাণ ও প্রকৃতির ইতিহাস। আমরা মনে করি, কক্সবাজার ও চট্টগ্রামে সম্প্রতি নিহত ও আহত সব বৌদ্ধস্মারক দেশের জাতীয় সম্পদ। দেশের সমুদ্র উপকূলের আদি বাসিন্দা রাখাইনদের ভাষায় সমুদ্র উপকূলের প্রায় জায়গারই একটি রাখাইন নাম আছে। ক্যানছাই-চুয়ান মানে কক্সবাজার, ঠিক তেমনি রামুকে রাখাইন ভাষায় বলে প্যাঙ-ওয়া মানে হলদে ফুল। একসময় রামু আরাকানের প্রাদেশিক রাজধানী ছিল (সূত্র: বাংলাদেশে রাখাইন সম্প্রদায়, লেখক মং বা অং)। আবুল কাশেম তাঁর রামুর ইতিহাস বইতে লিখেছেন, গৌতম বুদ্ধ রাজা চানসুরিয়ার আমলে সেবক আনন্দকে নিয়ে ধান্যবতীর এক ধর্ম সম্মেলনে আনন্দকে বলেছিলেন ভবিষ্যতে পশ্চিম সমুদ্রের পূর্ব উপকূলে গৌতম বুদ্ধের বক্ষাস্থি স্থাপিত হবে। তখন এর নাম হবে রাং-উ মানে বুকের হাড়। অনেকে মনে করেন, বর্মী শব্দ ‘রাং-উ’ হতেই এই রামু নামের উৎপত্তি। রাখাইনরা এ অঞ্চলের সভ্যতার আদি কারিগর হলেও নানা কারণে এখানে রাখাইনরা উদ্বাস্তু ও নিরুদ্দেশ হয়েছেন। রামুর জোয়ারিনালা ইউনিয়নে একসময় এক সমৃদ্ধ রাখাইন গ্রাম ছিল ছেঃঘ্রি, এখন এই গ্রামের নাম মাছুয়াখালী ধলীরছড়া। এখানে এখন কোনো রাখাইন বসতি নেই। ঠিক তেমনি এক রাখাইন জনপদের নাম তংছাওয়ারা, এটিও জোয়ারিনালা ইউনিয়নেই। এখন আর এখানে কোনো রাখাইন বসতি নেই। কিছু বড়ুয়া বৌদ্ধসম্প্রদায় আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের অত্যাচারে জন্মমাটি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় এক হাজার ৬০০ রাখাইন পরিবার। বর্তমানে এই গ্রামের নাম উত্তর মিঠাছড়ি। এখানেই ক্ষতবিক্ষত হয়েছে দেশের সবচেয়ে বড় শায়িত বুদ্ধমূর্তি। ২০০৬ সালে যখন এর নির্মাণকাজ শুরু হয় তখন মাটি খুঁড়ে প্রায় ৬০ জন রাখাইনের শরীরের অস্থি পাওয়া যায়। গৌতম বুদ্ধের বুকের অস্থি এখানে স্থাপিত হয়েছিল কি না জানা নেই, কিন্তু মানুষের অস্থি আর রক্তই মিশে আছে এই সমুদ্র উপকূলীয় জনপদে। এই জনপদ বাংলাদেশকে লবণ, পান, নাপ্পি, শুঁটকি আর মাছ দিয়ে বাঁচিয়ে রেখেছে। কক্সবাজার অঞ্চলের পাহাড়-টিলাগুলো দখল করছে প্রভাবশালী রাজনীতিকেরা। এলোপাতাড়ি পাহাড় কাটায় পুরো এলাকা হয়ে উঠছে বিপদাপন্ন। ধসে পড়ছে প্রাণ ও প্রকৃতির সঙ্গে বৌদ্ধসভ্যতাও। ২০০০ সালের ১৭ আগস্ট প্রভাবশালী ব্যক্তিদের নির্বিচার পাহাড় দখল ও কাটার ফলে কক্সবাজারের বৈদ্যেরঘোনা পাহাড়ে অবস্থিত শত বছরের প্রাচীন বৌদ্ধ প্যাগোডাটি ধসে পড়ে এবং প্রায় ১২ জন আহত হয়। কোনোমতে সেখান থেকে ১৯৩টি বুদ্ধমূর্তি উদ্ধার করা সম্ভব হয় (সূত্র: ১৮ আগস্ট ২০০০, দৈনিক কক্সবাজার)। এসব পুঁথি ও স্মারক কেবল বৌদ্ধসভ্যতা নয়, বাংলাদেশের মানুষের ধারাবাহিক ঐতিহাসিকতার আখ্যান। এ আখ্যান ও আখ্যানের কারিগরদের সুরক্ষা নিশ্চিত করার আবেগ ও অভ্যাসই বয়ে নিয়ে চলেছি আমরা কাল থেকে কালে। নিদারুণ এ ঘটনার কী বিচার হবে জানি না, তবে সমুদ্র উপকূলের বৌদ্ধসভ্যতার কারিগর ও নির্মাতারা নিশ্চয়ই বাংলাদেশকে ক্ষমা করবেন। কারণ, এই সমুদ্র উপকূল আর বৌদ্ধসভ্যতা নিয়েও বাংলাদেশ। বুদ্ধের অহিংস মহাবয়ানের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের অহিংসতাকেও জোরদার করা জরুরি। পাভেল পার্থ: লেখক ও গবেষক। [email protected]