
সংবাদ: কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয় বলে মনে করেন আইজিপি এ কে এম শহীদুল হক। শনিবার দুপুরে সিলেটের একটি সেমিনার শেষে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের জড়িত থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধ করে থাকেন, সেটা তাঁর দায়িত্ব। কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয়।’
জাহাঙ্গীর ফাত্তাহ
আইনের পরিভাষায় একটি ধারণা আছে, ভিকারিয়াস লায়াবিলিটি বা প্রাতিনিধিক দায়। এর অর্থ অধস্তন ব্যক্তিদের কৃতকর্মের জন্য ঊর্ধ্বতন ব্যক্তিদের দায়। নিয়োগদাতা বা ঊর্ধ্বতন ব্যক্তিরা প্রাতিনিধিকভাবে এই শর্তের অধীনে তাঁদের অধস্তন ব্যক্তিদের অবহেলা বা ভুলের জন্য দায়ী থাকেন। সুতরাং জনাব আইজিপি, আপনি এই দায় অস্বীকার করতে পারেন না।
ইবনে মঈন
জনগণের কষ্টের টাকা দিয়ে পুলিশের বেতন–ভাতা দেওয়া হয়। কাজেই কোনো পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তার অর্থ জোগানদাতা হিসেবে দায়ী তো জনগণ। ঠিক বলেছি না আইজিপি মহোদয়?
আলামিন
পুলিশের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধ এবং পেশাগত ক্ষেত্রে অপরাধ আলাদা জিনিস। পেশাগত ক্ষেত্রে হয়রানির জন্য দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করতে হবে | তা না হলে বাকি পুলিশ সদস্যও একই অপরাধে উৎসাহিত হবেন। শুধু সাময়িক বরখাস্ত এর সমাধান নয়।
কে বীর সৌরভ
একমত। ব্যক্তিগত অপরাধের দায় পুলিশের নয়। কিন্তু যখন কোনো ‘ব্যক্তিগত অপরাধী’কে বাঁচাতে পুলিশ বিভাগ উঠেপড়ে লাগে, তখন সেটাকে আর ‘ব্যক্তিগত অপরাধ’ মনে হয় না, পুলিশ বিভাগের কাজ বলেই মনে হয়।