ব্যর্থ রাষ্ট্রগুলো কার সৃষ্টি
>মানবিক বিপর্যয় : মধ্যপ্রাচ্য থেকে এ বছর ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দিয়েছে তিন লাখেরও বেশি এবং ভূমধ্যসাগরে মারা গেছে আড়াই হাজারেরও বেশি শরণার্থী। এই সময়ে শরণার্থী হওয়ার অর্থ কী? দেশহীন মানুষের অধিকারই বা কী? এই প্রশ্ন নিয়ে ভেবেছেন তিন লেখক। অনুবাদ করেছেন ফারুক ওয়াসিফ
আফ্রিকান ও আরবরা তাদের সমাজ বদলাতে পারছে না কেন? কারণ, আমরা, উত্তর আমেরিকান ও পশ্চিম ইউরোপীয়রা বাধা দিচ্ছি। ইউরোপীয়দের লিবিয়ায় হস্তক্ষেপেই তো দেশটা নৈরাজ্যে নিপতিত হলো। যুক্তরাষ্ট্র ইরাকে যা করেছে, তারই পরিণতি আইএস। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গৃহযুদ্ধ জাতিগত বিদ্বেষের বিস্ফোরণ নয়, তা সেখানকার তেলসম্পদের দখল নিয়ে ফ্রান্স ও চীনের প্রক্সি-যুদ্ধ। সিরিয়াতেও দেখব একই রকম কার্যকারণ।
পশ্চিমাদের অপরাধের পরিষ্কার উদাহরণ হলো আজকের কঙ্গো। এটি আবার আফ্রিকায় ‘অন্ধকারের কেন্দ্রভূমি’ হিসেবে হাজির হয়েছে। ২০০১ সালে জাতিসংঘের অনুসন্ধানে উঠে আসে, কঙ্গোর অভ্যন্তরীণ সংঘাতের কারণ আসলে এর পাঁচটি মূল প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ ও ব্যবসা। জাতিগত সংঘাতের ঝালরের আড়ালে এখানে কাজ করছে বৈশ্বিক পুঁজিবাদ। কঙ্গো আজ স্থানীয় যুদ্ধবাজ নেতাদের ভাগাভাগি করে নেওয়া বিরাট অঞ্চল। এই প্রত্যেক যুদ্ধবাজ নেতার সঙ্গে রয়েছে একেকটি বিদেশি কোম্পানি কিংবা তাদের খনিজ সম্পদ শোষণে নিয়োজিত কোনো করপোরেশন। এসব খনিজ উচ্চ প্রযুক্তির ল্যাপটপ ও সেলফোন তৈরিতে লাগে।
এই কোম্পানিগুলোকে ওসব অঞ্চল থেকে সরিয়ে ফেলুন, দেখবেন জাতিগত যুদ্ধের কাহিনির আর কোনো ভিত্তি নেই। আফ্রিকাকে সাহায্য করতে চাইলে, শরণার্থীর স্রোত থামাতে হলে, এখান থেকেই শুরু করতে হবে আমাদের। বেশির ভাগ শরণার্থী আসছে ‘ব্যর্থ রাষ্ট্রগুলো’ থেকে। সেখানে সরকারি কর্তৃপক্ষ কার্যত অচল: লিবিয়া, সিরিয়া, ইরাক, সোমালিয়া, কঙ্গো ইত্যাদি। রাষ্ট্রশক্তির এই বিলোপ আঞ্চলিক ঘটনা না, এটা পশ্চিমা হস্তক্ষেপের সরাসরি পরিণতি। আর এসব ‘রাষ্ট্রীয় ব্যর্থতা’ তাদের নিয়তিও নয়, এরা আসলে মহাশক্তিগুলোর অর্থনৈতিক উপনিবেশায়নের শিকার।
আজকের মধ্যপ্রাচ্যের ‘ব্যর্থ রাষ্ট্রগুলোর’ সীমান্ত বিবাদের জন্ম হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্য ও ফ্রান্সের দ্বারা ইচ্ছামতো দেশভাগের মাধ্যমে। তারা কিছু কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি করেছিল। ঔপনিবেশিক প্রভুরা যাকে ছিন্নভিন্ন করেছিল, আইএস শেষ পর্যন্ত সেসব এলাকাকে আবার এক করে ফেলছে। অথচ এই আইএসের জন্ম হতে পেরেছিল পশ্চিমাদের ওই এলাকায় হস্তক্ষেপের সুবাদেই।
মার্কিন পত্রিকা ইন দিজ টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ
স্লাভোয় জিজেক: স্লোভেনীয় দার্শনিক ও লেখক।