ব্যর্থতার দায় শুধু ব্যক্তির? ব্যবস্থা খালাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর জরিপ অনুযায়ী, ৭২ দশমিক ৬ শতাংশ তরুণ বলেছেন, পরিবারের সঙ্গে খাপ না খাওয়াটা তাঁদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। তবে তাঁরা যে এটা নিয়ে ভাবছেন, সেটা জেনে আমি সান্ত্বনা পাই—তাঁরা সবাই তাহলে হারিয়ে যাননি, তাঁরা তাঁদের জায়গাতেই আছেন। তাঁরা যে এটা ভাবছেন, তার মানে এই যে তাঁরা চান তাঁদের মা, বাবা ও পরিবারের সঙ্গে সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে। তার চেয়ে বড় কথাটি হলো, তাঁরা চান মা-বাবা তাঁদের বন্ধু হয়ে উঠুন। তাঁরা আদর ও শাসন দুটাই চান। গবেষণায় দেখা গেছে, যে ছেলেমেয়েরা ‘দুষ্টু’ হয়, তাদের আসলে দরকার পারিবারিক আসক্তি, মনোযোগ ও আদর। সেটা না পেলে তারা কুকাজে লিপ্ত হয়ে যেতে পারে বৈকি। কারণ, ‘নেগেটিভ অ্যাটেনশন’ও তো একধরনের নজর–কাড়া ‘অ্যাটেনশন’।

জরিপে অংশগ্রহণকারী ছেলেমেয়েরা যদি আসলেই তাঁদের পরিবার নিয়ে চিন্তিত হন, তার মানে যে বন্ধুত্ব তাঁরা পরিবারের কাছে চান, তা তাঁরা পাচ্ছেন না। সেটা কেন পান না, তা নিয়েও ভাবা দরকার। যুগ যুগ ধরে ‘পরের প্রজন্ম’কে দোষারোপ করা হয়, তাদের ইচ্ছাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, বলা হয়ে থাকে, তারা বোঝে না, জানে না, তারা অক্ষম। তাদের কাজের প্রতি অনীহা আছে। তারা অলস। তারা স্বার্থপর। শুধু শর্টকাট খোঁজে।

যেন অতীত সব সময়ই একটা স্বর্ণযুগ—‘আগে কী সুন্দর দিন কাটাইতাম।’

কিন্তু আসলেই কি তা-ই? এত অনড় কেন আমাদের এই সমালোচনা? আমরা কি একবার আয়নায় তাকাব না? সব দোষ কি নতুন প্রজন্মের? এই জরিপে পরিষ্কার ইঙ্গিত আছে, তারা চায় তাদের পরিবার তাদের বুঝুক, জানুক। একটা বিচ্ছিন্নতা বা একাকিত্বের (আইসলেশান) আভাসও পাওয়া যায় এই তরুণদের বয়ান থেকে:

‘‘পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তরুণেরা, দূরত্ব বাড়ছে বাবা-মায়ের সঙ্গে। এই মতামত বড়দের না, তরুণদেরই। তারা যেমন পরিবার ও বাবা-মায়ের সঙ্গে দূরত্ব নিয়ে চিন্তিত, তেমনি ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও রয়েছে দুশ্চিন্তা। আবার জীবনের লক্ষ্য খুঁজে পেতে তরুণেরা বাবা-মা বা পরিবার থেকেও যে খুব বেশি সহায়তা পাচ্ছে, তাও না।’ (পরিবার থেকে বিচ্ছিন্নতা, চিন্তিত ৭৩% তরুণ/প্রথম আলো ১৭ জুলাই ২০১৭/goo.gl/xd2rtp)

কিন্তু এই আইসলেশান তৈরি হলো কী করে?

অনেকেই হয়তো দোষ চাপাবেন চাকরিজীবী মা–বাবার ওপর। এ কারণে যে সন্তানকে দেওয়ার সময় তাঁরা কম পান। বা দোষ চাপাবেন কম আয়ের বেতনভোগী কর্মীর ওপরে, আয়ের সন্ধানে যাঁকে সদা ব্যতিব্যস্ত থাকতে হয়। বা দোষ দেন ভিনদেশি তারকাদের বা পাশ্চাত্যের হেজেমনিকে-ও, যাঁরা দখল করে রাখে অনেক তরুণ-তরুণীর মনোযোগ।

আমরা বরং ভাবনার ধারাটা পালটে প্রশ্ন করি যে, একটি পরিবারে একজন ব্যক্তির বেতনে সংসার চলে না কেন? একবার ভাবি যে ‘লিভিং ওয়েজেস’ বা জীবনধারণের মতো মজুরি বলে কিছু নেই কেন? কেন দিনরাত কাজ করেও সন্তানসন্ততির (প্রায়ে সময়ই মেয়েরা বাদ পড়ে যায় এই ক্ষেত্রে) শিক্ষা দেওয়া যায় না? কেন মেয়েকে বিয়ে দিতে হলে সারা জীবনের জমানো টাকা খরচ করতে হয়? কেন স্কুলে মার খেতে হয় যদি তারা হোমওয়ার্ক না করে বা দেরি করে স্কুলে পৌঁছায়? আমাদের ভাবতে হবে, কী কারণ মা-বাবা তাদের সাহায্য করতে পারেননি বা কোন কাঠামোগত কারণে তাদের দেরি হয়েছে?

মা-বাবার ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই কমবেশি জানি। আমার নিজের গবেষণাতেই আমি দেখেছি দুটো বিষয়—এক, মা-বাবা যত বেশি তাঁদের ছেলেমেয়ের জীবনে লিপ্ত থাকেন, সন্তানদের মানসিক রোগ হওয়ার আশঙ্কা তত কম। দুই, তাদের আত্মবিশ্বাস বেশি হয়, তাই তারা স্কুল-কলেজে অন্য ছাত্রছাত্রী দ্বারা কম নিপীড়িত হয়।

কিন্তু আমরা এখন যে পরিস্থিতিতে বাস করি, সেখানে কতজন মা-বাবা ছেলেমেয়েদের ইচ্ছামতো সময় দিতে পারেন? যদিও এই দোষ মা-বাবার নয়। এই দোষ এই সিস্টেমের, যে সিস্টেম এভাবেই সাজিয়েছে সমাজকে। এই সিস্টেমের নাম আছে—নিওলিবারালিজম, যাকে মোলায়েম বাংলায় বলা হয় নয়াউদারতাবাদ, যেখানে প্রতিটি সফলতা বা ব্যর্থতার দায়িত্ব ব্যক্তির ওপর বর্তায়, যেন সিস্টেমের কোনো ভূমিকা নেই!

নিওলিবারালিজম হলো মূলত বিংশ শতাব্দীর অর্থনৈতিক উদারনীতির সঙ্গে যুক্ত ধারণাগুলোর পুনরুত্থান। ১৯৮০ থেকে মার্গারেট থ্যাচার এবং রোনাল্ড রেগানের হাত ধরেই এই সিস্টেমের উত্থান বলে ধরা হয়। এই সিস্টেমের মূল চরিত্র হলো প্রধানত ব্যবসায়ীদের স্বার্থে শ্রেণীশক্তির সুরক্ষা বা ‘রেস্টরেশন অব ক্লাস পাওয়ার’। সরকার এবং আন্তর্জাতিক সংস্থা দ্বারা কায়েম হওয়া এই মতবাদের কিছু রূপ আছে, যেমন: বেসরকারিকরণ, নিয়ন্ত্রণহীনতা, ধনীদের স্বার্থে কর মওকুফ এবং মুক্ত বাণিজ্য লেনদেনের ব্যবস্থাপনা। মূল ধারণা এই যে কিছু মানুষের হাতে অনেক ধন দিলে সেই ধন ক্রমে সবার কাছেই পৌঁছে যাবে। বলা হয়, টাকা ও ধন ব্যবসায় লগ্নি করার উপলক্ষ হিসেব মানুষের কর্মসংস্থান হবে। যদি তা-ই হবে, এত মানুষ এখনো কেন বেকার এবং গরিব? প্রথম আলোর জরিপই বলছে, তরুণেরা চাকরিবাকরি নিয়ে দারুণ চিন্তিত। এত ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো, বেকারত্ব কেন ঘুচল না?

কারণ, এই সিস্টেমের নিয়ম হলো আমরা সবাই একে অন্যের সঙ্গে লড়াই করব, যাকে বলা হয় চাকরির জন্য প্রতিযোগিতা। প্রতিযোগিতা অন্নের জন্য, প্রতিষ্ঠার জন্য, বাঁচার জন্য। আমরা এই লড়াইয়ে এমন মেতে উঠব যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝব না। নিজেদের তুলনা করব অন্যের সঙ্গে, অন্যের সুখ দিয়ে যাচাই করব নিজেরটা। এই সিস্টেম আমাদের শেখায় যে সুখ কেনা যায়—আমরা বেরিয়ে পড়ব আমাদের সমকক্ষ ব্যক্তিদের থেকে আরও সুন্দর জুতা কিনতে বা বলা যায়ে সুখ কিনতে। লড়াই চলবে প্রতিদিন, সেটা নিয়েই মশগুল থাকব। তারপর যখন নতুন আইনের বদৌলতে কর দিতে দিতে ব্যাংকে রাখা টাকা শেষ হয়ে যাবে, কিংবা শেয়ার মার্কেট আমাদের ফতুর করে দেবে, তখন আমরা কিছুই বুঝব না। বলব, না থাক, দেশের জন্য এতটুক করা যায়। কিন্তু এত লোক যে ব্যাংকের টাকা ফেরত না দিয়ে বড়লোক হয়ে গেল, তা মাথায় আসেবে না। কারণ, লড়াই তো চলছে, ওই যে নতুন গাড়ি এসেছে বাজারে, সেটা কীভাবে কেনা যায়, তার লড়াই।

এর মধ্যে জনসাধারণের গণতান্ত্রিক দাবি প্রকাশ করার উপায় বন্ধ করার ব্যবস্থা হবে। সর্বপ্রথম কোপ পড়বে ট্রেড ইউনিয়ন তথা পেশাজীবী সংগঠনের ওপর। তার মানে, সম্মিলিত কোনো পদক্ষেপ নিতে চাইলেও আমরা তা নিতে পারব না। সব রাস্তা বন্ধ করে দাওয়া হবে। বিশেষ করে নিজেদের কর্মস্থানে নিজের অধিকার জানার সুযোগও থাকবে না।

এখানেই শুরু সেই ‘আইসলেশানের’, ব্যস্ততার মাঝে সময় নেই-এর খেলার। জীবনের মান বাড়ানোয় অন্য কিছু করতে গিয়ে ছেলেমেয়েদের সময় দেওয়া আর হয়ে ওঠে না। আমরা সবাই কর্মী, চাকরি রাখার লড়াই চালিয়ে যেতে ব্যস্ত, না হলে যে অন্য কেউ আমার জায়গা নিয়ে নেবে। পাশের বাড়ির সঙ্গে প্রতিযোগিতাও চালিয়ে যেতে থাকব, সেই প্রতিযোগিতায়ে ছেলেমেয়েদেরও জড়াব, ওদেরও যে সবার আগে পকেমন গো খেলতে হবে!

তাহলে কী দাঁড়াচ্ছে? এই সিস্টেমের জয়ী কে বা কারা? খেটে খাওয়া মানুষ তো আর না, আর যে-ই হন, মুষ্টিমেয় ধনী ও ক্ষমতাবানেরাই তো।

আর আমাদের তরুণেরা? যাঁরা চাকরি নিয়ে চিন্তিত? যাঁদের মা-বাবার সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো না?

তাঁরা এই সিস্টেমের সমান্তরাল ক্ষতি বা যাকে বলা হয় ‘কলাটেরাল ড্যামেজ’।

এবং পথ যদি না বাঁকে, তাঁরাও যদি এই লড়াইকে জীবনের ধ্রুব সত্য ভেবে নিয়ে সেই একই পথে দৌড়ান, তাহলে তাঁদের ভবিষ্যৎ কী হবে?

আমি ভবিষ্যৎ জানি না, তবে আশঙ্কা করি, ভালো কিছু হবে না। সব একই থেকে যাবে। বিচ্ছিন্নতা আর বিষাদের দুষ্টচক্র থেকে আমরা আর বেরোতে পারব না।

নাদিন শান্তা মুরশিদ: সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অ্যাট বাফালো, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক