ব্যাংক ব্যবস্থাপনা ও তদারকির দুর্বলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরে সোনালী ব্যাংকের একটি শাখার তিন হাজার ৫৪৭ কোটি টাকার অর্থ কেলেঙ্কারি নিয়ে বেশ শোরগোল চলছে, যেখানে হলমার্ক নামের একটি অখ্যাত কোম্পানিই নিয়েছে প্রায় দুই হাজার ৫০০ কোটি টাকা। দেশের ব্যাংকিং খাতে একসঙ্গে এত বিশাল পরিমাণ ঋণ একটি অখ্যাত কোম্পানিকে দেওয়ার আর কোনো নজির পাওয়া যায়নি। কারণ, ঋণ নেওয়া প্রতিষ্ঠানটি তেমন কোনো প্রতিষ্ঠিত বা পরিচিত প্রতিষ্ঠান নয়। এত বিশাল পরিমাণ ঋণ নিয়ে কোনো সঠিক কাজে না লাগিয়ে এর অপব্যবহার করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে এ ধরনের ঘটনা আর্থিক খাতসহ অন্যান্য খাতের জন্য একটি অশনিসংকেত।ব্যাংক সাধারণত সঞ্চয় বা অন্য কোনো প্রক্রিয়ায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে তা আবার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অন্য কাউকে ঋণ হিসেবে দেয়। কিন্তু সোনালী ব্যাংকের ওই শাখা থেকে এত বিশাল পরিমাণ অর্থ কেলেঙ্কারির ঘটনার পর সাধারণ মানুষ ব্যাংকের ওপর আস্থা হারাতে পারেন। তাঁরা এ জন্য এই ধরনের অর্থ কেলেঙ্কারিকে নিজেদের আমানত রাখা টাকার জন্য ভীতিকর মনে করবেন। আবার অনেকে পুঁজিবাজারের মতো এ খাতেও বিরাট ধসের আশঙ্কায় নিজেদের গচ্ছিত টাকা ফিরিয়ে নিতে চাইছেন। এতে দেশের ব্যাংকিং খাতসহ আর্থিক অন্যান্য খাত, যেমন: বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যে অর্থের ঘাটতি দেখা দিতে পারে। সাধারণ জনগণ যদি ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে আমানতকারীর সঞ্চয়ের টাকা থেকে আগে যেমন শিল্পমালিকেরা ঋণ নিয়ে উৎপাদনশীল কাজে লাগাতেন, এখন তা বন্ধ হয়ে যেতে পারে। এখন দেখা যাক, কী কারণে এত বড় ধরনের অর্থ কেলেঙ্কারি ঘটতে পারল? আমি মনে করি, সোনালী ব্যাংক ব্যবস্থাপনার দুর্বলতা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বলতা ও সর্বোপরি ব্যাংকের ভেতরের ও বাইরের কিছু লোকের যোগসাজশেই এ ধরনের ঘটনা ঘটেছে। আমি এ ঘটনাকে ব্যাংকের পরিচালনা পর্ষদের দুর্বলতাও বলব। কারণ, এত বড় একটি ঋণের ব্যাপারে পরিচালনা পর্ষদের নজর দেওয়া উচিত ছিল। এমনিতেই প্রতিটি ব্যাংকে বছরে একবার, কোনো কোনো ব্যাংকে দুবার অডিট করা হয়। এ ক্ষেত্রে সোনালী ব্যাংকের অডিট বা পরিচালনা পর্ষদের ব্যক্তিরা এত বিশাল পরিমাণ একটি ঋণের নজরদারি করার ক্ষেত্রে কী করেছেন, সেটাই এখন দেখার বিষয়।সাধারণত বড় অঙ্কের কোনো টাকার লেনদেনের সময় এ বিষয়গুলোতে পরিচালনা পর্ষদ ও অডিট বিভাগের নজরদারিটা জরুরি হয়ে পড়ে। যদি সত্যিই এ ব্যাপারটিতে অডিট করা হয়ে থাকে, তাহলে এ অডিটের প্রতিবেদনগুলো কি কর্তাব্যক্তিরা আঁচ করতে পারেননি? যদি আঁচ করতে পেরে থাকেন, তাহলে এ ব্যাপারে কর্তাব্যক্তিরা কেন সোচ্চার হননি বা এ বিষয়ে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি? তদারকির ঘাটতি বা অনিচ্ছা, নীতিনির্ধারণী ব্যর্থতা, লোভ, জালিয়াতি ও দুর্নীতির এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এ ঘটনায়।বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছে। বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নর হিসেবে আমি বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপকে স্বাগত জানাই। আর অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের এ সুপারিশের এখতিয়ার নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য যথার্থ নয়। বাংলাদেশ ব্যাংক আইনের ৪৫ ও ৪৬ ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের এ সুপারিশ করার এখতিয়ার রয়েছে। তবে ৪৬ ধারার একটি উপধারায় রাষ্ট্রের মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এ ক্ষমতাকে সীমাবদ্ধ করা হয়েছে। এটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ কোনো সুখবর নয়। বরং আমি মনে করি, এ ধারাটি পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকের সীমাবদ্ধতা দূর করা উচিত। সেটি করলে সব ব্যাংকের ওপর পুরো নজরদারি, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের দায়বদ্ধতা থাকবে।কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় অভিজ্ঞ, ঋণখেলাপি এবং সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া উচিত। অথচ কিছু কিছু ক্ষেত্রে এটি না মেনে পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগের কারণে এ ধরনের অপরাধ বা অর্থ কেলেঙ্কারির ঘটনা আরও বাড়তে পারে। তবে যা-ই হয়েছে, এখনই এ ঘটনার তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। জড়িত ব্যক্তিদের শুধু সাময়িক বরখাস্ত বা জরিমানা করলে চলবে না, পাশাপাশি এমন শাস্তি দিতে হবে, যাতে কেউ পরবর্তী সময়ে এ ধরনের অপরাধ করতে না পারে। বিভিন্ন দেশে এ ধরনের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, জড়িত রাজনৈতিক ব্যক্তিদেরও এ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি।বাংলাদেশের সব রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকের নিয়মিত তদন্ত দল, বিশেষ তদন্ত দল এবং অডিট ও সুপারভিশন দলকে দক্ষ করে তুলতে হবে। এ ক্ষেত্রে দ্রুততা বজায় রেখে সব কাজ করতে হবে, যাতে অপরাধীরা পার পেয়ে যেতে না পারে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী ও সুসংহত করতে হবে। রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে এ কাজগুলো করতে হবে। অতিসত্বর এ কাজগুলো করা গেলে ব্যাংকিং খাতকে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ থেকে রক্ষা করা যাবে। ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক।