আসছে ক্রিসমাস। ছেলেমেয়েরা বড়দিনের প্রস্তুতি হিসেবে প্রায় প্রতিদিনই গাইছে: ফাদার ক্রিসমাস/ হি গট স্ট্যাককামিং রাউন্ড দ্য চিমনি/হোয়াট ব্যাডলাক...।আসলেই স্যান্টা আটকে গেছেন। গত দুই বছরের চূড়ান্ত অর্থনৈতিক চাপে দিশেহারা মানুয়ের কপালে এখনই ভর করছে ব্যাডলাক। সর্বত্রই ব্যয় সংকোচনের ছায়া। চলছে রিসাইক্লিং। জানালায় গতবারের ব্যবহূত আলোকমালা, দরজায় রুপোর ঘণ্টার বদলে প্লাস্টিকের বেল, প্রবেশপথে তাজা ক্রিসমাস ‘রেথ’-এর জায়গায় লাল-সবুজের সস্তা বো। ক্রিসমাস শপিংয়ের জন্য মানুষ ছুটছে কমিউনিটি বা চার্চ আয়োজিত ‘কারবুট সেল’-এ। গয়না, উপহারের বাক্স, ক্রিসমাস ট্রি সাজানোর জন্য পুরোনো পরি বা আলোর বল, বই, অব্যবহূত পারফিউম, ক্রিসমাস কেক ও পুডিন বানানোর সরঞ্জাম কিনছে! কম দামে কিনছে নকল ক্রিসমাস ট্রি। এর ব্যবহার ওই ডিসেম্বরের অল্প কয়েক দিনই তো। জানুয়ারির প্রথম দিনে ঠিক দশমীর মতোই এ গাছ বিসর্জন দিতে হয়। এবার মানুষের সামর্থ্য নেই বলে ঘরে বানানো কিশমিশের পুরে তৈরি টার্টের চেয়ে বেশি বিক্রি হচ্ছে সুপার মার্কেটের ‘মিন্স টার্ট। আর সাধারণ মানুষের পাত থেকে পুরো টার্কি রোস্ট উঠে গেছে কবে! তার বদলে টার্কি লগ, ল্যাম্ব লগ আর টার্কি খণ্ডাংশই চলছে।সবচেয়ে বিপদে পড়েছেন জাতীয় ভাতার ওপরে বেঁচে থাকা বুড়ো মানুষেরা। নাতি-নাতনিদের জন্য উপহার কেনার জন্য সেই ভাতা থেকেই তাঁরা সঞ্চয় করতেন। এবার তাতে চূড়ান্ত টান পড়েছে। এরা সবাই হুইলচেয়ার বা ওয়াকিং ট্রলি নিয়ে নাশতা সেরেই বেরিয়ে পড়ছেন ‘বারগেন হান্ট’-এ। অক্সফাম বা হার্ট ফাউন্ডেশনের দোকানে তাঁদের ভিড় বেড়েছে। এখানের পুরোনো দোকানের দ্রব্যাদিরও একটা মান থাকে। এসব খুব ভালো করে ধোয়া ও পলিশ করা। আর পুরোনো সিডি, বই, ডিভিডির আবার নতুন-পুরোনো কি! কারণ, জাতীয় ঘাটতি ঠেকা দিতে মরিয়া হয়ে উঠেছেন জর্জ ওসবোর্ন। যদিও চ্যান্সেলর হিসেবে এটাই হওয়ার কথা। দেশ এক অর্থনৈতিক সুনামির দিকে এগিয়ে যাচ্ছে, এই নিদানে জাতীয় ব্যয়ভার কমাতেই তো হবে। কিন্তু জন্মসূত্রে বড়লোক কি আর গরিবের কথা বুঝতে পারে? পারে না। সাধারণ মানুষের ধারণা, জর্জ ওসবোর্ন তাঁর হ্যাপা সামলাতে গরিবের সম্বলখানি খুবলে ধরেছেন অথবা দেশ বাঁচাতে দেশেরই গরিবকে মারছেন। মরুক গরিব তাদের তো মা-বাপ নেই! তার টার্গেট হয়ে পড়েছে গৃহহীন, বেকার, স্বল্প আয়জীবী, শিশু, একাকী মাতা ও প্রতিবন্ধী। এরাই নাকি জাতীয় জনকল্যাণের নামে নিয়ে যাচ্ছে কাঁড়ি কাঁড়ি অর্থ। এসব এলাকায় যে জোচ্চুরি চলছে না তা বলছি না। কিন্তু সে তো ব্যতিক্রম। এ দেশেরই না নিয়ম আছে আসল অপরাধী হাত ফসকে যাক কিন্তু একজন নিরপরাধী যেন সাজা না পায়! চ্যান্সেলর ওসবোর্ন প্রতিজ্ঞা করেছেন ২০১৪ সালের মধ্যে ১৮ বিলিয়ন খরচ কমিয়ে আনবেন। তিনি যেসব খাত থেকে খরচ কমাচ্ছেন তার একটি খাত হলো চাইল্ড বেনিফিট। তাঁর পরামর্শেই ‘ব্রিটেন একটি জনকল্যাণকামী রাষ্ট্র’ হলেও, এর প্রতিবাদে এক বিলিয়ন প্রতিবাদ চিঠি ও স্বাক্ষর তাঁর দরবারে পড়লেও আগামী জানুয়ারি থেকেই তিনি সেই রোলার কোস্টার ড্রাইভ শুরু করবেনই। কিন্তু এতে আসলে কাটা পড়বে জাতীয় জনকল্যাণ ও বিলেতের ভাবমূর্তি এবং এর বর্ধিত ব্যয়ভার সামলাতে ভুক্তভোগীরাই জড়িয়ে পড়তে পারে নানান অনৈতিক কর্মকাণ্ডে—তা তিনি ভাবছেন না। আমরা ভুলিনি টোটেনহ্যামের রায়টের কথা। টুইটার আর মোবাইলে মোবাইলে তা কীভাবে অগ্নস্ফুিলিঙ্গের মতো ছড়িয়ে গিয়ে জাতীয় লুটপাটে পরিণত হয়েছিল। কিন্তু তার পরও সেসব স্থানে কর্মসংযোগ হয়নি, কমেনি বেকারত্ব।ছোট হোক বড় হোক সব প্রতিষ্ঠানই ক্রিসমাসের ছুটির আগে সব কর্মচারীকে নিয়ে বাইরে খেতে যায় অথবা নিজেদের ঘর থেকে তৈরি করে আনা উপাদেয় খাবারে ক্রিসমাস ডিনার করে। এবার অনেকের চাকরিই নেই। তাই আয়োজকেরা পাগল হয়ে অনলাইন ডিসকাউন্ট খুঁজছে। রাস্তায় রাস্তায় বেড়েছে গৃহহীন উদ্বাস্তুর সংখ্যা। এ এক অপ্রত্যাশিত গরিব ব্রিটেন! এমন দেখব ভাবিনি। বৃদ্ধ ও প্রতিবন্ধীরা যাঁরা কাজ করতে পারছেন না বলে ভাতা পাচ্ছিলেন তাঁদের কর্মযোগ্যতা পুনরায় পরীক্ষা করে তাদেরও ভাতা কাটা হবে। তখন তাঁরা বাধ্য হয়ে হয়তো কাজে যাওয়ার কথা ভাববেন। কিন্তু কাজ কোথায়? আজকাল রাতের বেলা ২৪ ঘণ্টার সুপার মার্কেটে গেলে এ সময় বিরান লাগে। স্কুলগুলো দামি ও পুরোনো শিক্ষক বাদ দিয়ে সে বাজেটেই নিয়ে নিচ্ছে একজোড়া কম বয়সী কড়কড়ে ক্লাসরুম সাপোর্ট। হাসপাতালে কমে গেছে নার্সের সংখ্যা, কিন্তু উন্নত চিকিৎসার কারণে বেড়েছে এ দেশের গড় আয়ু। তার ফলে বৃদ্ধ ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। চাহিদার তুলনায় হাসপাতাল বেড বাড়েনি। এখন অসুস্থ বুড়োবুড়িকে পুরো ভালো হওয়ার আগেই কমিউনিটি কেয়ারে পাঠিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। কিন্তু সেখানেও বৃদ্ধাশ্রমের ব্যয় আয়ত্তাধীন রাখতে ছেঁটে ফেলা হয়েছে নার্স ও কেয়ারার। আর বয়স্ক মানুষেরা যাঁরা নিজের সঞ্চয় ও ভাতা থেকে এর ব্যয়ভার বহন করতেন, তাঁরা এ নিয়ে এখনই মহা ভাবনায় পড়েছেন। প্রতিবন্ধীদের আরও দুরবস্থা। ইতিমধ্যেই বাঙালি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক হাজার ৭০০ ইনক্যাপাসিটি বেনিফিট গ্রহীতার মধ্যে বাদ পড়েছেন ৬২০ জন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় লন্ডনবাসী কর্মজীবী মানুষের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি (লিভিং ওয়েজ) ৬.১৯ পা. থেকে বাড়িয়ে ৮.৫৫ পা. করার জন্য জোর প্রচারণা চলছে। অনুমান করা হয় বর্তমানে ব্রিটেনে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ এই ন্যূনতম আয়ের কম বেতনে কাজ করছে। মজার কথা হলো, এই লিভিং ওয়েজেসের ক্যাম্পেইনে শ্রমিক দলের নেতা মিলিব্যান্ডের সঙ্গে ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতা জন ক্লেগও এসে যোগ দিয়েছেন। দরিদ্রদের আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে। জানুয়ারি থেকে বাস ও টিউবের ভাড়া বাড়ছে ৪ দশমিক ২ শতাংশ। উচ্চশিক্ষার ব্যয়ভার, বাড়িভাড়া, দ্রব্যমূল্য সবই বেড়েছে।এদিকে পাতা ঝরিয়ে, স্নো উড়িয়ে এগিয়ে আসছে ক্রিসমাস। সময় তো আর দারিদ্র্য দেখে দাঁড়িয়ে থাকতে পারে না। তবু পরিবার-পরিজন নিয়ে একটা সুন্দর বড়দিনের স্বপ্ন দেখছে মানুষ। এই দুর্যোগেও স্বপ্ন দেখাচ্ছে দেশ। শামীম আজাদ: কবি ও কলাম লেখক [email protected]