চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়ন। পাঁচটিতে ভোট হবে ৩১ জানুয়ারি। চতুর্দিকে মাইকিং আর পোস্টারিং। ইভিএম পদ্ধতিতে ভোট হবে এখানে। সুষ্ঠু ভোট হওয়া নিয়েও আশঙ্কা আছে। আলোচনায় তাই ইভিএমও। চর শাখাহাতীর ময়েজউদ্দীন (৭৫) বলেন, ‘ম্যালা ভোট এবার মাইর যাবে বাহে। হামরা মোবাইলে টিপপের পাইনে আরও ফির মেশিনের ভোট।’
বালু উত্তোলন, ট্রেন আন্দোলন, নদীভাঙন রোধে ব্লক নির্মাণ দুর্নীতি ও মাদক ইস্যু হয়ে উঠছে। গণকমিটি, মেধাবী কল্যাণ সংস্থাসহ বেশ কিছু সংগঠন প্রার্থীদের উদ্দেশে এসব ইস্যুতে প্রশ্ন ওঠাতে জনগণকে উদ্বুদ্ধ করছে। মূল ভূখণ্ডের তিন ইউনিয়নে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা সবাই কোনো না কোনোভাবে এসবের সঙ্গে যুক্ত।
নতুন যুক্ত হয়েছে সাংসদ ও চেয়ারম্যান দ্বন্দ্ব। গত বছরের চেয়ারম্যানরা সবাই এবারও নৌকা প্রতীক পেয়েছেন। তৃণমূলের সমর্থন পান আর না পান। যেখানে নৌকা প্রার্থী জেতার সম্ভাবনা নেই, কিন্তু আরেক দলীয় ব্যক্তি ভিন্ন মার্কায় দাঁড়িয়েছেন, সেখানে অপছন্দের দলীয় প্রার্থীকে হারাতে বিএনপি-সমর্থিত প্রার্থী ভাড়া করার ঘটনাও আছে। এলাকা বিভক্তি ছাড়াও আছে, বাজারি-স্থানীয় বিভক্তিও।
ব্রহ্মপুত্রের চিলমারী ইউনিয়ন। শাখাহাতী, কড়াই বরিশাল, বৈলমন্দিয়ার খাতাসহ কয়েকটি বিচ্ছিন্ন চর মিলে এই ইউনিয়ন। কেউ কেউ পুরান চিলমারীও বলেন। এখানে প্রার্থী তিনজন। একজন আওয়ামী লীগের, আরেকজন কৃষক লীগের। শেষ মুহূর্তে প্রার্থী হয়েছেন বিএনপি-সমর্থিত একজন।
উপজেলার কাইম এলাকার একটি ইউনিয়ন রমনা। এখানেও সবাই আওয়ামী লীগেরই লোক। বিএনপি-সমর্থিত ব্যক্তি শেষ মুহূর্তে প্রার্থী হয়েছেন। একজন আগে জাতীয় পার্টি ছিলেন, এখন আওয়ামী লীগ। থানাহাট, রানীগঞ্জ, নয়ারহাট ও অষ্টমীর চরেও একই ঘটনা। বিএনপি, জাতীয় পার্টি, চরমোনাইয়ের ইসলামী আন্দোলন মিলে সবাই আওয়ামী লীগ।
২
পার্থ চট্টোপাধ্যায় একাধিক সমীক্ষা ঘেঁটে ‘জনপ্রতিনিধিগণ’ প্রবন্ধে জানিয়েছেন, ভারতবর্ষে নির্বাচনী গণতন্ত্র নিয়ে অনীহা সবচেয়ে বেশি শহরবাসী মধ্যবিত্তের মধ্যে এবং সবচেয়ে কম গ্রামবাসী দরিদ্র, বিশেষ করে দলিত শ্রেণিভুক্ত মানুষের মধ্যে। বাংলাদেশে অবশ্য জাতীয় নির্বাচন নিয়ে শহর-গ্রাম দুই জায়গায়ই অনীহা জন্মেছে। বাকি আছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সংসদ নির্বাচন তো ওপরতলার ব্যাপার। নেতা যাঁকে পছন্দ করবেন, তাঁকে প্রতীক দেবেন। আগে যেমন জমিদারেরা কলকাতায় গিয়ে তালুক কিনতেন। কিন্তু স্থানীয় নির্বাচনে জনগণ নিজেদের সমাজের একজনকে ওপরতলার অন্দরে ঢুকিয়ে দিতে পারেন, এই অনুভূতিটাই তাঁকে স্থানীয় নির্বাচনে টেনে আনত।
একসময় জনপ্রতিনিধি বলতে গাঁয়ে যাঁদের আমরা চিনতাম, তাঁরা ত্যাগে, কৃচ্ছ্রসাধনে ও নির্লোভ চরিত্রের মানুষ ছিলেন। উঠে এসেছিলেন কমিউনিস্ট পার্টি থেকে, গণসংগ্রামের ভেতর থেকে। তারপরও জনগণ চেয়ারম্যান-মেম্বরদের ব্যাপারে আগ্রহী এখনো। কারণ, এমপিরা দূরের মানুষ হলেও তাঁরা অন্তত ঘরের মানুষ। তাঁদের ওপর ভোটারদের নজরদারি থাকে, থাকে স্থানীয় প্রয়োজনের সম্পর্কও। যেমন চরাঞ্চলের ইউনিয়নগুলোতে প্রার্থীরা শিক্ষার ব্যাপারটিকে গুরুত্ব দিয়েছেন। মূল ভূখণ্ড মানে কাইমে জনগণের চাওয়া ভিজিডি কার্ডের মতো রিলিফ কর্মসূচিকে দুর্নীতিমুক্ত করা।
আশ্চর্য ব্যাপার, চরগুলোতে ভিজিডির মতো ত্রাণ কার্যক্রমে ঘুষ ব্যাপারটি নেই বললেই চলে। ভোটারদের চেয়ে কার্ডের বরাদ্দ এখানে বেশি থাকায় ত্রাণ কার্ড বেচাবিক্রি হয় না। তাই এখানে শিক্ষা ও বিচার-সালিসটাই মূল ইস্যু। [অন্যদিকে স্থায়ী ভূখণ্ডে (কাইম এলাকা) চেয়ারম্যান-মেম্বারদের মূল দুর্নীতির ক্ষেত্রটাই হলো ত্রাণ কার্ড।] তা ছাড়া সমাজ শক্তিশালী হওয়ায়, যিনি যোগ্য সালিসদার, তিনি তত ভালো চেয়ারম্যান। এ কারণে চরাঞ্চলে বয়স্ক মুরব্বিরা চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে কাইম এলাকায় ৪ হাজার পরিবারের বিপরীতে ৫০০ পরিবার কার্ড পায়। ফলে কার্ড নিয়ে দুর্নীতিটাই এখানকার প্রধান ইস্যু। এ কারণে রমনা, থানাহাট ও রানীগঞ্জের বাঁধের রাস্তা ও ব্রহ্মপুত্রতীরবর্তী গ্রামের বাসিন্দারা দুই থেকে তিন ইউনিয়নের ভোটার। পরিবারপ্রধান হয়তো রমনা ইউনিয়নের, তাঁর স্ত্রী চিলমারী ইউনিয়নের আর ছেলে নয়ারহাট ইউনিয়নের।
এখানকার প্রধান ইস্যু বালুদস্যুতা, ব্লক ঠিকাদারি-রিলিফ দুর্নীতি ও মাদক। মজার ব্যাপার হচ্ছে, এসব করে হওয়া টাকাওয়ালারাই ভোট করছেন। জাতীয় প্রতীক আসার পর স্থানীয় শাসন এখন আরও বেশি কেন্দ্রীয় শাসন। স্থানীয় পর্যায়ে যাঁরা গোষ্ঠীগত ক্ষমতার অধিকারী, বিএনপির লোক বাদে সবাই সরকারি দলে যোগ দিয়েছেন। ভোট তাই সরকারি দলের নেতাদের মধ্যেই চলছে। তবু উৎসব থেমে নেই!
৩
এরশাদশাহির আমলেও যে ইউএনওরা ছিলেন ইউনিয়ন পরিষদের সচিবের মতো, তাঁরা এখন ইউপি চেয়ারম্যানদেরও স্যার। কেন্দ্রে যে জেলার লবি শক্তিশালী, সেই জেলাতেই উন্নয়ন হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গত ১০ বছরে ৬ থেকে ৭ লাখ কোটি টাকা বিদেশে চলে গেছে। গড়ে প্রতি ইউনিয়ন থেকে গেছে ৩০০ কোটি টাকা। শুধু এই টাকাই যদি ইউনিয়ন পরিষদের হাতে থাকত, তাহলে কি বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দেয়? প্রতি ইউনিয়ন থেকে যে পরিমাণ খাজনা চলে যায়, তার ব্যবহার করলে প্রতিটি ইউনিয়ন স্বাবলম্বী হবে।
পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। স্থানীয় সরকারের অধীন পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। আমাদের যেমন আইজি, ডিআইজি, এসপি আছেন, ওখানে এই ধাপগুলো নেই। পুরোটাই স্থানীয় সরকারের অধীন। আমাদের ঔপনিবেশিক শাসকেরা তাঁদের নিজ দেশ ব্রিটেনে, এ ধরনের গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থা ও স্থানীয় সরকার তৈরি করেছে। আর আমাদের জন্য বানিয়েছে, যা দেখছি তা।
সংবিধানে বলা আছে স্থানীয় শাসন। ‘আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে’—কথাটা ৫৯(১) অনুচ্ছেদের পরের অনুচ্ছেদে বলে দিয়েছে ‘সংসদ আইনের দ্বারা যে রূপ নির্দিষ্ট করিবেন’। আর অনুরূপ আইনে যেসব দায়িত্ব অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে—(ক) প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য; (খ) জনশৃঙ্খলা; (গ) জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়নসম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
আর এগুলোকে পূর্ণ কার্যকর করতে স্থানীয় প্রয়োজনে করারোপের ক্ষমতাসহ বাজেট প্রস্তুত ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা সংসদ আইনের দ্বারা প্রদান করবে। কিন্তু আজ পর্যন্ত সংসদ কাজটি করেনি। যেসব দায়িত্ব অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছে সংবিধান, আইন করে সেসব দায়িত্ব দেওয়ার আগেই কেড়ে নিয়েছে। আর সংবিধানেও স্থানীয় সরকার বলে কিছু নেই। কেন্দ্রের শাসনই রয়ে গেল। অথচ মুক্তিযুদ্ধ ছিল এই কেন্দ্রগিরির বিরুদ্ধেই।
নাহিদ হাসান রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি