ভারতের সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ভারত ব্রিটেনের কাছ থেকে কোহিনূর হীরা ফেরত আনার চেষ্টা করবে না, যেটি বিশ্বের অন্যতম পুরোনো ও মূল্যবান হীরা। ভারত নাকি ব্রিটেনকে এই হীরাটি ‘উপহার’ দিয়েছিল। তাঁর এই মন্তব্যে ভারতীয়রা ধাক্কা খেয়েছে, দেশজুড়ে আবেগময় বিতর্ক সৃষ্টি হয়েছে। এতটাই আবেগ সৃষ্টি হয়েছে যে ভারত সরকার হোঁচট খেয়ে বলেছে, তারা এই হীরা ফেরত আনতে চায়।
অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট সুপ্রিম কোর্টে এই হীরা ফেরত আনার জন্য মামলা দায়ের করলে তার পরিপ্রেক্ষিতে কুমার এ কথা বলেন। তিনি দাবি করেন, তৎকালীন শিখ রাজ্য ১৮৪৯ সালে সদ্য সমাপ্ত ইংরেজ-শিখ যুদ্ধের ‘স্বতঃপ্রবৃত্ত ক্ষতিপূরণ’ হিসেবে ব্রিটিশ সরকারকে এ হীরা উপহার দেয়। এর সঙ্গে আবার ভারতের অ্যান্টিকুইটিস অ্যান্ড আর্ট ট্রেজার্স অ্যাক্ট, ১৯৭২-এ বলা হয়েছে, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার আগে দেশটি থেকে যেসব প্রাচীন বস্তু নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো ভারত ফেরত আনতে পারে না। কুমার বলেন, এই হীরা ফেরত আনার উপায় ভারত সরকারের কাছে নেই।
কুমারের বক্তব্যে যে শোরগোল সৃষ্টি হয়েছে, তাতে সরকারের মুখপাত্র পিছু হটতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, কুমারের কথা সরকারের আনুষ্ঠানিক বিবৃতি নয়। সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, এরপরও তারা দাবি তুলবে। কিন্তু কুমারকে যদি সুপ্রিম কোর্টে নতুন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া না হয়, তাহলে তাঁর এই বক্তব্যের কারণে মনে হয়, এই পৌরাণিক হীরা ফেরত পাওয়ার ব্যাপারে ভারতের আশার সমাধি হয়ে গেছে। ফলে এখন প্রশ্ন হচ্ছে, এটাই চূড়ান্ত পরিণতি হবে কি না।
কোহিনূর হীরাটি প্রথম খনি থেকে তুলেছিল কাকাতিয়া রাজবংশ, জায়গাটি হচ্ছে গুনতুর, যেটা আজকের অন্ধ্র প্রদেশ। সেই রাজা নিজে এটিকে মন্দিরে স্থাপন করেছিলেন। পরবর্তীকালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এই মন্দিরে অভিযান চালান, যিনি এটার সঙ্গে আরও অনেক লুণ্ঠিত সম্পদ নিজের রাজ্যে নিয়ে যান। এরপর হীরাটি মোগল শাসকদের হাতে চলে যায়, যাঁরা ১৬ শতকে দিল্লির মসনদে বসেন।
১৭৩৯ সালে কোহিনূর পারস্যের হানাদার নাদির শাহের হাতে চলে আসে। দিল্লি দখলের পর তিনি সেখানে যে লুটপাট চালান, তার মধ্যে অমূল্য ময়ূর সিংহাসনও ছিল। কিংবদন্তি আছে যে এই নাদির শাহই কোহিনূর নামটা দিয়েছিলেন, যার অর্থ হচ্ছে, ‘আলোর পাহাড়’।
১৭৪৭ সালে নাদির শাহের মৃত্যুতে কোহিনূর হীরাটি তাঁর এক জেনারেল আহমেদ শাহ দুররানির হস্তগত হয়, যিনি পরবর্তীকালে আফগানিস্তানের আমির হন। ১৮০৯ সালে দুররানির এক বংশধর শিখ মহারাজা রঞ্জিত সিংহের হাতে এই হীরাটি তুলে দিতে বাধ্য হন। কিন্তু সিংহের বংশধরেরা রাজত্ব টিকিয়ে রাখতে পারেনি। শিখরা দুটি যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হলে শিখ রাজত্ব ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয়। সম্ভবত তখনই এই কোহিনূর হীরাটি ব্রিটিশদের উপহার দেওয়া হয়।
শিখদের যুদ্ধে পরাজিত করতে ব্রিটিশদের যে ব্যয় হয়েছিল, তা পূরণ করতেই শিখরা কোহিনূর হীরাটি ‘স্বতঃপ্রবৃত্ত উপহার’ হিসেবে তাদের দিয়েছিল বলে যে কথাটা বলা হয়, তা হাস্যকর। কোহিনূর হীরাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছিলেন শেষ শিখ রাজন্য দুলিপ সিং, যাঁর বয়স ছিল তখন কেবল ১০ বছর। সম্ভবত তাঁর কাছে আর উপায়ও ছিল না।
যুদ্ধে বিজিতরা বিজয়ীদের যে ক্ষতিপূরণ দেয়, সেটা পুরোটাই স্বতঃপ্রবৃত্ত ব্যাপার নয়, এই খেসারত দাবি করে নেওয়া হয়। সে কারণেই অনেক সাবেক উপনিবেশই সঠিকভাবেই ব্রিটেনের কাছে খেসারত দাবি করেছে, যাদের দ্বারা তারা দীর্ঘকাল শোষিত ও লুণ্ঠিত হয়েছে।
নিশ্চিতভাবে বলা যায়, মালিকানার নানা দাবির কারণে কোহিনূর হীরাটি এক বিশেষ সমস্যা সৃষ্টি করেছে। ইরানিরা বলে, নাদির শাহ যখন হীরাটি চুরি করেছিলেন, তখন সেটি সুন্দর ও চারকোনা ছিল। আবার আফগানরা বলে, শিখরা জোর করে তাদের কাছ থেকে হীরাটি নিয়েছিল। এদিকে পাকিস্তান আবার এক নতুন ও ঠুনকো দাবি তুলেছে। তারা বলছে, ব্রিটিশদের অধীন হওয়ার আগে শিখ সাম্রাজ্যের রাজধানী ছিল লাহোর। এই হীরাটি যেহেতু ভারতের মাটির নিচে ও ওপরেই বেশির ভাগ সময় ছিল, তাই এর ওপর ভারতীয়দের দাবি বৈধ।
২০১০ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভারত সফরে এসে সোজাসুজি বলেছিলেন, কোহিনূর হীরা যেখানে আছে সেখানেই থাকবে। কারণ, ‘একজনকে হ্যাঁ বললে দেখা যাবে, হঠাৎ করে পুরো ব্রিটিশ জাদুঘর খালি হয়ে গেছে।’ কুমার কোহিনূর হীরার প্রসঙ্গে ব্রিটিশদের পক্ষ নেওয়ায় আমার মতো জাতীয়তাবাদীরা আশা হারাচ্ছেন, ভারতীয় ঐতিহ্যের এই অমূল্য সম্পদ আর কোনো দিন ফেরত পাওয়া যাবে কি না।
ব্রিটেনের কাছে আমাদের অনেক পাওনা আছে। কিন্তু লোভের বশে তারা যেসব জিনিস ছিনিয়ে নিয়েছিল, সেগুলো ফেরত না দিয়ে তারা টাওয়ার অব লন্ডনে রানির তাজে এই হীরাটি লাগিয়ে রেখেছে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয়, উপনিবেশবাদ সত্যিকার অর্থে কী জিনিস: নির্লজ্জভাবে পদানত করা, জোরজবরদস্তি করা, তছরুপ করা। সম্ভবত কোহিনূর হীরাটি ব্রিটেনে ফেলে আসার বিপক্ষে এটাই সবচেয়ে জোরালো যুক্তি, যেখানে এটাকে একেবারেই মানায় না।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন
শশী থারুর: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী।